সংসদ রেখে সংসদ নির্বাচন বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন অনেক বিষয় নিয়ে বিতর্ক ও আলোচনা চলছে। এখন আলোচনার মুখ্য বিষয় আগামী সংসদ নির্বাচন। নির্বাচন আদৌ হবে তো? হলে কোন সরকারের অধীন হবে? কেমন হবে সে নির্বাচন? এসব প্রশ্নের মূলে রয়েছে আস্থার সংকট। সাধারণ মানুষ আগামী নির্বাচন নিয়ে অনাস্থায় ভুগছে। এর মুখ্য কারণ, সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাদ দিয়ে ১২৩ অনুচ্ছেদ নতুনভাবে সংযোজন। বিশেষ করে, ১২৩(৩) (ক)তে নির্বাচনের সময় দলীয় সরকারের বহাল থাকা নিয়ে বিবাদের কারণে বিরোধী দল এই অনুচ্ছেদের ওপর তাদের দৃষ্টিভঙ্গি এখনো খোলাসা করেনি। তাদের সামগ্রিক আন্দোলন নির্বাচনের সময় একটি নির্দলীয় সরকারের দাবিকে কেন্দ্র করে। তবে সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, বিরোধী দল বা জোট অচিরেই তাদের মতো করে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের রূপরেখা জনসমক্ষে তুলে ধরবে।এসব বিষয়ে নানাভাবে নানাজনের মতামত সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। অনেকে বিষয়টির আইনানুগ দিক নিয়েও বিচার করছেন। মোটামুটিভাবে বলা যায়, সিংহভাগ সচেতন নাগরিক মনে করেন, বর্তমান পরিপ্রেক্ষিতে সংসদ বহাল থাকা অবস্থায় নিরপেক্ষ নির্বাচনের আশা করা যায় না। কয়েক দিন আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহম্মেদ গাজীপুর-৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করতে গিয়ে প্রথমবারের মতো মতামত দিয়েছিলেন। তাঁর অনেক কথার মধ্যে তিনি বলেছিলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে যেভাবে সংবিধান সংশোধনের প্রয়োজন, তা রাজনৈতিক দল করবে। যদিও তাঁর এ বক্তব্য প্রদানের কয়েক দিন আগেই একজন কমিশনার বলেছিলেন, পঞ্চদশ সংশোধনী জাতি মেনে নিয়েছে। তার পরও প্রধান নির্বাচন কমিশনারের এই উপলব্ধিতে মনে হয়েছে যে তাঁরা বুঝতে পেরেছেন, বাস্তবিক পক্ষে তাঁদের যদি ওই পরিস্থিতিতে নির্বাচন করতে হয় তাহলে কত ধরনের জটিল পরিস্থিতিতে পড়তে হবে।আমি নিজে বাস্তবতার প্রেক্ষাপটে এবং পূর্ব অভিজ্ঞতার আলোকে ১০ আগস্ট নাগরিক কমিটির ইফতার পার্টিতে কিছু সমস্যার উল্লেখ করেছি, যা সাংবাদিক মিজানুর রহমান খান ১৫ আগস্ট তারিখের প্রথম আলো-এর ‘সংসদ রেখে নির্বাচন করার ভ্রান্তি’ নামক প্রবন্ধে উল্লেখ করেছেন। আমি ওই দিন যা বলেছিলাম তার সারমর্ম ছিল, নির্বাচনে সমতল ক্ষেত্র তৈরি বা সব প্রার্থীর জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) সৃষ্টি নিয়ে আমার শঙ্কা। অতি সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে আমি মনে করি না সাংসদেরা পদে বহাল থেকে নির্বাচন করলে নির্বাচন কমিশন সবার জন্য সমতল ক্ষেত্র তৈরি করতে পারবে। এমনকি, বিএনপি যদি মন্ত্রিসভায় যোগ দিয়ে ১২৩(৩) (ক) বহাল রেখে নির্বাচনে রাজি হয়ও, তাতেও কি সমতল ক্ষেত্র তৈরি হবে? নির্বাচনে অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থীদের অবস্থা কী দাঁড়াবে? তাঁরা কি পারবেন ওই নির্বাচনে সাংসদদের প্রভাবের বেড়াজাল ছিঁড়ে সমানতালে নির্বাচন করতে? একই রকম অবস্থা হবে এই দুই দলের ওই সব প্রার্থীর ক্ষেত্রে, যাঁরা সাংসদ নন। এসব প্রশ্নের উত্তর খুব সহজ নয়। বিশেষ করে, আমাদের মতো সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিবেশে।রাশেদ খান মেননের গত ২৫ জুনের সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যটির পুনরাবৃত্তি করে (পূর্বতন নির্বাচন কমিশনের) অভিজ্ঞতার উদাহরণ টানা যায়। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার পঙ্গু হাঁস হতে পারে, কিন্তু সংসদ পঙ্গু হাঁস হতে পারে না’ (প্রথম আলো, আগস্ট ২৫, ২০১২)। তিনি আরও বলেন, সংসদ অধিবেশনে না থাকলেও সদস্যদের অধিকার খর্ব হবে না। মেনন নিজে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ ও সাংসদ। তিনি নিজেই জানেন, বর্তমানে সাংসদেরা বিশেষ করে, সরকারি দলের সাংসদেরা কী ধরনের অলিখিত ক্ষমতার অধিকারী, প্রশাসনকে প্রভাবিত করার কতখানি ক্ষমতা রাখেন। ২০০৯ সালের ২২ জানুয়ারি উপজেলা নির্বাচনে বহু জায়গায় সাংসদ এমনকি সদ্য নিয়োজিত দু-একজন মন্ত্রীর সরাসরি প্রভাব বিস্তারের ঘটনার অভিজ্ঞতা আমাদের হয়েছিল। একজন সদ্য নিয়োজিত মন্ত্রীর সমর্থকদের হাতে নির্বাচন কর্মকর্তাসহ অনেকের লাঞ্ছিত হওয়ার অভিযোগে মামলাও হয়েছিল। ওই ঘটনার সময় তিনি ওই উপজেলা সদরে উপস্থিত ছিলেন। তাঁরই সহধর্মিণী প্রার্থী হয়েছিলেন। শুধু কর্মকর্তারা লাঞ্ছিতই হননি, সরকারি অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভাঙচুর হয় যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থা ইউএসএআইডির পর্যবেক্ষক দলের হলুদ নম্বর প্লেট লাগানো গাড়িও। সে কারণে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত অত্যন্ত কড়া ভাষায় প্রধান নির্বাচন কমিশনার বরাবর দাপ্তরিক পত্র পাঠিয়েছিলেন। আমাদের ওই উপজেলার সম্পূর্ণ নির্বাচন স্থগিত করতে হয়েছিল। মামলা করা হয়েছিল ওই মন্ত্রীকে অভিযুক্ত করে। কিন্তু সব সাক্ষীই সরকারি কর্মকর্তা হওয়ায় এবং বিব্রত বোধ করায় নির্বাচন কমিশনের মামলা খারিজ হয়ে যায়। তা ছাড়া বেশ কয়েকজন সাংসদের হস্তক্ষেপের কারণে অনেকগুলো উপজেলা এবং অনেক কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করতে হয়। আমাদের অভিযোগের গুরুত্ব অনুধাবন করে ফলাফল স্থগিত রেখে বিচার বিভাগীয় তদন্তও করতে হয়েছে। ওই সময় সংসদ অধিবেশন ছিল না। কাজেই সংসদ অধিবেশন না থাকলে সাংসদেরা নিবৃত্ত থাকবেন, এমন হয়নি। ওই ধরনের অনেক ঘটনা ও পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছিল পৌরসভা ও ইউনিয়ন কাউন্সিল নির্বাচনেও। দক্ষিণাঞ্চলের বেশ কিছু ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনের তফসিল ঘোষণার পর দু-একজন সাংসদ নির্বাচন কমিশনের নিষেধ অমান্য করার কারণে নির্বাচন কয়েক মাস স্থগিত রাখতে হয়েছিল। একজন সাংসদকে প্রধান নির্বাচন কমিশনার ব্যক্তিগতভাবে কড়া ভাষায় চিঠি দিয়ে নিবৃত্ত করেছিলেন। কক্সবাজারের টেকনাফেও স্থানীয় সাংসদের আচরণ ছিল নেতিবাচক। স্থানীয় পর্যায়ের এসব নির্বাচনেই এ ধরনের অনভিপ্রেত অবস্থা সামাল দিতে কমিশনারদের মধ্যরাত পর্যন্ত পর্যবেক্ষণ করতে হয়েছিল। নির্বাচনগুলোকে মানসম্পন্ন করতে কী শ্রম দিতে হয়েছে, তা আমরাই জানি। জাতীয় সংসদ নির্বাচন হবে পরবর্তী সরকার গঠনের নির্বাচন। পরবর্তী সংসদে ফিরে আসা না-আসার নির্বাচন। কাজেই এ বিষয়ে কত ধরনের সমস্যা হবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।জাতীয় সংসদ নির্বাচন শুধু দুই বা ততোধিক দলের একান্ত বিষয় নয়, সমগ্র জাতির বিষয়। এই নির্বাচনের সবচেয়ে বড় অংশীদার প্রায় সাড়ে আট কোটি ভোটার। নির্বাচনে ভোটাররা নিরাপদভাবে অংশগ্রহণ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সব দলের মিলিয়ে ৩৫০ জন (সংরক্ষিত মহিলা আসনের সদস্যসহ) সাংসদকে বহাল রেখে নির্বাচন করলে নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে, তা সহজেই অনুমেয়। নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রায় ৭০০ নির্বাচনী কর্মকর্তা ও সদস্যের প্রয়োজন হয়। তাঁদের সবাই সরকারি কর্মকর্তা, সরকারি বা সরকারের সাহায্যপুষ্ট স্কুল-কলেজের শিক্ষক। স্থানীয় সাংসদেরা ওই সব স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি। তাঁদের প্রভাববলয়ের মধ্যেই ঘটে সরকারি কর্মকর্তাসহ ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়োগ ও বদলি। তাঁদের প্রভাব ছিন্ন করা অত্যন্ত কঠিন, এটা আমি বলছি বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। এমনকি, স্থানীয় সরকারের কয়েকটি নির্বাচনে আমাদের নিজস্ব কর্মকর্তাদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিতে হয়েছিল। এ ধরনের ব্যবস্থা জাতীয় সংসদ নির্বাচনে সম্ভব নয়। বিষয়টি অনেকেই উপেক্ষা করেন। এসব নিয়োগ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নির্ভর করে মাঠপর্যায়ের ওই সব অস্থায়ী নির্বাচন কর্মকর্তার ব্যক্তিগত সৎসাহস ও নিরপেক্ষ থাকার সংকল্পের ওপর। তা আমাদের বর্তমান পরিস্থিতিতে কতখানি সম্ভব, তা বলার অপেক্ষা রাখে না।অনেকে আমাদের পাশের দেশের দৃষ্টান্ত দেন। কিন্তু তাঁরা খেয়াল রাখেন না যে ভারতের রাজনৈতিক সংস্কৃতির ধারেকাছেও আমরা নেই। সেখানে সার্বিকভাবে ক্ষমতাসীনদের প্রভাব সৃষ্টির নজির কম। দুর্বৃত্তায়ন ভিন্ন ব্যাপার। আমি ওই দেশের ১৫ শ লোকসভার নির্বাচনের সময়ের একটি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমার এই লেখার সমাপ্তি টানব।সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন ও আমি ২০০৯ সালের ৪-৯ মে ভারতের ১৫ শ নির্বাচন পর্যবেক্ষণে রাজস্থানে ছিলাম। উত্তর প্রদেশেও ওই সময় নির্বাচন চলছিল। একটি কেন্দ্রে ভারতের কয়েকবারের কেন্দ্রীয় মন্ত্রী, উত্তর প্রদেশের তিন দফার সাবেক মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব ভোট দিতে হাজির হয়েছিলেন। তিনি তাঁর দেহরক্ষী নিয়ে কেন্দ্রের চৌহদ্দিতে প্রবেশ করলে উপস্থিত নির্বাচন কর্মকর্তা আইন উদ্ধৃত করে তাঁকে বাধা দেন। মুলায়ম সিং যাদব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলেছিলেন, ‘তুমি জানো আমি কে? তিনবারের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী মুলায়ম সিং যাদব। এসব আইন আমরা বানাই।’ তাঁর হুংকার শুনে ওই কর্মকর্তা বিনীত অথচ দৃঢ়কণ্ঠে বলেছিলেন, ‘স্যার, সমগ্র ভারতবাসী আপনাকে চেনে, আমিও চিনি। আপনি আইন বানাতে পারেন, কিন্তু এখন ওই আইন আমি প্রয়োগ করছি। আপনি আইন ভাঙতে পারবেন না।’ মুলায়ম সিং যাদব ওই কর্মকর্তার উত্তর শুনে সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে যান। তাঁর রুক্ষতার জন্য দুঃখ প্রকাশ করে একাই বুথে গিয়ে ভোট দিয়ে স্থান ত্যাগ করেন। সংসদ ও সাংসদ পদ বহাল রেখে আমাদের নির্বাচন কমিশন অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে পারে। কিন্তু সে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এমন নিশ্চয়তা দিতে পারবে না। আমি মনে করি, আমাদের বর্তমান সংঘাতময় রাজনৈতিক পরিবেশে এমন নির্বাচন সম্ভব নয়।ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.): সাবেক নির্বাচন কমিশনার।[email protected]