
সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের নতুন ছায়াছবি ইন্টারভিউ নিয়ে পশ্চিমে এখন যে বেশ হইচই শুরু হয়েছে, তাতে ভিলেনের ভূমিকায় আমরা দেখছি পূর্ব এশিয়ার বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়াকে। বলা হচ্ছে, সেই চলচ্চিত্র নির্মাণের বদলা হিসেবে উত্তর কোরিয়া সনির ইন্টারনেট ওয়েবসাইটে সংঘবদ্ধ হামলা চালিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। শুধু সংবাদমাধ্যমের ঢালাও অভিযোগের মধ্যে বিষয়টি সীমিত থাকেনি। এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও হুমকি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার সেই ‘অনৈতিক’ আগ্রাসনের বদলা তিনি নেবেন। উত্তর কোরিয়া সনি পিকচার্সের ইন্টারনেট ওয়েব পেজে হানা দিয়ে মস্ত অন্যায়ই কেবল করেনি, একই সঙ্গে মতামত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপও করেছে, সে রকম অভিযোগ উত্থাপন করতেও তিনি ভোলেননি। ফলে পুরো বিতর্ক এখন যেন হয়ে উঠেছে নৈতিকতা আর অনৈতিকতার প্রকাশ্য লড়াই, যার প্যাঁচে পড়ে গিয়ে মার খাচ্ছে সত্য, মার খাচ্ছে ন্যায়-অন্যায়ের স্বাভাবিক ধারণা।
উত্তর কোরিয়া অবশ্য হ্যাকিংয়ের ঘটনায় দেশের সরাসরি জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছে। তবে বারাক ওবামার হুমকির জবাবে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে যে, পেশি প্রদর্শনের মধ্য দিয়ে নিজের নৈতিক অবস্থানের দিগম্বর ছবিই তিনি বিশ্বের সামনে তুলে ধরছেন। আর এই অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে বিশেষ যে মহলটি ফায়দা লুটে নিচ্ছে, সে হলো সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট। সীমিতভাবে বড়দিনে ছবিটি মুক্তি দেওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রনির্মাতা কোম্পানি বাজারের হালচাল বুঝে নেওয়ার যে চেষ্টা চালায়, তাতে অভূতপূর্ব সাড়া পেয়েছে তারা। অতঃপর এখন পূর্ণাঙ্গ পরিসরে ময়দানে নেমে বক্স অফিসের ননি তুলে নেওয়া তাদের পক্ষে কষ্টকর হওয়ার কথা নয়। আর এটাই হচ্ছে ব্যবসায়ী চাতুরী। যত বেশি বিতর্ক, লাভের ননির তত বেশি পুরু হয়ে ওঠা। এবার দেখা যাক ছবির কোন সে দিক, যা নিয়ে মহাশক্তিধর দেশটির নেতারা এ রকম হইচই জুড়ে দিচ্ছেন এবং উত্তর কোরিয়াই বা কেন হলিউডি সেই ছবি নিয়ে এতটা বিতৃষ্ণা পোষণ করছে।
হলিউডি ছবির কাহিনিতে নতুনত্বের সন্ধান করা অবশ্য সময়ের অপচয় মাত্র। মারদাঙ্গা প্লট আর সেই সঙ্গে যৌনতার সুড়সুড়ি যখন বক্স অফিসে জনতার ঢল নিয়ে আসার জন্য যথেষ্ট, সে রকম অবস্থায় কাহিনির নতুনত্বের পেছনে ঘুরে বেড়ানো কেন? হলিউডি ছবির আরেকটি দিক, যা কিনা বিগত কয়েক দশক ধরে পশ্চিমের দুনিয়ায় দর্শক টানতে সাহায্য করছে তা হলো, তৃতীয় বিশ্বের অপছন্দের দেশগুলো যে আসলেই কতটা ‘পশ্চাৎপদ’, নিজস্ব ‘উন্নত’ অবস্থান থেকে দর্শকদের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া। আর এ ক্ষেত্রে প্রচারমাধ্যম সর্বদা সাথি হতে প্রস্তুত থাকায় এসব ছবির বেলায় ইতিবাচক পর্যালোচনা হচ্ছে বক্স অফিসে সজোরে করাঘাত করার বেলায় উপরি একটি পাওনা। ইন্টারভিউকেও সেই পর্যায়ের একটি ছবি হিসেবে সহজেই গণ্য করা যায়। ছবির মূল চরিত্র হিসেবে এখানে সাংবাদিককে বেছে নেওয়ায় পশ্চিমের সংবাদমাধ্যম তাদের মহৎ পেশার সমর্থনে এগিয়ে আসাকে যেন নৈতিক দায়িত্ব হিসেবে ধরে নিয়েছে, আর সেই ডামাডোলে হারিয়ে গেছে নৈতিকতার আসল প্রশ্নটি।
ছবির কাহিনিতে আছে দুই সাংবাদিকের সাক্ষাৎকার গ্রহণের জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সান্নিধ্যে আসা এবং সেই সান্নিধ্যের সুযোগ নিয়ে পশ্চিমের চোখে ঘৃণিত হিসেবে গণ্য সেই নেতাকে হত্যার ষড়যন্ত্র করা। গল্পের অতি সাধারণ সেই প্লটকে বক্স অফিস মাতানো সিনেমার জন্য সাজিয়ে নিতে যত রকম নাটকীয়তা ও চাটুকারিতার প্রয়োজন, তার সবটাই সংযুক্ত করা হয়েছে ছবিতে। ফলে রোমহর্ষক এমন এক থ্রিলার সেই ছবি হয়ে উঠেছে, যা কিনা একই সঙ্গে আবার ভিন্ন কিছু উদ্দেশ্য চরিতার্থ করার বেলায়ও কাজে লাগছে। আর দ্বিতীয় সেই দ্বিমুখী উদ্দেশ্য হলো, উত্তর কোরিয়ার নেতা কতটা বলদসাদৃশ্য এক মানুষ, পশ্চিমের নির্বোধ চলচ্চিত্রপ্রেমীদের সামনে সেই বাস্তবতা তুলে ধরা; আর সেই সঙ্গে সে রকম ক্ষতিকর চরিত্রকে বিশ্ব থেকে লোপাট করে দেওয়ার ‘মানবিক’ দায়িত্ব পালনের মধ্য দিয়ে পশ্চিমের বাঘা সাংবাদিকেরা যে ‘নৈতিক’ দায়িত্ব পালন করছেন, সে রকম ছবক পশ্চিমের নির্বোধ দর্শকদের দেওয়া। হ্যাকিংয়ের ঘটনা অবশ্য সেই বিতর্ক থেকে আমাদের দৃষ্টি এখন সহজেই সরিয়ে নিয়ে গেছে ভিন্ন কিছু প্রসঙ্গের দিকে, যার মূলে আছে ব্যবসায়িক লাভ-ক্ষতির হিসাব-নিকাশ।
সনি এন্টারটেইনমেন্টের পাশাপাশি মার্কিন সরকারও বলছে যে নিছক এক কল্পকাহিনির ওপর ভিত্তি করে তৈরি একটি ছায়াছবি নিয়ে উত্তর কোরিয়ার মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি মোটেও কাম্য নয় এবং উত্তর কোরিয়াকে এ জন্য শাস্তি পেতে হবে। তবে আমরা তো জানি, একটি দেশের নেতাকে হত্যা করার ওপর ভিত্তি করে কল্পকাহিনি তখনই রচনা করা যেতে পারে, যখন কিনা কল্পনায় এঁকে নেওয়া একটি দেশের সঙ্গে সেই চরিত্রটিও হচ্ছে কাল্পনিক। অর্থাৎ দেশ এবং দেশের নেতা বলতে ঠিক কাকে বোঝানো হচ্ছে, পরোক্ষ আকার ইঙ্গিতে সেটা তুলে ধরা। সে রকম অবস্থাতেই কল্পকাহিনি হয়ে উঠতে পারে অনেক বেশি বাস্তবসম্মত, অনেক বেশি অর্থবহ। এ ছাড়া অযথা বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও সে রকম অবস্থায় অনেক কম। সবকিছুর ঊর্ধ্বে যে সত্য তা হলো, সৃজনশীলতায় কাঠখোট্টা বাস্তবতার স্থান নেই। সনি এন্টারটেইনমেন্টের ছবি দর্শকদের হাততালি হয়তো পেতে পারে, তবে সৃজনশীল সৃষ্টি হিসেবে এর মূল্যায়ন শূন্যতেই আটকে থাকবে।
এবার দেখা যাক, নৈতিক দিক থেকে এ রকম এক প্লটের চলচ্চিত্রায়ণ কতটা গ্রহণযোগ্য। বারাক ওবামা বলেছেন, একটি ছায়াছবি নিয়ে হ্যাকিং-হামলা চালিয়ে উত্তর কোরিয়া গর্হিত কাজ করেছে। তবে যে বিতর্ক তিনি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছেন, তা হলো, একজন রাষ্ট্রনায়ক, যিনি জীবিত এবং নির্বাচিত নেতা না হলেও দেশের শাসনব্যবস্থার হাল ধরে যিনি বসে আছেন, সে রকম এক ব্যক্তিকে হত্যা করার ওপর ভিত্তি করে তৈরি ছবি প্রকৃত অর্থে হত্যাকে উসকে দেবে কি না, কিংবা সে রকম একটি ছবি তৈরি নৈতিকতার মানদণ্ড থেকে আসলেই কতটা গ্রহণযোগ্য। একটু ভিন্নভাবে আলোকপাত করে দেখলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে উঠতে পারে।
সিআইএর চালানো অত্যাচারের বাস্তব সব কাহিনি নিয়ে বিশ্ব যখন মাতোয়ারা, ঠিক সেই সময়ে যুক্তরাষ্ট্রের সাবেক এক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ঘোষণা করে বসেছেন যে প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ‘ওয়াটার ট্রিটমেন্ট’ বা পানির যন্ত্রণা নামে পরিচিত অত্যাচার সন্দেহভাজন সন্ত্রাসীদের ওপর চালাবে। ওয়াটার ট্রিটমেন্ট ও সেই সঙ্গে সিআইএ এবং হোমল্যান্ড সিকিউরিটির চালানো নানা রকম নির্যাতনমূলক তৎপরতার কেবল নীরব সমর্থকই নন, চেনি সাহেব ও তাঁর সাঙ্গপাঙ্গরা হচ্ছেন এর প্রয়োগকারীও। যেকোনো কর্মকাণ্ডের ওপর সন্ত্রাসবাদী তৎপরতার লেবেল সেঁটে দিয়ে সে রকম কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার ও নির্যাতনের মুখোমুখি হতে হওয়ার অভিজ্ঞতা বিশ্বের অনেক দেশের তরুণদের হয়েছে চেনি সাহেবরা যখন ক্ষমতায় ছিলেন। অভিযুক্তদের অনেকে পরে নির্দোষ প্রমাণিত হলেও কোনো রকম ক্ষতিপূরণ তো দূরের কথা, এমনকি মৌখিক ক্ষমাও তাদের কাছে চাওয়া হয়নি। বরং চেনি সাহেবরা আবারও জোর গলায় বলছেন যে একই পথ পুনরায় তাঁরা অনুসরণ করবেন। ইন্টারনেট ব্লগ কিংবা ব্যক্তিগত আদান-প্রদানে চেনি সাহেবদের হত্যা করার কল্পকাহিনি তুলে ধরা খোদ বারাক ওবামার দেশে কতটা নিরাপদ, সেই প্রশ্ন তোলা এখানে অবান্তর। কেননা, আমরা জানি যে কর্তৃপক্ষের ওয়াটার ট্রিটমেন্টের আশ্রয় নেওয়ার যুগের অবসান হয়নি।
একটি দেশের ক্ষমতাসীন নেতাকে হত্যা করার কাহিনি নিয়ে তৈরি ছায়াছবিকে এ কারণেই তাই অনৈতিক আখ্যায়িত করা মোটেও যুক্তিহীন শোনাবে না। অথচ নৈতিকতাবর্জিত সেই দিকটির প্রসঙ্গ বারাক ওবামা সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়ে নন্দ ঘোষের মতোই সব দোষ চাপিয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার ওপর। চেনির দেওয়া শিক্ষা অনুসরণ করলে যে উপসংহারে উপনীত হওয়া যায় তা হলো, অপরাধের গুরুত্ব বিবেচনায় সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের নির্বাহীদের ‘ওয়াটার ট্রিটমেন্ট’ ধোলাই দেওয়ার জন্য বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিআইএরই কোনো এক গুপ্তঘাঁটিতে নিয়ে যাওয়া।
মনজুরুল হক: শিক্ষক ও সাংবাদিক৷