
এ নিবন্ধে নির্বাচন অর্থে মূলত আসন্ন জাতীয় নির্বাচনের কথা আলোচিত হবে। আর তাতে আমাদের প্রচলিত সংস্কৃতি অনুসরণে বিশেষণও প্রয়োগ করতে হয় সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণসহ অনেক কিছু। কথায় কথা আসে। নির্বাচন নিয়ে এসব বলা হলেই যখন যারা ক্ষমতায় থাকে, তাদের পক্ষ থেকে বলা হয়, নির্বাচন হবে নির্বাচন কমিশনের আওতায়। আর বর্তমান সাংবিধানিক পরিপ্রেক্ষিতে এটাও বলা হচ্ছে সরকার ও সংসদ বহাল থাকবে। সে হিসেবে বর্তমান সরকারই তখন রাষ্ট্র চালাবে। তবে সংসদ বহাল রাখার কি কোনো যুক্তি আছে? বলা হবে, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়ার কোনো বিধান নেই। নিষেধ আছে, এমনও নয়।
আমাদের ভঙ্গুর নির্বাচনব্যবস্থায় এই সাংসদেরা ব্যাপক প্রভাব বিস্তার করার সুযোগ পাবেন নির্বাচনকালে। বিগত নির্বাচনেও তা পেয়েছেন। করেছেন এর পূর্ণ ‘সদ্ব্যবহার’। অবশ্য গত নির্বাচনটি কার্যত অংশগ্রহণমূলক ছিল না। যত দিন যাচ্ছে, বিষয়টা তত জোরদারভাবে সামনে আসছে। ৫১ শতাংশ আসনে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হলেন, সে নির্বাচনকে অংশগ্রহণমূলক বলার সুযোগ কোথায়? আর এক রকম ভোটারশূন্য ভোটকেন্দ্রগুলো অনেকের নজরেই এসেছে। সেসব কেন্দ্রের ফলাফলেও হাজার হাজার ভোট ‘গণনায়’ পাওয়া যায়। এটার স্মৃতি অনেকের স্মরণে আছে। এমনকি সদলবলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে এবং গণমাধ্যমে নিজ মনোনয়নপত্র প্রত্যাহারের কথা বলেও বর্তমান সরকারের শরিক দলের একজন নেতা নির্বাচিত হয়েছেন। ভোগ করছেন এর ফসল। অন্যদিকে নির্বাচনের পুরো সময়টায় তিনি সিএমএইচে ‘চিকিৎসাধীন’ ছিলেন। খেলেছেন গলফ।
নির্বাচনে অন্য প্রধান প্রধান দলের অংশগ্রহণ ছিল না কিংবা ভোটাররা ছিলেন না সংশ্লিষ্ট, এমন কথা বললে কেউ সংবিধান ও জনপ্রতিনিধিত্ব আদেশের বিশেষ বিশেষ অনুচ্ছেদের উদ্ধৃতি দিতে থাকেন। সংবিধান আমাদের সর্বোচ্চ আইনি দলিল। আর জনপ্রতিনিধিত্ব আদেশ সংসদ নির্বাচন অনুষ্ঠানে পদ্ধতিগত ভিত্তি। এটা সত্যি যে এর কোনোটিতেই কোনো দল, জোট বা প্রার্থীদের নির্বাচন বর্জন কিংবা ভোটারের উপস্থিতির অপ্রতুলতা কোনো নির্বাচনের আইনি দিককে প্রশ্নবিদ্ধ করে না। আর এটাও পরীক্ষিত সত্যি যে সংবিধান কিংবা কোনো আইন প্রণীত, সংশোধিত বা বাতিল হয় জনগণের প্রয়োজনে ও তাদের ইচ্ছায়। এর ঘাটতি এসব দলিলের কার্যকারিতা বিপন্ন করে। আমাদের সাম্প্রতিক কালের রাজনৈতিক ইতিহাসে এমনটা ঘটেছে একাধিকবার।
১৯৯০-এ প্রেসিডেন্ট এরশাদ দেশ পরিচালনা করছিলেন। তাঁকে ক্ষমতাচ্যুত করতে রাজনৈতিক দলগুলোর সমান্তরাল আন্দোলনের ফলে অন্তত তখনকার মতো জনগণের ইচ্ছার কাছে সংবিধানের সংশ্লিষ্ট বিধান অকার্যকর হয়ে পড়ে। পদত্যাগ করতে হয় রাষ্ট্রপতিকে। সংবিধানে এ ধরনের কোনো বিধান না থাকা সত্ত্বেও আন্দোলনরত দলগুলোর ঐক্যবদ্ধ প্রস্তাবে ক্ষমতা হস্তান্তর করা হয় বাংলাদেশের কর্মরত প্রধান বিচারপতির কাছে। অস্থায়ী রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালন করে ফিরে যান পূর্বতন পদে। পরে একটি সংবিধান সংশোধনী আনতে হয় এ কার্যক্রমের বৈধতা দিয়ে। ঠিক তেমনি ১৯৯৬-এর ফেব্রুয়ারিতে নির্দিষ্ট মেয়াদান্তে সংসদ নির্বাচন হয়। ক্ষমতাসীন দল ছাড়া বলতে গেলে প্রায় সব দল বর্জন করে সে নির্বাচন। ভোটারের উপস্থিতি ছিল নগণ্য। তাতে সাংবিধানিক বা আইনগত কোনো বিচ্যুতি ঘটেছিল, এমনটি বলা যাবে না। তবে সে নির্বাচনে নির্বাচিত সরকার ও সংসদকে এক মাসের মধ্যেই বিদায় নিতে হয় নতুন নির্বাচনের পথ পরিষ্কার করে।
২০০৪-এ সংবিধানের চতুর্দশ সংশোধনী মূলত বিচারপতিদের চাকরির বয়স বৃদ্ধিসহ আরও কতিপয় বিষয় নিয়ে। এটা অসাংবিধানিকও ছিল না। আজও বলবৎ আছে বিধানগুলো। কিন্তু মূলত এ সংশোধনীকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান কে হবেন, তা নিয়ে বিতর্ক ও রাজনৈতিক আন্দোলনের মুখে ২০০৭-এর সূচনায় অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন পণ্ড হয়ে যায়। ২০১৪-এর জানুয়ারির নির্বাচনে নির্বাচিত সংসদ ও সরকারকে কিছু সহজবোধ্য কারণে এ ধরনের ভাগ্য বরণ করতে হয়নি। তবে তারা রাজনৈতিক বিবেচনায় বৈধতার সংকটে ভুগছে, এটা এখন অনেক দায়িত্বশীল অবস্থান থেকে জোর দিয়ে বলা হচ্ছে।
এ প্রেক্ষাপটে সামনে আসছে আগামী সংসদ নির্বাচন। এখানেও পুরোনো অবস্থানই জোর দিয়ে ব্যক্ত করছে সরকারি দল ও জোট। তবে গতবারের নির্বাচন বর্জনকারী প্রধান বিরোধী দলটির অবস্থান পরিবর্তন হয়েছে বলে লক্ষ করা যায়। তারা স্বীকার করতে কুণ্ঠিত হলেও ব্যাপকভাবে ধারণা করা হয় যে গত নির্বাচন বর্জন না করলে রাজনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থা এতটা বিপর্যস্ত হতো না। কক্ষচ্যুতি থেকে প্রত্যাবর্তনের একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসছে আগামী জাতীয় নির্বাচন। তবে সুযোগটি কাজে লাগানোর জন্য সচেষ্ট হতে হবে সবাইকে। প্রধান দায়িত্ব সরকারের। তারা জনগণের রায় নিয়ে বারবার থাকুক, কারও ভিন্নমত থাকবে না। তবে সে রায় নেওয়ার জন্য সরকারের বেআইনি কৌশল নেওয়া অসংগত হবে।
সরকার সংবিধান ও আইনের কথা বলে। কিন্তু আইনের প্রয়োগ সব ক্ষেত্রে সমভাবে হয় না। দু-একটি নজির আলোচিত হওয়ার দাবি রাখে। মহানগরীতে রাস্তাঘাট বন্ধ রেখে যেকোনো ধরনের গণজমায়েতের বিরুদ্ধে জনগণের ব্যাপক অংশের অবস্থান রয়েছে। তার মধ্যে ট্রাফিক ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবস্থান শাহবাগ পয়েন্ট ও বিমানবন্দর সড়ক। এ শাহবাগ পয়েন্টে গণজমায়েত অনেক কারণে অনেকবার লাখ লাখ পথযাত্রীর চোখের পানি ঝরিয়েছে। বিমানবন্দর সড়কে ভিআইপি গমনাগমনে জনচলাচলের জন্য ভোগান্তিও জনগণ মেনে নেয়। তবে সে সড়কে দীর্ঘক্ষণ অর্ধেক দখল করে কয়েক দিন আগে যখন ভারত সফর করে দেশে ফিরে আসা একজন নেতাকে অভ্যর্থনা জানাতে জমায়েত ডাকা হয়, সেদিনের জনভোগান্তির মাত্রা নিয়ে আলোচনা নিষ্প্রয়োজন। কোনো ব্যবস্থা নেওয়া হয় না এসব ক্ষেত্রে। কিন্তু সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা নিজেদের পরীক্ষার সময়সূচি নিয়ে শাহবাগ পয়েন্ট অবরোধ করে যখন বিক্ষোভ করছিলেন, তখন সে ‘বেআইনি জনতা’ ছত্রভঙ্গ করতে পুলিশি অভিযানে একজনের চোখ গেছে। অবশ্যই শাহবাগ পয়েন্ট কোনো কারণে বন্ধ করা সমীচীন হয়নি। তবে এমন ব্যবস্থা তো সব ক্ষেত্রে নেওয়া হয় না। বরং ক্ষেত্রবিশেষে পুলিশ থাকে সহায়ক শক্তি হিসেবে। তেমনি দেশের বিভিন্ন স্থানে বিরোধী রাজনৈতিক দল বা জোটের সভা-সমাবেশ ভেঙে দেওয়া হয় নির্দয়ভাবে। বিভিন্ন ধারা-উপধারায় মামলা তো আছেই। তাহলে সংবিধানে উল্লেখিত আইনের দৃষ্টিতে সমতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা ইত্যাদি বিষয় নিয়ে শোচনীয় রকম বৈষম্যমূলক আচরণ কেন? আইনের দ্বারা তো কোনো যুক্তিসংগত বিধিনিষেধ আরোপ করা হয় না।
এখানে সরকার ছাড়া নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। তারা সরকারের প্রতিপক্ষ নয়, নয় অধীন সংস্থা। বরং সম্পূরক। তারা কোনো দলকে ক্ষমতায় আনা বা টিকিয়ে রাখার মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে না। অথচ এ প্রতিষ্ঠানটির যতটা গৌরবময় অতীত, তা শুধু তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময়কালেরই। কোনো রাজনৈতিক সরকারের সময়ে এটা শির উন্নত করে দাঁড়ায়নি। এমনকি ক্ষেত্রবিশেষে সরকারের সহায়ক হিসেবে কাজ করতে গিয়ে সমালোচিত বা নিন্দিত হয়েছে। নির্বাচন পরিচালনায় প্রতিষ্ঠানটির সাংবিধানিক বা আইনগত কোনো সীমাবদ্ধতা নেই। জনবলও এর মধ্যে ভারতের নির্বাচন কমিশনের প্রায় ১০ গুণ হয়ে গেছে। এ ক্ষেত্রে আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের একটি দৃঢ় অবস্থান নেওয়ার আবশ্যকতা সৃষ্টি হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এখন নেই। তা নিয়ে আইনি ও রাজনৈতিক বিতর্কও এ নিবন্ধের প্রতিপাদ্য নয়। দেশ ও গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশনের একটি স্বতন্ত্র জোরদার অবস্থানে থাকা দরকার। কেতাবি বুলির মতো কেবল সংবিধান ও আইনের উদ্ধৃতি দিলে এখানে কাজ হবে না। অবশ্যই নির্বাচন হবে সংবিধান ও আইনমতো। তবে এতে অংশগ্রহণকারী সব পক্ষের জন্য সে অনুসারে সমান সুযোগ-সুবিধাপ্রাপ্তি কমিশনকে নিশ্চিত করতে হবে। তা করতে কোনো আইনি বাধা থাকলে তা-ও দূর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো দরকার। আর এসব শুরু করতে হবে এখন থেকেই। ১৯৯৬-এর ফেব্রুয়ারি এবং ২০১৪-এর জানুয়ারির নির্বাচন আর নয় বলে প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমে বক্তব্য দিয়ে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। আমাদের প্রত্যাশা, এটা বাস্তবায়নে তিনি দৃশ্যমান, কার্যকর, সক্রিয় ও আন্তরিক পদক্ষেপ নিতে শুরু করবেন অচিরেই।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।