ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন তরুণ শিক্ষক খুদেবার্তা পাঠিয়ে বলেছেন, ‘আপনার লেখাগুলোতে বাংলাদেশের সংবিধানে যে একটি সাংবিধানিক ষড়যন্ত্র আছে, সেটি ফুটে উঠেছে।’ এটা সত্য, আমরা প্রায় সবকিছুতেই ষড়যন্ত্রের গন্ধ খুঁজি। কিন্তু এই ধারাবাহিক শুরু করার সময়টাতেও ভাবতে পারিনি যে ১৯৭২ সাল থেকেই সংসদ ও নির্বাচন নিয়ে এমন একটি শঠতাপূর্ণ অবস্থা সংবিধানে সৃষ্টি হয়ে আছে।গত চার দিনের আলোচনার ভিত্তিতে আমরা সতর্কতার সঙ্গে একটা উপসংহার টানতে যাচ্ছি। তবে সংবিধান কাটাছেঁড়ায় নিয়োজিত হাতুড়ে ডাক্তারদের সৃষ্ট এই অবস্থাটি কতখানি সুপরিকল্পিত, কতখানি অনভিজ্ঞতাপূর্ণ, তা আমরা জানি না। তবে আপনারা তথ্য হিসেবেই জানুন, এই সংবিধানের প্রায় অর্ধডজন অনুচ্ছেদ আপনাআপনি অবৈধ ও অকার্যকর অবস্থায় রয়েছে। আশ্চর্য, এর সব কটি অনুচ্ছেদই সংসদ ও নির্বাচনসংক্রান্ত। এর বিরুদ্ধে একাধিক রিট মামলা দায়ের হওয়া উচিত। নির্বাচনসংশ্লিষ্ট কোনো সচেতন মহল সংবিধানে সংসদ এবং নির্বাচনের এই চেহারা দেখে নীরব থাকতে পারে না। বিএনপি পারে। কারণ, তারাও এই ‘সাংবিধানিক চক্রান্তের’ অবিচ্ছেদ্য অংশ। এর আমরা প্রমাণ তুলে ধরার চেষ্টা করছি। তবে তার আগে দুই বড় দল সম্পর্কে দু-একটি কথা বলার লোভ সংবরণ কঠিন।আসলে জনগণের নাম ভাঙিয়ে দুই ব্যক্তির সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হয়েছে সংবিধানে। আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের গড়া এটা একটা স্বৈরতান্ত্রিক সংবিধান। আপনারা মনে রাখবেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক যে সরকারের অধীনেই নির্বাচন করুক, তারা সংসদীয় রাজনীতি চর্চা করতে ব্যর্থ থেকে যাবে। ব্যক্তিবাদী সংবিধান লেখা ও ব্যক্তির ব্যবহারের জন্যই সংসদ তৈরি করে চলা বাংলাদেশ একটি নিকৃষ্ট রাজনৈতিক সংস্কৃতি বহন করে চলেছে। শেখ হাসিনা ও খালেদা জিয়া যে যেমন পারেন এবং যাঁর যখন যেভাবে ক্ষমতায় যেতে ও টিকে থাকতে যা কিছু লেখা লাগে, সংক্ষেপে তারই নাম বাংলাদেশের সংবিধান। তারই নাম বাংলাদেশের রাজনীতি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রত্যাখ্যান, প্রবর্তন, বিলোপ আবার তা প্রবর্তনের দাবির মধ্যে সবই আছে, শুধু সংসদীয় গণতন্ত্রের জায়গা নেই। দুই দলের চাটুকারেরা ছাড়া যাঁরাই অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাঁরা মানবেন যে জাতীয় সংবিধান এতটা কদর্য ব্যক্তিতন্ত্র দীর্ঘদিন ধারণ করতে পারে না, ভেঙেচুরে পড়ে কিংবা অব্যাহতভাবে হুমকি ও অস্থিরতা সৃষ্টি করে।বাংলাদেশ সংবিধানের ৫৭ অনুচ্ছেদের ২ দফা নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রীকে শুধু একটি ক্ষেত্রে সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতিকে লিখিত পরামর্শ দেওয়ার অধিকার দিয়েছে। সেটা হলো, অনাস্থা ভোটে পরাস্ত হলেই শুধু প্রধানমন্ত্রীর এই অধিকার জন্মাবে। আগের লেখায় উল্লিখিত ব্যারিস্টার আমীরের বক্তব্যসূত্রে বলতে পারি, অনাস্থা ভোটে পরাস্ত হওয়া ছাড়া বাংলাদেশে প্রধানমন্ত্রীর মেয়াদের আগে সংসদ ভাঙার অধিকার নেই। এর অর্থ হলো, ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার যেকোনো সময় সংসদ ভাঙার যে অধিকার আছে, সেটি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া হয়নি। এই ব্যাখ্যা সঠিক হলে ২০১০ সালে ব্রিটেন যে ফিক্সড পার্লামেন্ট আইন করেছে, সেই বিধান বাংলাদেশ ১৯৭২ সালেই করেছে ধরে নেওয়া চলে। এই প্রশ্নে তফাত হলো, নির্বাচনের ১৭ দিন আগে ব্রিটেনে সংসদ ভেঙে যাবে। আর বাংলাদেশে টিকিয়ে রাখা যাবে।কিন্তু শুভংকরের ফাঁকি হলো, দলীয় আনুগত্যের রক্ষাকবচ ৭০ অনুচ্ছেদ বহাল রাখলে উল্লিখিত ৫৭(২) অনুচ্ছেদের অধীনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কখনো অনাস্থা প্রস্তাব পাস হওয়ার বাস্তব পরিস্থিতি কল্পনা করা চলে না। তাই ৫৭(২) ও ৭০ অনুচ্ছেদ সংবিধানে একসঙ্গে থাকতে পারে না। আবার ৭২(১) অনুচ্ছেদে শর্তহীনভাবে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেবেন।’ তাহলে কি প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৬ সালে এই অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা প্রয়োগ করেছিলেন? তা হলেও কিন্তু ৫৭(২) ও ৭২ অনুচ্ছেদ সংঘাত সৃষ্টি করে।তবে যে অনুচ্ছেদটি ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছে, সেটি হলো ১২৩ অনুচ্ছেদের ৩ দফা। এটি বলেছে, ‘সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে ক. মেয়াদ-অবসানের কারণে, সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে; এবং খ. মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যেঃ তবে শর্ত থাকে যে, এই দফার (ক) উপ-দফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ, উক্ত উপ-দফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত, সংসদ-সদস্যরূপে কার্যভার গ্রহণ করিবেন না।’ একটি জ্বলন্ত প্রশ্ন হলো, ১২৩(৩)-এর ‘ক’ উপদফায় বর্ণিত মেয়াদ অবসানের পূর্ববর্তী ৯০ দিন আগে না ‘খ’ উপদফায় বর্ণিত মেয়াদ অবসানের ৯০ দিন পরে সংসদ নির্বাচন হবে, সে বিষয়ে কে সিদ্ধান্ত নেবেন? কখন নেবেন? প্রধানমন্ত্রী বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যদিও বিকল্প নির্দিষ্ট করে দিয়েছেন। কিন্তু সরকারিভাবে নির্বাচন কমিশনকে তা কখন কী প্রক্রিয়ায় জানানো হবে, সে বিষয়ে কোনো আইন নেই। সংবিধান ব্যাখ্যার একটি নিয়ম হলো, অস্পষ্টতা থাকলে যেখানে নির্দিষ্টভাবে বলা থাকবে সেটা প্রাধান্য পাবে। সে হিসেবে অনাস্থার প্রশ্ন ছাড়া প্রধানমন্ত্রী কি আদৌ সংসদ ভেঙে দিতে পরামর্শ দিতে পারেন? সংবিধান এ বিষয়ে নীরব। যদি সংসদীয় রীতি মেনে নিই, তাহলে বলব, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। কিন্তু এখানে খটকা হলো, মেয়াদ পূর্তি হবে, নাকি হবে না, সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী কীভাবে নেবেন? অনাস্থা প্রস্তাবে পরাজিত না হলে ১২৩ অনুচ্ছেদের ৩ দফার ওই ‘খ’ বিকল্প অর্থাৎ সংসদ ভেঙে দিয়ে ৯০ দিন পর নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা তো প্রধানমন্ত্রীকে দেওয়া হয়নি। প্রশ্ন হলো, কোন অনুচ্ছেদটি কোনটির ওপর প্রাধান্য পাবে?সংবিধানের ৫৭(২)-এর সঙ্গে ১২৩(৩)-এর মামুলি বিরোধ আমরা দেখলাম। এবার দেখব ১২৩(৩- এর শর্তাংশের সঙ্গে ৭২(২)-এর সবচেয়ে বিপজ্জনক বিরোধ। ৭২(২) বলেছে, ‘সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হবার ত্রিশ দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হবে।’ আবার ১২৩(৩) এর শর্তাংশ দশম সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের নবম সংসদের মেয়াদ অবসান না হওয়া পর্যন্ত ‘কার্যভার গ্রহণ’ নিষিদ্ধ করেছে। এর অর্থ দাঁড়াচ্ছে, ২০১৪ সালের বাংলাদেশে আগের ৩০০ নির্বাচিত সাংসদ সক্রিয় এবং পরের ৩০০ নিষ্ক্রিয় সাংসদ অপেক্ষমাণ থাকবেন। বাংলাদেশ নতুন ৩০০ সাংসদ পাবে। কিন্তু তাঁরা সংসদে বসতে পারবেন না। বিএনপি জিতলে বলবে, ‘৩০ দিনের মধ্যে সংসদ না ডাকলে সংবিধান লঙ্ঘিত হবে।’ আওয়ামী লীগ ওই শর্তাংশ দেখিয়ে বলবে, ‘দুঃখিত, আপনাদের অপেক্ষায় থাকতে হবে।’ এখন সংসদ ডাকলে সংবিধান লঙ্ঘিত হবে। বাংলাদেশ একটি অভাবনীয় রাজনৈতিক ও সাংবিধানিক সংকটে পড়বে। নির্বাচনের তফসিল ঘোষণা থেকে ফলাফল ঘোষণায় ২০০৮ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠানে ৬০ দিন ব্যয় হয়েছে। বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি। এবারে ধরা যায়, ২০১৩ সালের ২৭ ডিসেম্বর অর্থাৎ ৬০ দিন আগেই দশম সংসদের নির্বাচন করা সম্ভব হবে। এর ফলে ২০১৩ সালের ডিসেম্বরের শেষে বাংলাদেশে একদলীয় বা সর্বদলীয় যা-ই হোক, একসঙ্গে ৬০০ সাংসদের উপস্থিতি একটি সম্ভাব্য বাস্তবতা। বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনের পরে মাত্র চার দিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চালিয়েছিলেন। সেদিনও ১২৩(৩)-এর শর্তাংশ ছিল। কিন্তু গণপরিষদ ভেঙে যাওয়ায় তা কার্যকর হতে পারেনি। কিন্তু এবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসিকে দেওয়া তাঁর বক্তব্যে অটল থাকলে তেমন পরিস্থিতির উদ্ভব হবে। শেখ হাসিনা নতুন নির্বাচন-পরবর্তী দ্বিতীয় ‘তত্ত্বাবধায়ক সরকারের’ প্রধানমন্ত্রী হবেন। কিন্তু কোটি টাকা দামের প্রশ্ন হলো, ৩০০+৩০০ সাংসদের ওই সময়ে জাতীয় প্রয়োজনে সংসদ ডাকার দরকার পড়লে কোন সংসদ বসবে? ১২৩(৩)-এর ওই আজগুবি শর্তমতে, নতুন সাংসদদের বিশ্রামে রেখে পুরোনো সংসদ ডাকা ছাড়া তো বিকল্প থাকবে না।আকবর আলি খান একটি উদ্বেগজনক অথচ যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। গত রোববার তাঁর কাছে জানতে চাই, সংসদ রেখে সংসদ নির্বাচন করার তাৎপর্য কী? তাঁর কথায়, ‘সংসদ নির্বাচনের পর ফলাফল যদি ক্ষমতাসীন দলের মনঃপূত না হয়, তাহলে তারা পুরোনো সংসদ ডেকে নির্বাচনী ফল বাতিল করে সংসদের মেয়াদ বাড়িয়ে নিতে পারে।’একে কেউ ‘ষড়যন্ত্রতত্ত্ব’ বলে নাকচ করতে চাইলে সবিনয়ে বলব, তার আগে বলুন, নতুন নির্বাচনের পরও সংসদের মেয়াদ পুরা করার শর্ত কার স্বার্থে? এমন কালাকানুন বিশ্বের কোথায় আছে? এর দরকারটা কী? ১৯৭২ সালের পরে ১৯৯১ সালে বিএনপি এটি সংবিধানে ঢুকিয়েছিল ঠিক, কিন্তু ত্রয়োদশ সংশোধনী ১২৩(৩)-এর জটিলতার একটা উত্তম সুরাহা দিয়েছিল। লেখা ছিল, ‘মেয়াদ অবসানের কারণে অথবা মেয়াদ অবসান-ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে।’ ১৫তম সংশোধনীতে এটা রাখা হলো না কেন? সিঙ্গাপুরের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অল্প কথায় বলেছে, ‘সংসদের প্রত্যেক বিলোপের তিন মাসের মধ্যে নির্বাচন হবে।’ এর আগের লেখায় বলেছি, ভারতে ১৪টি লোকসভার মধ্যে ছয়টি নির্বাচনের পর ভাঙা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ এই দৃষ্টান্ত ব্যবহার করতে পারবে না। কারণ, ভারত নতুন লোকসভা নির্বাচন করে আগেরটা খাড়া রাখতে আইন করেনি। এ পর্যন্ত ভারতের কোনো লোকসভাই পাঁচ বছর পুরো করেনি। তাতে নিশ্চয় ভারতীয় গণতন্ত্রের মহাভারত অশুদ্ধ হয়নি। কানাডায় পাঁচ বছরের মাত্র কয়েকটা দিন আগে হলেও সংসদ ভেঙে দেওয়া হয়। কোনো সংসদীয় গণতন্ত্রে এই বাতিক দেখা যায় না।আমরা স্মরণ না করে পারি না যে বাকশাল শুধু একদলীয় শাসন নয়, আরও অনেক কাণ্ড করেছিল। যেটি তেমন আলোচনায় আসে না সেটা হলো, চতুর্থ সংশোধনীর বিলে সংবিধানবহির্ভূত দুটি দফা যুক্ত করেছিল। এর ৩৩ দফা প্রথম সংসদের মেয়াদ ১৯৮০ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে নিয়েছিল। ৩৪ দফা রাষ্ট্রপতিকে অপসারণ করে প্রধানমন্ত্রী মুজিবকে ‘সংশোধিত সংবিধানের’ আওতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত করেছিল । আকবর আলি খান এ কথা মনে রেখে বলেছেন কি না জানি না। রাশেদ খান মেননও রাজনৈতিক সমস্যার কারণে সংশোধনী চাইছেন। তবে আমাদের যুক্তি মূলত আইনগত, রাজনৈতিক নয়।সংবিধানের ৫৭(২), ৭২(১), ৭২(২) এবং ১২৩(৩) অনুচ্ছেদের মধ্যে সংঘাত এড়াতে আমরা সংবিধানের উপযুক্ত সংশোধনী চাইছি। পাঠকদের কাছ থেকে আমরা এ বিষয়ে প্রতিক্রিয়া, ভুলত্রুটি ধরিয়ে দেওয়া, এমনকি সমালোচনা আশা করছি। তবে দৃঢ়তার সঙ্গে বলছি যে আমরা যা দাবি করছি, তা যদি সংবিধানের সঠিক ব্যাখ্যা হয়ে থাকে, তাহলে বর্তমান সংবিধান অবশ্যই এবং অবিলম্বে শোধরাতে হবে। (শেষ) মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]