সংবিধান অনুযায়ী সবাই সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে দুটি বালককে হত্যা করে যে ভুল করেছে, সেটা তারা স্বীকার করেছে। বেশ দ্রুতই তারা সেটি করেছে। এতে বোঝা যায়, সেনাবাহিনীর মধ্যে যাদের বন্দুকপ্রীতি একটু বেশি, তাদের বেশ তাড়াতাড়িই চিহ্নিত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত হলে হয়তো সত্য উদ্ঘাটিত হবে। তবে এতে হয়তো কে কাকে হত্যা করেছে, শুধু সেটাই জানা যাবে। বড় অংশটা তার পরও দৃশ্যের বাইরে থেকে যাবে। সত্য হচ্ছে, নয়াদিল্লি সত্যের মুখোমুখি হতে চায় না। 
কাশ্মীরে দুটি বালক খুন হয়েছে, ঘটনাটি বিচিত্র। সেনারা একটি গাড়িতে ভুল করে গুলিবর্ষণ করেছে, তারা ভেবেছিল, ওই গাড়িটি সন্ত্রাসীরা ব্যবহার করে। যে গাড়িটা সন্ত্রাসীরা ব্যবহার করে সেটার রং সাদা, এটির রংও সাদা। চোখের পলকে গাড়িটিতে ১১৫টি গুলি করে তারা। গাড়ির একমাত্র জীবিত যাত্রীর ভাষ্যমতে, গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যাওয়ার পরও গুলিবর্ষণ বন্ধ হয়নি।
এ ঘটনা থেকে দুটি বিষয় বের হয়েছে: অভ্যন্তরীণ নিরাপত্তায় সেনাবাহিনীর অতিরিক্ত ব্যবহার এবং এসব ব্যাপারে দায়সারা মনোভাব। কাশ্মীর উপত্যকাটি যে ভারতে একঘরে হয়ে পড়েছে, তা পরিষ্কার। কিন্তু এটা কোনো নতুন ব্যাপার নয়, প্রশাসন যে এসব ব্যাপারে শিথিল, সেটাও কোনো নতুন ব্যাপার নয়। নতুন দিক হচ্ছে, প্রশাসন কঠোর বা নমনীয় যা-ই হোক না কেন, কিছুতেই কিছু হয় না। রোগ ক্রমেই আরও গভীর হচ্ছে।
আরেকটি ব্যাপার হচ্ছে, জনগণ তাদের মধ্যে সেনাবাহিনীর অবস্থান দেখে তাদের মর্যাদা সম্পর্কে বিভ্রান্ত হয়ে পড়ছে। তারা এই সেনাবাহিনীকে দখলদার বাহিনীর মতোই ঘৃণা করছে। সেনারা নিধিরাম সর্দারসম প্রশাসনকে যে সমর্থন দিচ্ছে, তা জনগণের মধ্যে ঘৃণার উদ্রেক করছে। তার পরও এ বছরের বন্যার সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের হৃদয় জয় করেছে।
সেনাবাহিনী শুধু জনগণকে উদ্ধার বা তাদের মালামাল রক্ষা করেনি, বন্যা-আক্রান্ত মানুষদের তারা স্বাস্থ্যসেবাও দিয়েছে। দিনের পর দিন সেনাবাহিনী তাদের খাইয়েছে, বিচ্ছিন্ন এলাকায় গিয়ে জনগণের সহায় হয়েছে।
সেনাবাহিনী নির্মম—মানুষ সাধারণত এমনটাই মনে করে। বন্যার পর তাদের এই ভাবমূর্তি কিছুটা হলেও অপসৃত হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর ফারুক আবদুল্লাহ রাজ্য পুলিশ শক্তিশালী করে তাদের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার সমস্যা মোকাবিলায় প্রস্তুত করছেন। তার পরও সেনাবাহিনী নামিয়ে কোনো উচ্ছৃঙ্খল পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে নয়াদিল্লির বদনাম হয়, তা নিয়ে হইচই হয়।
শ্রীনগর ও নয়াদিল্লি—উভয়ই বড় কোনো ঘটনা ঘটলে সেনাবাহিনীর দ্বারস্থ হয়, বহুদিন থেকেই এটা ঘটে আসছে। তাদের এটা নিশ্চিত করতে হবে, সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষা করবে, দেশের ভেতরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলানো তাদের কাজ নয়। এটা গণতন্ত্রের বিরুদ্ধাচরণ, সে কারণে আমাদের লজ্জিত হওয়া উচিত। ভারতের সংবিধানে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে।
কিন্তু এখনো বহু তরুণের হদিস পাওয়া যাচ্ছে না, এটা খুব খারাপ। হতে পারে, সন্ত্রাসীরা তাদের মগজ ধোলাইয়ের জন্য বা মুক্তিপণ আদায়ের জন্য তাদের তুলে নিয়ে গেছে। সেই সংখ্যাটা খুব বড় হবে না। মানুষের ধারণা, এই তরুণদের উধাও হওয়ার ঘটনায় নয়াদিল্লির হাত রয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা না দেওয়া হলে এরূপ ধারণা আরও পোক্ত হয়। কারণ, সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।
এসব ক্ষেত্রে স্বচ্ছতা খুব জরুরি। অনেক বিষয় কখনো আলোর মুখ দেখেনি, আদালতে অনেক কিছুরই পূর্ণাঙ্গ নিষ্পত্তি হয়নি। লোকপালের মতো কিছু থাকলে আমরা হয়তো অনেক ক্ষেত্রেই রায় পেতাম। কিন্তু রাজনৈতিক চালবাজির কারণে ভারতে এর কোনো অস্তিত্ব নেই। আমাদের এখন রাজনৈতিক দলের সংবেদনশীলতার ওপর নির্ভর করতে হয়। তাদের রায়ই আমাদের জন্য চূড়ান্ত।
হায়! এই জিনিসটির প্রয়োজন আমাদের অত্যন্ত বেশি। এই দলগুলো রাজনৈতিক চালবাজিতে ব্যস্ত থাকলেও তারা দেশের আসন্ন প্রয়োজনগুলোর দিকে কোনো নজরই দেয় না। সমাজের নিম্নস্তরকে মূলধারায় নিয়ে আসতে হবে, যাতে তারা মনে করে, উচ্চকোটির মানুষদের মতো এ দেশটা তাদেরও। এই ভেদাভেদহীন উন্নয়নের প্রতিশ্রুতি আমাদের স্বাধীনতার আন্দোলনের সময় দেওয়া হয়েছিল।
স্বাধীনতার সময় মানুষ বাড়ির ছাদে দাঁড়িয়ে বলেছে, আমার মনে আছে, দেশ স্বাধীন হলে আমাদের খাদ্য জুটবে, ঘর ও চাকরি মিলবে। মহাত্মা গান্ধী বলেছিলেন, ধনীরা হবে শুধু সম্পদের জিম্মাদার, এর মালিক জনগণ। স্বাধীনতার আরেক আইকন পণ্ডিত জওহরলাল নেহরু সমাজতন্ত্রের কথা বলেছিলেন।
নেহরু ১৭ বছর দেশ শাসন করেছেন। তিনি বলেছিলেন, রাষ্ট্রায়ত্ত খাতই ভারতের অর্থনীতিতে প্রধান ভূমিকা পালন করবে। যেখানে ক্ষুদ্র শিল্প গতিপ্রাপ্ত হবে। কিন্তু এগুলো সব কাগজে-কলমেই থেকে গিয়েছিল। আনাড়ি আমলাতন্ত্র ও দুর্নীতিবাজ রাজনীতিকেরা সব শেষ করে দিয়েছেন।
পরবর্তী সরকারগুলো, তা হোক কংগ্রেস বা বিজেপি নেতৃত্বাধীন, শুধু কথাই বলেছে, কোনো কাজ করেনি। সাধারণ মানুষের দুর্দশা শেষ হয়নি। ফলাফল সেই একই: ধনীরা আরও ধনী হয়েছে, গরিবেরা আরও গরিব।
নির্বাচনী প্রচারণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক কথাই বলেছেন। লোকসভায় ২৮২টি আসন পেয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ফলে দেশটিকে পরিবর্তন করার জন্য তাঁর কিছু করা উচিত। আশা ক্রমে ক্ষীণ থেকে ক্ষীণতর হলেও মানুষ মনে করে, তিনি কিছু করবেন। যেসব পরিবর্তনের জন্য আইনি পরিবর্তন দরকার, তা আসতে হয়তো সময় লাগবে। কিন্তু সুশাসন নিশ্চিত করার জন্য কিছু প্রশাসনিক পদক্ষেপ এখনই নেওয়া সম্ভব।
কাশ্মীরের ক্ষেত্রে কিছু করতে হলে সময় লাগবে, এটা বোধগম্য। মোদি সরকার অন্তত এটা জানাতে পারে, সামনে কোনো পরিবর্তন আসবে। আর্মড ফোর্সেস (বিশেষ ক্ষমতা) আইনটি পুনর্বিবেচনা করা দরকার। সন্দেহের বশবর্তী হয়ে সেনাবাহিনীকে খুন করার অধিকার দেওয়া গণতন্ত্রে সাজে না। কাশ্মীরের এই দুটি বালককে হত্যার পরিপ্রেক্ষিতে সরকারের এ বিষয়ে নতুন করে ভাবা উচিত।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
কুলদীপ নায়ার: ভারতের সাংবাদিক।