সঠিক ও সামগ্রিক পরিকল্পনা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রাম নগরীতে সম্প্রতি বৃষ্টিপাতের কারণে যে জলাবদ্ধতা হলো তাতে দেখা গেল, ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম বিভিন্ন ধরনের জনদুর্ভোগের ছবিতে ভরে গেল। তাঁদের প্রায় সবার বক্তব্য একই, ‘উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ’। এই কথার মধ্যে ক্লেশ আছে, আছে সরকারের প্রতি কটাক্ষ, কিন্তু এই জলাবদ্ধতার জন্য যে উন্নয়নই দায়ী, তা কিন্তু আমরা বুঝে বা না বুঝে স্বীকার করে নিচ্ছি। যখন দেখলাম ঢাকার দুই মেয়র পানির মধ্যে মুখ কালো করে হেঁটে বেড়াচ্ছেন, তখন তাঁদের অসহায়ত্ব দেখে কষ্টই লাগছিল। মনে হচ্ছিল এই সমস্যার জন্য কি শুধু মেয়র আর সরকার দায়ী, আমাদের দায় নেই? প্রকৌশলীদের দায় নেই? নগর পরিকল্পনাবিদদের দায় নেই? সরকারকে সঠিক পরামর্শ তো দেবে পেশাদার আর একামেডিশিয়ানরা, কিন্তু আমার মনে হচ্ছে এ ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে।

১৯৯০-এর দশকে জাপানে খুব বন্যা হলো। তখন দেখলাম, আমাদের অধ্যাপকদের মধ্যে একটা চঞ্চলতা কাজ করছে—কে কত তথ্য সংগ্রহ করবেন। তাঁরা ল্যাবরেটরির ছাত্রদের কিছু কাজ ভাগ করে দিলেন, কেউ সংবাদপত্রের সব বন্যার খবর কাটিং করে রাখছেন, কেউ টিভির খবর রেকর্ড করে রাখছেন, কেউ বন্যার সাইটে যাচ্ছেন সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য। পরে যেটা বুঝলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা আছে, কে এই বন্যার ওপর কয়টি পিএইচডি ও মাস্টার্স থিসিস দেবেন। এক অধ্যাপক বলেছিলেন, তাঁরা আশা করছেন, কমপক্ষে ১০০টি পিএইচডি আর হাজারখানেক মাস্টার্স হবে এই দুর্যোগের ওপর। লক্ষ্য ছিল, সেসব গবেষণার মাধ্যমে ভালো কিছু বেরিয়ে আসবে, যা পরবর্তী সময়ে এই জাতীয় দুর্যোগ মোকাবিলায় সাহায্য করবে।

ইংল্যান্ডে ভূমি উন্নয়নের জন্য প্ল্যানিং পারমিশন নিতে হয়, বাংলাদেশেও লাগে। কিন্তু বাংলাদেশের প্ল্যানিং পারমিশনে একটি ব্যাপার একেবারেই নেই বা উপেক্ষিত, তা হচ্ছে বন্যার ঝুঁকি সমীক্ষা বা ফ্লাড রিস্ক অ্যাসেসমেন্ট। আমি জানি, ঢাকায় ডিএপি (ডিটেইল্ড এরিয়া প্ল্যান) বা ফ্লাড জোন পলিসি আছে। কিন্তু বন্যার বিষয়টি যে নিখুঁতভাবে নেওয়া দরকার, সেটি অনুপস্থিত। বাংলাদেশের ডিএপির মতো ইংল্যান্ডে ফ্লাড জোনিং করা আছে সমগ্র দেশের, সেই সঙ্গে প্রতিটি অঞ্চলের জন্য স্ট্র্যাটেজিক ফ্লাড রিস্ক ম্যানেজমেন্ট আছে। এই নিখুঁত ফ্লাড রিস্ক অ্যাসেসমেন্ট প্ল্যানিং পারমিশনের একটি অবিচ্ছেদ্য অংশ। গবেষণা আর প্রায়োগিক জ্ঞানের মাধ্যমে ইংল্যান্ড এসব সিদ্ধান্তে উপনীত হয়েছে, তাই আমাদের আর নতুন করে কিছু আবিষ্কার করার দরকার নেই, তাদের জ্ঞান বাংলাদেশের প্রেক্ষাপটে মিলিয়ে প্রয়োগ করলেই কাজ দেবে। অন্যান্য উন্নত দেশও এই পদাঙ্ক অনুসরণ করেছে।

ফ্লাড রিস্ক অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হচ্ছে নতুন ভূমি উন্নয়ন যেন বন্যাসম্পর্কিত কোনো ঝুঁকির মধ্যে না পড়ে বা পড়লেও তা নিরসন করার পর্যাপ্ত কর্মপন্থা ঠিক করা। অপর কারণটি হচ্ছে নতুন ভূমি উন্নয়ন প্রকল্প যেন কোনোভাবেই অন্যখানে বন্যার তীব্রতা না বাড়ায়। এই বন্যা শুধু নদীর বন্যা নয়, সব সম্ভাব্য উৎসের বন্যাকেই বিবেচনায় নিতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাউন্ড ওয়াটার ফ্লাডিং বা রিজার্ভয়ার ফ্লাডিং অতটা প্রাসঙ্গিক নয়, তাই এটা নিয়ে আলোচনা করব না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সারফেস ওয়াটার ফ্লাডিং বিবেচনায় নেওয়া অত্যন্ত জরুরি, যা আশ্চর্যজনকভাবে অনুপস্থিত।

যেকোনো ভূমি উন্নয়ন বন্যার তীব্রতা বাড়ায়। উদাহরণ দিয়ে যদি বোঝানো যায়, ধরুন, আপনার একটি ১০ মিটার x ১০ মিটার প্লট আছে। এটি পতিত পড়ে আছে। এখন এই ভূমির ওপর যদি ১০০ মিলিমিটার বৃষ্টি হয়, তাহলে এই বৃষ্টির প্রায় সিংহভাগ মাটির নিচে চলে যাবে, কিছুটা বাষ্প হয়ে যাবে, বাকিটা মাটির ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিচু এলাকায় বা ড্রেনে চলে যাবে। সাধারণ হিসাবে বৃষ্টিপাতের ৩০ শতাংশ (এই পার্সেন্টেজ মাটির ওপর নির্ভর করবে) মাটির ওপর দিয়ে প্রবাহিত হবে, যেটাকে বলছি সারফেস ওয়াটার। তাহলে আপনার জমি বর্তমানে (১০ x ১০ x ০.১ x ০. ৩) ৩ ঘনমিটার সারফেস ওয়াটার তৈরি করছে। এটাকে আমরা বলছি গ্রিনফিল্ডস রান অফ। এখন ধরুন, আপনি আপনার পুরো জমির ওপর বাড়ি বানালেন। তাহলে একই পরিমাণ যদি বৃষ্টি হয়, তবে তা বাড়ির ছাদে পড়বে, এক ফোঁটাও মাটির নিচে যাওয়ার সুযোগ পাবে না; কারণ, পারমিয়াবল সারফেস ইমপারমিয়াবল সারফেসে পরিণত হয়েছে। ছাদের পানি সরাসরি ড্রেনে চলে যাবে, যা কিনা আগে এর একটি বৃহৎ অংশ মাটিতে চলে যেত। সাধারণ হিসাবে এই ডেভেলপমেন্ট অবস্থায় সারফেস রান অফের পরিমাণ প্রায় বৃষ্টিপাতের ৯০ শতাংশ। তাহলে বাড়ি তৈরি করার পর আপনার জমি কত সারফেস ওয়াটার তৈরি করছে? (১০ x ১০ x ০.১ x ০.৯) = ৯ ঘনমিটারের সারফেস ওয়াটার তৈরি করছেন। তাহলে আপনি ছয় ঘনমিটার বেশি (আগে ৩ ঘনমিটার আর বর্তমানে ৯ ঘনমিটার) পানি তৈরি করছেন ভূমি উন্নয়নের জন্য। ৬ ঘনমিটার কতখানি বুঝতে পারছেন? এক লিটারের কোকের বোতল ৬ হাজারটি লাগবে এই পরিমাণ অতিরিক্ত পানি ধারণ করতে। তাহলে এই পরিমাণ অতিরিক্ত পানি, যা কিনা আপনার বাড়ি তৈরি করার জন্য তৈরি হয়েছে, তা ড্রেনে গিয়ে ড্রেনের ধারণক্ষমতার ওপর চাপ সৃষ্টি করবে।

আমাদের প্রচলিত একটি কথা সবাই বলে থাকে, মন্ত্রী থেকে শুরু করে প্রফেশনাল পর্যন্ত যে আমাদের খালগুলো ভরাট হয়ে গেছে বা দখল হয়ে গেছে, কিন্তু যদি খালগুলো উদ্ধারও করা হয়, তবু জলাবদ্ধতা যাবে না। কারণ, এই অতিরিক্ত পানি বহন করার সক্ষমতা ড্রেনের নেই। তাই কোনো ভূমি উন্নয়নের পারমিশন নিতে হলে এই অতিরিক্ত সারফেস ওয়াটারের হিসাব করতে হবে এবং এই অতিরিক্ত পানি কীভাবে অন সাইট বা অফ সাইট ব্যবস্থাপনা করা হবে, তার সুনির্দিষ্ট কর্মকৌশল থাকতে হবে, যা সাসটেইনেবল আরবান ড্রেনেজ ম্যানেজমেন্ট অনুযায়ী হতে হবে।

এই অতিরিক্ত পানি নিজের জায়গায় ব্যবস্থাপনার জন্য অনেক কিছুই করা যায়, যেমন সোকওয়েল, মাটি গর্ত করে কূপের মতো করা, যেখানে ছাদের বৃষ্টির পানি জমা হবে এবং ধীরে ধীরে গ্রাউন্ড ওয়াটারে চলে যাবে। ইংল্যান্ডে অনেকে গ্রাস রুফিং করে বৃষ্টির পানি কিছুটা সময়ের জন্য ধরে রাখে যা ধীরে ধীরে নিচে নেমে আসে, এটা হয়তো বাংলাদেশে করা সম্ভব নয়; কারণ, ছাদ অনেক কাজেই ব্যবহৃত হয়। তবে আমার একটি চিন্তা আছে, যদি ছাদকেই সাময়িক রিটেনশন পন্ড হিসেবে ব্যবহার করা যায়। যেমন ধরুন, ছাদের যে ড্রেনেজ পাইপ তা যদি দুই ইঞ্চির না হয়ে আধা ইঞ্চির মতো হয়, তবে ছাদে বৃষ্টির পানি জমে যাবে এবং ধীরে ধীরে ক্ষুদ্র পাইপ দিয়ে পানি নিষ্কাশিত হওয়ায় ওয়াসার ড্রেনেজের ওপর চাপ কমাবে। ফলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। বিন্দু বিন্দু পানি দিয়ে যেমন সিন্ধু হয়েছে, তেমনি প্রতিটি মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই এই বৃহৎ সমস্যার মোকাবিলা করা যায়। সিটি মেয়র বা সরকার জলাবদ্ধতার জন্য অনেক কাজ করবে, কিন্তু প্রত্যেক নাগরিককেও এ বিষয়ে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং এসব পদক্ষেপ আইনে পরিণত করতে হবে।

উত্তরা, পূর্বাচলসহ দেশের অন্য জেলাগুলোতে যে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট হচ্ছে, তা পর্যালোচনা করে অতিসত্বর সারফেস ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়টি বিবেচনায় নিতে হবে। জমির একটি অংশ সারফেস ওয়াটার রিটেনশন পন্ড হিসেবে তৈরি করার জন্য রেখে দিতে হবে, তা না হলে ঢাকার মতো জলাবদ্ধতা সবখানে দেখা দেবে।

আমিনুল করিম চৌধুরী: চার্টার্ড ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজার, কেমব্রিজ, যুক্তরাজ্য।