সংস্কৃতির লড়াই ও কারাগারে বঙ্গবন্ধুর নববর্ষ পালন
নতুন পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর খ্রিষ্টীয় এপ্রিল মাসের ১৪ তারিখ বাংলা নববর্ষ পালিত হয়। কিন্তু পাকিস্তান আমলে সেটি হতো না। কোনো কোনো বছর ১৪ এপ্রিল, কোনো কোনো বছর ১৫ এপ্রিল উদ্যাপিত হতো।
ঘটনাটি কাকতাল কি না, জানি না, যে বছর ছায়ানট রমনা বটমূলে প্রথম বাংলা নববর্ষ বরণ করে, সে বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে। পাকিস্তান সরকার প্রথমে তাঁকে নিরাপত্তা আইনে বন্দী করে, পরবর্তী সময়ে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়। আর সেই বছরই সাংস্কৃতিক সংগঠন ছায়ানট রমনা বটমূলে প্রথম বর্ষবরণের অনুষ্ঠান করে। সেই থেকে ১৯৭১ সাল ছাড়া প্রতিবছর ছায়ানটের উদ্যোগে বর্ষবরণের অনুষ্ঠান হয়ে আসছে। জিয়াউর রহমানের আমলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস মধ্যরাতে অনুষ্ঠান করে বর্ষবরণ ছিনতাই করার উদ্যোগ নিয়েছিল, সফল হয়নি। পয়লা বৈশাখ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরকে বরণ। পুরাতনকে বিদায় দেওয়া। কেবল প্রকৃতি নয়, মানবমনের সব ক্লান্তি ও ব্যর্থতা পেছনে ঠেলে দিয়ে নতুনকে সাদরে আহ্বান। সেই আহ্বান জানাই আমরা গানে, প্রাণে আনন্দ উৎসবে। পয়লা বৈশাখ আবহমান বাংলার উৎসব।
২.
বঙ্গবন্ধু ‘কারাগারের রোজনামচা’য় ১৫ এপ্রিল ১৯৬৭ তে লিখেছেন,
‘আজ বাংলা বর্ষ, ১৫ এপ্রিল। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি নুরে আলম সিদ্দিকী, নুরুল ইসলাম আরও কয়েকজন রাজবন্দী কয়েকটা ফুল নিয়ে ২০ সেল ছেড়ে আমার দেওয়ানিতে হাজির। আমাকে সব কয়েকটা গোলাপ ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাল।...আমি ২৬ সেল থেকে ২০ সেলে বন্দী হাজী দানেশ, সৈয়দ আলতাফ হোসেন, হাতেম আলি খান, সিরাজুল হোসেন খান ও মৌলানা সৈয়াদুর রহমান সাহেব, ১০ সেলে রফিক সাহেব, মিজানুর রহমান, মোল্লা জালালউদ্দিন, আবদুল মোমিন, ওবায়দুর রহমান, মহিউদ্দিন, সুলতান, সিরাজ এবং হাসপাতালে খোন্দকার মোশতাক আহমদকে ফুল পাঠালাম শুভেচ্ছা জানিয়ে।... জেলের ভেতরে ছোট ছোট জেল, কারও সাথে কারও দেখা হয় না—বিশেষ করে রাজনৈতিক বন্দীদের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। বিকেলে পুরোনো সেলের সামনে নুরে আলম সিদ্দিকী, নুরুল ইসলাম ও হানিফ খান কম্বল বিছাইয়া এক জলসার বন্দোবস্ত করেছে। বাবু চিত্তরঞ্জন সুতার, শুধাংশু বিমল দত্ত, শাহ মোয়াজ্জেমসহ আরও কয়েকজন ডিপিআর ও কয়েদি, বন্দী জমা হয়ে বসেছে। আমাকে যেতেই হবে সেখানে, আমার যাওয়ার হুকুম নাই, তবু আইন ভঙ্গ করে কিছু সময়ের জন্য বসলাম। কয়েকটা গান হলো, একজন সাধারণ কয়েদিও কয়েকটা গান করল। চমৎকার গাইল। ...আমি কারাগার থেকে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাই।
১০ সেল থেকে মিজানুর রহমান চৌধুরী আমাকে শুভেচ্ছা জানাইয়া এক টুকরা কাগজে নিম্নলিখিত কবিতাটি লিখে পাঠায়,
আজিকে নতুন প্রভাতে নতুন বরষের আগমনে
মুজিব ভাইকে
বন্ধু হও শত্রু হও যেখানে যে কেউ রও
ক্ষমা করো আজিকার মত
পুরাতন বরষের সাথে
পুরাতন অপরাধ হতে।’
এরপর বঙ্গবন্ধু লিখেছেন, ‘১৩৭৩ সালের বৈশাখ হতেই আমার ওপর সরকারের জুলুম পুরোদমে শুরু হয়।’
১৯৬৭ সাল আর ২০১৭ সালের বাস্তবতা এক নয়। সেদিন ছিল পাকিস্তানি আমল। আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কিন্তু সেদিন যেমন কিছু মানুষ বাংলা নববর্ষ উদযাপনের বিরোধিতা করেছিল, আজও তাদের উত্তরসূরিরা বিরোধিতা করছে। সেদিন যেমন কিছু ধর্মবাদী সংগঠন একে হিন্দুয়ানি সংস্কৃতি বলে নাকচ করতে চেয়েছে, আজও কিছু সংগঠন একই অজুহাত তুলে মঙ্গল শোভাযাত্রায় বাধা দিতে চাইছে।
আমাদের ধারণা ছিল, এরা সংখ্যায় খুবই কম। সমাজে ও সংস্কৃতিতে তাদের তেমন প্রভাব নেই। কিন্তু নববর্ষ উপলক্ষে প্রথম আলোর জরিপ প্রতিবেদনে যেই চিত্র উঠে এসেছে, সেটি উদ্বেগজনক। যদিও এখনো এরা সংখ্যায় কম। কিন্তু অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ভাষায় এই অপশক্তিকে প্রশ্রয় দিলে বা তাদের সঙ্গে আপস করলে, তারা পেয়ে বসবে। আজ হাইকোর্টের সামনের ভাস্কর্যটি সরানোর দাবি করছে। পরবর্তী সময়ে তারা বলবে, কোনো ভাস্কর্যে দেশে রাখা যাবে না। এই ধর্মান্ধ গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের ফারাক বোঝে না।
বিদায়ী বছরের শেষ দিনে প্রথম আলোর ৮ জন সাংবাদিক ঢাকার বিভিন্ন এলাকায় নানা বয়স ও পেশার ৪৪ জন নারী আর ৫০ জন পুরুষের সঙ্গে কথা বলে পয়লা বৈশাখ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রা নিয়ে তাঁদের মতামত জানতে চেয়েছিলেন। সাক্ষাৎকারদাতাদের বড় অংশটিই নববর্ষ পালন আর মঙ্গল শোভাযাত্রা করার পক্ষে। মোট ৯৪ জন সাক্ষাৎদাতার ৬৪ জন এ উদযাপনের পক্ষে কথা বলেছেন। আর ১৯ জন বলেছেন, ধর্মে এগুলো পালন করা নিষেধ। তাঁরা অনেকে ওয়াজ বা মসজিদে এমন কথা শুনেছেন। তবে এ সম্পর্কে তাঁদের স্পষ্ট ধারণা নেই। বাদবাকি ১১ জনের মনে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। আবার অনেকে মনে দ্বিধাদ্বন্দ্ব রেখেই উৎসব পালন করছেন।
৯৪ জন উৎসব পালনের কথা বললও বাকিদের বিরোধিতা বা নীরবতা আমাদের উদ্বিগ্ন না করে পারে না। পয়লা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। এই উৎসবকে যাঁরা প্রশ্নবিদ্ধ করেন, তাঁরা আসলে বাঙালি সংস্কৃতির বিরোধী। এটি আমাদের স্বাধীনতার মূল যে প্রেরণা সেই ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদী চেতনারও পরিপন্থী।
এই অশুভ শক্তিকে এখনই রুখতে না পারলে তারা নতুন নতুন দাবি নিয়ে হাজির হবে। আজ যারা নরম সুরে পয়লা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করছে, ২০১৩ সালে তারাই ১৩ দফা বাস্তবায়নের দাবিতে তাণ্ডব সৃষ্টি করেছিল।
৩.
মৌলবাদী গোষ্ঠীর অপপ্রচার ও অপতৎপরতা সত্ত্বেও বাংলাদেশর মানুষ প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদ্যাপন করেছে। গানে প্রাণে ভালোবাসায় বাংলা নববর্ষকে বরণ করেছে। কারও ভ্রুকুটি তারা আমলে নেয়নি। রাজধানী ছাড়িয়ে এই উৎসব ছড়িয়ে পড়েছে বিভাগীয়, জেলা-উপজেলা এবং প্রতিটি গ্রামীণ জনপদে। পয়লা বৈশাখ প্রকৃতপক্ষে সর্বজনের অনুষ্ঠান। সর্বজনের অনুষ্ঠান সর্বজনীন চরিত্র পাক, সেটাই সবার কাম্য। কিন্তু সরকারের নানা বিধিনিষেধের কারণে অনেক স্থানেই সাধারণ মানুষ উৎসব পালন করতে এসে নানা বিড়ম্বনার শিকার হয়েছে। সরকার বিকেল পাঁচটার মধ্যে উন্মুক্ত স্থানের অনুষ্ঠান শেষ করতে বলেছে। এ নিয়ে সংস্কৃতিসেবীদের মধ্যে ক্ষোভ দেখা গেলেও শেষ পর্যন্ত তাঁরা মেনে নিয়েছেন। দ্বিতীয়ত, হঠাৎ করেই উৎসবে আসা মানুষের ওপর নির্দেশ জারি করা হলো, কোনো ব্যাগ বহন করা যাবে না। এতে করে যাঁরা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছেন, তাঁরা বিপাকে পড়েছেন। অনেকে অনুষ্ঠানস্থলে যেতেও পারেননি। ডিএমপি নববর্ষের আয়োজনকে কেন্দ্র করে অনেক নির্দেশই জারি করেছে বা নাগরিকদের পরামর্শ দিয়েছে। অনুষ্ঠানস্থলে যে ব্যাগ নিয়ে আসা যাবে না, সেই নির্দেশ আগে জানিয়ে দিলে জনগণকে এই বিড়ম্বনার মধ্যে পড়তে হতো না। তারপরও এটি স্বস্তির খবর যে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোথাও কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।
১৯৬৭ সালের ১ বৈশাখ ছায়ানট বর্ষবরণের মাধ্যমে যে প্রতিবাদের ভাষা শিখিয়েছিল, সেই প্রতিবাদের প্রয়োজনীয়তা আজও ফুরিয়ে যায়নি। সেদিনের প্রতিবাদ ছিল পাকিস্তানি শাসকদের জন্য। আজ প্রতিবাদ জানাতে হচ্ছে বৈশাখবিরোধী শক্তির বিরুদ্ধে। ধর্মান্ধতা ও মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে। আর মৌলবাদের হাত ধরে যে জঙ্গিবাদের উত্থান, তাকে সমূলে বিনাশ এবং বাঙালি চেতনার সর্বব্যাপী উজ্জীবনের মধ্যেই রয়েছে পয়লা বৈশাখ উদযাপনের সার্থকতা।
নতুন বছর সবার জীবনে আনন্দ ও মুক্তির বার্তা বয়ে আনুক।
[email protected]