সন্ত্রাসবিরোধী যুদ্ধ শেষ হলো কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো কখনো আমার সন্দেহ হয়, মধ্যপ্রাচ্য নিয়ে মানুষ নিজের ভাষা দিয়ে যেভাবে নিজেকে বোকা বানাতে পারে, তা যুদ্ধের নির্বুদ্ধিতার চেয়েও বড় ব্যাপার। একটি থেকে আরেকটির সৃষ্টি হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যখন টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা হলো, তখন আমি বিমানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছিলাম। ঘটনা শোনার পর বিমান ঘুরে ইউরোপে নিরাপদে অবতরণ করে। তবে আমাদের বিমান অবতরণের আগেই তৃতীয় শ্রেণির রাজনীতিকেরা ক্লিশে বক্তৃতা দিয়ে আমাদের মগজ ধোলাই করে ফেলেছিলেন। তাঁরা প্রথম যে অনিষ্টকর কথাটি বলেছিলেন সেটি হলো, ‘৯/১১-এর হামলা পৃথিবীকে চিরতরে বদলে দিয়েছে।’ রাজনীতিকেরা এ কথা বলেছেন। সংবাদপত্রের সম্পাদকীয়তে এ কথার প্রতিধ্বনি হয়েছে। লাখ লাখ মানুষও এই সুরে কথা বলেছে। আমরা যদি পশ্চিমের ‘গণতন্ত্র’, ‘মূল্যবোধ’, ‘স্বাধীনতা’ প্রভৃতিতে বিশ্বাস রাখি, তাহলে এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব যে, ৯/১১-এর খুনিরা যাতে আমাদের পৃথিবীটাকে বদলে দিতে না পারে। এখন তো নয়ই, কখনোই নয়।
কিন্তু তখন আরেকটি কথা বলা হয়েছিল, যেটা আমি তখন খেয়াল করতে পারিনি। সেটি হলো, যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বযুদ্ধ শুরু করতে যাচ্ছে’। না, সন্ত্রাস শব্দটি আমি খেয়াল করিনি তা নয়, ব্যাপারটা হলো নিউইয়র্ক, ওয়াশিংটন ও পেনসিলভানিয়ায় ওই হামলার পর এই শব্দটি উচ্চারণ করা যেন জায়েজ হয়ে যায়। এরপর বুশ, পুতিন ও মধ্যপ্রাচ্যের দুর্বল নেতৃত্বগুণসম্পন্ন একনায়কেরা যখন এটি পুনরুচ্চারণ করতে শুরু করেন, তখন ব্যাপারটা আরও বিরক্তিকর হয়ে দাঁড়ায়। যার লক্ষ্য ছিল পৃথিবীজুড়ে নৃশংসতা চালানোর যুক্তি তৈরি করা।
আসলে ‘বিশ্বযুদ্ধ’ শব্দটা আমি ঠিক খেয়াল করতে পারিনি।

>আমরা জিজ্ঞাসা করতে পারতাম, মানবতার বিরুদ্ধে ‘কারা’ এ অপরাধ করেছে বা কীভাবে এ হামলা হয়েছে। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করত, কেন এই হামলা হয়েছে, তাহলে তাঁকে ‘সন্ত্রাস পছন্দকারী’ বা ‘সন্ত্রাসীদের বন্ধু’ হিসেবে আখ্যা দেওয়া হতো

এই হামলার সঙ্গে পার্ল হারবারের হামলার তুলনা করা হয়েছে। যদিও এর সঙ্গে আসলে প্রথম বিশ্বযুদ্ধের মিল রয়েছে। এই তুলনা ঠিক নয় জেনেও আজ ১৫ বছর পর মনে হচ্ছে, ৯/১১-এর সঙ্গে ১৯১৪ সালের আগস্ট মাসের বেশি মিল রয়েছে, ১৯৩৯ সালের সেপ্টেম্বর বা ১৯৪১ সালের ডিসেম্বরের তুলনায়, যদি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয়টি মাথায় রাখি। ১৯১৪ সালে ইউরোপের মানুষ খুবই নিরাপদ জীবন যাপন করত, শিল্পায়নের কারণে সেখানকার মানুষের অবস্থা ভালোই ছিল। ছিল আধুনিকতা। সেখানকার শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, যোগাযোগব্যবস্থা—সবই ভালো ছিল। এমনকি তাঁদের রাজনৈতিক বোঝাপড়াও ভালো ছিল। যুদ্ধপূর্ব ‘পুরোনো পৃথিবী’তে বিপ্লবের উপাদানও ছিল। এই আধুনিক ভারসাম্যের একটি অংশ যখন ধসে পড়ল, তখন বাকি অংশগুলোও ধসে পড়তে শুরু করল। আমরা ইউরোপের নিরাপত্তা নিয়ে এতটা নিশ্চিত ছিলাম যে যখন কেউ সেই ব্যবস্থার একটি ফিউজ খুলে নিল, তখন আমরা একটি সাধারণ বিপর্যয়ও এড়াতে পারলাম না। দ্বিতীয় যে ব্যাপারটা আমরা খেয়াল করি না বা স্বীকার করতে চাই না তা হলো, আধুনিকতার যে পণ্যটি আমাদের একদম নিরাশ করবে না তা হলো যুদ্ধ। মেশিনগান, ট্রেঞ্চ মর্টার, দূরপাল্লার আর্টিলারি ও আকাশযুদ্ধ আমাদের পৃথিবীকে ‘চিরতরে বদলে দেবে’।
এখন কথা হচ্ছে, ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরুর আগে কী ঘটেছে ইউরোপীয়রা তা জানত, কিন্তু ৯/১১-এর পর আমাদের কাছ থেকে কিছু সত্য লুকিয়ে রাখা হয়েছে। আমরা জিজ্ঞাসা করতে পারতাম, মানবতার বিরুদ্ধে ‘কারা’ এ অপরাধ করেছে বা কীভাবে এ হামলা হয়েছে। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করত, কেন এই হামলা হয়েছে, তাহলে তাঁকে ‘সন্ত্রাস পছন্দকারী’ বা ‘সন্ত্রাসীদের বন্ধু’ হিসেবে আখ্যা দেওয়া হতো। কেউ যদি জিজ্ঞাসা করে, সব হন্তারকই আরব কেন, তাহলে তাঁকে থামাতে এহেন গালিগালাজ নেই যে তা করা হবে না। আর পৃথিবীর ওই অংশটি পশ্চিমের নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও কেন এত পশ্চিমবিরোধিতা সৃষ্টি হয়েছে, সে প্রশ্নও করা যেত না। হামলাকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই আরব। কিন্তু তাদের সবাইকে শুধু ‘আরব’ হিসেবে অভিহিত করা হতো। ব্যাপারটা এমন যে তাদের সুন্নি মুসলমান ও ওয়াহাবি পরিচয় বা জাতীয়তার যেন গুরুত্ব নেই।
আর সরকারের চূড়ান্ত প্রতিবেদনের ২৯ পাতা হারিয়ে গেছে, যাতে হামলাকারীদের সঙ্গে সৌদি আরবের যোগসাজশের প্রমাণ ছিল। এই পাতাগুলো যেন ঈর্ষার সঙ্গে ‘নিরাপত্তাজনিত’ কারণে পাহারা দিয়ে রাখা হয়েছিল। শেষমেশ, এ বছর এই পাতাগুলো প্রকাশ করা হয়েছে, যেখানে কিছু সেন্সর করা অনুচ্ছেদ ছিল। কিন্তু আমরা যা জানি শুধু ততটুকুই প্রকাশ করা হয়েছে: যে গোষ্ঠীগুলো হামলাকারীদের প্ররোচনা দিচ্ছে, সৌদি আরব তাদের টাকা দিয়েছে। এই ‘নিরাপত্তা’ মোড়কটা খুবই গুরুতর ছিল। কথা হচ্ছে, এই হামলায় সৌদি আরবের হাত রয়েছে—এ কথা যদি শুরু থেকেই স্বীকার করা হতো, যুক্তরাষ্ট্র ও আরেকটি দেশ—যার প্রধানমন্ত্রীর নাম মুখে আনাটা আমার জন্য কঠিন—দাবি করল, সাদ্দাম হোসেনের ইরাক টুইন টাওয়ার ধ্বংসের জন্য দায়ী। ওই প্রতিবেদনের সেন্সরকৃত পাতাগুলো আমরা যদি আগেই পেতাম, তাহলে ইরাকযুদ্ধের প্রস্তাব পাড়াটাই কঠিন হতো। সে কারণেই প্রতিবেদনটি খুব গুরুত্বপূর্ণ।
এই হামলার ১৫তম বার্ষিকীতে মুসলমানেরা যে উদাসীনতা দেখিয়েছেন, তাতে বিস্ময়ের কিছু নেই। ২০০১ সালে হামলার পর মুসলিম দেশগুলোর মধ্যে ইরান ও লেবানন প্রথম শোক জানিয়েছিল। তবে কিছুদিন আগে এক পাকিস্তানি চিকিৎসকের কথায় আমি ধাক্কা খেয়েছি। তিনি বলেছেন, ‘এটা কোনো ঘটনাই নয়। মার্কিনরা আরব-মুসলমান দেশগুলোর যে ক্ষতি করেছে, তার পরিপ্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর তাঁদের কাছে খুব একটা উদ্বেগের বিষয় নয়। তবে তাঁরা সন্ত্রাসবাদ পছন্দ করেন, শুধু সে কারণে নয়।’
ঠিক তাই, যেভাবে মহান যুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, তেমনি আল-কায়েদার বিরুদ্ধে যে ‘বিশ্বযুদ্ধ’ শুরু হয়েছিল তা ইরাক হয়ে ‘দিব্য শক্তির’ আইএসের বিরুদ্ধে যুদ্ধে পরিণত হয়েছে, মার্কিন যৌথ বাহিনীর প্রধান যেভাবে বলেছেন।
ব্যাপারটা বেশ সাদাসিধা। ৯/১১-এর পর ওয়াশিংটনে এর পরিকল্পনা হয়েছে। ব্যাপারটা হলো, জর্জ ডব্লিউ বুশ হোয়াইট হাউসে ফেরত আসতে চেয়েছিলেন। হামলার পর তিনি স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসা করেছিলেন, কী অবস্থা। তাঁরা ঠিক আছে জানার পর তিনি জানতে চান, ‘বারনির কী খবর?’ বারনি তাঁর পারিবারিক কুকুর। এরপর আমরা সবাই তা-ই হয়ে গেছি।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া।
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।