সন্ত্রাসী সংগঠনের তালিকায় ‘হাক্কানি নেটওয়ার্ক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানভিত্তিক আফগান জঙ্গি সংগঠন ‘হাক্কানি নেটওয়ার্ক’কে যুক্তরাষ্ট্র সরকার সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র প্রশাসনের ভেতরে এ নিয়ে আলাপ-আলোচনা ও বিতর্কের পরে পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয় এবং শুক্রবার এ মর্মে ঘোষণা দেয়। সন্ত্রাসী সংগঠন হিসেবে হাক্কানি নেটওয়ার্ককে তালিকাভুক্ত করার জন্য প্রশাসনের ওপর কংগ্রেসের চাপ ছিল এবং কংগ্রেসের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে আগেই এ বিষয়ে সিদ্ধান্তটিতে স্বাক্ষর দেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।হাক্কানি নেটওয়ার্ক হচ্ছে আফগান তালেবানদের মূল তিনটি শক্তিকেন্দ্র বা প্রধান সংগঠনের একটি। জালালউদ্দিন ও সিরাজউদ্দিন হাক্কানির নেতৃত্বাধীন এ সংগঠন ছাড়াও পাকিস্তানের কোয়েটাভিত্তিক ‘কোয়েটা শুরা’ বলে পরিচিত একটি গোষ্ঠী রয়েছে, আর রয়েছে গুলবদ্দিন হেকমতিয়ারের নেতৃত্বাধীন ‘হেজব-ই-ইসলামি’। এদের মধ্যে মতবিরোধ থাকলেও আফগানিস্তানে মার্কিন উপস্থিতি এবং হামিদ কারজাই সরকারের উৎখাতের প্রশ্নে তারা একমত।হাক্কানি নেটওয়ার্কের নেতা জালালউদ্দিন হাক্কানি বয়স ও অসুস্থতার কারণে সংগঠনের নেতৃত্ব দেন না, যদিও সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধের সময় তাঁর নামেই এই গোষ্ঠীর জন্ম। এখন তাঁর ছেলে সিরাজউদ্দিন সংগঠনের নেতা। হাক্কানিরা জারদান উপজাতির সদস্য। যাদের অধিকাংশের বসবাস হলো পূর্ব আফগানিস্তানের পাকতিয়া ও খোস্ত প্রদেশে। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে তাদের ঘাঁটি। গত বছরগুলোতে তালেবান গোষ্ঠীগুলোর মধ্যে হাক্কানি নেটওয়ার্কই সবচেয়ে সক্রিয় ও জঙ্গি ভূমিকা রেখে আসছে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে এটা স্পষ্ট যে পাকিস্তানের সরকার, বিশেষত গোয়েন্দা সংস্থা আইএসআই এই গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে সহায়তা করে থাকে। পাকিস্তানের প্রশাসনের সঙ্গে হাক্কানি গোষ্ঠীর নেতাদের সম্পর্ক ও ঘনিষ্ঠতা মোটেই নতুন নয়। প্রকৃতপক্ষে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের (১৯৭৯) আগে থেকেই তাদের সম্পর্ক তৈরি হয়। এক দশক ধরে (১৯৭৯-৮৯) আফগান যুদ্ধের সময় অন্যান্য মুজাহিদ গোষ্ঠীর মতোই হাক্কানিরা যুক্তরাষ্ট্র ও সিআইএর সমর্থন ও অর্থসহায়তা পেয়েছিল।২০০১ সালে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হওয়ার পর থেকেই আইএসআই এই গোষ্ঠীকে তাদের ঘনিষ্ঠ মিত্র বলে এবং ভবিষ্যতে আফগানিস্তানে পাকিস্তানি প্রভাব-প্রতিপত্তির ঘাঁটি বলে বিবেচনা করে আসছে। গোড়াতে যুক্তরাষ্ট্র এ বিষয়ে তার আপত্তির কথা বললেও পাকিস্তানের ওপর চাপ দেয়নি। কিন্তু ২০০৮ সালের পর থেকে, বিশেষত বারাক ওবামা ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র এ গোষ্ঠীকে নিয়ন্ত্রণের জন্য পাকিস্তানের ওপর চাপ দিয়ে আসছে। আরও একটি কারণ হলো, ২০০৮ সাল থেকে হাক্কানি নেটওয়ার্ক তাদের সামরিক অভিযান জোরদার করেছে, বিশেষত বোমা হামলা ও সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে একাধিকবার। ২০০৮ সালে হামিদ কারজাইকে হত্যাচেষ্টা এবং কাবুলে ভারতীয় দূতাবাসে হামলার জন্য হাক্কানি নেটওয়ার্ককেই দায়ী করা হয়ে থাকে।গত বছর, অর্থাৎ ২০১১ সাল থেকে হাক্কানি নেটওয়ার্ক নিয়ে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন বাড়তে থাকে। কেননা, যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সূত্রগুলো থেকে সুস্পষ্টভাবে বলা হয় যে কাবুলে ব্যাংকে হামলা থেকে শুরু করে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং ন্যাটোর ঘাঁটিগুলোতে হামলায় হাক্কানি নেটওয়ার্কের প্রত্যক্ষ যোগাযোগের প্রমাণ তাদের হাতে আছে। সেপ্টেম্বর মাসে সিনেটের একটি প্যানেলের সামনে দেওয়া বক্তব্যে অ্যাডমিরাল সাইক শালেন অভিযোগ করেন, হাক্কানি নেটওয়ার্ক পাকিস্তানের আইএসআইয়ের একটি হাত হিসেবেই ব্যবহূত হয়। মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে হত্যার (এবং পরে নভেম্বর মাসে মার্কিন ড্রোন হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার) পর যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক যখন সবচেয়ে খারাপ, সে সময় জয়েন্ট চিফ অব স্টাফের এই অভিযোগ সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যায়। পাকিস্তান এ ধরনের বক্তব্যকে উসকানিমূলক বলেও বর্ণনা করে। ২০০৮ সাল থেকে বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয় হাক্কানি গোষ্ঠীর অনেক নেতাকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করেছে এবং তাঁদের সঙ্গে লেনদেনকে বেআইনি বলে ঘোষণা করেছে। ২০১১ সালে সিনেটের প্যানেলে মাইন মালেনের বক্তব্যের পর যুক্তরাষ্ট্র পাকিস্তান সেনাবাহিনীকে দেওয়া এক বিলিয়ন ডলারের কাউন্টার ইনসারজেন্সি সাহায্য প্যাকেজের ব্যাপারে শর্ত আরোপ করে। শর্ত হলো, পাকিস্তানকে হাক্কানি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কংগ্রেসের দুই কক্ষেই এ বিষয়ে অনুমোদন লাগবে। কংগ্রেস কোনো ব্যবস্থা গ্রহণের আগে পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউসকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সময় বেঁধে দেয়। হাক্কানি নেটওয়ার্ক বিষয়ে পররাষ্ট্র দপ্তরকে কংগ্রেসের বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার কথা ৯ সেপ্টেম্বর।হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য যথেষ্ট পরিমাণ তথ্যপ্রমাণ সত্ত্বেও ওবামা প্রশাসনের মধ্যে এই নিয়ে দ্বিমত ছিল। বিশেষ করে, প্রেসিডেন্ট ওবামা মনে করতেন যে পাকিস্তানের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের সম্পর্ক একেবারে জলের মতো স্পষ্ট নয়। হিলারি ক্লিনটনও এ ধরনের আভাস-ইঙ্গিতই দিয়েছিলেন। যদিও তাঁরা উভয়ই পাকিস্তানের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ নিয়ে চাপ দিয়ে চলেছিলেন। ওবামা প্রশাসনের ভেতরে যাঁরা হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণার বিরুদ্ধে, তাঁদের যুক্তি ছিল দুটো। প্রথমত, সংগঠনের অধিকাংশ নেতাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে, এঁদের একজন শীর্ষস্থানীয় নেতা বদরউদ্দিন হাক্কানিকে আগস্টের শেষ দিকে ড্রোন হামলায় হত্যা করা হয়েছে। ফলে আলাদা করে এদের সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করার প্রয়োজন নেই। এতে করে পাকিস্তানি নেতা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে টানাপোড়েন জোরদার হবে। দ্বিতীয় যুক্তি হলো, হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী বলে ঘোষণা দেওয়ার পর এদের সঙ্গে আলাপ-আলোচনার পথ বন্ধ হয়ে যাবে।এ কথা বলার অপেক্ষা রাখে না যে এত দিন ধরে ‘হাক্কানি নেটওয়ার্ক সন্ত্রাসী না’ ঘোষণার পেছনে সবচেয়ে বড় কারণ হলো, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের আগে তালেবান ও কারজাই সরকারের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা করা। ক্ষমতায় আসার পর থেকেই ওবামা প্রশাসন আফগানিস্তানকে একটি রাজনৈতিক সমাধান তৈরির চেষ্টা করছে। এ প্রেক্ষাপটেই তালেবানের একাংশের সঙ্গে কারজাই এবং যুক্তরাষ্ট্র আলাপ-আলোচনা শুরু করে। এই শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়ার অন্যতম কারণ হলো পারস্পরিক আস্থার অভাব। গত বছরের সেপ্টেম্বরে সাবেক আফগান প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রাব্বানীকে হত্যার পর কারজাইয়ের নেওয়া শান্তিপ্রচেষ্টাও কার্যত ভেস্তে গেছে। নিরাপত্তা ও গোয়েন্দা সূত্রগুলো থেকে যত দূর জানা যায় যে যুক্তরাষ্ট্র সরকার হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ তৈরি করেছিল। জালালউদ্দিন হাক্কানির সঙ্গে যোগাযোগের সূত্র ছিল তাঁর ভাই ইব্রাহিম হাক্কানি। ইব্রাহিম হাক্কানি ২০০২ সাল থেকে কারজাই সরকার ও মার্কিনদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। একসময় ইব্রাহিম হাক্কানি পাকতিয়া প্রদেশের সেনাপ্রধানও নিযুক্ত হয়েছিলেন, পরে তিনি সেই পদ ত্যাগ করেন। কারজাই সরকারের হয়ে ভাতিজা সিরাজউদ্দিনের সঙ্গে ইব্রাহিম হাক্কানি কয়েক দফা যোগাযোগ, এমনকি বৈঠক করলেও সিরাজউদ্দিন স্পষ্টই জানিয়ে দিয়েছেন, তালেবান নেতা মোল্লা ওমরের অনুমতি না পেলে তিনি কোনো রকম আলোচনায় যাবেন না। মোল্লা ওমর যে সেই অনুমতি দেননি, সেটা হাক্কানি নেটওয়ার্কের পরবর্তী কার্যকলাপেই স্পষ্ট। তবে ২০১১ সালের শেষ দিকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন সম্পর্কের অবনতি ঘটে, তখন হাক্কানি নেটওয়ার্কের নেতারা পাকিস্তানের তালেবান গোষ্ঠী তাহরিন-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) পাকিস্তানি সেনাদের ওপর হামলা বন্ধ করতে নির্দেশ দেন।হাক্কানি নেটওয়ার্কের শক্তি ও প্রভাব হ্রাসের জন্য পাকিস্তান প্রশাসনের ওপর চাপ, কারজাই প্রশাসনের পক্ষ থেকে আলোচনার চেষ্টা এবং মার্কিনদের বিভিন্নমুখী উদ্যোগের আশানুরূপ সাফল্য আসেনি বলেই শেষ পর্যন্ত এ সংগঠনকে সন্ত্রাসী বলে চিহ্নিত করার পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এ পদক্ষেপের ফলে পরিস্থিতি আরও জটিল হবে বলে ওবামা প্রশাসনের একাংশ ও বিশ্লেষকদের যে ধারণা, তার পক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে। মনে করা যেতে পারে যে জয়েন্ট চিফ অব স্টাফ মাইক মালেনের বক্তব্যের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার এই বলে সতর্ক করে দিয়েছিলেন যে ওয়াশিংটন প্রকাশ্যে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে সমালোচনা করলে তারা একটি মিত্রকে হারাবে। অন্যদিকে হাক্কানি গোষ্ঠীর কার্যকলাপের কারণে তাদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত না করেও কোনো উপায় ছিল না। যত দূর আলাপ-আলোচনা হয়েছে, তাতে হাক্কানি গোষ্ঠী আফগানিস্তানের তিনটি পূর্বাঞ্চলীয় প্রদেশের নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দেওয়ার দাবিও করেছিল। সেই প্রস্তাবে রাজি হলে আফগানিস্তানে কেন্দ্রীয় সরকারের অস্তিত্বই বিপন্ন হয়ে উঠবে।হাক্কানি গোষ্ঠী বিষয়ে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত আফগানিস্তান পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করল। পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কেও তার প্রভাব পড়বে। এসবের প্রতিক্রিয়া কী হবে, সেটা যেমন ওই অঞ্চলের বিভিন্ন দেশের ভূমিকার ওপর নির্ভর করবে, ঠিক তেমনি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির ওপরও। নভেম্বরের নির্বাচনের রিপাবলিকান প্রার্থী মিট রমনি বিজয়ী হলে সবকিছুই নতুনভাবে ঢেলে সাজানো হবে, পররাষ্ট্রনীতিতেও বড় ধরনের পরিবর্তন হবে বলে নিশ্চিত করেই বলা যায়। সে কারণে এ-সংশ্লিষ্ট সবাই-ই সম্ভবত নভেম্বরের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবেন।ইলিনয়, ৭ সেপ্টেম্বর ২০১২আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।