সংসদ কার্যকরের উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদ
সংসদ

১৯৯১ সাল থেকে আমাদের দেশে নতুন করে সংসদীয় সরকারব্যবস্থা চালু হয়। এরপর প্রায় ২৪ বছর কেটে গেল, কিন্তু এখনো আমাদের সংসদ সঠিকভাবে কাজ করছে না।
১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ৩০ দশমিক ১ শতাংশ ভোট আর বিএনপি পেয়েছিল ৩০ দশমিক ৮ শতাংশ ভোট। কিন্তু আওয়ামী লীগ পেয়েছিল ৮৮টি আসন আর বিএনপি পেয়েছিল ১৪০ আসন। যদিও ভোটের পার্থক্য ১ শতাংশেরও কম, আসনের পার্থক্য অনেক। ১৯৯৬ সালে আওয়ামী লীগ পায় ৩৭ দশমিক ৪ শতাংশ আর বিএনপি পায় ৩৬ দশমিক ৬ শতাংশ ভোট। সেবার আওয়ামী লীগ পায় ১৪৬ আসন আর বিএনপি পায় ১১৬ আসন। ২০০১ সালে আওয়ামী লীগ পায় ৪০ দশমিক ২ শতাংশ আর বিএনপি পায় ৪১ দশমিক ৪ শতাংশ। ভোটের পার্থক্য ১ দশমিক ২ শতাংশ, কিন্তু বিএনপি আসন পেয়েছিল ১৯৩ আর আওয়ামী লীগ পেয়েছিল মাত্র ৬২ আসন। ২০০৮ সালে অবশ্য এই হিসাবের কিছু পরিবর্তন দেখা দেয়। এই নির্বাচনে আওয়ামী লীগ পায় ৪৯ শতাংশ আর বিএনপি পায় ৩৩ শতাংশ ভোট। ৩৩ শতাংশ ভোট পেয়ে বিএনপি আসন পায় মাত্র ৩০টি, আওয়ামী লীগ পায় ২৩০টি।
এই বৈসাদৃশ্য দূর করতে প্রয়োজন আনুপাতিক আসনসংখ্যার ব্যবস্থা করা। তাহলে বড় দুটি দলের আসনসংখ্যার তেমন কোনো পার্থক্য থাকবে না। আর ছোট দলগুলো, যারা কোনো আসনই পায় না, তারাও কম আসন পেলেও সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। এভাবেই সংসদে ভারসাম্য বজায় থাকবে, সংসদ কার্যকর হবে, অনেক রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে। এক দল অন্য দলকে হেয় করতে পারবে না, প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠবে না। আনুপাতিক আসনসংখ্যার আরেকটি সুবিধা হলো, স্থানীয়ভাবে নির্বাচনে কেউ প্রার্থী না থাকায় নির্বাচনী সংঘর্ষের আশঙ্কা থাকবে না। কালোটাকার খেলাও বন্ধ হবে।
আমাদের নির্বাচন নিয়ে পাঁচ বছর পর পর সংঘাতের সৃষ্টি হয়। মূলত যে দল জেতে, তারাই এখানে সব ক্ষমতার মালিক হয়ে যাওয়ায় অন্যরা এখানে কথা বলারও সুযোগ পায় না। রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণ থাকে না। কিন্তু নীতিগতভাবে এটা হওয়া ঠিক নয়। কারণ, একটি দল দেশের ৩০/৩৩ শতাংশ মানুষের ভোট পেয়ে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে পারবে না, এটা কোনো কথা হতে পারে না। আর দুনিয়ায় দুর্বল রাষ্ট্রেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা দেখা যায়, সবল রাষ্ট্রে নয়। ফলে আমাদের ঠিক করতে হবে, আমরা কি চিরকাল দুর্বলই থাকব, না সবল হব। রাজনীতিকদের এ নিয়ে ভাবতে হবে। গণতন্ত্রের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ব্যাপার হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান নির্মাণে আমাদের জোর দিতে হবে।
লেখক: নাগরিক, ফরিদপুর।