বেশ কিছুদিন আগে দেশের একটি ইংরেজি দৈনিকে পড়েছিলাম যে রিকশাওয়ালারাও নাকি একটি মিউচুয়াল ফান্ডের আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবের জন্য আবেদন করেছেন। তাৎক্ষণিকভাবেই আমার তখন জোসেফ পি কেনেডি সিনিয়রের একটি বিখ্যাত উদ্ধৃতি মনে পড়ল। তিনি একবার বলেছিলেন, ‘যখন মুচি-বালকেরাও শেয়ার সম্পর্কে টিপস বা পরামর্শ দেয়, তখনই বুঝতে হবে যে এটাই হলো শেয়ার বিক্রি করে দেওয়ার উপযুক্ত সময়।’ জোসেফ পি কেনেডির মতো একজন বিচক্ষণ বিনিয়োগকারীও এ ধরনের সংকেত থেকেই বুঝে নিতেন যে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ভুলভ্রান্তি বা উত্থান-পতন কিংবা অনভিপ্রেত পরিস্থিতির দিকে যাচ্ছে কি না। ওয়ালস্ট্রিটের শেয়ারবাজারের এই বর্ষীয়ান বিনিয়োগ ব্যক্তিত্বের বক্তব্যের আলোকেই বলা যায়, যখন বুঝে না-বুঝে প্রায় সবাই শেয়ারবাজারের দিকে ছোটে এবং এমনকি মুচি-বালক কিংবা নাপিত ও ট্যাক্সিচালক এ ধরনের লোকজনও শেয়ার ব্যবসা সম্পর্কে টিপস বা পরামর্শ দেবে, তখনই বুঝতে হবে যে শেয়ার বিক্রি করে দেওয়ার সেরা সময় এসে গেছে। কারণ, এভাবেই মি. কেনেডি লোকসান-বিপর্যয়ের কবল থেকে তাঁর লক্ষ-কোটি ডলার রক্ষা করেছেন। অথচ আমাদের দেশে যখন দাম যত বাড়তে থাকে, সাধারণ বিনিয়োগকারীরা তত বেশি শেয়ার কিনতে ছোটেন। আবার যখন দাম কমতে থাকে তখন তাঁরা শেয়ার বিক্রি করতে যেন পাগল হয়ে যান। এভাবে তাঁরা শেয়ার কিনতে ও বেচতে দুবারই ধরা খান! আমরা সবাই জানি, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিশেষ করে মাস দুয়েক ধরে বেশ কয়েক দফায় সার্বিক মূল্যসূচক ও মোট লেনদেন বেড়ে একের পর এক এযাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে ওঠার রেকর্ড হয়েছে। যাঁরা শেয়ারের ব্যবসা করে অন্ন-বস্ত্রের অর্থ জোগান, তাঁরা নিজেদের সামর্থ্য অনুযায়ী বাজারে পুঁজি বিনিয়োগ করেছেন এবং বেচাকেনায় অব্যাহত ঊর্ধ্বমুখী প্রবণতায় খুশি হয়েছেন। এ ধরনের প্রবণতা দেখে পুঁজিবাজারে অনেক নতুন বিনিয়োগকারীরও আগমন ঘটেছে। কিন্তু কোন ধরনের কোম্পানিগুলোর ওপর ভর করে গত দুই মাসে শেয়ারবাজারে দুই-চার বা কয়েক দিন কিংবা এমনকি এক দিনের ব্যবধানেও লেনদেন ও সূচক বাড়ার রেকর্ড হয়েছে, তা নিয়েও গভীর চিন্তাশীল বিচার-বিশ্লেষণের অবকাশ আছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা হয়তো ভেবেছেন, সঞ্চিত অর্থ অলস ফেলে রাখার চেয়ে দুর্বল কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেও কিছু আয় করতে পারলে মন্দ কী! তবে এ ধরনের বিনিয়োগে যে বড় ঝুঁকিও থাকে, সেটাও মনে রাখা জরুরি। আমরা প্রত্যক্ষ করলাম, ৮ ডিসেম্বর বুধবার, মাত্র সোয়া ঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক ৫৪৭ পয়েন্ট বা ৬ শতাংশ পড়ে গিয়েছিল। শেয়ারবাজারে এ ধরনের অভূতপূর্ব, অস্বাভাবিক, ভয়াবহ ও নজিরবিহীন দরপতনের পরিস্থিতিতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা রাজপথে প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়েন এবং গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। তাঁদের শান্ত করতে বা ঠেকাতে পুলিশ লাঠিপেটা করে। এরপর অবশ্য ডিএসইর সাধারণ সূচকের পতন কমে আসে এবং দিনশেষে তা আগের দিনের চেয়ে ১৩৪ পয়েন্ট কমে। তবে এটাই শেষ নয়, ১৯ ডিসেম্বর রোববার তো আরও ভয়াবহ অবস্থা দেখা গেছে দেশের শেয়ারবাজারে। এদিন ডিএসইর সাধারণ সূচকের এযাবৎকালের সর্বোচ্চ ৫৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৭২ শতাংশ পতন ঘটেছে।বিশ্বের যেকোনো অর্থনীতিতেই পুঁজিবাজার হচ্ছে প্রবৃদ্ধি অর্জনের চালিকাশক্তি। এটি অতিরিক্ত পুঁজি সংগ্রহের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী কোম্পানিগুলো এবং সঞ্চয়কারীদের মধ্যে বিনিয়োগের সেতুবন্ধ গড়ে দেয়। এভাবে বাংলাদেশের পুঁজিবাজারও এখন বিকশিত হচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের এ কথাও মনে রাখতে হবে, কোনোভাবেই যেন দেশের পুঁজিবাজারে আর ১৯৯৬ সালের ক্ষণস্থায়ী মহা-উত্থান ও দীর্ঘ ধসের পরিস্থিতি সৃষ্টি না হয়। বিনিয়োগকারীরা ব্যাপক হারে চালান-পুঁজি খুইয়ে অসন্তুষ্ট হলে বা পথে বসলে তাঁদের তা ভুলতে বছরের পর বছর লেগে যাবে এবং পুঁজিবাজারে আবারও দীর্ঘ সময়ের জন্য নেতিবাচক প্রভাব পড়বে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ধারায় বিচ্যুতি ঘটবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। মনে রাখতে হবে, সাম্প্রতিক বছরগুলোতে যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে লেখালেখি বা সম্প্রচার বেড়েছে, সে জন্য কখনো যাতে বহির্বিশ্বে ‘পুঁজিবাজারের অস্থিতিশীলতার কারণে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির মুখে পড়েছে’, এ জাতীয় সংবাদ প্রকাশ বা সম্প্রচারের পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকেও নিবিড় নজর রাখতে হবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও নীতিনির্ধারকদের। কারণ, অনেক দিন ধরেই আমরা বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা চালাচ্ছি, তা ধরে রাখতে হবে, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।গভীর রাতে কিংবা ভোরবেলায় যখন দেশের শেয়ারবাজার-সংক্রান্ত গবেষণা নিয়ে বসি বা ভাবি, তখন আমি সত্যিই এর গতি-প্রকৃতি সম্পর্কে সন্দিহান হই, বিভ্রান্তিতে ভুগি এবং দ্বিধাদ্বন্দ্বে পড়ি। কারণ, দেশের পুঁজিবাজারে এমন বেশ কিছু তালিকাভুক্ত কোম্পানি রয়েছে, যেগুলোর আর্থিক বুনিয়াদ বা ভিত ঐতিহাসিকভাবেই মজবুত, আয়ের প্রবণতাও স্থিতিশীল, ব্যবস্থাপনা কার্যক্রমের মানও মোটামুটি ভালো এবং হাতেও রয়েছে নতুন নতুন প্রকল্প। তার ওপর এগুলো হচ্ছে বিদ্যুৎ ও টেলিযোগাযোগের মতো আকর্ষণীয় খাতের প্রতিষ্ঠান। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, শেয়ারবাজারের সামপ্রতিককালের ঊর্ধ্বমুখী প্রবণতায় এ ধরনের ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ারের দর অপেক্ষাকৃত অনেক দুর্বল কোম্পানির সঙ্গে সমানতালে বাড়েনি! যে কারণে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জনের সমুজ্জ্বল সম্ভাবনা থাকা সত্ত্বেও এসব কোম্পানির শেয়ারের বর্তমান দামে তাদের বাণিজ্যিক ও বিনিয়োগ সম্ভাবনা প্রতিফলিত হচ্ছে না। অন্যদিকে বেসরকারি অনেক অখ্যাত-অজ্ঞাত, নাম-সাইনবোর্ডসর্বস্ব ও দুর্বল মৌলভিত্তির কোম্পানি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন লাগাতার লোকসানি, প্রায়-লোকসানি, সাময়িক ও নামমাত্র মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দর অনেক দিন ধরে বাড়ছিল। সংবাদমাধ্যমগুলোও বারবার বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি খাতের বাণিজ্যিক সম্ভাবনাহীন এহেন কোম্পানিগুলোর আর্থিক দুর্বলতার চিত্র তুলে ধরেছে। অধিকন্তু এসব কোম্পানিতে আমলাতান্ত্রিক জটিলতা-দুর্বলতা, ব্যবস্থাপনায় অদক্ষতা এবং চালাকি-কারসাজির ঘটনা নিয়েও অনেক জনশ্রুতি আমাদের জানা। যাঁরা পত্রপত্রিকা পড়েন এবং রেডিও-টিভির খবর শোনেন, তাঁদের তো এ সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন কোম্পানির লোকসান, সুশাসনের দুর্বলতা, অব্যবস্থাপনা ও ‘সম্ভাবনাহীনতা’ নিয়ে অনেক কথা হলেও বিনিয়োগকারীরা কিন্তু গুজবে কান দিয়ে এগুলোর শেয়ারই কিনেছেন। এভাবেই নিষ্পাপ, নতুন ও অনভিজ্ঞ বিনিয়োগকারীরা ‘লোভের গাড়িতে চড়ে’ প্রবল ঝুঁকির পথে চলেছেন এবং ৮ ও ১৯ ডিসেম্বর দুটি বড় ধরনের ‘দুর্ঘটনার কবলে’ পড়ে আর্থিকভাবে পঙ্গু হয়েছেন। হয়তো অদূর ভবিষ্যতে আরও হবেন। আমরা জানি, দেশের পুঁজিবাজারে এখনো মানসম্পন্ন করপোরেট তথ্যের ঘাটতি রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিছু সুবিধা পেলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য তেমন কিছুই নেই। গুজবে কান দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু শেষ পর্যন্ত লাভ করতে পারেন না। এতে বরং বাজার অস্বাভাবিক রকম তেজি হয়ে ওঠে এবং অস্থিরতার মধ্য দিয়ে হঠাৎই আবার ধসের মুখে পড়ে। এভাবে অবশ্য অতিমূল্যায়িত শেয়ারবাজার সংশোধনও হয়ে থাকে। কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের সমুদয় সঞ্চিত পুঁজি খোয়ানোর বিনিময়ে তা হবে—এমনটিও আমাদের কাম্য নয়। মনে রাখতে হবে, শেয়ারবাজারেও সুশাসনের কোনো বিকল্প নেই। এই দৃষ্টিকোণ থেকে বলা যায়, বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সামপ্রতিককালে কিছু ভালো পদক্ষেপ নিয়েছে। তবে এই সংস্থার নেওয়া কিছু নীতি-নির্দেশনা ও পরিবর্তনের পদক্ষেপ বিভিন্ন সময় শেয়ারবাজারে নেতিবাচক প্রভাবও ফেলেছে। এতে নীতিনির্ধারকদের ওপর বিনিয়োগকারীরাও ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু বাজারের রং যখন প্রতি মুহূর্তেই বদলাতে থাকে এবং অস্থিরতা দেখা দেয়, তখন নীতি-নির্দেশনা পরিবর্তন বা প্রবর্তন করা ছাড়া এসইসির সামনে আর কোনো বিকল্পও থাকে না। বর্তমান অতিমূল্যায়িত শেয়ারবাজারে যেমন সংশোধনের দরকার আছে, তেমনি বিনিয়োগকারীদেরও গুজবে কান দিয়ে ঝুঁকির মুখে পড়ার চেয়ে সতর্কতার সঙ্গে কেনাবেচা করাটাই উচিত। অতীতের মতো এবারও বলব যে স্বার্থের দ্বন্দ্ব এড়াতে দেশে এখন একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন অথবা ডিমিউচুয়ালাইজেশন অপরিহার্য হয়ে পড়েছে। আরেকজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিনিয়োগকারী জন মেনার্ড কেইনসের একটি বিখ্যাত উদ্ধৃতির উল্লেখ করেই শেষ করতে চাই। তিনি বলেছিলেন, ‘তুমি-আমি যতক্ষণ পর্যন্ত সচ্ছল থাকব, ঠিক ততক্ষণ বাজারও অযৌক্তিক আচরণ করে যাবে।’মামুন রশীদ: ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক।