সতর্ক হতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে গত মঙ্গলবার বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়েছিল ঢাকার সূত্রাপুর এলাকার বাসিন্দা ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী সুদীপ্ত দে। ওঠে পর্যটন মোটেল লাবণীতে। এরপর এক বন্ধুকে নিয়ে সুদীপ্ত পাশের সি-গাল পয়েন্টে গোসলে নামে। একপর্যায়ে ঢেউয়ের ধাক্কায় হারিয়ে যায় সে। চার দিন পর গতকাল শুক্রবার সকালে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে মহেশখালী উপজেলার সোনাদিয়ার চর থেকে তার লাশ উদ্ধার করে নৌবাহিনী।

কোথায় পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াবে, সেখানে কিনা তাকে লাশ হতে হলো। এভাবে প্রতিবছরই সমুদ্রে গোসল করতে গিয়ে মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। এবারের ঈদে বেড়াতে গিয়ে সুদীপ্তসহ সাগর, নদী ও হাওরে ডুবে চারজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছে পাঁচজন। এ ছাড়া পুকুর ও ডোবায় ডুবে আট শিশু-কিশোর মারা গেছে। মর্মান্তিক এসব মৃত্যুর পেছনের আসল কারণ হচ্ছে অসতর্কতা আর অসচেতনতা।

বিশেষ করে সাগরে গোসলে নির্দিষ্ট কিছু নিয়ম থাকলেও তা মানছে না কেউ। পর্যটকেরা নির্দেশনা উপেক্ষা করে সাগরে গোসল করতে নেমে পড়ছেন। এতে স্রোতে ভেসে গিয়ে ও গুপ্ত খালে আটকে পড়ে মারা যাচ্ছে অনেকেই। এভাবে গোসল করতে গিয়ে গুপ্ত খালে আটকা পড়ে ২০১১ সালে প্রাণ হারান ক্লোজআপ তারকা শিল্পী আবিদ শাহরিয়ার।

প্রতিবছর লাখ লাখ পর্যটক আসেন কক্সবাজারে। বিদেশি পর্যটকেরাও এখানে বেড়াতে আসেন। অথচ পর্যটকদের নিরাপত্তা বিধানে সে রকম কোনো ব্যবস্থা নেই। ১৯৯৫ সালের ২৩ অক্টোবর সকালে ঢাকার কলেজছাত্র মিনহাজ উদ্দিন ইয়াছির নামের ২২ বছরের এক তরুণ কক্সবাজারে গোসল করতে নেমে মারা যান। এরপর ইয়াছিরের বাবা শাহাবুদ্দিন সৈকতে ভেসে যাওয়া মানুষকে উদ্ধার করার জন্য ডানকানের আর্থিক সহযোগিতায় গড়ে তোলেন ‘ইয়াছির লাইফগার্ড স্টেশন’। রবি লাইফগার্ড, গ্রিন ওয়ার্ল্ড লাইফগার্ড, সি-সেইভ লাইফ গার্ড নামের তিনটি প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে এখনো কোনো বাহিনী গড়ে তোলা হয়নি। এটা খুবই দুঃখজনক।

সাগরে গোসল করতে গিয়ে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, এ জন্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন শতাধিক প্রশিক্ষিত লাইফগার্ডকর্মী। তাঁরা গোসল করতে আসা লোকজনকে নানাভাবে সতর্ক করেন। গুপ্ত খাল চিহ্নিত করার জন্য লাল পতাকা উত্তোলন করেন। কিন্তু অনেকে তাঁদের কথা শোনেন না। তাঁদের কথা মেনে গোসল করতে নামলে হয়তো এভাবে প্রাণ হারাতে হতো না।

কেন আমরা এত অচেতন বা কেন এত অসতর্ক? প্রাণের মায়া কি নেই আমাদের? কী হয় একটু নিয়ম মেনে চললে। পানিতে নামার আগে অবশ্যই সব জেনে নামা উচিত। অনেকই এটা জানে না যে ভাটার সময় সাগরে নামতে নেই। ফলে ভাটার সময় সাগরে নেমে অনেকেই জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। অনেকে সাঁতার না জানা সত্ত্বেও সাগরে নামছে। এ প্রবণতা বন্ধ করতে হবে। জীবনের চেয়ে বড় কিছু নয়। ক্ষণিকের আনন্দের জন্য এভাবে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কোনো কাজের কথা নয়।

বাবা-মায়ের অসতর্কতার কারণে প্রতিবছর বহু শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি), উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণার তথ্য, বাংলাদেশে বছরে ১৫ হাজার শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে। এর মধ্যে এক থেকে চার বছর বয়সী শিশু বেশি। অন্য যেকোনো কারণে মৃত্যুর চেয়ে পানিতে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

প্রায়ই ক্ষেত্রে দেখা যায়, বাড়ির পাশের পুকুর বা নদীতে খেলতে গিয়ে মারা যাচ্ছে ছোট ছোট শিশু। এরা মূলত পরিবারের অপর্যাপ্ত তত্ত্বাবধানের অভাবে দুর্ঘটনার শিকার হয়। কেন এই অসচেতনতা? আপনার একটুখানি সচেতনতা আপনার নিজের পাশাপাশি অন্য অনেকের জীবন রক্ষা করতে পারে। কাজেই সতর্ক ও সচেতন হওয়ার কোনো বিকল্প নেই।

রোকেয়া রহমান: সাংবাদিক