সক্ষমতা আরও বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তথ্যমতে, দেশে ১৯৯০ থেকে ১৯৯৫ কালপর্বে ১৫-২৪ বছর বয়সী বেকার যুবকের সংখ্যা ছিল ২৯ লাখ। কিন্তু ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে তা প্রায় পাঁচ গুণ বেড়ে দাঁড়ায় ১ কোটি ৩২ লাখে। এখন এটি আরও কয়েক গুণ বেড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।
বাংলাদেশ অর্থনীতি সমিতির এক গবেষণা অনুযায়ী, বাংলাদেশে বছরে ২২ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে। কিন্তু কাজ পায় মাত্র সাত লাখ। যখন এভাবে বেকারের সংখ্যা বাড়ছে, তখন এর কারণ খতিয়ে দেখতে গেলে অবশ্যই চিন্তা করতে হবে সরকার আমাদের দেশীয় শিল্পকে উৎসাহিত করছে কি না, নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করছে কি না এবং বিদ্যমান শিল্পের সক্ষমতা বাড়ছে কি না। এ প্রসঙ্গে একটি উদাহরণ হতে পারে আমাদের দেশের মুদ্রণশিল্প। বর্তমানে দেশে প্রায় সাত হাজার মুদ্রণ প্রতিষ্ঠান আছে। এর মধ্যে প্রায় দুই হাজার অত্যাধুনিক প্রতিষ্ঠান বিশ্বমানের এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষম। এসব প্রেসে কর্মসংস্থান হয়েছে প্রায় দুই লাখ লোকের।
প্রথম আলোর ২০১৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুদ্রণশিল্পের সক্ষমতা বেড়েছে। মুদ্রণশিল্পের বাজার এখন আনুমানিক তিন হাজার কোটি টাকার। প্রতিবছর প্রায় ১৫৬ কোটি টাকার রপ্তানি করছে এ শিল্প। কিন্তু যেভাবে সক্ষমতা বাড়ছে, সেই অনুপাতে কি প্রতিযোগিতায় টিকে থেকে মুদ্রণশিল্প প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের সঠিক পাওনা দিতে পারছে? পাঠ্যবই মুদ্রণের ক্ষেত্রে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করে যেই অসম প্রতিযোগিতার ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে, তার প্রথম ভুক্তভোগী হচ্ছেন মুদ্রণশিল্পের শ্রমিকেরা। দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানকে প্রায় ৬১ শতাংশ শুল্ক ও কর পরিশোধ করে মুদ্রণের প্রধান উপকরণ কাগজ, কালি, প্লেট, রাসায়নিক ইত্যাদি সংগ্রহ করে মুদ্রণ কাজ করতে হয়।
অন্যদিকে বিদেশি প্রতিষ্ঠান বিনা শুল্কে আন্তর্জাতিক দরপত্রে উল্লিখিত শর্তাবলির কারণে পাঠ্যপুস্তক রপ্তানি করে থাকে। যদি বিদেশি প্রতিষ্ঠান কর্তৃক উদ্ধৃত দরের সঙ্গে আমদানিকারক কর্তৃক পরিশোধিত শুল্ক ও করের অর্থ যোগ করে দরপত্র মূল্যায়ন করা হতো, তাহলে দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে সুষম প্রতিযোগিতা করে বিদেশি প্রতিষ্ঠান কার্যাদেশ পেত না। আর তাতে দেশীয় প্রতিষ্ঠানগুলো অধিক শ্রমিক নিয়োগ করে ভালো মজুরি দিয়ে শ্রমিকদের নিয়োগ দিতে পারত। এবং তা শেষ পর্যন্ত দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারত।
সরকারের পাঠ্যপুস্তক প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু এই উদ্যোগ নিতে গিয়ে যদি অসম প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করে মুদ্রণশিল্পকে অনুৎসাহিত করা হয় বা কর্মসংস্থান থেকে শ্রমিকদের বঞ্চিত করা হয়, তাহালে সেটা যতই জাঁকজমকভাবে উপস্থাপন করা হোক না কেন, দেশের জিডিপি বৃদ্ধিতে তার অবদান হবে খুবই সামান্য। কেননা, দেশের শ্রমিক কত বেতন পেলেন, তাঁদের ক্রয়ক্ষমতা কতটুকু বাড়ল এবং তাঁদের জীবনের মান কতটুকু উন্নত হলো, তা শেষ পর্যন্ত জিডিপি বৃদ্ধিতে নিয়ামক হিসেবেই কাজ করে।
প্রধানমন্ত্রী উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে সরকারি গুরুত্বপূর্ণ পণ্য ও সেবা ক্রয়সংক্রান্ত যে অনুশাসন প্রদান করেছেন, সে অনুযায়ী ‘একই প্রতিষ্ঠানের একই সঙ্গে দুটি কাজ বা লটের বেশি কাজ দেওয়া এবং একই সঙ্গে দুটি কাজ পেলে যথাসময়ে শুরু এবং শেষ করা নিশ্চিত হলে পরে আরও কাজ পাবে এরূপ বিধান সন্নিবেশ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ কিন্তু দেখা গেছে, এ ক্ষেত্রে অনিয়মের শিকার হচ্ছে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো। বড় মুদ্রণশিল্প প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত লট নিয়ে কাজ সারতে না পেরে ছোট প্রেসগুলোকে দিয়ে অল্প খরচে কাজ করিয়ে নিয়ে বেশি মুনাফা করছে। এ ধরনের অনিয়মকে প্রশ্রয় দিলে অসম প্রতিযোগিতা আরও বাড়তে থাকবে, যার কারণে শুধু মুদ্রণশিল্প নয়, দেশের উন্নয়নও ধীরে ধীরে কতিপয় সুবিধাভোগীর হাতে জিম্মি হয়ে যাবে।
ভারত বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় সব সময় এগিয়ে। এর কারণ এই নয় যে তাদের সক্ষমতা বেশি। বরং দেখা গেছে, ভারত সরকার মুদ্রণশিল্পের জন্য ব্যবহৃত কাগজে উচ্চ শুল্ক নির্ধারণ করেনি। এমনকি সৃজনশীল লেখা, সাহিত্য, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত কাগজের ওপর ভারতে মূল্যছাড় দেওয়া হয়। তাতে পাঠ্যপুস্তক ও বই প্রকাশে প্রকাশকেরা এগিয়ে গেছেন। কিন্তু আমাদের দেশে তেমন ছাড় না থাকায় এর ভুক্তভোগী এক দিক থেকে পাঠক শ্রেণি, তেমনি অন্য দিক থেকে শ্রমিক শ্রেণিও।
এসব ক্ষেত্রে ভারতের উদাহরণ বরং আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে। ভারতীয় মুদ্রণশিল্পের উন্নত হওয়ার পেছনে সরকারের অবদানকেও দেখতে হবে। দরপত্রের মূল্যের ভিত্তিতে নিয়োগ দিয়ে কিছু অর্থ বাঁচিয়ে যে সুফল পাওয়া যাবে, তার চেয়ে অনেক বেশি সুফল পাওয়া যেতে পারে আমাদের দেশের মুদ্রণশিল্পকে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করলে। সরকারকে শুধু শিল্পনগরী করে মুদ্রণশিল্প উৎসাহিত করলে হবে না, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শ্রমিক শ্রেণির স্বার্থ ও ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও প্রতিযোগিতায় টিকে থাকা নিয়েও ভাবতে হবে।
মোশাহিদা সুলতানা: সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ঢাকা বিশ্ববিদ্যালয়।