
অনেক দিন পরে জাতীয় রাজনীতিতে একটি ইতিবাচক সাংবিধানিক সংস্কারের প্রস্তাব দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথমেই তাঁকে ধন্যবাদ যে তিনি প্রধানমন্ত্রীর ‘একনায়কতান্ত্রিক’ ক্ষমতায় ভারসাম্য আনা ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের ধারণা সামনে এনেছেন। কারণ, ব্যক্তির হাতে নিরঙ্কুশ ক্ষমতা পুঞ্জীভূত করাটাই আজকের রাজনৈতিক সংকট গভীর হওয়ার জন্য প্রধানত দায়ী। কোনো সাবেক সরকারপ্রধানের মুখে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করার কথা সম্ভবত আমরা এই প্রথম শুনছি। জাতীয় পর্টি ও জাসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফেডারেল কাঠামো ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কথা বলা হলেও এবারই প্রথম দুই বড় দলের একটির কাছ থেকে নির্দিষ্টভাবে এ কথা শোনা গেল। তবে এটা কতটা লোক দেখানো কিংবা নেহাত পরিবর্তনের কথা বলে চটক সৃষ্টি করা আর কতটা আন্তরিক, তা আমরা আগামী দিনে পরিষ্কার দেখতে পাব।
আমাদের সন্দেহ দূর করতে হলে আওয়ামী লীগ এই প্রস্তাব যদি নাকচও করে দেয় তাহলে তাকে দমলে চলবে না, তাকে একটি সাংবিধানিক সংস্কার কমিটি গঠন এবং তাকে এ বছরের মধ্যেই প্রাথমিক খসড়া প্রতিবেদন প্রকাশ করতে হবে। আমরা এর আগে দুই নেত্রীর কাছ থেকে সংসদের আসন বাড়ানো, নারীর জন্য সরাসরি ভোটের ব্যবস্থা প্রবর্তনের মতো বিষয়ে বক্তব্য দিতে এবং তা যথারীতি ভুলতে দেখেছি।
এখন আশা করব আওয়ামী লীগের পক্ষ থেকে অভ্যাসগতভাবে বিএনপির কাউন্সিলকে তামাশা ইত্যাদি যা-ই বলা হোক না কেন, বিএনপির প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারের জায়গাগুলোকে যেন উড়িয়ে না দেওয়া হয়। কারণ, এই রাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল শাসনব্যবস্থা গড়তে আমাদের একটা ব্যাপকভিত্তিক সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে।
বিএনপির নেত্রী ও তাঁর দল বিএনপিকে তাদের প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারের বিষয়ে একটা সততার পরীক্ষা দিতে হবে। আর সেটা হলো ব্যক্তির হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত করার জন্য তিনি কেবলই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করেছেন বলে মনে হয়। সংবিধানগতভাবে বললে কথাটা অসত্য। এভাবে কাদা-ছোড়াছুড়ি করে ‘নতুন রাজনীতি’ চালু হবে না। তা ছাড়া, বিষয়টি মোটেই এমন নয় যে ব্যক্তির হাতে নির্বাহী ক্ষমতা নিরঙ্কুশ করার বিষয়ে বিএনপি ও তার দলের ভূমিকা কোনো অংশে কম। বিএনপি নেত্রীর কথা অনুযায়ী, প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতার অধিকারী হওয়া শুধু ‘সাম্প্রতিক বছরগুলোর অভিজ্ঞতা’ লব্ধ বিষয় নয়। এ বিষয়ে পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে এবং সর্বতোভাবে একটি আত্মজিজ্ঞাসার মনোভাব থেকে বিএনপি ও তার মিত্রদের এ বিষয়ে সমাজে একটা মুক্ত আলোচনার পরিবেশ তৈরি করতে উদ্যোগী হতে হবে। খালেদা জিয়া নিজে যদি এখন থেকে এ বিষয়ে ঘন ঘন বক্তব্য রাখেন, তাহলে বুঝব লক্ষণ ভালো!
ব্যক্তির হাতে সব ক্ষমতা নিরঙ্কুশ হয়েছিল ১৯৭২ সালের মূল সংবিধানেই। ১৯৫৬ সালের যে সংবিধান আমরা নাকচ করেছিলাম, সেই সংবিধানে যে বাক্যটি দিয়ে প্রেসিডেন্টকে একচ্ছত্র ক্ষমতা অর্পণ করা হয়েছিল, আমরা ঠিক সেই বাক্যে প্রেসিডেন্ট শব্দ মুছে প্রধানমন্ত্রী বসিয়েছি। আওয়ামী লীগ এই সত্য কখনো উচ্চারণ করেনি। অন্যদিকে বিএনপি স্বীকার করে না যে জিয়াউর রহমান থেকে শুরু করে দ্বাদশ সংশোধনী পাস করে ফেলার সময়টাতেও তারা ‘একনায়কতান্ত্রিকতা’ দূর করেনি। বরং প্রধানমন্ত্রীর ক্ষমতা আরও কী করে নিরঙ্কুশ করা যায়, সেই ব্যবস্থা করা হয়েছিল।
১৯৯১ সালে বিএনপি কেবল বাহাত্তরের সংবিধানের ৫৫ অনুচ্ছেদ, যেখানে মন্ত্রিসভাকে রিক্ত করে নির্বাহী ক্ষমতা ব্যক্তিকে দেওয়া হয়েছে, সেই অনুচ্ছেদটি পুনরুজ্জীবন করেই ক্ষান্ত হয়নি, তারা দলত্যাগ–সংক্রান্ত গণতন্ত্রবিরোধী ৭০ অনুচ্ছেদকে আরও কঠোর করেছিল (১৫তম সংশোধনীতে আওয়ামী লীগ যেটুকু বাদ দিয়েছে), যাতে প্রধানমন্ত্রীর আসন না টলে। জরুরি অবস্থা জারি এবং সংসদ ডাকা ও বাতিল করতে প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের বিধান ছিল না, সেসব যুক্ত করা হয়েছে। আর আওয়ামী লীগের তা মনে ধরেছে, তাই তারা এসব রেখে দিয়েছে। ফলে কোনো পক্ষেরই এ নিয়ে নিজেদেরকে শ্রেয়তর ভাবার কোনো জায়গা নেই। তাই একটা আত্মজিজ্ঞাসা ও আত্মসমালোচনা থেকে সংবিধান সংস্কারে ব্রতী হওয়া–বিষয়ক আলোচনাটা শুরু করা প্রত্যাশিত।
অন্যে অধম বলে সে যে উত্তম হওয়ার চেষ্টা করছে, তার লক্ষণ বিএনপিকেই ফুটিয়ে তুলতে হবে। বয়সের কথা যখন খালেদা জিয়া তুলেছেন, তখন তাঁর কি উচিত হবে না অবসরের একটা সম্ভাব্য সময় ঘোষণা করার? প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হ্রাস করার কথা বলে সেই কাউন্সিলেই কোনো দ্বিধা বা আক্ষেপ ছাড়াই বিএনপির স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির ‘বাকি পদগুলো’ নির্বাচনে ‘একক ক্ষমতা ও সর্বময় কর্তৃত্ব’ বিএনপি চেয়ারপারসনের গ্রহণ করা কেন ‘একনায়কসুলভ’ নয়, সেই প্রশ্নের একটা উত্তর লাগবে।
সুশাসন দিতে চাইলে বর্তমান সংবিধান বা আইন বাধা দেবে না। সুতরাং যদি বলা হয় তারা সংবিধান বা আইন পাল্টে সুশাসন দেবে, তাহলে সন্দেহ বাড়বে। আবার সেগুলো দ্রুত না দিলে সন্দেহ আরও বাড়বে। ২০৩০ ভিশনের মধ্যে কোনগুলো অগ্রাধিকার, তার বাস্তবায়নের সময়সীমা কী, সেটা তাঁকে পরিষ্কার করতে হবে।
বিচারপতিসহ সাংবিধানিক পদধারীদের নিয়োগে একটি গণশুনানিনির্ভর যে উত্তম ব্যবস্থার কথা বলা হয়েছে, সেটা চাইলে কোনো দলের সরকার গঠনের প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই করা সম্ভব। নির্বাসিত জীবনে বেনজির ও নওয়াজ একটা সনদ করেছিলেন, পরে আমরা তার বাস্তবায়ন দেখেছি। এখানে বিএনপিকে প্রথমে একতরফা করতে হবে। সংবিধান ও আইনের কোথায় কোনটার বদলে কোনটা ও কী বসবে, তার খসড়াটা এখনই চূড়ান্ত করে রাখতে হবে। অলস ও বিপর্যস্ত দলটি এখন এই হোমওয়ার্ক না করলে কখন করবে? সরকারে না গিয়ে অসম্ভব? হাস্যকর শোনাচ্ছে।
কিছুটা বিশ্বাসযোগ্যতা চাইলে বিএনপির নেত্রী এখনই বলুন ‘ক্ষমতায় যাওয়ার প্রথম ১০০ দিনে আমি রুলস অব বিজনেস সংশোধন করে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় বিরাট পদক্ষেপ নেব। আসুন, আপনারা এখনই আমাকে দ্রুত একটি মুসাবিদা করে দিন।’ আর সংবিধান সংশোধন করে সুনীতি, সুশাসন ও সুসরকার দিতে চান? তাহলে জাতির কাছে কৈফিয়ত দিন যে ‘প্রধান বিচারপতি নিয়োগের ফাইল আমার কাছে আসবে না, সেই সংশোধনী ১৯৯১ সালে আমিই সংবিধানে ঢুকিয়েছিলাম, কিন্তু কখনো মান্য করিনি। এ জন্য আমি ক্ষমা চাই।’ পারলে বলুন।
খালেদা জিয়ার ক্ষমতার ভারসাম্য ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ করার উদ্যোগের ঘোষণা আমাকে কিছুটা বিভ্রান্তিতে ফেলেছে। কারণ এ জন্য ‘দল’ লাগবে, কিন্তু দল গঠন ও তার গণতন্ত্রায়ণ প্রশ্নে ২০৩০ রূপকল্পে কোনো কথা নেই। দল শাসনে একনায়কত্ব চলবে, আর দেশ শাসনে একনায়কত্ব ঘুচিয়ে বহুত্ববাদ চলবে, এটা সোনার পাথরবাটি।
‘অচিরেই এই ভিশন চূড়ান্ত করা হবে’, খালেদা জিয়া বলেছেন। অনেক আগে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ আমাকে বলেছিলেন, ‘অচিরেই’ তত্ত্বাবধায়ক সরকারের একটি খসড়া তিনি পেশ করবেন। সেটা বিএনপি ভুলে গেছে। কিন্তু বিএনপির নেত্রী শুধু এটা স্পষ্ট করেছেন যে হাসিনামুক্ত নির্বাচন হবে। নির্বাচন ‘খালেদাযুক্ত’ অথবা ‘খালেদামুক্ত’ হলে কী ঘটে, সেই তিক্ত ধারণাও জাতির আছে।
আমি বিশ্বাস করি বিএনপি যদি তার প্রস্তাবিত সংস্কারগুলো নির্দিষ্ট করে খসড়াগুলো প্রকাশ করে এবং সেটা বাস্তবায়নে সরকারকে চাপ দেওয়া শুরু করে, তাহলে বিদ্যমান শাসনের মান আরও উন্নত হতে পারে। আমরা শুনতে চাই পুলিশ অধ্যাদেশের খসড়া যেটা হয়ে আছে, সেটাকে আইনে পরিণত করার ঘোষণা দেওয়া। রূপকল্পে বিচার বিভাগে দলীয় হস্তক্ষেপ বন্ধের স্লোগান আছে, কিন্তু ১১৬ অনুচ্ছেদকে বাহাত্তরের সংবিধানে ফেরাব, সে কথা নেই। আরেকটি পল্টনীয় স্লোগান হলো ‘সব কালাকানুন বাতিল করব’। অত বেশি ভালো আমাদের হজম হবে না, তার থেকে নির্দিষ্ট করে বলুন, ফাঁদ পেতেছিলাম, ক্ষমা করুন। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারাটা বাতিল করব। উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন তৈরির কথা বলা হয়েছে। কিন্তু আইনে আর কুলাবে না, একটি নিয়োগ কমিশন সংবিধানে ঢোকাতে হবে। জিয়া গণভোটের বিধান করেছিলেন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনমতের ভিত্তিতে দেশ পরিচালনার জন্য নয়। তিনি কয়েকটি সামরিক ফরমানকে সুরক্ষা দিয়েছিলেন। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে আধুনিক বিশ্বে গণভোট হয়, সেই গণভোট চাই। জিয়া অহেতুক চার মূলনীতি বদলে ছিলেন, সংবিধানের প্রস্তাবনায় থাকা ঐতিহাসিক ‘সংগ্রামের’ পরিবর্তে ‘যুদ্ধ’ করে দেশ স্বাধীন করার মতো পরিবর্তন এনেছিলেন, আর সেগুলোকে রক্ষাকবচ দিতেই গণভোটের বিধান ঢোকান। আর তাঁর হাতে সর্বময় ক্ষমতার বিধানও যাতে কেউ সহজে বদলাতে না পারে, তাই নির্বাহী ক্ষমতা সংশ্লিষ্ট অনুচ্ছেদটিকেও গণভোটের বর্ম পরানো হয়েছিল। সুতরাং গণভোটের বিধান চাই, কিন্তু জিয়ার বিতর্কিত পঞ্চম সংশোধনীর শর্তে নয়।
রাষ্ট্রকে এককেন্দ্রিক কেন রাখব, সে বিষয়ে একটা আলোচনা হওয়া দরকার। ছয় দফায় ফেডারেল সরকারের কথা ছিল। বঙ্গবন্ধুর ছয় দফার পূর্ণ বাস্তবায়ন চাই। গত শতাব্দীজুড়ে আমাদের পূর্বপুরুষেরা স্বায়ত্তশাসন চেয়েছে, তখন তারা কখনো রাষ্ট্রের ‘এককেন্দ্রিক চরিত্র’ নিয়ে গোঁ ধরেনি। স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণে আর কাজ হবে না। ক্ষমতার ভারসাম্যকে অর্থবহ করতে প্রদেশ লাগবে। দেশের আয়তন কোনো বাধা নয়। যদিও যাদের বেশি লোক ও জায়গা তারাই ফেডারেল সরকার ও দ্বিকক্ষ সংসদ করে। কিন্তু সুইজারল্যান্ড, বতসোয়ানা ও রোমানিয়া এককেন্দ্রিক থেকেও দুই কক্ষ করেছে। আবার অনেক দেশ এককেন্দ্রিক থেকেও কতিপয় ক্ষমতা ফেডারেলের মতো করে নিচের দিকে বণ্টন করেছে।
বিএনপির সব থেকে তাৎপর্যপূর্ণ ও প্রশংসনীয় অঙ্গীকার হলো: ‘বিদ্যমান সংসদীয় ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন সম্প্রদায়, প্রান্তিক গোষ্ঠী ও পেশার জ্ঞানীগুণী ও মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে উচ্চকক্ষ হবে।’ পৃথক নির্বাচকমণ্ডলীর যে দাবি কোনো কোনো সম্প্রদায় থেকে উঠছে, তার একটা কার্যকর প্রতিষেধক হতে পারে উচ্চকক্ষে তাদের জায়গা দেওয়া। সংসদে জাতিগত সংখ্যালঘুদের আসন দরকার, নেপাল ও উগান্ডাযা করেছে। তবে ‘দল’ গঠন না করলে দলীয়করণ হবে। আর তা হলে উচ্চকক্ষ দলের আখড়া হবে। নিউজিল্যান্ড ৯৬ বছর পরে ১৯৫০ সালে দ্বিকক্ষ থেকে এককক্ষে গেছে এই কারণে যে উচ্চকক্ষে রাজপরিবারের বাছাই করা ব্যক্তিদের সমাগম ঘটে, আর সেটা কোনো গণতন্ত্র নয়।
মিজানুর রহমান খান: সাংবাদিক৷