সাংবিধানিক বিতর্ক ২রূপসী বাংলায় গত ৩০ মে অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড বিজয়ী লতিফুর রহমানকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল। সাংসদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে দেখা। বললেন, ‘মিজান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৩ দফার (ক) উপদফা নিয়ে লিখুন।’ ২৫ জুন সংসদের বাজেট আলোচনায় এ নিয়ে তিনি সরব হন। সংশোধনী চান। তাঁর যুক্তি: ‘অন্তর্বর্তী সরকার পঙ্গু হাঁস হতে পারে, কিন্তু সংসদ পঙ্গু হাঁস হতে পারে না।’ সংসদ রেখে সংসদ নির্বাচন করার ওই অভিনব উপদফাটি বাহাত্তরের সংবিধানে যুক্ত হয়েছিল। গত ১৫ বছর তা সংবিধানে ছিল না। নতুন করে এটি ২০১১ সালে ১৫তম সংশোধনীতে ফিরিয়ে আনা হয়েছে।১২৩(৩) অনুচ্ছেদে বলা আছে, ‘সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে ক. মেয়াদ-অবসানের কারণে, সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে; এবং খ. মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে: তবে শর্ত থাকে যে, এই দফার (ক) উপদফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ, উক্ত উপদফায় উল্লেখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত, সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করিবেন না।’ওই দফার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সংসদ বহাল রেখে আরেকটি সংসদ গঠন করতে চাইছেন। মেনন সেদিন সরকারদলীয় এমন একজন সাংসদের কথা উল্লেখ করলেন, ১৫তম সংশোধনীতে যাঁর ভূমিকা ধাত্রীর সঙ্গে তুল্য, তাঁর সঙ্গেও তিনি এ নিয়ে কথা বলেছেন। কিন্তু ওই সাংসদ বিধানটি সংশোধনে রাজি নন। একজন সংবিধানপ্রণেতার কাছেও মেনন এ বিষয়ে জানতে চেয়েছিলেন। তিনি সদুত্তর পাননি। তাই বলে বাহাত্তরের সংবিধানপ্রণেতাদের দোষারোপ করা চলবে না। এর দায় ক্ষমতাসীন দলকে নিতে হবে। কারণ, দলীয় সরকারের অধীনেই শুধু নির্বাচন নিশ্চিত করা নয়, আরও দুষ্ট পরিকল্পনা মনে রেখে এই সরকার ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে দিয়ে ১২৩ অনুচ্ছেদে ৩ দফায় (ক) উপদফাটি যুক্ত করেছে।সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন ১০ আগস্ট নাগরিক কমিটির ইফতার পার্টিতে বলেন, ‘এর ফলে একদল লোক নির্বাচনে এমপি থেকে নিজেই পুনরায় এমপি কিংবা অন্যের জন্য এমপির প্রভাব খাটানোর সুযোগ পাবেন। সুতরাং লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না।’ সংবিধানে এই সংশোধনী এমন এক সময়ে আনা হয়েছে, যখন আওয়ামী লীগাররা সংসদে তিন-চতুর্থাংশ, তাঁদের অর্ধেকও যদি পুনরায় প্রার্থী হন, তাহলে নির্বাচনে তাঁরা প্রভাব ফেলতে পারেন বলে অনেকেই অভিযোগ তুলবেন।সংবিধান সংশোধন করে বিএনপি দূর অতীতে একজন বিচারপতি আবদুস সাত্তার এবং সাম্প্রতিক কালে বিচারপতি কে এম হাসানকে সাংবিধানিক পদে যোগ্য করেছিল। আর এবার আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে দলীয় দুই শতাধিক লোককে ক্ষমতাসীন অবস্থায় নির্বাচন করার যোগ্য বলে ঘোষণা দিল।প্রধানমন্ত্রীর সামনে সংসদ আপনাআপনি ভেঙে যাওয়ার ৯০ দিন পরে সাধারণ নির্বাচন করার বিকল্প পথ খোলা আছে। প্রশ্ন ওঠা স্বাভাবিক যে প্রধানমন্ত্রী কেন স্বেচ্ছায় টানা তিনটি মাস ক্ষমতায় থাকার সুযোগ স্বেচ্ছায় ছেড়ে দিতে চান। তা কি ‘মহান ত্যাগের’ দৃষ্টান্ত স্থাপনের জন্যই? গণতন্ত্র মানলে তো সংসদ নেতা বলতে পারতেন যে বিরোধী দল চাইলে তিনি সংসদের মেয়াদপূর্তি পর্যন্ত অপেক্ষা করবেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদে সংসদ থাকবে না। অবশ্য প্রবীণ সাংবাদিক এবিএম মূসার সঙ্গে আমরা একমত যে সংসদ থাকা না-থাকা বড় কথা নয়। গতকাল প্রথম কিস্তি পড়ে তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের হুমকি দলীয় সরকার, সংসদ নয়।’রাশেদ খান মেনন সংসদে কথাটি তোলায় ধন্যবাদ তাঁর প্রাপ্য। তবে এতে একটা ধূম্রজালও সৃষ্টি হয়েছে। অনেকে বলতে পারছেন যে এতে সরকারের ইঙ্গিত আছে। কেউ বলছেন, তাঁর যে নিজস্বতা বলতে কিছু আছে, সেটা তিনি বাঁচাতে পারবেন। তাঁর লাভ দুই দিকেই। তবে এ জন্য তাঁকে দুটো কথা বাতাসে ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না, তাঁকে সংসদে বিল জমা দিতে হবে। তাহলে তিনি তাঁর ভাবনার আন্তরিকতার পরীক্ষায় আরও একটি ধাপ উতরাবেন।মেনন বলেছিলেন, বিশ্বের অন্যান্য দেশে এ বিষয়টি কীভাবে কী আছে, সেটাও যেন আমার লেখায় থাকে। এই লেখায় সেই চেষ্টা থাকবে।এর সঙ্গে সংবিধানের ৭২ অনুচ্ছেদ মিলিয়ে পড়তে হবে। প্রধানমন্ত্রী বিবিসিকে এই বিধানটি প্রসঙ্গেই বলেন, ‘কনস্টিটিউশনে আরেকটি অ্যামেন্ডমেন্ট আছে, যেটা কেউ মাথায় রাখেন না, আমাদের পার্লামেন্ট প্রতি ৬০ দিন অন্তর বসতে হয়, এটা সংবিধানে দেওয়া আছে কিন্তু নির্বাচনের ওই ৯০ দিন পার্লামেন্ট বসবে না। ওই ৬০ দিনের নিয়ম এখানে প্রযোজ্য নয়। অর্থাৎ পার্লামেন্ট নেই যে আর বসবে।’ শেখ হাসিনা বর্ণিত ওই মাথায় না রাখার বিধানটি হলো ৭২ অনুচ্ছেদের একটি নতুন শর্তাংশ। ১৯৭২ সালে এটি ছিল না। প্রধানমন্ত্রী এই বিধানটি ‘কারও মাথায় না রাখার’ কথা বলেছেন, সত্যি আমাদের মাথায় এটি ছিল না। আমরা ভাবতে পারিনি যে নির্বাচনকালে আওয়ামী লীগ শুধু অন্তর্বর্তী সরকারই নয়, তারা একটি অন্তর্বর্তী সংসদের কথাও ভেবেছে। তবে প্রধানমন্ত্রী যেমন করে সংসদের অস্তিত্ব না থাকার কথা বলেছেন, তা কিন্তু সেভাবে সত্য নয়। কারণ, ৭২ অনুচ্ছেদে নতুন শর্তাংশ যুক্ত করার ফল দাঁড়িয়েছে এই যে সংসদের মেয়াদ অবসানের পূর্ববর্তী ৯০ দিনে রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রীর পরামর্শে বৈঠক ডাকেন বা না ডাকেন, তাতে সংবিধান লঙ্ঘন হবে না। সাধারণভাবে সংসদের শেষ অধিবেশন ও পরবর্তী বৈঠকের মধ্যে ৬০ দিনের অতিরিক্ত বিরতি ঘটলে সংবিধানের লঙ্ঘন ঘটবে। সুতরাং প্রধানমন্ত্রীর বক্তব্য হলো বিশ্বাস করা না-করার বিষয়। সংবিধানে নতুন সংশোধনীর কারণে এমন অবস্থা সৃষ্টি হয়নি যে সংসদের বৈঠক ডাকতে তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারবেন না। এই ক্ষমতাটা আগের মতোই তাঁর হাতে থেকে গেছে। তাই বিরোধী দল অস্বস্তিতে ভুগতে পারে। উপরন্তু মেনন সংসদে বলেছেন, ‘সংসদের বৈঠক না-ই ডাকা হতে পারে, কিন্তু সাংসদদের বিশেষ অধিকার তো খর্ব হবে না। নির্বাচন কমিশন কোনো আইন দিয়ে তা অকার্যকর করতে পারবে না।’ এর উত্তর পরে দেব।সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেনের কাছে এ বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি দক্ষিণ আফ্রিকার সংবিধান দেখে বলেছেন, সেখানে সংসদ ভেঙে দিয়ে তবেই নির্বাচন হয়। ১৯৭২ সালের সংবিধানে কেন সংসদ রেখে সংসদ করার বিধান যুক্ত করা হয়েছিল, তার তাৎক্ষণিক ব্যাখ্যা অবশ্য তিনি দেননি। তবে ব্যারিস্টার আমীর-উল ইসলাম ৯ আগস্ট তাঁর বাসভবনে আলোচনাকালে উল্লেখ করেন, ‘এই অনুচ্ছেদটির মুখ্য প্রস্তাবক ও রূপকার তিনিই ছিলেন। এটি তখন সম্পূর্ণ সুচিন্তিতভাবে সংবিধানে যুক্ত করা হয়েছিল।’ আমি তাঁকে বলি, ‘স্যার, আমি তো টিভি টক শোতে বলেছি এটি বাহাত্তরের সংবিধানের অন্যতম দুর্ঘটনা। এটা একটা ভুল ছিল।’ তিনি বলেছেন, না ভুল করে নয়। অবশ্য আজকের প্রেক্ষাপটে আমি মত পাল্টাচ্ছি। সংসদ না রেখে সংসদ নির্বাচন করার যুক্তির প্রতি আমি ক্রমশ ঝুঁকে পড়ছি।’ব্যারিস্টার আমীর-উল ইসলাম এই বিধান যুক্ত করার কারণ উল্লেখ করে বলেন, ১৯৫৪ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ গণপরিষদ ভেঙে দিয়ে যে সাংবিধানিক দুর্ঘটনার সূচনা করেছিলেন, তা আমাদের কাছে একটা দুঃস্বপ্ন ছিল। পাকিস্তানি ২৩ বছরে জাতীয় সংসদ কখনো তার মেয়াদ পুরা করতে পারেনি। এই মনস্তত্ত্ব থেকেই আমরা, বিশেষ করে আমি, সংসদ যাতে কখনোই বিলুপ্ত না হয়—এই বিধান যুক্ত করতে সক্রিয় হয়েছিলাম। এর পেছনে রাজনৈতিক ভাবাবেগ ছিল। সংবিধান প্রণয়ন কমিটিতে এ নিয়ে ভিন্নমত ছিল। কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, সংসদ রেখে আরেকটি সংসদ নির্বাচন তো প্রতিষ্ঠিত সংসদীয় রেওয়াজ নয়। এ কথা স্বীকার করে আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, ‘আমি সংবিধান প্রণয়ন কমিটিতে বলেছিলাম, অলিম্পিকের মশাল কখনো নিভে যায় না। সংসদেরও কখনো মৃত্যু ঘটবে না।’ তাঁর কথায়, ‘আমরা তো সেদিন ভাবতেও পারিনি একজন সংসদ সদস্য সমাজে বা তাঁর নিজ এলাকায় এতটা বিপুল প্রভাব-প্রতিপত্তি খাটাবেন।’ তিনি আমাকে পরামর্শ দেন যে ব্রিটেন ২০১০ সালে ফিক্সড টার্ম পার্লামেন্ট অ্যাক্ট বা স্থায়ী মেয়াদের সংসদ নামে একটি নতুন আইন করেছে। এটি খতিয়ে দেখা দরকার।আমি যুক্তি দেখাই যে সংসদের কোনো প্রতিনিধি কী করে তাঁর আসন শূন্য না করে জনগণের কাছে পুনরায় ভোট চাইবেন? আইনজীবী আমীরের ত্বরিত উত্তর হলো, ‘যিনি ভোট চাইবেন, তিনি তো নবম সংসদের জন্য নন, দশম সংসদের জন্য ভোট চাইবেন। সুতরাং, নির্বাচনকালে সংসদ না থাকার যুক্তি অন্যান্য বাস্তব কারণে জোরালো, এ কারণে নয়।’আওয়ামী লীগ সভানেত্রীর আশীর্বাদবঞ্চিত একজন জনপ্রিয় নেতা ও সাংসদ, যিনি সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিতে ছিলেন, তিনিও বললেন যে বর্তমান বাস্তবতায় সংসদ রেখে সংসদ নির্বাচন হতেই পারে না।আইনজীবী আমীর জানতে চাইলেন, ব্রিটেন কেন সংসদ নির্বাচনের জন্য নতুন আইন করল? বললাম, আপনি একটি চমৎকার প্রসঙ্গ তুলেছেন। সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করাই ওই আইনের লক্ষ্য। অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই ব্রিটেনের মাটিতে বসেই প্রধানমন্ত্রীর ক্ষমতার রোশনাই আরও বাড়ানোসংক্রান্ত যুক্তির অবতারণা করেছেন।গত শতাব্দী ধরে ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণে প্রধানমন্ত্রীরা তাঁদের একচ্ছত্র ক্ষমতা ভোগ করছিলেন। কিন্তু গত দুই দশকে তাঁরা বেপরোয়া হয়ে পড়েছিলেন। তাই প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করাই ২০১০ সালের ওই ওয়েস্টমিনস্টার আইনটির মূল লক্ষ্য। সাবেক সাংসদ জহিরউদ্দিন স্বপনের ফোন পেলাম। তাঁর প্রশ্ন, আপনি লিখেছেন যে লোকসভা রেখে লোকসভা করার বিধান ভারতের সংবিধানে নেই, আইনে আছে। সেটা কী করে সম্ভব? এ প্রশ্নের উত্তর পরবর্তী পর্বে।আগামীকাল: ব্রিটিশ ও ভারতীয় অভিজ্ঞতা আমাদের কী শেখাচ্ছে? মিজানুর রহমান খান: সাংবাদিক। [email protected]