সনদসর্বস্ব শিক্ষার অবসান হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষানীতি, ২০১০ বাস্তবায়ন কবে নাগাদ শুরু বা শেষ হবে, তার সুনির্দিষ্ট সময়সীমা বলা নেই। তবে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত পর্যায়ক্রমে ১:৩০-এ উন্নীত করার সময়সীমা থেকে অনুমান করা যায়, ২০১৮ সালের মধ্যে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের সমন্বয় সাধন করার কথা বিবেচনা করা হয়েছে। কিন্তু তা বাস্তবায়ন করার জন্য যেসব কৌশলের কথা প্রস্তাব করা হয়েছে, তা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ; অনেকটা অবাস্তবও। এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কে অভিজ্ঞজনেরা বাস্তবভিত্তিক কৌশল অবলম্বনের পরামর্শ দিলেও তা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। প্রাথমিক শিক্ষা সমাপনীর বিরুদ্ধে দেশব্যাপী জনমত প্রবল হলেও তা বিবেচনায়
নেওয়া হচ্ছে না।
গত সেপ্টেম্বরে ছিদ্দিকুর রহমান প্রথম আলোতে লিখেছেন, ‘মাধ্যমিক শিক্ষার শিক্ষাক্রম অনুসারে মাধ্যমিক পর্যায়ের জন্য তৈরি পাঠ্যপুস্তকভিত্তিক পাঠ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পরিচালনা করলে ওই শিক্ষা প্রাথমিক শিক্ষা হয়ে যাবে না।...টেকসই সাক্ষরতা, জীবনদক্ষতা, নৈতিকতা ইত্যাদি শিক্ষার মাধ্যমে অর্জনের বিষয়। শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু, শিখন-শেখানো পদ্ধতি ইত্যাদির স্বরূপ ও পরিসরের ওপর নির্ভর করে এ শিক্ষা। এখানে কী শিখবে এবং কীভাবে শিখবে, তা গুরুত্বপূর্ণ, কোথায় শিখবে তা গৌণ।...এর আগে আট বছরমেয়াদি অভিন্ন শিক্ষাক্রম উন্নয়ন করে ওই শিক্ষাক্রমভিত্তিক পাঠ্যপুস্তক ও অন্যান্য শিখনসামগ্রী প্রণয়ন করতে হবে। সে অনুসারে কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ,...প্রশাসনিক পুনর্বিন্যাস ও একই আঙিনায় পূর্ণাঙ্গ প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়গুলো সময় নিয়ে ধীরে-সুস্থে করা যেতে পারে।’ পরামর্শগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।
এই শিক্ষানীতির আরেকটি দিক হলো, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন এবং সাধারণ শিক্ষার সঙ্গে যথাসম্ভব সমন্বয় সাধন। জাতীয় শিক্ষানীতির ষষ্ঠ অধ্যায়ে মাদ্রাসা শিক্ষাকে জাতীয় শিক্ষাব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশরূপে বিবেচনা করে এবং এই শিক্ষার স্বকীয়তা বজায় রেখে একে আরও যুগোপযোগী করার কথা বলা হয়েছে। কিন্তু এ লক্ষ্য অর্জনে যে কৌশল গ্রহণের কথা বলা হয়েছে, তা নতুন স্তরবিন্যাস পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই অধ্যায়ে দ্বিতীয় কৌশলে বলা হয়েছে, ‘বর্তমানে বাংলাদেশে ইবতেদায়ি পাঁচ বছর, দাখিল পাঁচ বছর, আলিম দুই বছর, ফাজিল দুই বছর ও কামিল দুই বছরমেয়াদি ব্যবস্থারূপে প্রচলিত আছে। সব ধরনের মাদ্রাসার পুনর্বিন্যাস করে অন্যান্য ধারার সঙ্গে সমতা রক্ষার লক্ষ্যে ইবতেদায়ি আট বছর, দাখিল দুই ও আলিম দুই বছর করা হবে। সাধারণ ধারার উচ্চশিক্ষার সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষক ও অন্যান্য উপকরণ নিশ্চিতকরণ সাপেক্ষে চার বছরমেয়াদি ফাজিল অনার্স ও এক বছরমেয়াদি কামিল কোর্স চালু করা হবে। তবে যত দিন পর্যন্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষক ও অন্যান্য উপকরণ নিশ্চিত করা সম্ভব হবে না, তত দিন পর্যন্ত ফাজিল ও কামিল কোর্সের বর্তমান মেয়াদ অব্যাহত থাকবে।’ সাধারণ শিক্ষার মতোই এখানেও একই ভুলের পুনরাবৃত্তি ঘটেছে। ইবতেদায়ি আট বছর, দাখিল চার বছর শেষে (আলিম পরীক্ষা তুলে দিয়ে) চার বছরমেয়াদি ফাজিল অনার্স ও এক বছরমেয়াদি কামিল কোর্স চালু করার পরিকল্পনাই হতে পারত যুক্তিযুক্ত। তাতে শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমত।
এই পরিকল্পনায় সবচেয়ে উপেক্ষিত হয়েছে শিক্ষার্থীরা, যাদের ওপর চাপানো হয়েছে হরেক পাবলিক পরীক্ষার বোঝা। যত বেশি পরীক্ষা, তত বড় পণ্ডিত—এ তত্ত্ব ঠিক নয়। একদিকে আট বছরমেয়াদি প্রাথমিক বা ইবতেদায়ি শিক্ষার কথা বলা হচ্ছে, অন্যদিকে পাঁচ বছর শেষে প্রাথমিক সমাপনী/ইবতেদায়ি পরীক্ষা গ্রহণ করে আবার অষ্টম শ্রেণি শেষে জেএসসি/জেডিসি পরীক্ষা গ্রহণ অব্যাহত রয়েছে। প্রস্তাবিত শিক্ষানীতিতে দশম শ্রেণি কোনো প্রান্তিক শিক্ষা না হওয়া সত্ত্বেও এসএসসি বা দাখিল পরীক্ষা শুধু চালু আছে তা-ই নয়, শিক্ষানীতি চালু হলেও তা অব্যাহত থাকার কথা বলা হয়েছে। এভাবে আমাদের কোমলমতি পড়ুয়ারা শিকার হচ্ছে পরীক্ষা নামক এক ভয়ংকর পরিস্থিতির এবং আখেরে তাদের লাভ-ক্ষতি যা-ই হোক, বিদ্যা-বণিকেরা কোটি কোটি টাকা লুটে নেওয়ার মওকা পেয়ে যাচ্ছে। গোটা ব্যবস্থায় সবচেয়ে লাভবান হচ্ছে কোচিং ব্যবসায়ীরা, আর মূল্য গুনছে এ দেশে অসহায় পড়ুয়া আর তাদের অভিভাবকেরা।
পড়ালেখার চাপে প্রায় ৭৫ শতাংশ ভাগ শিশুর লেখাপড়া দশম শ্রেণির আগেই শেষ হয়ে যায়। অতিরিক্ত পরীক্ষার বোঝা, প্রশ্নপত্র ফাঁস, ব্যাপক নকল ও পরীক্ষায় দুর্নীতি গোটা শিক্ষাব্যবস্থাকে পরিহাস করছে। শিশুর জীবন থেকে মুছে যাচ্ছে কৈশোরের সব আনন্দ, ক্রমেই তারা পরিণত হচ্ছে যন্ত্রশিশুতে, হারাচ্ছে মানবিক মূল্যবোধ। বইয়ের ভার, প্রাইভেট টিউটরের চাপ, অত্যুচ্চ ব্যয়, কোচিংয়ের নির্যাতন শিশুর সব আনন্দ নস্যাৎ করে দিচ্ছে। সে অরুণরাঙা প্রভাত চেনে না, দেখে না আবিররাঙা সন্ধ্যাকাশ। তার জন্য নেই নির্মল বায়ু, উন্মুক্ত আকাশ, রৌদ্রকরোজ্জ্বল দিন, উপভোগ করতে পারে না বৃষ্টির রিমঝিম শব্দ কিংবা নক্ষত্রখচিত নভোমণ্ডল, বিস্ময়কর চন্দ্রকলা। নেই সমবয়সী বন্ধুর সঙ্গে খেলার সুযোগ, পড়ার চাপে পারিবারিক-সামাজিক আনন্দ থেকে সে বঞ্চিত। ক্রমে আত্মপরায়ণ হয়ে ওঠা শিশু অর্থবিত্তকে জীবনের একমাত্র আরাধ্য ভাবে। সমাজ ও রাষ্ট্রের প্রতি কোনো দায় অনুভব করে না।
প্রশ্নপত্র ফাঁস, ব্যাপক নকল, দুর্নীতিসহ পরীক্ষায় নানা অনৈতিক ক্রিয়াকাণ্ড শিশুকে তার জীবনের শুরুতেই অসৎ হতে শেখায়, শিশু বয়সেই রপ্ত করতে শেখায় দুর্নীতি। শিক্ষক, মা-বাবা ও সমাজ সম্পর্কে সে শ্রদ্ধা হারিয়ে ফেলে। মহৎ জীবন গড়ার স্বপ্ন নস্যাৎ হয়ে যায়। একটি টিভি চ্যানেলে প্রাথমিক সমাপনী পরীক্ষার হলে শিক্ষকের সহায়তায় পরীক্ষার্থীদের দেখাদেখি করে উত্তর লেখার মচ্ছবের যে ভিডিওচিত্র দেশবাসী দেখেছে, তারপর অতিরিক্ত এই পরীক্ষা নামক প্রহসনের অবসান ছাড়া আমরা আর কীই-বা চাইতে পারি? কী কাজে লাগবে এই সনদ?
আমিরুল আলম খান: শিক্ষাবিদ।
[email protected]