সন্তানের মনের খবর রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১ জুলাই গুলশানে সন্ত্রাসী হামলা অনেক বিষয় সামনে নিয়ে এসেছে। অনেকেই বলছেন যে বাংলাদেশে জঙ্গিবাদ ঠেকাতে হলে রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, পারিবারিক সব ক্ষেত্রেই কাজ করতে হবে। তা নিয়ে দ্বিমতের অবকাশ নেই। এই লেখায় বর্তমান যুগে সন্তানের সঙ্গে মা-বাবার সম্পর্ক নিয়ে আলোকপাত করতে চাই। হামলাকারী তরুণদের পরিবারের সদস্যরা এই ঘটনায় তঁাদের সম্পৃক্ততায় বিস্ময় প্রকাশ করায় এই প্রশ্ন জাগা স্বাভাবিক—কেন সন্তানেরা মা-বাবার অচেনা হয়ে গিয়েছিল? একজনের বাবা টেলিভিশনে বললেন যে তিনি মাঝেমধ্যে ছেলের ঘরে যেতেন, কিন্তু কখনোই সন্দেহজনক কোনো বই দেখেননি। বর্তমান সময়ে শিশু-কিশোর ও তরুণেরা যে তথ্য, বিনোদন ও যোগাযোগের জন্য মূলত ইন্টারনেটের ওপর নির্ভর করে, তা কি আমরা এখনো জানি না?
ধারণা করা হয়, ইন্টারনেট শিশুদের ক্ষমতায়ন ও একটি গণতান্ত্রিক সমাজ গঠনে ভূমিকা রাখবে। কিন্তু ইন্টারনেট শিশুর অনেক ক্ষতিরও কারণ হতে পারে। বেশি বেশি ইন্টারনেট ব্যবহারে শিশুর লেখাপড়ায় মনোযোগ ও অর্জন কমে যেতে পারে, ওজন ও অলসতা বাড়তে পারে, সে হতাশাবাদী হয়ে উঠতে পারে এবং তার মধ্যে বিভিন্ন ধরনের সমাজবিরোধী মনোভাব ও আচরণ দেখা দিতে পারে। সাইবার জগতে শিশুদের যৌন নির্যাতনের ছবি ও উপকরণ তৈরি ও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে শিশুর ক্ষতি করা হয়। একজন শিশু নির্যাতনকারী অনলাইনের মাধ্যমে শিশুদের সঙ্গে বন্ধুত্বের ছলে কিংবা তাকে পরামর্শ দেওয়ার নামে তার মারাত্মক ক্ষতি করতে পারে। তা ছাড়া পর্নো ছবি, সহিংসতা, মাদক-সংক্রান্ত তথ্য ইত্যাদি সাইবার জগতে সহজলভ্য। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জঙ্গিগোষ্ঠী কিশোর-তরুণদের আকৃষ্ট করে।
কিছু তরুণ ‘নিখোঁজ’ রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কেউ নিশ্চয়ই একদিন হঠাৎ বাড়ি ছেড়ে জঙ্গি দলে যোগ দেয় না। এর পেছনে প্রস্তুতি থাকে। সন্তানের সঙ্গে যদি মা-বাবার নিয়মিত যোগাযোগ থাকে, তাহলে আচার-আচরণ বা কথাবার্তা থেকে তাদের চিন্তাভাবনার পরিবর্তন অনুমান করা এবং সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া যায়। বিখ্যাত স্কুল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে, দামি খেলনা আর গেজেট কিনে দিয়ে, আর মাঝেমধ্যে রেস্টুরেন্ট আর বিদেশ ভ্রমণে নিয়ে গেলেই সন্তান পালনের দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রয়োজন সন্তানদের মনের খবর জানার চেষ্টা করা। ইদানীং এমন দৃশ্য চোখে পড়ে যে পরিবারের সদস্যরা রেস্টুরেন্টের একটি টেবিলে বসে আছে ঠিকই, কিন্তু কেউ কারও সঙ্গে কথা বলছে না, যে যার মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। পাশাপাশি থাকার পরও কী দুঃখজনক যোগাযোগহীনতা!
জাতিসংঘের শিশু অধিকার সনদের ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, সন্তান লালনপালনের মূল দায়িত্ব মা-বাবার এবং রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের সহায়তা করা। অনেক বাংলাদেশি মা-বাবা তাঁদের সন্তানদের ইন্টারনেট ব্যবহার নিয়ে খুবই উদ্বিগ্ন। মা-বাবার উচিত সন্তানদের সঙ্গে সময় দেওয়া, যাতে করে তারা সন্তানদের কিসে আগ্রহ, তাদের বন্ধুবান্ধব কারা ইত্যাদি বুঝতে পারেন এবং সেই মোতাবেক
সঠিক নির্দেশনা দিতে পারেন। মা-বাবার সঙ্গে সন্তানদের কার্যকরী যোগাযোগ জরুরি। ৩০ বছর ধরে সন্তানের লালনপালনের ওপর পরিচালিত শতাধিক গবেষণা থেকে দু-দুটি মূল বিষয় জানা যায়: শিশুদের ভালোবাসা ও উষ্ণ পরিবেশে রাখা এবং তাদের শেখার জন্য কাঠামো থাকা দরকার। উষ্ণ পরিবেশের মানে হলো সন্তানের সঙ্গে বিশ্বাস, শ্রদ্ধা ও যোগাযোগ প্রতিষ্ঠা করা। কাঠামো হলো তথ্য, দিকনির্দেশনা ও শিক্ষাদান।
বিশ্বের কোনো দেশই অনলাইনে শিশুদের নিরাপত্তার ঝুঁকি পুরোপুরি দূর করতে পারেনি। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। পশ্চিমা দেশগুলো অনলাইনে শিশুদের নিরাপত্তা দিতে নানান গবেষণা করছে। ফলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা সম্ভব হচ্ছে। যেমন, অনলাইনের কর্মকাণ্ড বাস্তব জীবনের আচার-আচরণের প্রতিফলন। তাই ইন্টারনেটে শিশুদের নিরাপত্তার জন্য শুধু প্রযুক্তির দিকে দৃষ্টি দিলেই হবে না, ইন্টারনেট কোন প্রেক্ষাপট ও সামাজিক পরিমণ্ডলে ব্যবহৃত হচ্ছে—সেটাও বিবেচনায় নিতে হবে। শিশুদের ঝুঁকির বিষয়টি তাদের আর্থসামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত। শিশুদের কেউ কেউ বিশেষভাবে ঝুঁকির মধ্যে থাকে কারণ তাদের পরিবেশে ঝুঁকির উপাদান বেশি। যেমন সামাজিক ও অর্থনৈতিকভাবে কঠিন পরিস্থিতিতে বসবাসকারী শিশু কিংবা ইতিমধ্যেÿ ক্ষতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে যথা যৌন নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে এমন শিশু। আবার কোনো কোনো শিশু আছে যারা একাকী থাকে কিংবা নিজেকে মা-বাবা ও অন্যদের কাছে অনাকাঙ্ক্ষিতভাবে কিংবা আত্মমর্যাদাহীনতায় ভোগে অথবা আত্মবিশ্বাসের অভাব রয়েছে। বাংলাদেশের উচ্চবিত্ত পরিবারের যেসব তরুণ জঙ্গি দলে যোগ দিচ্ছে, তারা হয়তো একধরনের পারিবারিক ও সামাজিক বিচ্ছিন্নতার শিকার। ফলে অপরিচিত মানুষ খুব দ্রুত তাদের কাছে এসে তাদের প্রভাবিত করতে পারছে।
শিশুদের অধিকার আছে নতুন নতুন বিষয় আবিষ্কারের এবং ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা পাওয়ার। এ অবস্থায় একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি হওয়া দরকার, যেখানে শিশুরা তাদের ব্যক্তিগত গোপনীয়তা, তথ্য, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি বজায় রেখে সাইবার জগতের ভালো দিকগুলোর সুবিধা যেমন নিতে পারবে, তেমনি ক্ষতিকর বিষয়গুলো থেকে সুরক্ষা পাবে। রাষ্ট্রকে সঠিক নীতিমালা প্রণয়ন করতে হবে। শিশুদের ভালো-মন্দ বোঝার সামর্থ্য বাড়ানো দরকার, যাতে করে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা তাদের জন্য ক্ষতির কারণ না হয়ে উদ্দীপনামূলক হয়। পাশাপাশি মা-বাবাদের সন্তানদের কথা সব সময় মন দিয়ে শোনা, তাদের ঝুঁকিগুলো বোঝা এবং তাদের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য সচেষ্ট থাকা দরকার।
লায়লা খন্দকার: পরিচালক, চাইল্ড প্রোটেকশন, সেভ দ্য চিলড্রেন।