সংশোধিত নাগরিকত্ব বিল: আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে

১৯৪৫ সালের পর থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত খুব কমসংখ্যক গণতান্ত্রিক রাষ্ট্রই তাদের নাগরিকত্ব এবং এ–সংক্রান্ত আইনগুলোতে নাগরিকদের মধ্যে বিভক্তি তৈরি ও কিছু মানুষকে আলাদা রাখার নীতি গ্রহণ করেছে। কিছু গণতান্ত্রিক রাষ্ট্রের হয়তো আগে এ ধরনের বৈষম্যমূলক নীতি ছিল। তবে পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো নাগরিকত্বের ব্যাপারে অন্তর্ভুক্তিমূলক হয়েছে। ট্রাম্পের আমেরিকা বা ফ্রান্সে লো পেন যখন নতুন করে নাগরিকদের কিছু অংশকে আলাদা করার প্রস্তাব করে, তখন এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই শুরু হয়।
১৯৪০–এর দশকের পর ভারত তার গণতান্ত্রিক নাগরিকত্বের ইতিহাসে দুটি কালো পদক্ষেপ গ্রহণ করেছে। এক. মুসলিম অভিবাসীদের বাদ দিয়ে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ‘অত্যাচারের’ শিকার হয়ে আসা অন্য সব সম্প্রদায়ের লোকজনকে গ্রহণ করার নীতি নিয়েছে। দুই. জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) সূচনা করার প্রতিশ্রুতি দিয়েছে, যা কিনা সেই সব মুসলমানকে রাষ্ট্রহীন করে দেবে, যাঁদের কাছে তাঁদের ভারতীয় বংশোদ্ভূত প্রমাণের দলিল নেই, যদিও তাঁরা ভারতে জন্ম নিয়েছেন এবং কয়েক দশক ধরে সেই দেশে বসবাস করছেন।
১৮ শতকের শেষ নাগাদ মার্কিন ও ফরাসি বিপ্লব এবং ১৮৭১ সালে জার্মানির একীভূত হওয়ার পর থেকে নাগরিকত্বের ধারণার দুটি মডেল দেখা গেছে: একটি হচ্ছে জন্মস্থানসূত্রে নাগরিক, আরেকটি হচ্ছে রক্ত সম্পর্কভিত্তিক উত্তরাধিকারসূত্রে নাগরিক। ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি বিবেচনায় না এনে প্রথমোক্ত মডেলকেই বেশির ভাগ রাষ্ট্র গ্রহণ করেছে। দ্বিতীয় মডেলটিতে পূর্বসূরির ধর্মীয় ও জাতিগত পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্ব বিবেচনা করা হয়। যেসব দেশে পূর্বসূরির ধর্ম ও দেশই ব্যক্তির ধর্ম ও দেশ হিসেবে ভাবা হয়, সেখানে এই মডেল অনুসরণ করা হয়। ভারত এখন এই দ্বিতীয় মডেলের দিকে এগিয়ে যাচ্ছে।
নাগরিকত্ব ও জাতিসম্পর্কিত বহু সাহিত্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে ভূখণ্ডগত বা জন্মস্থানসূত্রের মডেলের অনুসরণকারী হিসেবে এবং জার্মানি ও জাপানকে রক্তভিত্তিক উত্তরাধিকারসূত্রের নাগরিকত্ব মডেলের প্রতীক হিসেবে শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ১৭৮৯ সালে স্বাধীনতা ও সাম্যের আদর্শকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেও কার্যত তার চর্চা করেনি। তারা কৃষ্ণাঙ্গদের দাস করে রেখেছিল, যারা না স্বাধীন ছিল, না তাদের সমানাধিকার ছিল। আর ১৮৮০-এর দশকের পরে তার এশীয়দের অভিবাসী পুল থেকে বাদ দিয়েছে।
স্বাধীন ভারতের জন্য তাহলে নাগরিকত্বের কোন মডেলটি ঠিক? এটি একসময় নিঃসন্দেহে ভূখণ্ডগত মডেলের কাছাকাছি ছিল। অন্যদিকে পাকিস্তানকে মুসলমানদের আবাসভূমি হিসেবে বিবেচনা করা হতো। ধারণা করা হতো, সেখানে অমুসলিমরা নাগরিক হতে পারে, তবে তাদের অধিকার কম হবে। গান্ধী, নেহরু ও আম্বেদকর ভারতকে কখনোই হিন্দুদের আবাসভূমি হিসেবে কল্পনা করেননি। সেই দিনগুলোতে, এমনকি পাকিস্তান থেকে ফিরে আসা মুসলমানেরাও ভারতীয় নাগরিকত্ব দাবি করতে পারতেন।
সম্প্রতি মুসলমানদের বাদ দেওয়ার পদক্ষেপগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করবে। সাংবিধানিকভাবে অন্তর্ভুক্তিমূলক নাগরিকত্ব ব্যবস্থার জন্য নেহরুর অধীন ভারত বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল। স্বাধীনতা ও সাম্যকে যদি যুক্তরাষ্ট্রের আদর্শ হিসেবে বিবেচনা করা হয়, সেখানে ভারতের আদর্শ ছিল সাম্য (ধর্মীয় সাম্যসহ), বিচিত্রতা এবং সহিষ্ণুতা। পরবর্তীকালে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা ধর্মীয় সংখ্যালঘুদের অনেক ক্ষতি করলেও আইনের দৃষ্টিতে হিন্দু বা মুসলমানের মধ্যে কোনো পার্থক্য ছিল না।
এখন ভারত সরকারের দাবি হচ্ছে, শরণার্থী ও অনুপ্রবেশকারীদের মধ্যে অবশ্যই একটি পার্থক্যরেখা টানতে হবে। কারণ, এটি স্পষ্টতই পরিষ্কার যে ভারতের বিদ্যমান মুসলিম নাগরিকেরা যদি তাঁদের ভারতীয় পরিচয়ের নথি দাখিল করতে না পারেন, তবে সংশোধিত নাগরিকত্ব আইন ব্যবহার করে সহজেই তাঁদের অনুপ্রবেশকারী বলা যাবে। এর ফলে হয় তাঁদের অন্তরীণ করে রাখা হবে বা বিতাড়ন
করা হবে। বিপরীতে, হিন্দুদের যদি একই রকমভাবে নথির ঘাটতি থাকে, তবে তাঁদের অন্তরীণ বা বহিষ্কার—কোনোটাই করা হবে না। তাঁরা দাবি করতে পারবেন যে হিন্দু আবাসভূমি ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোথাও তঁাদের যাওয়ার জায়গা নেই। এবং এভাবে তাঁরা ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারবেন। আর এ কারণে আসাম এখন জ্বলছে।
সরকারের দাবি হচ্ছে, সংশোধিত নাগরিকত্ব আইনটি মুসলিমবিরোধী নয়। কারণ, এটি শুধু হিন্দুদেরই নয়; খ্রিষ্টান, বৌদ্ধ ও পারসিদেরও শরণার্থীর মর্যাদা দেবে। প্রশ্ন হচ্ছে, এই আইনে কেন শুধু তিনটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশের নিপীড়িত নাগরিকদের জন্য শরণার্থীর মর্যাদা পাওয়া নাগরিকত্বের সুযোগ রাখা হয়েছে? বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ শ্রীলঙ্কা বা মিয়ানমারকে কেন বাদ দেওয়া হয়েছে? শ্রীলঙ্কা ও মিয়ানমার—দুটি দেশই ভারতের প্রতিবেশী এবং এই দেশ দুটিতে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের রেকর্ড রয়েছে। আর আহমদিয়াদেরই–বা কী হবে, যারা পাকিস্তানের নাগরিক এবং ১৯৭০–এর দশকের মাঝামাঝি সময়ে যাদের অমুসলিম ঘোষণা করা হয়েছিল, যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিল? দিল্লির হৃদয়ে কি সত্যিই নিপীড়িত সংখ্যালঘুদের জন্য রক্তক্ষরণ হচ্ছে?
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত
আশুতোষ ভারশ্নে: ভারতীয় লেখক ও সেন্টার ফর কনটেম্পরারি সাউথ এশিয়ার পরিচালক