সজাগ থাকুন, নজর রাখুন
কৈশোর বা নবতারুণ্যে প্রত্যেক মানুষ একটা দুরন্ত ঘূর্ণির সামনে এসে দাঁড়ায়। আবেগমাখা স্বপ্ন আর অদম্য ইচ্ছেগুলো পাক খায় এই ঘূর্ণিতে। এই ঘূর্ণির চক্কর সামলে কেউ কেউ মাথা তুলে দাঁড়ায়, কেউবা ছিটকে যায় ভুল পথে।
তবে এই কাঁচা বয়সে অবশ্যই পরিবেশ-পরিস্থিতি আর আশপাশের মানুষ তাকে বিশেষভাবে প্রভাবিত করে। কল্পনাপ্রবণ কিশোর যখন হ্যারি পটারের শ্বাসরুদ্ধকর ছবি দেখে, তখন তার মনে হয়, এমন জাদুর দুনিয়া যদি সত্যিই থাকত! ইশ্, যদি হ্যারি পটার হতে পারতাম!
মেসি বা নেইমারের সর্পিল ড্রিবলিং আর সুয়ারেজের বুলেট শট দেখে সেও স্থির থাকতে পারে না। বল নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। মাঠ নেই তো কী হয়েছে? সামনের রাস্তাটা আছে না? সেখানেই বন্ধুরা কয়েকজন মিলে বল নিয়ে ছুটোছুটি করে।
সাকিব বা সাব্বিরের ছক্কা আর মুস্তাফিজের কাটারও হাজারো কিশোরকে ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখায়। সে স্বপ্ন যেন সোনালি ডানার চিল। উড়তে উড়তে আকাশের অনেক উঁচুতে উঠে যায়।
কৈশোরে ‘হুজুগ’ বলে একটি জিনিস খুব কাজ করে। এই হুজুগ যেমন অনেক অসম্ভবকে সম্ভব করে তোলে, তেমনি আবার সর্বনাশও ডেকে আনে। গ্রামে দেখেছি, আকাশছোঁয়া সুপারিগাছে ওঠা নিয়ে কিশোরদের মধ্যে প্রতিযোগিতা। কে কত উঁচুতে উঠতে পারে, তারই বীরত্ব প্রদর্শন। একটু হাত বা পা ফসকালেই যে সব শেষ, এ নিয়ে কোনো পরোয়া নেই।
আবার এমনও হয়, দল বেঁধে একদল কিশোর যাচ্ছে, এ সময় একজন ঢ্যালা কুড়িয়ে একদিকে ছুড়েছে, তো অন্যরাও তা-ই করবে। এমন হুজুগও ভয়ংকর। একবার এক শুকনো কালভার্টের নিচে একটি শূকরী কয়েকটা বাচ্চা প্রসব করল। গ্রামের কয়েকজন বালক ওপর থেকে দেখতে লাগল রাজ্যের কৌতূহল নিয়ে। আচমকা এক বালক ঢিল ছুড়ে বসল। অন্যরাও যোগ দিল এতে। তাদের ঢিলবৃষ্টিতে সদ্যোজাত দুটো শূকরছানার ভবলীলা শেষ।
রবীন্দ্রনাথ ঠাকুর তেরো-চোদ্দ বছরের যে অভাগাদের সহজে কারও সঙ্গে মিশতে না পারার দুর্দশার কথা বলেছেন, সেদিন এখন অনেকটাই পাল্টে গেছে। শহরেই কি আর গ্রামেই কি, আজকালকার কিশোর ও অল্পবয়সী তরুণদের মধ্যে বেশির ভাগেরই বয়ঃসন্ধিকালের সেই দ্বিধা বা জড়তা নেই। বড়দের সঙ্গে মেশা নিয়ে সংকোচ বা ছোটদের সঙ্গে ওঠাবসা নিয়ে অস্বস্তি অনেকের মধ্যে কাজ করে না। এখন ঘরে বসেই একটি কিশোর বা সদ্য-গোঁফ-ওঠা তরুণ নিজের মতো আলাদা ভুবন গড়ে নিতে পারে; আধুনিক প্রযুক্তি তার জন্য বিশাল দরজা খুলে রেখেছে।
শহুরে জীবনে বাস করা অনেক কিশোর-তরুণের রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট। এর মাধ্যমে তারা জুটিয়েছে নানা বয়সী বন্ধু। এই বন্ধুত্বে ভালো-মন্দের ভেদাভেদ নেই। গ্রামীণ জীবনের অনেক কিশোর-যুবাও এখন এই সংস্কৃতিতে অভ্যস্ত। ফেসবুক, টুইটার, ব্লগের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট এবং আধুনিক প্রযুক্তিগত অন্যান্য সুযোগ-সুবিধা বহু ধারার সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে পরিচিত করে তুলছে এ যুগের কিশোর-তরুণকে। এসব ওয়েবসাইটের মাধ্যমে নতুন নতুন সম্পর্ক গড়ে উঠছে, নতুন বিষয় জানার ও দেখার সুযোগ হচ্ছে। আবার প্রলুব্ধ হয়ে ভুল পথে পা বাড়িয়ে ক্ষতির শিকারও হচ্ছে অনেকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধুত্বের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হচ্ছে অনেক মেয়ে। সংবাদমাধ্যমে প্রায়ই এসব খবর প্রকাশিত হয়।
সময়ের গতিধারায় পাল্টে যাওয়া এখনকার কিশোর-তরুণ বেশির ভাগই বেশ সপ্রতিভ ও চটপটে। এটা নিঃসন্দেহে ইতিবাচক দিক। তবে এর বিপরীত চিত্রও রয়েছে। একটা সময় ছিল, যখন কোনো কিশোরের হৃদয়ে প্রথম প্রেমের ফুল সৌরভ ছড়ালে লাজুক ছেলেটি কাঁচা আবেগে প্রেমপত্র লিখে একটা দ্বিধার আবর্তে ঘুরপাক খেত। এখন সেই দিন পাল্টেছে। ভালো লাগার কথা প্রকাশ করার জন্য রয়েছে ফেসবুক, টুইটার, এসএমএস। যারা উগ্র, লাজশরমের বালাই নেই, বাবা-মায়ের মুখে চুনকালি পড়ার ভয় নেই, এসব কিশোর-তরুণ স্কুলগামী কিশোরী-তরুণীদের উত্ত্যক্ত করে বখাটের খাতায় নাম লেখাচ্ছে। লাঞ্ছনার সে চিত্র ভিডিও করে ফেসবুকে দিচ্ছে। সে আরেক বিকৃত মানসিকতা!
একটা সময় ছিল, যখন বাড়ির কর্তা পরিবারের অল্পবয়সী সদস্যদের গতিবিধির ওপর কড়া নজর রাখতেন। ছেলে বা মেয়ে কখন কোথায় যায়, কী করে, কখন ফেরে—এসব তথ্য নখদর্পণে রাখতেন। সন্ধ্যার আগে কিশোর ছেলেটি ঘরে না ফিরলে তিনি উতলা হয়ে যেতেন। ওদিকে দেরির জন্য কী জবাব দেবে, তা নিয়ে গলা শুকিয়ে যেত কিশোরের। এখন আকাশ সংস্কৃতির একটি অংশের নেতিবাচক প্রভাব, মিশ্র সংস্কৃতির বিমূঢ়তা ও পরিবেশগত বিরূপ প্রভাবে অনেকে কিশোর-কিশোরী নিজের চিন্তার স্বাধীনতাকে বড় করে দেখছে। এর মধ্যে ইন্ধন জোগাচ্ছে সম্মানের আসনে থাকা কিছু ব্যক্তির নৈতিক স্খলন। সমাজের বিভিন্ন স্তরে অনেক ক্ষেত্রেই শিশু-কিশোর-কিশোরী অসহায়, অরক্ষিত, নিপীড়িত। কিন্তু আশানুরূপ প্রতিরোধ ও প্রতিকার নেই।
এখন শহর বা গ্রাম কোথাও সেভাবে ঘরের ছেলেদের ওপর নজরদারি করার সুযোগ নেই। দেশের সবখানেই জীবনের গতি বেড়েছে। নগরজীবনে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত সমাজে জীবনধারার ধাঁচ অনুযায়ী সন্তান একটু বড় হলেই তার সঙ্গে বাবা-মায়ের একটা প্রচ্ছন্ন দূরত্ব তৈরি হয়। এ দূরত্ব ঘোচে না, বরং বাড়তে থাকে। সময় বা পরিবেশ-পরিস্থিতির কারণে বাবা-মায়েরা সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। এ ক্ষেত্রে যার সঙ্গে মেলামেশার সুযোগ বেশি হয়, সন্তানের সঙ্গে তার সখ্য বেশি গড়ে ওঠে। তার দ্বারা বেশি প্রভাবিত হয়। এই তৃতীয় পক্ষটি যদি ক্ষতিকর হয়, তাহলে বাবা-মায়ের অলক্ষ্যে সন্তান হতে পারে বিপথগামী।
আবার অবস্থাপন্ন কিছু অভিভাবক সন্তানের ব্যক্তিগত খুঁটিনাটি বিষয়ে ইচ্ছে করেই নাক গলান না। সন্তানের প্রয়োজনীয় চাহিদা মেটানোটাই দায়িত্ব পালনের জন্য যথেষ্ট বলে মনে করেন। এই অবাধ স্বাধীনতাও অনেক ক্ষেত্রে সন্তানের জন্য অমঙ্গল ডেকে আনে। গুলশানে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনা এর জ্বলন্ত উদাহরণ। ওই হামলায় জড়িত ব্যক্তিদের মধ্যে উচ্চবিত্ত পরিবারের যে কয়জন ছিল, তাদের প্রত্যেকের অভিভাবক এসব তৎপরতা সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি করেছেন।
নিম্নমধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তানদের সমস্যাটা ভিন্ন। এখানে চারপাশের প্রযুক্তিগত ও সামাজিক অনেক সুযোগ-সুবিধার মধ্যে নিজের অপূর্ণতা আবিষ্কার করে একধরনের হতাশা সৃষ্টি হয়। সামর্থ্য ও সুযোগের অভাবে এই শ্রেণির অনেক অভিভাবকই সন্তানের অনেক চাহিদা পূরণ করতে পারেন না। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে রূঢ় আচরণের মাধ্যমে তাকে দমিয়ে দেওয়া হয়। একটি স্নেহের কথা, প্রশমিতে পারে ব্যথা—এই মোক্ষম বাণী এখানে প্রায়ই থাকে উপেক্ষিত। অনেক সময় বাবা-মা এসব কিশোর বা তরুণের কোনো কথা শুনতে চান না বা এড়িয়ে যান। সন্তানের বুকচাপা কোনো কষ্টের বিষয় বোঝার চেষ্টা করেন না বা টের পেলেও ঝামেলা পোহানোর ভয়ে না বোঝার ভান করেন। এটিও সন্তানের মনঃকষ্টের কারণ হয়ে দাঁড়ায়, যার ক্ষতিকর প্রভাব সুদূরপ্রসারী।
বিশ্বের অনেক স্থানেই পারিবারিক বন্ধন থেকে বিচ্ছিন্ন ও বাবা-মায়ের স্নেহবঞ্চিত শিশু-কিশোরেরা সস্তা গণসম্পত্তির মতো ব্যবহৃত হচ্ছে। সিরিয়ায় পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বিদ্রোহীরা। পাকিস্তান, আফগানিস্তান ও আফ্রিকার একাধিক দেশে গরিব শিশুদের মগজ ধোলাই করে আত্মঘাতী বোমা হামলায় ব্যবহার করছে জঙ্গিরা। পর্নোগ্রাফির বড় একটি অংশে ব্যবহৃত হচ্ছে শিশুরা। দেখা গেছে, এসব শিশুর বেশির ভাগই দরিদ্র, পারিবারিকভাবে অবহেলিত, দেখাশোনার তেমন কেউ নেই।
একটি শিশু বা কিশোর, তা ধনীর দুলালই হোক বা গরিবের অন্ধের যষ্ঠিই হোক, যে যদি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়, বাবা-মায়ের নিবিড় সাহচর্য থেকে দূরে সরে আসে, তার কাছে দৃশ্যত আশ্রয় বলে কিছুই থাকে না। তখন স্রোতের শেওলার মতো একটি অবলম্বন খুঁজে বেড়ায় সে। আর তখনই তৃতীয় কোনো পক্ষের সুযোগ নেওয়ার পথ তৈরি হয়।
সন্তানের মঙ্গল চাইলে বাবা-মাকে অবশ্যই তার কাছাকাছি থাকতে হবে। যেতে হবে তার হৃদয়ের অন্তপুরে। জানতে হবে, বুঝতে তার আনন্দ-বেদনার বিষয়। সন্তানের সঙ্গে দূরত্বের সুযোগে তৃতীয় পক্ষ যেন তাকে গ্রাস না করে, এ ব্যাপারে বাবা-মাকে থাকতে হবে সদা সজাগ।