সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ ও কেরির সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৯ আগস্ট বাংলাদেশ সফর করলেন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় শক্তিধর বলে বিবেচিত ব্যক্তি জন ফোর্বস কেরি। তিনি সে দেশের সেক্রেটারি অব স্টেটস বা আমাদের ভাষায় পররাষ্ট্রমন্ত্রী। কেরির সফরের প্রায় ৪৮ ঘণ্টা আগেই বাংলাদেশ পুলিশের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী অভিযানে আরেকটি বড় ধরনের সাফল্য এসেছে। এই অভিযান পরিচালিত হয় ঢাকার অদূরে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া নামক জায়গার একটি বাড়িতে। পুলিশের অভিযানে মারা যান বাংলাদেশে আইএসের সমন্বয়কারী এবং হলি অার্টিজান ও শোলাকিয়া হামলার কথিত মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তামিম চৌধুরী এবং তাঁর সঙ্গে আরও দুজন কথিত গুরুত্বপূর্ণ সন্ত্রাসী নেতা রাব্বি ও তওসিফ। এই দুজন তামিমের সহযোগী এবং অবশ্য দুজনই দীক্ষিত তথাকথিত জঙ্গি। তথ্য মোতাবেক, তাঁদের কাছে পয়েন্ট টু টু বোর পিস্তল, একে-২২ এবং কয়েকটি স্থানীয় তৈরি গ্রেনেড ছিল। এসব নিয়ে তাঁরা কতক্ষণ পুলিশের আক্রমণ ঠেকাতে সক্ষম হতেন, তা বলা কঠিন।
যদিও এ ধরনের জঙ্গিদের জীবিত ধরা কঠিন, তারপরও তাঁরা আত্মঘাতী হননি। জীবিত এমনকি আহত অবস্থায় ধরতে পারলেও হয়তো-বা অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেত। পুলিশের মতে, তামিম চৌধুরী জেএমবির নব্য নেতা এবং তাঁর আন্তর্জাতিক যোগাযোগ ছিল। জীবিত ধরতে পারলে বাংলাদেশে অবস্থানের সময়ে তাঁর পরিকল্পনা, এ দেশে অর্থায়ন ইত্যাদি হয়তো জানা যেত। তাঁদের মৃত্যুকে তাঁদের জিহাদি সংগঠন দেখবে সম্মুখসমরে মৃত্যু। তাঁরা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন, যার উদাহরণ হলি আর্টিজান ও শোলাকিয়ার ঘটনা। এ ধরনের র‍্যাডিকালাইজড জঙ্গিরা সহজে ধরা বা আত্মসমর্পণ যেমন করেন না, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পড়ে নিগৃহীত হওয়ার চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করেন।
পরপর দুটি সফল অভিযানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, বিশেষ করে আমাদের পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। জনগণের মনে যে স্বস্তি এসেছে, তা বহাল থাকবে বলে আশা করি। তবে সার্থক অভিযানের পর একজন রাজনীতিবিদের গুরুত্বহীন মন্তব্যের ওপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের দেশের মাঠপর্যায়ের রাজনীতিবিদদের মতো উত্তর না দিলেই ভালো করতেন। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের রাজনীতিবিদেরা প্রায়ই লাগামহীন বক্তব্য দিয়ে থাকেন। এ বিষয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। কোনো বক্তব্যের জবাব অরাজনৈতিক সরকারি বা রাষ্ট্রকার্যে নিয়োজিত ব্যক্তিদের, যাঁদের কাছ থেকে নিরপেক্ষ আচরণ আশা করা হয়, দেওয়া উচিত নয়। আমাদের রাজনীতিবিদদেরও ঢালাও বা অনুমানের ওপর ভিত্তি করে মন্তব্য করা উচিত নয়।
তামিম চৌধুরী কত দিন থেকে বাংলাদেশে, তা এ বছরের মাঝামাঝি প্রথম দ্য গ্লোব অ্যান্ড মেইল নামের কানাডীয় একটি পত্রিকার মাধ্যমে জানা যায়। ওই সময়ে পুলিশ তামিম চৌধুরী সম্বন্ধে তেমন কিছু জানত না বলে পত্রিকাটিতে প্রকাশ পায়। তবে এখনকার প্রাপ্ত তথ্যমতে জানা যায় যে তিনি বাংলাদেশে এ দফায় পৌঁছান ২০১৩ সালের ৫ অক্টোবর। তাঁর একমাত্র ছবিটিও বিমানবন্দরের ইমিগ্রেশন শাখা থেকে পাওয়া। এর মানে এই দাঁড়ায় যে, প্রায় তিন বছর তামিম চৌধুরী জেএমবির একাংশকে আধুনিকায়নের সময় পান এবং হয়তো এরই মধ্যে শিক্ষিত তরুণদের রিক্রুট করা থেকে প্রশিক্ষণ তদারকির যথেষ্ট সময় পান এবং ছোট ছোট অপারেশন, যেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা জেনেছি, সেগুলোর মাধ্যমে সাংগঠনিক ও প্রশিক্ষণের কার্যকারিতা নিরূপণ করতে সক্ষম হন। এরপরই সম্ভবত এই তামিম চৌধুরীকে বাংলাদেশের প্রধান বলে আইএস ম্যাগাজিন দাবিক দাবি করে। তবে তাঁর ছদ্মনাম ছিল শায়েখ আবু ইব্রাহিম আল-হানিফ আল বাঙ্গালি। কানাডার ওই পত্রিকার বরাত দিয়ে গত ৯ জুন প্রথম আলো প্রকাশ করেছে যে এই ব্যক্তিই তামিম চৌধুরী। তবে তামিম চৌধুরীকে কোনো আধ্যাত্মিক প্ররোচনাকারী বলে মনে হয় না, যা এখন তথ্যে প্রকাশ (প্রথম আলো: আগস্ট ৩০, ২০১৬)।
দ্য গ্লোব অ্যান্ড মেইলকে উদ্ধৃত করে তামিম চৌধুরীর জঙ্গি হয়ে ওঠা ও ‘ক্যালগরি ক্লাস্টার’ নামের কানাডীয় সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার যে বিবরণ প্রকাশিত হয়েছে, তা বেশ চমকপ্রদ। এ ধরনের আগাম তথ্য আমাদের বাহিনীগুলোর কাছে ছিল কি না, জানা যায়নি। ওই তথ্যমতে, কানাডীয় ওই নাগরিক, যদিও বাংলাদেশি বংশোদ্ভূত আইএসের প্রতিনিধি হিসেবে সিরিয়া থেকেই নিযুক্ত হয়েছিলেন বলে মনে হয়। অবশ্য ইতিপূর্বে কানাডার গোয়েন্দারা তামিমকে কতখানি পর্যবেক্ষণে রেখেছিলেন, তার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। ওই পত্রিকার মতে, এই গ্রুপ কানাডার বাইরে ভিন্ন ভিন্ন হামলায় প্রায় ৭০ জন মানুষকে হত্যা করেছে। একই সূত্রে জানা যায় যে ৯০ জনের মতো কানাডীয় নাগরিক বর্তমানে সিরিয়ায় আইএস, আল-কায়েদা ও জাবাত-আল-নুসরা, যার বর্তমান পরিবর্তিত নাম জারাত-ফাতাহ-আল-সাম, ফ্রন্টে যুদ্ধরত। এর মধ্যে কতজন বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছেন, তা জানা যায়নি।
হলি আর্টিজান হামলার পর জঙ্গি বিষয়ে বিশেষজ্ঞ জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির ফেলো অমরনাথ অমরসিঙ্গমের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি তামিম সম্বন্ধে এর বেশি কিছু বলতে পারেননি। এ ধরনের বিদেশি নাগরিক, যাঁরা বাংলাদেশি বংশোদ্ভূত, আরও কতজন সিরিয়ায় রয়েছেন, তার পরিসংখ্যান পাওয়া দুষ্কর। আর ডুয়েল সিটিজেন হিসেবে স্বীকৃত হওয়ার সুবাদে তাঁদের এ দেশে অবাধ বিচরণ সম্ভব। এমনকি জাতীয় পরিচয়পত্রও তাঁরা পেতে পারেন। উভয় বিষয়টি পুনরায় ভেবে দেখার প্রয়োজন রয়েছে। কানাডা কমনওয়েলথভুক্ত দেশ। বাংলাদেশি বংশোদ্ভূত, বিশেষ করে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করা হলে সেখানে আগাম ভিসার প্রয়োজন হয় না। কাজেই যাঁদের বিরুদ্ধে বাংলাদেশের ইমিগ্রেশনে কোনো নেতিবাচক তথ্য নেই, তাঁদের বাংলাদেশে আনাগোনা খুব সহজ এবং ভোটার হওয়া ও জাতীয় পরিচয়পত্র পাওয়াও দুষ্কর নয়। যতক্ষণ পর্যন্ত ‘স্মার্ট কার্ড’ ব্যবহারের প্রচলন না আসছে, জাতীয় পরিচয়পত্র নকল করাও কোনো বড় বিষয় নয়। এসব বিষয় নিয়ে চিন্তাভাবনার সময় এসেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে ‘নব্য জেএমবি’ বলে কথিত এই সংগঠন অনেকটা ছত্রভঙ্গ হলেও এরা যে নিশ্চিহ্ন হবে, তেমন ধারণা সঠিক নয়। সন্ত্রাসের ইতিহাস পর্যালোচনা করলে তেমনই প্রমাণিত। তবে একটা ধাক্কা তো লেগেছে, যা কাটিয়ে উঠতে সময় লাগবে। তবে তামিমের স্থলাভিষিক্ত হতে অনেকেই আগ্রহী হবেন। ওসামা বিন লাদেন-উত্তর আল-কায়েদা অথবা জারকাবি-উত্তর আল-কায়েদা ইন ইরাক থেকে আইএসে রূপান্তরিত হওয়া এর উদাহরণ। পুরোনো জেএমবির নতুন রূপ ধারণও এর উদাহরণ। সন্ত্রাস দমনে এ সরকারের তাৎক্ষণিক অর্জনের পাল্লা অবশ্যই ভারী। এখন যা প্রয়োজন, তা হলো দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা, জিরো টলারেন্স থেকে ‘জিরো টেররিজম’-এর দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া। এর জন্য প্রয়োজন হবে রাজনৈতিক, গণতান্ত্রিক ও সামাজিক মতৈক্য। বাংলাদেশের মানুষ ধার্মিক, তবে ধর্মান্ধ নয়। তবু মধ্যবিত্ত শিক্ষিত যুবকদের, যারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে অথবা জঙ্গিদের ‘আইকন’ হিসেবে ব্যবহৃত হতে পারে, এমন তরুণদের এ পথ থেকে ফিরিয়ে আনতে পথ খোলা রাখার প্রয়োজন রয়েছে। তবে যারা চরমপন্থী মতবাদে দীক্ষিত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েছে, তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়।

২.
জন কেরির সফরটির বিশ্লেষণে সৌজন্য সফর মনে হলেও বাংলাদেশ সরকারের সন্ত্রাসবিরোধী পদক্ষেপের প্রশংসা করে তাঁদের উদ্বেগের কথাও জানিয়েছেন। সন্ত্রাসবিরোধী দীর্ঘমেয়াদি পরিকল্পনায় গণতন্ত্র, বাক্স্বাধীনতা এবং মানবাধিকারের বিষয়টির ওপর তিনি জোর দিয়েছেন। যদিও তথাকথিত জঙ্গি মোকাবিলার নামে মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও পাকিস্তানের ওয়াজিরিস্তানে মার্কিন সন্ত্রাসবিরোধী যুদ্ধে এমনটা দেখা যায় না।
যা হোক, কেরির এই সংক্ষিপ্ত সফর এবং বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে শিক্ষিত তথাকথিত অধিক সেক্যুলার সমাজ বলে বিবেচিত শ্রেণির তরুণদের সম্পৃক্ততা বাংলাদেশের প্রচলিত ধারণা পাল্টে দিয়েছে। সেটাও মার্কিন প্রশাসনের উদ্বেগের বিষয়। জনবহুল বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ মুসলমান জনসংখ্যার মধ্যে প্রায় ৬০ শতাংশ তরুণ। তার সামান্যতম অংশও র‍্যাডিকালাইজড হলে তা শুধু বাংলাদেশের জন্যই নয়, এ অঞ্চল তথা পশ্চিমা বিশ্বের জন্য বিপদের মাত্রা বাড়বে বলে যুক্তরাষ্ট্র মনে করে, যার বহিঃপ্রকাশ কেরির বিভিন্ন বক্তব্যের মাধ্যমে উপস্থাপিত হয়েছে।
কেরির এই সফরে রাজনৈতিক অথবা অর্থনৈতিক বিষয়ে বর্তমান যুক্তরাষ্ট্রীয় নীতিতে নতুন আঙ্গিক যে যোগ হবে না, তা একরকম নির্ধারিত। কারণ, আর দুই মাস পরই নির্বাচন এবং নতুন প্রশাসন শাসনব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। নীতিগতভাবে এ সময়ে যুক্তরাষ্ট্র তার প্রচলিত নীতিতে নতুন আঙ্গিক যুক্ত করে না। এই সফরই হয়তো ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর শেষ সফর। তবে এবারই প্রথম বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনের মাধ্যমে স্বাধীনতাযুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের নেতিবাচক অবস্থানের ক্ষত অপসারণের চেষ্টা করেছেন প্রথম উচ্চপদস্থ রাজনীতিবিদ হিসেবে জন কেরি। এটাও বাংলাদেশের জন্য কম অর্জন নয়।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]