সংশোধনী
গত ৩১ মে প্রথম আলোর ১৭ পৃষ্ঠায় প্রকাশিত ‘নতুন ভ্যাট আইন: চ্যালেঞ্জ ও করণীয়’ বিষয়ক গোলটেবিল বৈঠকের ক্রোড়পত্রের পঞ্চম কলামে এফবিসিসিআইয়ের সাবেক উপদেষ্টা মঞ্জুর আহমেদের বক্তব্য ছাপায় কিছু ভুল ছিল। এ ভুলের জন্য আমরা দুঃখিত।
তাঁর বক্তব্য হবে নিম্নরূপ:
মঞ্জুর আহমেদ: এনবিআরের সঙ্গে নতুন ভ্যাট আইন নিয়ে এফবিসিসিআইয়ের বিভিন্ন সময় আলোচনা হয়েছে। বেশ কিছু বিষয়ে আমরা একমতও হয়েছি। আমরা চাই ওগুলো বাস্তবায়ন করা হোক। অনলাইনে ভ্যাট পরিশোধে বাস্তব সমস্যা হলো, ডিপার্টমেন্ট স্টোরে অন্তত এক হাজার পণ্য থাকে। এখন এত পণ্যের ফাইল কীভাবে সংরক্ষণ করা যাবে? আবার একজন দোকানদার ভ্যাটের আওতায় এলে তাঁকে ১০০ টাকার পণ্যে ক্রেতার কাছ থেকে ১৫ টাকা ভ্যাট নিতে হবে।
এ হিসাব কীভাবে হবে? মূল্যের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যোগ করা হলে ক্রেতারা পণ্য কিনতে চাইবে না। ক্রেতার কেনার ইচ্ছার সঙ্গে আমার ব্যবসা জড়িত। আমি তো ক্রেতা হারাতে চাইব না। এ ক্ষেত্রে ছাড় দিয়েই আমাকে পণ্য বিক্রি করতে হবে। এটা আমার ব্যবসার জন্য ক্ষতির কারণ হবে।
—বিভাগীয় সম্পাদক