সচেতন হতে হবে সব পক্ষকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক আগে আশির দশকে বিটিভিতে দেখানো হতো ‘সিক্স মিলিয়ন ডলারম্যান’ নামের একটি সিরিয়াল। দারুণ জনপ্রিয় এ সিরিয়ালের নায়কের ছিল বিশেষ এক ক্ষমতা, যার বলে তিনি উঁচু উঁচু ভবন থেকে নিচে লাফিয়ে পড়তেন, কিন্তু এতে তাঁর কোনো ক্ষতি হতো না। এই সিরিয়াল দেখে সে সময় অনেক শিশু-কিশোর বাড়ির ছাদ থেকে লাফ দিতে গিয়ে মারা গেছে বা পঙ্গুত্ব বরণ করেছে। তখন অনেক অভিভাবক এই সিরিয়াল দেখানো বন্ধের দাবি জানিয়েছিল। তখন বিটিভি কর্তৃপক্ষ অভিভাবকদের এই দাবিতে কান দিয়েছিল কি না, তা এখন আর মনে নেই।

এত বছর পর এই ঘটনার কথা মনে পড়ে গেল পত্রিকায় একটি লোমহর্ষক হত্যাকাণ্ডের খবর পড়ে। ঘটনাটি ১৭ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকায় ঘটেছে। দেনমোহরের টাকা নিয়ে ঝগড়ার জেরে ইব্রাহিম নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী ইয়াসমিনকে গলা কেটে হত্যা করার পর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর মাথা ফেলেন কাউতলি এন্ডারসন খালে ও দেহ ফেলেন তিতাস নদে। পরে ধরা পড়ার পর ইব্রাহিম পুলিশের কাছে স্বীকার করেন যে তিনি ভারতের একটি টিভি চ্যানেলে প্রচারিত অপরাধবিষয়ক অনুষ্ঠান ক্রাইম পেট্রোলে দেখানো কৌশলে স্ত্রীকে হত্যা করেছেন।

প্রায় দুই বছর আগে ২০১৬ সালের আগস্ট মাসে চট্টগ্রামে দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরী গলা টিপে তার তিন বছর বয়সী মামাতো বোনকে হত্যা করে। মামি তাকে একবার চুরির অপবাদ দিয়েছিলেন। সেই রাগে সে মামাতো বোনকে খুন করে। ওই কিশোরী ধরার পড়ার পর পুলিশের কাছে স্বীকার করে ক্রাইম পেট্রোল দেখে সে এভাবে খুনের ধারণা পায়।

এসব ঘটনায় বোঝা যায়, গণমাধ্যমের প্রভাব আমাদের জীবনে কতখানি এবং আমাদের মনোজগৎকে কীভাবে নিয়ন্ত্রণ করে। গণমাধ্যম ছাড়া এই একুশ শতকের দুনিয়া কল্পনা করা কঠিন। গণমাধ্যমের কল্যাণে মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানতে পারছে। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্রের মতো শক্তিশালী গণমাধ্যমের কথা চিন্তা করে উন্নয়ন যোগাযোগের ধারণার উদ্ভব হয়েছিল। এখন এর সঙ্গে যোগ হয়েছে কম্পিউটার, ইন্টারনেট। আমাদের জীবনে এসবের প্রভাব অপরিসীম। গণমাধ্যম আমাদের সচেতন ও শিক্ষিত করার পাশাপাশি আমাদের রুচিবোধ গড়ে দিচ্ছে। পাশাপাশি এটা বিনোদনের অন্যতম উৎসও বটে। কি ছেলে, কি বুড়ো সবারই ওপর গণমাধ্যমের কিছু না কিছু প্রভাব রয়েছেই। কিন্তু সেই প্রভাব যদি নেতিবাচক হয়, যদি তা হত্যাকাণ্ডের মতো বিষয়কে উদ্বুদ্ধ করে, তাহলে তা উদ্বেগেরই বিষয় বটে। বিশেষ করে শিশু, কিশোর, কিশোরীদের ওপর গণমাধ্যমের নেতিবাচক প্রভাব আমাদের উদ্বেগের সবচেয়ে বড় কারণ।

টিভিতে দেখানো রেসলিং দেখে অনেক শিশুকে মারামারিতে লিপ্ত হতে দেখা গেছে। সিনেমার ধর্ষণদৃশ্য দেখে বহু বছর আগে চাঁদপুরের এক কিশোর তার চাচাতো বোনকে ধর্ষণ করেছে। স্বাভাবিকভাবেই সিনেমা ও নাটকের তারকাদের জীবনযাত্রার প্রতি সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ থাকে। কিশোর-কিশোরীদের আগ্রহ একটু বেশি থাকে। তাদের অনেকে তারকাদের দ্বারা প্রভাবিত হয়। তারা সিনেমা, নাটকের তারকাদের মতো হতে চায়। অনেকে তাদের মতো পোশাক পরতে চায়, যা কিনা অনেক সময় পারিবারিক বা সামাজিক বাধার সম্মুখীন হয়। তখনই বাধে বিপত্তি। এই তো বছর চারেক আগের ঘটনা। ভারতীয় স্টার জলসা চ্যানেলে প্রচারিত টিভি সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’-খ্যাত জনপ্রিয় পোশাক ‘পাখি’ না পেয়ে গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ ও নবাবগঞ্জে তিন কিশোরী আত্মহত্যা করে এবং এক গৃহবধূ তাঁর স্বামীকে তালাক দেন। এর পরের বছর জনপ্রিয় ভারতীয় সিরিয়াল ‘কিরণমালা’র নায়িকার পোশাকের মতো পোশাক কিনে না দেওয়ায় বগুড়া, চুয়াডাঙ্গা, মাদারীপুর ও লক্ষ্মীপুরে চার কিশোরী আত্মহত্যা করে।

এসব ঘটনার পর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বাংলাদেশে স্টার জলসা, জি-বাংলাসহ ভারতীয় চ্যানেলগুলো সম্প্রচার বন্ধের দাবি ওঠে। যদিও চ্যানেলগুলো বন্ধ হয়নি।

এ রকম খুঁজলে আরও অনেক নেতিবাচক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানা যাবে, যা গণমাধ্যম দ্বারা প্রভাবিত। তবে সব দোষ গণমাধ্যমের ওপর চাপানো উচিত হবে না। এ ক্ষেত্রে ব্যক্তির পরিবেশ, পরিস্থিতিও অনেকখানি দায়ী। এমন তো নয় যে সবাই ক্রাইম পেট্রোল দেখে খুনখারাবিতে মেতে উঠছে বা পাখি ড্রেস না পেয়ে দেশের সব কিশোরী আত্মহত্যা করেছে।

তবে সমাজের জন্য ক্ষতিকর এমন কোনো কিছুর প্রচার অবশ্যই গণমাধ্যমে করা উচিত নয়। গণমাধ্যম-সংশ্লিষ্টদের এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেসব চ্যানেলের অনুষ্ঠান সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে, সেসব চ্যানেল সম্প্রচারের বিষয়টি তারা পুনর্বিবেচনা করতে পারেন। আর পারিবারিকভাবে সচেতনতারও প্রয়োজন রয়েছে। এখন শত শত চ্যানেলে শত শত অনুষ্ঠান। এসব অনুষ্ঠানের মধ্য থেকে ভালো অনুষ্ঠান, সিরিয়াল দেখার বিষয়ে পরিবার যদি সচেতন হয়, তাহলে শিশু-কিশোরদের বিপথে যাওয়ার ঝুঁকিও কমবে। কাজেই সব পক্ষকেই সচেতন হতে হবে।

রোকেয়া রহমান: সাংবাদিক