সংবিধান তৈরি নিয়ে তুলকালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান প্রণয়ন নিয়ে বিক্ষোভের মুখে নেপাল সরকার
সংবিধান প্রণয়ন নিয়ে বিক্ষোভের মুখে নেপাল সরকার

সম্প্রতি নেপালে বড়সড় সহিংস ঘটনা ঘটে গেল, যা আমাদের অনেকেরই নজর এড়িয়ে গেছে। প্রতিবেশী বলতেই আমাদের মনের আকাশে ভারত-পাকিস্তান, বা কখনো–সখনো মিয়ানমার-চীন উঁকি দেয়। নেপাল নিয়ে আমাদের আগ্রহ কম। দেশটা এখনো ভয়াবহ ভূমিকম্পের আঘাত কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যেই নেপালের রাজনীতি সংঘাতময় হয়ে উঠেছে। ‘থারুহাট’ প্রদেশ গঠনের দাবিতে নেপালের পশ্চিম অঞ্চলে কাইলালি জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। কাইলালির জেলা প্রশাসকের বক্তব্য অনুযায়ী এই সংঘর্ষে ১৭ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে একজন সিনিয়র ‘পুলিশ সুপার’ও রয়েছেন। বিক্ষোভকারীদের মধ্যে নিহত হয়েছেন তিনজন। এদের একজন দুই বছরের শিশু।
থারুহাট প্রদেশের দাবি যে অঞ্চলে উঠেছে, সেখানে ‘থারু’ নৃ-গোষ্ঠীর প্রাধান্য রয়েছে। ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। সমস্যা খুব জলদি মিটবে বলে মনে হয় না। জাতীয়তাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যই হলো, তা সহিংস হতে বাধ্য। তা ধর্মীয় জাতীয়তাবাদ হোক কিংবা ভাষাভিত্তিক অথবা নৃতাত্ত্বিক। বর্তমান বিশ্বে এর ভূরি ভূরি নজির রয়েছে। জাতীয়তাবাদী চেতনায় মানুষকে সহজেই খেপিয়ে তোলা যায়। এ জন্যই জাতীয়তাবাদীদের হাতে কমিউনিস্টরা যত্রতত্র মার খান। নেপালের রাজনীতি নিয়ে আমার আগ্রহ বেশ কয়েক দশকের। সেখানে অনেক রাজনীতিবিদ, সাংবাদিক এবং নাগরিক সংগঠনের সঙ্গে আমার অনেক দিনের সখ্য। নেপালের গত তিনটি সাধারণ নির্বাচনে আমি আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের সদস্য হিসেবে অংশ নিয়েছি। খুব কাছে থেকে নেপালের রাজনীতির হালচাল দেখার সুযোগ আমার হয়েছে।
নেপালের জনসংখ্যার ১ শতাংশের বেশি মানুষ নিয়ে ১৮টি ধর্মীয়-নৃতাত্ত্বিক সম্প্রদায় আছে। এদের মোট জনসংখ্যা নেপালের মোট জনসমষ্টির ৪২ শতাংশেরও বেশি। এদের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ হলো ‘ছেত্রি’ (ক্ষত্রিয়)। এরা নেপালের জনসংখ্যার ১৬ শতাংশ। এর পরেই এছ পাহাড়ি ব্রাহ্মণ (১২.৯২%), মগর (৭.২৪%), যারু (৬.৪৬%), নেওয়ার (৫.৬৩%), তামাং (৫.৫১%), কামি (৫.২১%), যাদব (৪.১৪%), সুমলমান (৩.৫৩%) ইত্যাদি (সূত্র: কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো)। নেপালের রাজনীতিতে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের প্রায় একচেটিয়া প্রাধান্য, তা সে কংগ্রেসিই হোক, কিংবা কমিউনিস্ট।
২০০৮ সালের গণপরিষদ নির্বাচনে পুষ্প কমল দহলের (প্রচণ্ড) নেতৃত্বে মাওবাদী কমিউনিস্ট পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে একটা জোট সরকার গঠন করেছিল। মাওবাদীরা নির্বাচনের মতো অনেকগুলো জনতুষ্টির স্লোগান দিয়েছিল, যেমন: জনজাতিদের (নৃ-গোষ্ঠী) জন্য স্বায়ত্ত্বশাসন এবং যুক্তরাষ্ট্রের পদ্ধতির সরকারব্যবস্থা, রাজতন্ত্রের বিলোপ এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা। ওই নির্বাচনে মাওবাদীদের ছিল জয়জয়কার। নির্বাচনে জিতে মাওবাদীদের হুঁশ এল। যা বলা সহজ, তা করা খুবই কঠিন। জনজাতিভিত্তিক প্রদেশ করা প্রায় অসম্ভব। কারণ, তারা ছড়িয়ে–ছিটিয়ে আছে সব জায়গায়। এর সঙ্গে আরেকটা বিতর্ক ছিল, মাওবাদী গেরিলাদের নেপালের সেনাবাহিনীতে আত্তীকরণের প্রশ্ন। অন্যান্য দল এই আত্তীকরণের বিরোধিতা করেছিল। একটা প্রশ্ন অবশ্য সব দলই এড়িয়ে গেছে। তা হলো, নেপালে সেনাবাহিনীর কি দরকার? দুই প্রতিবেশী ভারত ও চীনের মধ্যে নেপাল অনেকটা ল্যান্ডউইচ-এর মতো। সেনাবাহিনী দিয়ে সে কার বিরুদ্ধে যুদ্ধ করবে? তৃতীয় বিশ্বের অনেক দেশেই সেনাবাহিনীকে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতীক হিসেবে চালিয়ে দেওয়া হয়। বাস্তবে দেখা যায়, তাদের মুখ্য কাজ হচ্ছে নিজ দেশের মানুষকে ঠ্যাঙ্গানো এবং দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীদের খুন করা। ২০১৪ সালের তথ্য অনুযায়ী, নেপালের সামরিক বাজেট জিডিপির ১.৫ শতাংশ, যা বাংলাদেশে ১.২ শতাংশ, আফগানিস্তানে ১.৩ শতাংশ, ভারতে ২.৪ শতাংশ, শ্রীলঙ্কায় ২.৫ শতাংশ এবং পাকিস্তানে ৩.৪ শতাংশ (সূত্র: বিশ্বব্যাংক, www.dat.worldbank.org)
নেপাল মনে হয় পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়ার প্যাঁচে পড়ে গেছে। দেশ স্বাধীন হওয়ার পর ভারত সংবিধান বানিয়ে ফেলল দুই বছরের মধ্যে। পাকিস্তানের লাগল নয় বছর। তা-ও বাতিল হয়ে যায় দুই বছরের মাথায়। বাংলাদেশ যদিও দ্রুততম সময়ের মধ্যে, অর্থাৎ নয় মাসের মাথায় একটা সংবিধান তৈরি করতে পেরেছিল, কাটাছেঁড়া করতে করতে এর শরীরটা প্রায় নষ্ট হয়ে গেছে। নেপালে ২০০৮ সালের নির্বাচিত গণপরিষদের দুই বছরের মধ্যে একটা সংবিধান তৈরির কথা ছিল। পাঁচ বছরেও তারা পারেনি। ২০১৩ সালে নেপালে আবার গণপরিষদের নির্বাচন হয়। এই গণপরিষদ এখন পর্যন্ত সংবিধান তৈরির কাজটি এগিয়ে নিতে পারেনি। কবে পারবে, জানি না।
গত নির্বাচনে নেপাল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে একটা জোট সরকার তৈরি করেছে। প্রধানমন্ত্রী সুশীল কৈরালার নেতৃত্বে এই সরকার এখন পর্যন্ত সব দলের মধ্যে সংবিধান প্রশ্নে মতৈক্য তৈরি করতে পারেনি। প্রধান চারটি দল মিলে অবশ্য একটা সমঝোতায় পৌঁছেছিল। তাদের প্রস্তাব ছিল ছয়টি প্রদেশ নিয়ে ফেডারেশন তৈরি করা। কিন্তু বাগড়া দেয় ছোট ছোট কয়েকটি দল। ভারতের সীমান্তবর্তী ‘তরাই’ অঞ্চলের এই দলগুলো ‘মদেশি’ নামে পরিচিত। ‘মদেশি’ শব্দের অর্থ ‘বিদেশি’। অর্থাৎ নেপালের পাহাড়-পর্বতের বাসিন্দারা দক্ষিণে সমতলের বাসিন্দাদের ‘মদেশি’ নামে ডাকে। মদেশিদের খুশি করার জন্য প্রচণ্ড এক সময় তাদের সব দাবির প্রতি সায় দিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে, এই দাবিগুলো বাস্তবায়নযোগ্য নয়।
নেপাল সরকার চাইছে মতৈক্যের ভিত্তিতে একটা সংবিধান তৈরি করতে, যাতে ভবিষ্যতে এ নিয়ে বড় কোনো বিতর্কে জড়িয়ে পড়তে না হয়। কিন্তু সবার মত নিতে গিয়ে কালক্ষেপণ হচ্ছে। দেশটা যত দ্রুত এগিয়ে যেতে পারত, তা হচ্ছে না। এটাই নেপালের গণতন্ত্রের সংকট। সমস্যার এখানেই শেষ নয়, ভাবপন্থী ‘রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি’ গত ২০ জুলাই হিন্দুধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানায়। ২০০৭ সালের অন্তর্বর্তী সংবিধানে নেপালকে অসাম্প্রদায়িক রাষ্ট্র (সেক্যুলার) হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। গত ২৭ জুলাই বড় কয়েকটা দল মিলে একটা বৈঠক করে আলোচনা করে, ‘অসাম্প্রদায়িকতা’ শব্দটির বদলে তারা সংবিধানে ‘ধর্মীয় স্বাধীনতা’ শব্দটি ঢোকাবে। এর মধ্যে নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টির একটা উপদল মে মাসে স্বাক্ষরিত চীন-ভারত বাণিজ্য চুক্তির বিরোধিতা করে ২৪ জুলাই হরতাল ডেকে বসে। তাদের দাবি, এই চুক্তিতে নেপালের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে।
জুন মাসেই সংবিধান তৈরির কাজ অনেকটা এগিয়ে গিয়েছিল। সংবিধান প্রণয়ন কমিটি ‘সেক্যুলার, অন্তর্ভুক্তিমূলক এবং বহুজাতিক’ রাষ্ট্র গঠনের অঙ্গীকার করে ২৯ জুন গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বাদ সাধলেন নেপালের সুপ্রিম কোর্ট। ১৯ জুন এক আদেশে সুপ্রিম কোর্ট বলে দেন, প্রস্তাবিত খসড়া অন্তর্বর্তী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এখন রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের সঙ্গে সর্বোচ্চ আদালতই বিতর্কে জড়িয়ে পড়েছেন।
নেপাল ছিল একসময় শান্তির দেশ। দক্ষিণ এশিয়াকে একটি ‘শান্তি অঞ্চল’ হিসেবে ঘোষণা করার দাবি অনেক দিন আগ থেকেই জানিয়ে আসছিলেন নেপালের প্রয়াত ও জনপ্রিয় রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব। দারিদ্র্যপীড়িত এই দেশটি আজ রাজনৈতিক অনিশ্চয়তা আর সংঘাতের ঘূর্ণিপাকে পড়েছে। দেশের অধিকাংশ মানুষ হতদরিদ্র। কিন্তু নেতাদের ভ্রুক্ষেপ নেই। মতাদর্শের নামে জেদাজেদির রাজনীতি চালিয়ে যাচ্ছেন তাঁরা। প্রায় প্রতিদিনই আন্দোলনের নামে চলছে সহিংসতা। গত ৩১ আগস্ট পারশা জেলায় পুলিশ আর বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আর কত প্রাণের বিনিময়ে নেপাল ‘গণতন্ত্র’ কিনকে?
মহিউদ্দিন আহমদ: লেখক-গবেষক।
[email protected]