সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান নির্বাচন কমিশন পূর্বসূরির ধারাবাহিকতায় বিভিন্ন সুশীল সমাজের সংগঠন, ব্যক্তি এবং রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে। এ ক্ষেত্রে যোগ হয়েছিল এনজিওগুলোও। এদের বেশির ভাগই নির্বাচন পর্যবেক্ষক সংগঠন। ছিলেন গণমাধ্যমের সিনিয়র ব্যক্তিও। এই সংলাপে ৩৮টি নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানালেও প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা দল এবং মহাজোটের শরিক জাসদও নির্বাচন কমিশনের সংলাপে যোগদান করেনি। এটাই ছিল বর্তমান নির্বাচন কমিশনের উদ্যোগে প্রথম সংলাপ। দেশের অন্যতম বৃহৎ ও বিরোধী দল বিএনপিসহ এতগুলো দলের সংলাপ বর্জনের মধ্য দিয়ে, নির্বাচন কমিশনের যা উদ্দেশ্যই থাকুক না কেন, তা যে সফল হয়নি সে বিষয় বিস্তারিত বলার প্রয়োজন পড়ে না। সংলাপ বর্জনের যে কারণ বিরোধী দল উল্লেখ করেছে, তাতে নির্বাচন কমিশনের প্রতি তাদের অনাস্থা এবং সংলাপের বিষয়াদির সঙ্গে চলমান আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে অসামঞ্জস্যের কথাই বলা হয়েছে। কাজেই এই সংলাপে প্রাপ্তি নিয়ে প্রশ্ন থেকেই যায়। তা ছাড়া সার্বিকভাবে এ সংলাপের উদ্দেশ্যও জনগণের কাছে পরিষ্কার ছিল না। পরিষ্কার ছিল না সংলাপে অংশগ্রহণকারীদের মধ্যেও।প্রাপ্ত তথ্য-উপাত্তে প্রতীয়মান যে এ সংলাপের উদ্দেশ্য নির্বাচন কমিশনও স্থির করতে পারেনি। যে দুটি বিষয় আলোচনার সূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তার ওপর নির্বাচন কমিশনের কোনো সুচিন্তিত মতামত বা সুপারিশও ছিল না। তদুপরি, ভোটার তালিকা হালনাগাদকরণ এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ—এই দুটি বিষয়ই নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব এবং অবশ্যই করণীয়। সংবিধানের অনুচ্ছেদ ১১৯(১)-এর আলোকে দুটি বিষয়ের ওপরই আলাদা আইন প্রণীত রয়েছে। কাজেই শুধু আইন পরিবর্তনের সুপারিশ ছাড়া, যা আলোচিত হয়নি, অন্য কোনো কারণে এ দুটি বিষয়ের কার্যক্রম নিয়ে সুশীল সমাজ বা এনজিও এমনকি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কোনো সুযোগ ছিল বলে আমি মনে করি না। বিশেষ করে, সীমানা পুনর্নির্ধারণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার বিষয়কে আরও জটিল করে তুলেছে বলে বিশ্বাস। তেমনটাই এখন মনে হচ্ছে। একপর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন যে কমিশন কর্তৃক আইন অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণ করা হবে। সে ক্ষেত্রে বিভিন্ন দলের মতামতকে কীভাবে সমন্বয় করবেন। আদৌ করতে পারবেন কি না। সেখানেও প্রশ্ন থেকে যায়। এমনকি এ বিষয়ে আলোচনাকালে অংশগ্রহণকারীরাও সুনির্দিষ্ট সুপারিশ এবং এজেন্ডার অভাবে কমিশনের উদ্দেশ্য নিয়ে পরিষ্কার ধারণা নিতে পারেননি। যাই হোক, যে দুটি বিষয় নিয়ে নির্বাচন কমিশন আলোচনায় বসেছিল, তার মধ্যে অন্যতম বিষয় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। অপরটি সম্বন্ধে সংক্ষেপে বলতে গেলে বলতে হয় ভোটার তালিকা হালনাগাদকরণ, পদ্ধতি এবং পরিচালনা আইন দ্বারা সিদ্ধ, একান্তই নির্বাচন কমিশনের একক দায়িত্ব। ভোটার তালিকা প্রণয়নে রাজনৈতিক দল বা ব্যক্তির সম্পৃক্ততা মোটেই লক্ষ্য নয়। বিভিন্ন তথ্যে প্রকাশ, বেশ কিছু জায়গায় রাজনৈতিক প্রভাবের চেষ্টা হয়েছে। এমনকি উদ্বোধনী অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে কিছু কিছু জায়গায় রাজনীতিবিদের, বিশেষ করে ওই এলাকার সংসদ সদস্যদের, কমিশনারদের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে। এতে জনমনে সন্দেহ হতেই পারে। যার বহিঃপ্রকাশ হয়েছে সংলাপকালীন কয়েকটি দলের মন্তব্যে। অতীতে বহু অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ফলে ভোটার তালিকায় অতিরিক্ত সংখ্যা পাওয়া গিয়েছিল। উল্লেখ্য যে ভোটার তালিকা একবার প্রশ্নবিদ্ধ হলে তা জটিল পরিস্থিতির উদ্ভব করতে পারে। তদুপরি হালনাগাদের কাজ, নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রায় শেষের পথে। কাজেই এ বিষয়ে আলোচনায় রাজনৈতিক দলের মতামতের কি তাৎপর্য থাকতে পারে, তা বোধগম্য নয়। এ আলোচনা থেকে কমিশনের প্রাপ্তি পরিষ্কার নয়।আমি দ্বিতীয় এবং অত্যন্ত সংবেদনশীল বিষয় সীমানা পুনর্নির্ধারণের ওপর যৎসামান্য আলোচনা করতে চাই। যেমনটা আগেই বলেছি, এ ক্ষেত্রে আলোচনার একটি জায়গা ছিল, যা ছিল বিদ্যমান আইন The Delimitation of constituencies Ordinance 1976 (Ordinance No XV of 1976 amended in 1986) এর যদি কোনো পরিবর্তনের সুপারিশ থেকে থাকত। তথ্যমতে, এমন কোনো সুপারিশও ছিল না। এমনকি এ টি এম শামসুল হুদা কমিশন কর্তৃক সুপারিশকৃত এই আইনের অধিকতর সুপারিশ নিয়েও আরও আলোচনা হতে পারত। তা-ও হয়নি। ওই খসড়ায় সুপারিশ করা হয়েছিল ২০০৮ সালে প্রায় ২৪ বছর পর নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করতে গিয়ে বড় শহরগুলো বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের ক্রমবর্ধমান জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বণ্টন করতে গিয়ে প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে যে বৈষম্য প্রতীয়মান হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে ওই সুপারিশ তৈরি করা হয়েছিল। ওই খসড়ায় ক্রমবর্ধমান বৈষম্য কমাতে উল্লিখিত দুটি শহরে সংসদীয় আসন সীমিত রাখার সুপারিশ করা হয়েছিল। ওই সুপারিশ আইন মন্ত্রণালয় বর্তমান কমিশনের মতামতের জন্য প্রায় ছয় মাস আগে ফেরত পাঠালেও তার ওপর এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আর সে কারণেই বিদ্যমান আইন প্রয়োগে কমিশন ইতস্তত করছে বলে ধারণা করা হয়। উল্লেখ্য যে ওই সুপারিশ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত করা হয়েছিল।সীমানা পুনর্নির্ধারণের বিদ্যমান আইনের ৮(১)(এ) এবং (বি) দুই উপধারায় কখন পুনর্নির্ধারণ করতে হবে, তা সুস্পষ্টভাবে নির্ধারিত রয়েছে। ৮(১)(এ) উপধারা মোতাবেক প্রতিটি আদমশুমারির পর পরবর্তী নির্বাচনের আগে এ কাজটি অবশ্যই সম্পন্ন করতে হবে। যে কারণে ২০০৮ সালে সম্পন্ন করতে হয়েছিল ২০০১ সালের আদমশুমারির প্রতিবেদন ২০০৭ সালের শেষের দিকে প্রকাশিত হওয়ার পর। উল্লেখ্য যে ২০১১ সালের আদমশুমারির প্রতিবেদন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সে ক্ষেত্রে পরবর্তী নির্বাচনের, দশম জাতীয় সংসদ, আগেই ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যমান আইনের উদ্ধৃত উপধারা অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণ আইনানুগভাবে নির্বাচন কমিশনকে সম্পন্ন করতে হবে। এখানে অন্য কোনো ব্যক্তির অথবা রাজনৈতিক দলের মতামত গ্রহণের অবকাশ নেই। সীমানা পুনর্নির্ধারণের গুরুত্ব অনুধাবন করা যায় উদ্ধৃত ধারার ৮(১)(বি) অবলোকন করলে। শুধু আদমশুমারির পরবর্তী সংসদ নির্বাচনের আগেই নয়, উল্লিখিত উপধারায় আদমশুমারি সম্পন্ন হওয়ার মধ্যবর্তী সময়ের নির্বাচনের প্রাক্কালেও সংসদীয় আসনের পুনর্বিন্যাসের কথা উল্লেখ করে বলা হয়েছে যে যদি কোনো কারণে উল্লিখিত উপধারা অনুযায়ী আসন পুনর্বিন্যাস না করা সম্ভব হয়, সে ক্ষেত্রে নির্বাচন কমিশনকে ওই কারণ নথিভুক্ত করতে হবে। কাজেই সীমানা পুনর্নির্ধারণ না করার কোনো অবকাশ নির্বাচন কমিশনের নেই।এখানে আরও উল্লেখ্য যে সীমানা পুনর্নির্ধারণের কাজটি রাজনৈতিকভাবে যে স্পর্শকাতর, তার পরিপ্রেক্ষিতেই সংবিধানের অনুচ্ছেদ ১২৫(ক)-তে এ বিষয়ে যেকোনো আইন আদালতে চ্যালেঞ্জ করা থেকে বারিত করা হয়েছে। অনুরূপভাবে সীমানা পুনর্নির্ধারণের উল্লিখিত বিদ্যমান আইনের ধারা ৭ (সাত) এ সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের কোনো কর্মকাণ্ডকে আদালতে চ্যালেঞ্জের অযোগ্য করা হয়েছে। উল্লেখ্য যে এ ধরনের সংরক্ষণ শুধু জাতীয় সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্যই রাখা হয়েছে। স্থানীয় সরকারের সীমানা নির্ধারণের আইনে কোনো সংরক্ষণ নেই, যে কারণে মামলা হয়ে থাকে। কাজেই কয়েকটি রাজনৈতিক দল বা রাজনীতিবিদদের বিপরীত বক্তব্য সংবিধানের অনুচ্ছেদ ১২৫(ক) এবং Delimitation Ordinance-1976 ধারা ৭-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং উল্টো মত রয়েছে। আদমশুমারির পর পরবর্তী নির্বাচনের আগে সীমানা পুনর্নির্ধারণের সাংবিধানিক এবং আইনি বাধ্যবাধকতায় ব্যত্যয় ঘটলেই আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে উদাহরণ হতে পারে ঢাকা সিটি করপোরেশন (উত্তর, দক্ষিণ) নির্বাচন—যা সীমানা নির্ধারণের অজুহাতে এখনো স্থগিত রয়েছে।সীমানা পুনর্নির্ধারণ বিষয়টি গণতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নির্বাচন কমিশন কর্তৃক ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সব প্রার্থীর জন্য সমতলক্ষেত্র তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। অন্যান্য দেশে এ বিষয়টি নিয়ে এত বিতর্ক বা আলোচনা হয় না। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে সংসদীয় আইনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণকল্পে প্রতি আদমশুমারির আগেই আলাদা কমিশন গঠন করা হয়। ওই কমিশন নির্বাচন কমিশনের সহযোগিতায় এ কাজটি সম্পন্ন করে। আমাদের দেশে এ কাজটির দায়িত্ব নির্বাচন কমিশনের আওতায় দেওয়া হয়েছে। এখানেও ভারতের অনুরূপ কমিশন গঠনের চিন্তাভাবনা করা যেতে পারে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশন সহযোগী ভূমিকা পালন করবে মাত্র।সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ আমাদের দেশে কখনোই বৃহৎ রাজনৈতিক দল বা সিংহভাগ রাজনীতিবিদের সহজে গ্রহণযোগ্য বিষয় নয়, যে কারণে তাঁদের মতামত কমিশনের সহায়ক কখনোই হয়নি। ২০০৮ সালেও এ বিষয় নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। মামলাও হয়েছিল। পরে ওই মামলা আপিল বিভাগে খারিজ হওয়ার পর বর্তমান সীমানা কার্যকর করে নির্বাচন অনুষ্ঠিত হয়। কাজেই মামলার আশঙ্কায় কমিশন যদি সংবিধান-প্রদত্ত দায়িত্ব পালন করতে দ্বিধাগ্রস্ত থাকে তবে তাদের ভাবমূর্তি উজ্জ্বল থাকবে, তেমন ভাবা যায় না। জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে কমিশনের প্রস্তুতি শুধু রুটিন কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই প্রস্তুতির ব্যাপ্তি বেশ বৃহৎ। আগামী নির্বাচনের আরও ১০ থেকে ১২ মাস সময় রয়েছে, যার মধ্যে নির্বাচন কমিশনকে সীমানা পুনর্নির্ধারণ থেকে আইনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। যদিও এখনো নির্বাচনকালীন সময়ের সরকারপদ্ধতি নিয়ে বিবদমান বিতর্কের অবসান হয়নি, সে ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সব সম্ভাবনার বিষয় বিবেচনা করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। শুধু প্রস্তুতি গ্রহণই নয়, প্রয়োজন রয়েছে নির্বাচন কমিশনের কার্যক্রমকে আরও স্বচ্ছ করতে জনগণের এবং রাজনৈতিক দলের সামনে তুলে ধরা। এমনকি নির্বাচনী আইন সংস্কারের বিষয় মুখে বললেও ওই সব বিষয় খোলাশা করেনি কমিশন, যে কারণে কমিশন আস্থাহীনতায় ভুগছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলো হতে হবে স্বচ্ছ এবং সেগুলোর সঙ্গে জনসম্পৃক্ততার গুরুত্ব অপরিসীম। নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ আস্থা অর্জনের জন্য নির্বাচন কমিশনকে তার নিজস্ব সিদ্ধান্তে চলতে হবে। যেসব বিষয় নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, সেসব বিষয়ের ওপর ফলাফলবিহীন আলোচনা নির্বাচন কমিশনের সহায়ক হবে না। কাজেই অবশ্যকরণীয় বিষয়গুলোতে কমিশন আইনের আওতায় ত্বরিত সিদ্ধান্ত নেবে, এমনই প্রত্যাশা রইল। মনে রাখতে হবে, সাংবিধানিক দায়িত্ব পাওয়া ব্যক্তিদের কাছে জনগণের অনেক প্রত্যাশা থাকে। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.): সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক। [email protected]