আমাদের সংবিধানের প্রস্তাবনায় শেষ প্যারাগ্রাফটায় আছে: ‘এতদ্বারা আমাদের এই গণপরিষদে অদ্য...উনিশ শত বাহাত্তর খ্রিষ্টাব্দের নভেম্বর মাসের চার তারিখে আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম।’বাহাত্তরের ৪ নভেম্বর থেকে ২০১২-এর একই তারিখ—সংবিধানের বয়স এখন ৪০ বছর।১৯৯৯ সালের ৪ নভেম্বরে সংবিধানের জন্মদিন উপলক্ষে ওসমানী মিলনায়তনে একটা বড়সড় অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, সেই সময়ে যে প্রতিষ্ঠানের সঙ্গে বেশি কাজ করতাম অর্থাৎ বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর প্রাতিষ্ঠানিক সহায়তায়। সংবিধান রচনার জন্য ১৯৭২ সালে গণপরিষদ ৩৪ সদস্যের খসড়া সংবিধান প্রণয়ন কমিটি নামে একটি কমিটি গঠন করেছিল। কমিটির চেয়ারম্যান ছিলেন ড. কামাল হোসেন। সদস্যদের মধ্যে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামরুজ্জামান। অর্থাৎ ৩ নভেম্বর ১৯৭৫ সালে ঢাকা জেলে নিহত জাতীয় চার নেতার তিনজন। ১৯৯৯ যখন অনুষ্ঠানটির ব্যবস্থা করছিলাম, তখন সেই ৩৪ জনের মধ্যে ১৯ জনের নাম-ঠিকানা খুঁজে পেয়েছিলাম। বাকিরা তখন আর জীবিত ছিলেন না। ওসমানী মিলনায়তনের অনুষ্ঠানে ১২ জনকে আনতে পেরেছিলাম। তাঁদের মধ্যে ছিলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম, অধ্যাপক আবু সাইয়িদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুর রহিম, অধ্যাপক খুরশীদ আলম, মুহাম্মদ খালেদ, বেগম রাজিয়া বানু, ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল। ড. কামাল হোসেন বিদেশে থাকায় অনুষ্ঠানটিতে ছিলেন না। আরও দু-একজন হয়তো ছিলেন, এ মুহূর্তে মনে পড়ছে না।অনুষ্ঠানে যোগদানকারী সংবিধান প্রণয়ন কমিটির বেশ কয়েকজন সদস্যই এই অধমকে বলেছিলেন যে ১৯৭২-এর পর তাঁদের সংবিধান প্রণয়নসংক্রান্ত দিনগুলো বা অভিজ্ঞতার ব্যাপারে কেউ কোনো দিন কিছু জানতে চায়নি বা জিজ্ঞাসা করেনি। তাঁরাও প্রায় ৩০ বছরে ভুলতেই বসেছিলেন যে তাঁরা সংবিধানের খসড়া প্রণয়ন করেছিলেন। সংবিধানের বাংলা পাঠ প্রণয়নের জন্য যে তিনজনের কমিটি ছিল, তার অন্যতম অধ্যাপক আনিসুজ্জামানও এসেছিলেন।পুরোনো এসব কাসুন্দি ঘাঁটছি তার কারণ দুটো। প্রথমত, ১৯৯৯ সালের ওসমানী মিলনায়তনের ওই অনুষ্ঠানটি আমাদের সংবিধানের ‘জন্মদিন’ উদ্যাপনের প্রথম প্রয়াস। দ্বিতীয় ব্যাপারটা হলো এই ৪ নভেম্বর সংবিধান দিবস হিসেবে উদ্যাপনের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। উচিত ছিল ৪ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা।২.অবশ্য আজকাল সংবিধানের যে করুণ অবস্থা আর সার্বিকভাবে যে প্রতিহিংসা, বিদ্বেষ, অপরকে অবমূল্যায়ন, অপমান করা ইত্যাদি যে অপসংস্কৃতিতে আমরা আকণ্ঠ নিমজ্জিত হয়েছি, সে ধরনের একটা প্রেক্ষাপটে ভালো, মহৎ, উদার কিছু আশা করা বোধ হয় অবাস্তব হবে।রাজনীতিতে গালমন্দ সব সময়ই ছিল। গালমন্দ শাব্দিক অর্থে না, সমালোচনা অর্থে ছিল। কিন্তু সেটা হয়ে গেছে শাব্দিক অর্থে। একে অপরকে চোর, ডাকাত, খুনি, হারামজাদা বলাই এখন রাজনৈতিক সংস্কৃতি। তবে এটাও ঠিক যে গত বিএনপি-জামায়াত সরকারের আমলে ২১ আগস্টের মতো নৃশংস ও ভয়াবহতম হত্যাচেষ্টার জায়গায় পরিস্থিতি এখন অনেক বেশি ‘ভদ্র’ অর্থাৎ শুধু গালাগালি করা হয়। ২১ আগস্টের মতো গ্রেনেড মেরে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের পুরো নেতৃত্বকে হত্যা করার মতো চেষ্টা হয়নি। নিছক গালাগাল হয়।তা-ও সংবিধান দিবস হবে না। কারণ, সংবিধান দিবস রাষ্ট্রীয়ভাবে উদ্যাপন করতে হলে ড. কামাল হোসেনকে মর্যাদা দিতে হবে। রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের একটা মূলনীতি বোধ হয় অন্য সবাইকে অসম্মান-অপমান করা। অন্তত কাজ-কর্মে, মন্ত্রীর টক শোতে, বক্তব্যে তা-ই তো মনে হয় অনেকেরই। আর এই মনে হওয়ার পরিপ্রেক্ষিতেই বলছি, এই সরকার ‘সংবিধান দিবস’ ঘোষণা করবে না।অবশ্য ১৯৭২-এর সংবিধান কি আর আছে? পঞ্চদশ সংশোধনীর সময় ১৯৭২-এর সংবিধানে ফিরে যাওয়া নিয়ে নাচের ভঙ্গিতে অনেক কোমর দোলানো হয়েছে। সংস্কৃতিপনার উদ্যোগের দেখা মেলেনি।সংবিধানটি কোনো ধর্মীয় গ্রন্থ না। রবীন্দ্রনাথ বা নজরুলের কোনো কাব্যগ্রন্থ, পদার্থবিদ্যা বা ইতিহাসের কোনো বইও ধর্মীয় কিতাব না। তাই ওই সব বইয়ের শুরুতে আমরা ‘দয়াময়, পরম দয়ালু, আল্লাহর নামে’ শব্দগুলো ছাপাই না। কিন্তু সংবিধানের শুরুতেই তা ছাপানো হয়েছে। স্পষ্টত, এই অধম অনুধাবন করতে না পারলেও সরকার সম্ভবত বুঝতে পেরেছে যে আমাদের সংবিধান একটি ধর্মীয় বা ধর্মসংক্রান্ত বই। তাই এই বইটির শুরুতেই ‘আল্লাহর নামে’ কথাগুলো থাকতে হবে।জামায়াতে ইসলামী বা বিএনপি আমাদের সংবিধানকে অনুরূপই নিশ্চয় মনে করে। ‘বিসমিল্লাহ...’ শব্দগুলো সংবিধানে যোগ করেছিলেন জিয়াউর রহমান। অধম বুঝতে না পারলেও সেই সুবাদেই সংবিধানটি বোধ হয় একটা ধর্মীয় গ্রন্থ হয়ে গেছে। আর আমাদের এই স্বাধীন, সার্বভৌম প্রজাতন্ত্রের (সংবিধানের ১ম অনুচ্ছেদের ভাষায়) এই ধর্মবিশ্বাস জন্মেছে এক হুসেইন মুহম্মদ এরশাদের চেষ্টায়। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম এখন ইসলাম।বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টি থেকে লব্ধ ধর্মীয় শিক্ষায় স্পষ্টত আওয়ামী লীগও এখন দীক্ষিত।জামায়াত, বিএনপি, জাতীয় পার্টিসহ গন্ডায় গন্ডায় ইসলামপন্থী দলগুলো পবিত্র ধর্মকে নিয়ে ব্যবসা করবে, ধর্মের ফাঁদ পেতে প্রতারণা করবে, ধর্মকে নোংরা রাজনীতির হাতিয়ার, অস্ত্র বা যেভাবেই আখের গোছানো যায়, সেভাবেই ব্যবহার করবে—এতে তো নতুন কিছু নেই। নতুন হলো আওয়ামী লীগেরও এই ধারায় যোগ দেওয়া।এটা মোটামুটি নিশ্চিত যে আগামী নির্বাচনে সব দলই ধর্মের নামে ভোট চাইবে। তার আগে রাষ্ট্রের মতো সব রাজনৈতিক দলেরই উচিত হবে তাদের নিজ নিজ সংবিধান বা গঠনতন্ত্রে বিএনপির ধর্ম ইসলাম, আওয়ামী লীগের ধর্ম ইসলাম, জামায়াতের ধর্ম ইসলাম—এ ধরনের একটি করে অনুচ্ছেদ যোগ করে দেওয়া। যেহেতু আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, সেহেতু আগামী নির্বাচনে এই রাষ্ট্র পরিচালনার জন্য যেসব দল জনগণের ভোট/রায় চাইবে, সে দলগুলোর ধর্মও তো ইসলাম হতে হবে। ৩. সংবিধান যদিও বলছে যে রাষ্ট্রটা প্রজাতন্ত্র, তথাপি রাষ্ট্রের যাঁরা হর্তা-কর্তা তাঁরা তা মনে-প্রাণে সম্ভবত বিশ্বাস করেন না। তর্কের স্বার্থে ধরে নিতে পারি যে আজ থেকে কমবেশি ৩০ বছর আগে দুটো প্রধান রাজনৈতিক দলকে টিকিয়ে রাখার জন্য সম্পদের উত্তরাধিকার নীতিতে বিশ্বাস করতে হয়েছিল। পারিবারিক সম্পর্কের সূত্রে রাজনৈতিক দলের নেতৃত্বের দায়ভার নিতে হয়েছিল। এতে তখন মহাভারত অশুদ্ধ হয়নি। কিন্তু সংবিধানের ৪০তম ‘জন্মদিনে’ যখন দেখি বড় নেতারা সরাসরি অথবা কিছুটা বাঁকা পথে দুই কুমারের কদমবুচিতে ব্যস্ত, তখন স্পষ্টতর মনে হয় ধর্মটা যেমন প্রতারণার হাতিয়ার বা মাধ্যম হয়ে গেছে, রাজনীতিবিদদের জন্য তেমনি মুখে নির্বাচন-গণতন্ত্র ইত্যাদির কথা বললেও বিশ্বাস করেন উত্তরাধিকারতন্ত্রে। দুই কুমারের জন্য কে কত জান-কোরবান করতে প্রস্তুত, সেটার ঘোষণা দেওয়াই যেন এখন রাজনীতির মূলমন্ত্র। অতএব ‘সংবিধান দিবস’-এর প্রত্যাশা বোধ হয় অবাস্তব। ৪.গণতন্ত্রের আর প্রজাতন্ত্রের মূল কথা কিন্তু নির্বাচন না। নির্বাচন একটা পন্থা। এই পন্থাটা আমরা এ জন্য বেছে নিই যে এই পন্থায় সৃষ্ট সরকার সংবিধান অনুযায়ী আমার জীবন ও নিরাপত্তা বিধানের জন্য সবচেয়ে বেশি সচেষ্ট হবে। বঙ্গবন্ধুর হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ পাস করে সে হত্যাকাণ্ডের বিচার হতে দেওয়া হয়নি দুই দশক ধরে। যখন জীবনের নিরাপত্তা থাকে না, হত্যার বিচার হয় না তখন গণতন্ত্র থাকে না। নির্বাচন হতে পারে, কাগজ-কলমে সংবিধান থাকতে পারে কিন্তু দেশটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থাকে না। একইভাবে ২০০৩ সালে যখন যৌথ বাহিনী দায়মুক্তি আইন, ২০০৩ পাস করে বলা হলো যে ২০০২-এর অক্টোবর থেকে ২০০৩-এর জানুয়ারি পর্যন্ত যৌথ বাহিনীর হাতে যত লোকই নিহত, আহত, পঙ্গু হোক না কেন বা কারও সম্পদ বা অন্য যেকোনো ক্ষতি হোক না কেন, তার জন্য কোনো বিচার হবে না, তখন দেশে ‘নির্বাচিত’ সরকার থাকতে পারে কিন্তু সংবিধান হয়ে পড়ে মূল্যহীন, অর্থহীন। ২০০৩-এর দায়মুক্তি আইনের পর ২০০৫ সালে যে ‘ক্রসফায়ার’ শুরু হয়েছে, তা চলছে। নাম বদলেছে, ভোল পাল্টেছে। নতুন এত স্বরাষ্ট্রমন্ত্রী নতুন নতুন মন্ত্র আউড়েছেন। কিন্তু শেষ কথা এখন একটাই—আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত একটা অংশ এখন জড়িয়ে পড়েছে সবচেয়ে নৃশংস ও দুর্ধর্ষ অপরাধচক্রে। হত্যা, গুম ইত্যাদি এখন সর্বজন স্বীকৃত পেশা ও পারদর্শিতা। সংবিধানের ৩৩ অনুচ্ছেদের শিরোনাম হলো ‘গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ’। আর ৩৫ অনুচ্ছেদ আমাদের মৌলিক অধিকারসংক্রান্ত অনুচ্ছেদগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ। এই অনুচ্ছেদটির টাইটেল—‘বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ।’ যে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত বেশি বেআইনি/অপরাধমূলক কাজ করে, সে দেশে গণতন্ত্র ও সাংবিধানিক, অর্থাৎ আইনের শাসন তত কম। এটা প্রায় ৩০০ বছর ধরে স্বীকৃত। কাটা-ছেঁড়া, টানাহেঁচড়া আর বেশির ভাগ সময় সম্পূর্ণ অবজ্ঞা করে সংবিধানের ৪০ বছর কাগজ-কলমে আমরা পার করেছি। কিন্তু সত্যিকার অর্থে ‘সংবিধান দিবস’ পালন করার যোগ্য হতে আর কত বছর লাগবে, কে জানে। তবে আপাতত আশঙ্কা যেহেতু আমরা ৩৩ আর ৩৫ অনুচ্ছেদ মূল্য অনুধাবন করতে ক্রমান্বয়ে বেশি ব্যর্থ হচ্ছি, সেহেতু সংঘাত বাড়বে। রাজনীতিতে যখন ধর্ম ঢুকে পড়ে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আইনের ঊর্ধ্বে উঠে যায়, তখন সংঘাত অবশ্যম্ভাবী সংবিধানের ৪০তম জন্মদিনে আশাবাদী হতে চেয়েছিলাম। পারলাম না। ড. শাহ্দীন মালিক: অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট।