জানু মিয়ার স্ত্রী দুই বছর পরপর সন্তানের মা হন। এইভাবে তিনি সাতটি সন্তানের জন্ম দিলেন: সবগুলোই কন্যাসন্তান। কিন্তু জানু মিয়া ও তাঁর স্ত্রীর বড্ড সাধ একটি ছেলেসন্তানের। একটা ছেলের আশাতেই তাঁদের নিতে হয়েছে সাতটি কন্যাসন্তান। কিন্তু তাঁরা হাল ছেড়ে দেননি। অবশেষে অষ্টমবারে তাঁদের ঘরে এল একটা ছেলেসন্তান।
ঘটনাটি গত শতকের সত্তর দশকের, ময়মনসিংহের একটি গ্রামের। তখনো ‘বংশের প্রদীপ’ আর সম্পত্তির আসল ‘উত্তরাধিকার’ বলতে ছেলেকেই বোঝাত। সালিস-দরবার কিংবা মারামারিতে হেরে গিয়ে পুত্রহীন পিতা আক্ষেপ করে বলতেন, ‘আইজ যদি আমার একখান পোলা থাকত রে’! তখন শারীরিক শক্তিমত্তা প্রদর্শনের পাশাপাশি ছেলের বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু পাওয়ার হীন ভাবনা কাজ করত। অন্যদিকে মেয়ে দেখতে সুশ্রী না হলে অসচ্ছল মা-বাবার দুশ্চিন্তার অন্ত ছিল না।
জানু মিয়াদের সময় এবং তারও অনেক আগে শতাব্দীর পর শতাব্দী কন্যাসন্তান জন্ম দেওয়ায় অনেক প্রসূতিকে শারীরিক অত্যাচার বা অপবাদ সইতে হয়েছে। বর্তমান সময়েও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পুত্রকেন্দ্রিক মানসিকতার কিছু ভয়ানক চিত্র দেখা যায়। পরপর দুই কন্যাসন্তান জন্ম দেওয়ায় সাতক্ষীরায় স্ত্রীকে তালাক, রংপুরের মিঠাপুকুরে শ্বশুর-শাশুড়ির নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা, দিনাজপুরের চিরিরবন্দরে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা, নবীগঞ্জে এক কাপড়ে স্ত্রীকে বাপের বাড়ি পাঠানো ইত্যাদি সাম্প্রতিক খবর। বরিশালের আগৈলঝাড়ায় পরপর চার কন্যাসন্তান হওয়ায় অভিমানে স্বামী-স্ত্রীর আত্মহত্যার চেষ্টার ঘটনাও আছে। সামাজিক সচেতনতার অভাবে এখনো পুত্রকেন্দ্রিক ভাবনার ভয়ানক চিত্রের অবসান ঘটেনি। এই সমস্যা শুধু বাংলাদেশেই নয়। কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ভারতের উত্তর প্রদেশের সাতবারের জাতীয় নেটবল চ্যাম্পিয়ন শুমায়লাকে স্বামী মোবাইল ফোনে তালাক দিয়েছেন কন্যাসন্তান জন্ম দেওয়ার দায়ে। এই অন্যায়ের বিচার চেয়ে শুমায়লা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন।
নারী-পুরুষের এক্স এবং ওয়াই (XY) ক্রোমোজোম মিলে ছেলেশিশু আর এক্স ও এক্স (XX) ক্রোমোজোম মিলে মেয়েশিশু হয়। সেখানে স্বামী-স্ত্রী কারোরই হাত নেই। আধুনিক বিজ্ঞানশিক্ষার যুগে এই বিষয়টি জানার পরও কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন না করলেও মানসিকভাবে অবহেলা করার মতো উচ্চশিক্ষিত পুরুষের সংখ্যা বিরল নয়। পুত্রসন্তানের জনক হওয়ার খবর বাবা যতটা উচ্ছ্বাসের সঙ্গে অন্যকে জানান, কন্যাসন্তানের বেলায় ততটা করেন না। জনৈক উপজেলা নির্বাহী কর্মকর্তার স্ত্রী এমবিবিএস ডাক্তার। তাঁদের প্রথম কন্যাসন্তান জন্ম নেওয়ার খবর তিনি বন্ধুদের না জানালেও দ্বিতীয় সন্তান ছেলে হওয়ার খবরটি অনেকটা গর্ব আর উচ্ছ্বাসের সঙ্গে জানিয়েছিলেন।
অফিসের এক নারী ও এক পুরুষ সহকর্মীর কাছে জানতে চাইলাম, তাঁদের পরিচিতদের মধ্যে কতজনের একমাত্র বা দুই সন্তানই কন্যা এবং তারা শুধু ছেলের জন্য আর সন্তান নেওয়ার প্রয়োজন বোধ করেছেন কি না? নারী সহকর্মী বললেন, অনেকেই একমাত্র কন্যাসন্তান নিয়ে সুখে আছেন এবং দ্বিতীয় সন্তান নেননি। কিন্তু পুরুষ সহকর্মী দ্বিমত পোষণ করে বললেন, যাঁরা বলেন একমাত্র কন্যাসন্তান নিয়ে সুখে আছেন, তাঁদের নিশ্চয়ই দ্বিতীয় সন্তান নেওয়ার ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতা ছিল। এরপর একমাত্র বা দুটি কন্যাসন্তান নিয়ে ভালো আছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বললাম। তাঁরা কেউ সাংবাদিক, কেউ অভিনেতা, কেউ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কেউ ব্যবসায়ী। তাঁদের কেউ ছেলে বা মেয়ে যা–ই হোক এক সন্তান নেওয়ার পক্ষে। একজনের মতে, একাধিক সন্তান নেওয়ার বিষয়টি আর্থিক সক্ষমতার ওপর নির্ভরশীল। তবে তিনি শুধু ছেলের জন্য দ্বিতীয় সন্তান নেওয়ার পক্ষপাতী নন। আরেকজন বললেন, ‘সন্তান সন্তানই। তবে মেয়েরাই বৃদ্ধ মা-বাবার বেশি দেখভাল করে।’ তাঁদের সন্তানবিষয়ক ভিন্ন আঙ্গিকের ভাবনায় কন্যাসন্তান উপেক্ষিত নয়।
দুই কন্যাসন্তানের বাবা এক চায়ের দোকানিকে জিজ্ঞেস করলাম ছেলের জন্য আরেকটি সন্তান নেওয়ার ইচ্ছে ছিল কি না। তিনি বললেন, দরকার কী? তাঁর কাছে ছেলে-মেয়েতে কোনো পার্থক্য আছে কি না জানতে চাইলে তিনি বললেন, ‘শুনেন, ছেলে ছেলেই আর মেয়ে মেয়েই। আমার মেয়ে কি শ্বশুরবাড়িতে নিজের সিদ্ধান্তে কিছু করতে পারবে?’ বুঝলাম, মেয়ের প্রতি তঁার ভালোবাসার কমতি না থাকলেও তিনি অধিকারের বাস্তবতায় ক্ষুব্ধ।
একদিন বাসায় ঢোকার সময় কেয়ারটেকার হাসিমুখে বললেন, একটা ভালো ছেলের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে ঠিক হয়েছে। কেয়ারটেকারের মুখজুড়ে প্রশান্তির ছাপ। আমার নিজের একমাত্র ছেলের মাকে এ বিষয়ে জিজ্ঞেস করার পর সে স্মরণ করিয়ে দিল যে আমরা আগেই মানসিকভাবে ছেলে বা মেয়ের জন্য প্রস্তুত ছিলাম। আরেকটি মেয়ে হলে ভালো হয় কি না জানতে বলল, ‘মেয়েরা সংসারের শ্রী বৃদ্ধি করে।’
বেসরকারি কোম্পানিতে চাকরিরত একজন বলল, ‘সন্তানের আকাঙ্ক্ষাবিষয়ক মনের কথা কেউ বলবে না।’ ফেসবুকে দেখি, টেলিভিশনে কাজ করেন এমন এক সিনিয়র সাংবাদিক লিখেছেন, ‘কন্যা আজ প্রথমবারের মতো আমাদের ছাড়া বিদেশ যাচ্ছে, টেনশন টেনশন।’ কয়েক মাস আগে এক নারী সাংবাদিক বিদেশ থেকে ফিরে ফেসবুকে মেয়ের ছবি দিয়ে লিখলেন, ‘একমাত্র তুই-ই সত্য, বাকি সব মিথ্যে’। অর্থাৎ, যুগ যুগ ধরে চলে আসা পুত্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে ধীরে ধীরে পরিবর্তন আসছে।
এক সাংবাদিক বন্ধুর স্ত্রী বাসার বারান্দায় কিছু ফুলের টবের মাঝে একমাত্র কন্যাসন্তানকে বারান্দায় বসিয়ে ছবি তুলে ফেসবুকে লিখলেন, ‘আমার একটি বাগান আছে, সেই বাগানে একটি ফুল ফুটেছে।’ পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থিরচিত্র হচ্ছে মায়ের কোলে শিশুর হাসি। আর সবচেয়ে সুন্দর চলমান দৃশ্য হচ্ছে মা-শিশুর পাশাপাশি হাত ধরে হেঁটে যাওয়া। সেই দৃশ্যটি আরও পূর্ণতা লাভ করে যখন শিশুর একটি হাত থাকে বাবার হাতে আর অন্যটি মায়ের হাতে। সেই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তার দুহাত থাকুক মা-বাবার হাতের মুঠোয়।
মুহম্মদ মোফাজ্জল: সাংবাদিক ও লেখক।