
সম্প্রতি হাইকোর্ট খন্দকার আবদুস সালাম বনাম বাংলাদেশ এবং ‘শাহরিয়ার মজিদ বনাম বাংলাদেশ’ শীর্ষক দুটি রিট নিষ্পত্তি করে যে পর্যবেক্ষণ দিয়েছেন, তা সবিস্তারে বর্ণিত হয়েছে। এই দুটি রিট করা হয়েছিল বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে যে ১৫৩ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, তার বৈধতা চ্যালেঞ্জ করে। বিজ্ঞ আদালত এই বিষয়ে যে রায় দিয়েছেন, তা নিয়ে বিতর্কের সুযোগ নেই। কারণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া আইনানুগ ও বৈধ। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১৯৭২ (সংরক্ষিত) অনুচ্ছেদ ১৯(১) মোতাবেক অন্য কোনো বৈধ প্রতিদ্বন্দ্বী না থাকলে একজন বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা ওই আইনমতে সিদ্ধ। ওই আইনের উল্লেখিত অনুচ্ছেদে কোনো ধরনের সংখ্যার বাধ্যবাধকতা না থাকায় সংসদের ৩০০ আসন বা নির্বাচনী অঞ্চল থেকেও অপ্রতিদ্বন্দ্বী সাংসদ নির্বাচিত হতে পারেন। সংখ্যার বাধ্যবাধকতা না থাকলেও এত সংখ্যায় ভোটবিহীনভাবে নির্বাচিত ঘোষিত হওয়া কতখানি নৈতিক, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
বিজ্ঞ হাইকোর্টে উল্লেখিত দুই রিটের নিষ্পত্তি যথাযথভাবে করা হয়েছে। তবে এ ধরনের বিরল অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। বিশ্বের কোনো গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে কি না, তাও আমাদের জানা নেই। হতে পারে নির্বাচনী চ্যাপ্টার ও ব্যবস্থাপনায় এটাই উদাহরণ হয়ে থাকবে। ২০০৭-২০০৮ সালে এবং পরে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংস্কারকালে এমন পরিস্থিতির উদ্ভব হবে, তা কল্পনাও করা যায়নি। কাজেই এই অনুচ্ছেদ তেমনই রয়ে গেছে। অথচ এই ধারাই ভবিষ্যতে ‘ট্রয় নগরীর ঘোড়া’ হতে পারে। হাইকোর্ট এ ধরনের রিটের মুখোমুখি হতেন না যদি নবম জাতীয় সংসদ নির্বাচনের মতো ব্যালট পেপারে ‘উপরের কাহাকেও নহে’ উল্লেখিত থাকত। হয়তো তাতে যা হয়েছে তেমনই থাকত, তবে এই ১৫৩ জন সাংসদকে বিনা ভোটে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মনোবেদনা নিয়ে চলতে হতো না।
ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির যাতে উদ্ভব না হয়, তার জন্য গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের আলোচিত ধারায় সর্বোচ্চ সংখ্যা বেঁধে দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখা উচিত। একই সঙ্গে ‘উপরের কাহাকেও নহে’ বা ‘নো’ ভোটের বিধান পুনঃপ্রবর্তন করার যৌক্তিকতা অনুধাবন করা উচিত। গত বছর ভারতীয় সুপ্রিম কোর্টের এক আদেশে সে দেশের সব নির্বাচনে এই বিধান যুক্ত করা হয়েছে। ভারতীয় ‘সুপ্রিম কোর্ট’ এই বিধানকে একজন ভোটারের গণতান্ত্রিক অধিকার হিসেবে বিবেচনা করে বলেছেন, ‘কোনো প্রার্থীকে নির্বাচিত করার অধিকার যেমন আছে, তেমনি প্রার্থীদের প্রত্যাখ্যান করার অধিকারও একজন ভোটারের রয়েছে। এই প্রথমবারের মতো আমাদের উচ্চ আদালতও এই বিষয়ে উল্লেখ করেছেন।
আলোচিত রিটের নিষ্পত্তি করতে গিয়ে উচ্চ আদালত সেখানেই থেমে থাকেননি, বরং নির্বাচন ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করার এবং নির্বাচনকালীন কমিশনকে আরও ক্ষমতায়নের কয়েকটি পর্যবেক্ষণ নথিভুক্ত করেছেন, যাকে আদালত ‘অন্তর্গতভাবে প্রাসঙ্গিক’ বলেছেন। বিগত ২০১০ সালে ১৩তম সংশোধনী বাতিল করার রায়ের পর নির্বাচনকালীন সরকার ও সরকার গঠন নিয়ে উচ্চ আদালত থেকে কিছু পর্যবেক্ষণ পাওয়া গেল। (প্রথম আলো: ১৪ আগস্ট ২০১৫)। নির্বাচনকালীন সরকার এবং পাঁচ বছরে দুই ধরনের সরকারের যে এক ধরনের ‘রূপরেখা’ উচ্চ আদালত দিয়েছেন, তা সম্পূর্ণভাবেই রাজনৈতিক বিবেচ্য বিষয়। তবে এ কথাও নিশ্চিত যে ক্ষমতাসীন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার কোনো প্রয়োজনীয়তা বোধ করছে না। তবে তত্ত্বাবধায়ক সরকার না হলেও অন্যান্য দেশের মতো সংকুচিত মন্ত্রিসভা গঠন করে ক্ষমতাসীন সরকারই অন্তর্বর্তীকালীন সরকারের রূপ নিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে পারে। এ ক্ষেত্রে সংসদের মেয়াদ শেষ হওয়ার পর ওই সরকারের ভূমিকার সূচনা হতে পারে, যেমনটা অন্যান্য দেশে প্রচলিত। সে ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের ‘রুলস অব বিজনেসে’ পরিবর্তন আনা যেতে পারে। এ বিষয়ে একাডেমিক আলোচনা হতে পারে।
যা-ই হোক, নির্বাচনকালীন সরকার নয়, নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করে থাকে এবং নির্বাচন কমিশনই সংবিধান ও আইনের আওতায় সর্বময় ক্ষমতাধিকারী হয়ে থাকে, যার একাধিক ব্যাখ্যা ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশে পাওয়া যায়। আলোচিত রায়ে আমাদের উচ্চ আদালতও নির্বাচন কমিশনের অধিক ক্ষমতায়নের বিষয়টি যে গুরুত্বপূর্ণ, তার উল্লেখ করে একাধিক পর্যবেক্ষণ দিয়েছেন, যা রাজনীতির আওতায় পড়ে না। এসব পর্যবেক্ষণ উচ্চ আদালত হালে দিলেও এ ধরনের ক্ষমতায়নের সুপারিশ ২০১০-১২ সালে তৎকালীন নির্বাচন কমিশনও করেছিল। উচ্চ আদালত নির্বাচনী ব্যবস্থাপনার ওপর যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো ব্যালটে ‘না ভোটের’ প্রবর্তন। এই পর্যবেক্ষণ ভোটারদের অধিক ক্ষমতায়নের বিষয়। যদিও আমাদের দেশে ভোটার হওয়া বা ভোট প্রদান কোনোটিই বাধ্যতামূলক নয়, তথাপি ভোটারকে ক্ষমতায়ন না করলে জনপ্রতিনিধিত্বের বিষয়টি সম্পূর্ণ রূপ পায় না।
উচ্চ আদালতের নির্বাচন কমিশনের ক্ষমতায়নের আরেকটি প্রধান পর্যবেক্ষণ বর্তমান ও ভবিষ্যতের নির্বাচনী ব্যবস্থাপনার জন্য অত্যন্ত জরুরি ও সময় উপযোগী বলে বিবেচিত। পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, ‘নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীসহ যেকোনো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত “জোরালো কারণ” দেখিয়ে প্রকাশ্যে বিজ্ঞপ্তি দিয়ে নাকচ করার ক্ষমতা দিতে হবে।’ (প্রথম আলো: ১৪ আগস্ট ২০১৫)। উচ্চ আদালতের এই পর্যবেক্ষণ সময়োচিত। এ ধরনের ব্যবস্থা নতুন নয়। যেমনটা আগেই উল্লেখ করেছি যে বিগত হুদা কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১৯৭২-এ আরও কিছু সংস্কার ও নির্বাচন কমিশনকে ক্ষমতায়নের সুপারিশের অন্যতম বিষয় হিসেবে উল্লেখ করেছিল। কিন্তু সেসব সুপারিশ অদ্যাবধি আমলে নেওয়া হয়েছে কি না জানা যায়নি। এ ধরনের ক্ষমতায়ন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনায় নতুন ধ্যানধারণা হলেও উপমহাদেশেই এ ধরনের বিধান বলবৎ রয়েছে। এর উদাহরণ ভারতীয় নির্বাচনী ব্যবস্থাপনা।
আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থাপনা, নির্বাচনপদ্ধতি ও নির্বাচনী আইনের সঙ্গে ভারতীয় ব্যবস্থাপনা ও পদ্ধতির ভেতরে বড় ধরনের অমিল নেই। যদিও ভারতে নির্বাচনকালীন রাজনৈতিক সরকারই ক্ষমতায় থাকে, তথাপি ওই সরকারের কার্যক্রম থাকে নিয়ন্ত্রিত। ওই সরকারের দৈনন্দিন কর্মকাণ্ডও থাকে সীমিত। ক্ষমতাবলে নির্বাচন কমিশনই সরকারের একধরনের নিয়ন্ত্রক হয়ে থাকে। বস্তুতপক্ষে, ভারতীয় নির্বাচন কমিশনই নিজ ক্ষমতাবলে একধরনের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে থাকে। সব মন্ত্রণালয় এমনকি বিভিন্ন রাজ্যের নির্বাচনকালীন রাজ্য সরকারের কার্যকলাপের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে। কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রিসভার সব সিদ্ধান্তে নির্বাচন কমিশনের মতামতই শেষ কথা বলে বিবেচিত। এর বহু উদাহরণ ভারতীয় নির্বাচন কমিশনের নথিপত্রে রয়েছে, যা এখানে উদ্ধৃত করা সম্ভব নয়। তবে সংক্ষেপে বলা যায়, নির্বাচনকালীন ভারতীয় নির্বাচন কমিশনই থাকে চালকের আসনে। ভারতের আদলেই আমাদের নির্বাচন কমিশনও স্থাপিত এবং আরও পরিশীলিত করতে হলে অন্যান্য দেশের ভালো উদাহরণগুলো গ্রহণ করতে কুণ্ঠাবোধের কারণ নেই।
একটি স্বাধীন নির্বাচন কমিশনের পেছনের শক্তির উৎস সংবিধান ও সংসদ কর্তৃক তৈরি আইন ছাড়াও আদালতের ব্যাপক ভূমিকা রয়েছে। ইতিপূর্বে এসব বিষয়ে আলোচনাকালে বহুভাবে বলেছি যে ভারতীয় নির্বাচন কমিশনের ক্ষমতায়নের পেছনে সংবিধান ও পার্লামেন্ট ছাড়া বিচার বিভাগ অত্যন্ত সক্রিয় ও শক্তিশালী ভূমিকা পালন করেন। আমাদের দেশেও ইতিপূর্বে দু-এক ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিছু কিছু ব্যাখ্যা দিলেও উচ্চ আদালত নির্বাচনী ব্যবস্থাপনার ওপরে হালে প্রদত্ত পর্যবেক্ষণ দেননি। কাজেই উচ্চ আদালতের এসব পর্যবেক্ষণকে স্বাগত জানাতে হয়।
দেশে বর্তমানে রাজনৈতিক সংকট যে বিদ্যমান, তা বলার অপেক্ষা রাখে না। তার কিছুটা প্রতিফলন ঘটেছে উচ্চ আদালতে এই পর্যবেক্ষণে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ বা ‘অন্তর্গতভাবে প্রাসঙ্গিক’-এর মানা বা না-মানার বাধ্যবাধকতা নেই, তবে কিছুটা দিকনির্দেশনা-মূলক বলে বিবেচনা করা যেতে পারে। নির্বাচন কমিশনের অধিক ক্ষমতায়নের বিষয়গুলোর সঙ্গে নির্বাচনকালীন সরকারব্যবস্থার সঙ্গে জড়িত নয়। সে কারণে সরকার ও নির্বাচন কমিশন এ বিষয়গুলো নিয়ে বিভিন্ন আঙ্গিকে আলোচনার সূচনা করতে পারে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো একান্তই নির্বাচনী ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের রাজনীতিবিদ, রাজনৈতিক দল এমনকি বিভিন্ন নামের নাগরিক সমাজ ‘আগাম’ অথবা ‘পুনর্নির্বাচন’ নিয়ে যতটা সোচ্চার, নির্বাচনী ব্যবস্থাপনার সংস্কার ও নির্বাচন কমিশনকে অধিক ক্ষমতায়নের বিষয়টি নিয়ে ততটা সোচ্চার নয়। প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন গঠিত হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে যতখানি উচ্চকণ্ঠ হয়, ততখানি নির্বাচন কমিশনের অধিকতর ক্ষমতায়ন নিয়ে নয়। এর উদাহরণ হালের উচ্চ আদালতের পর্যবেক্ষণের সরকারপদ্ধতির অংশটুকু নিয়ে যতখানি আলোচনা-সমালোচনা শুরু হয়েছে, নির্বাচনী ব্যবস্থাপনার বিষয় মোটেও আলোচনার মধ্যে নেই বলেই মনে হয়। নির্বাচন ‘কমিশন শক্তিশালীকরণ’ এখন একধরনের রাজনৈতিক স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ—এমনকি এই গুরুত্বপূর্ণ বিষয়টি রাজনৈতিক বা নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত হয় না।
একমাত্র নির্বাচনই যে গণতন্ত্রকে সুদৃঢ় করতে পারে তেমন নয়, তবে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য অঙ্গ। নির্বাচন গ্রহণযোগ্য না হলে গণতন্ত্রের ভিত দুর্বল থাকে। বিষয়টি মোটেও নতুন নয়, অতি চর্চিত। শক্তিশালী ও কার্যকর নির্বাচনী ব্যবস্থাপনাই ভালো নির্বাচনের গ্যারান্টি নয়, তার জন্য প্রয়োজন আরও আনুষঙ্গিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা। যেমন নির্বাচনকালীন সরকারব্যবস্থা, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং খোদ নির্বাচন কমিশনের দক্ষতা। তবে কার্যকরী ও ভালো নির্বাচনের জন্য কার্যকর নির্বাচনী ব্যবস্থাপনার বিকল্প নেই। কাজেই এ বিষয়টি গৌণ নয়। সে কারণেই উচ্চ আদালতের এই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বসহকারে আলোচিত হওয়া কাম্য।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]