সন্ত্রাসীরা জিতেই চলেছে। তাহলে কেন আমরা ভান করছি যে তারা জিতছে না। আঙ্কারা ও বার্লিনে যা ঘটে গেল, তা আমাদের জন্য এক প্রচণ্ড আঘাত ও আতঙ্কের। বার্লিনে আনন্দ-উচ্ছ্বাসে মেতে থাকা ও পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া লোকজনের ওপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে। এ ধরনের নৃশংস ঘটনাই এখন এগিয়ে আছে।
সবার চোখ এখন মেভলুত মার্ত আলতিনতাসের দিকে। তিনিই সেই পুলিশ কর্মকর্তা, যিনি তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা করেছেন।
ক্রিসমাস মার্কেটে ট্রাক হামলার পর বার্লিনের অভ্যন্তরীণ-বিষয়ক সিনেটর আন্দ্রিয়াস গেইসেল এক দম্ভপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘এটি একটি ভয়ংকর ঘটনা, কিন্তু তা বার্লিনের মানুষের জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলবে না।’ এই হত্যাযজ্ঞের পর
অনেক ইউরোপীয় শহরের তুলনায় বার্লিন হয়তো শান্ত থাকবে। কিন্তু এটা ঠিক যে আমরা আসলে ভান করছি যে এই সন্ত্রাসী হামলা আমাদের জীবনে কোনো প্রভাব ফেলেনি, যদিও প্রকৃতপক্ষে তা আমাদের জীবনকে অনেক বদলে দিয়েছে।
ইসলামি সন্ত্রাসী ও পশ্চিমের উদীয়মান জনপ্রিয় ডানপন্থীরা এখন একই লক্ষ্যে কাজ করছে। তারা একে অপরকে সহায়তা করছে। তারা পরস্পরের ওপর নির্ভরশীল। আজ সকালে নাইজেল ফারাজ নামের এক ব্যক্তি টুইট করেছেন, ‘বার্লিনের ঘটনাটি ভয়াবহ কিন্তু এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, এ ধরনের ঘটনা অ্যাঙ্গেলা ম্যার্কেলের উত্তরসূরিদের বেলায়ও ঘটবে। কারণ, এটাই তাঁরা চান। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ফ্রান্সের ম্যারি লে পঁ এবং নেদারল্যান্ডসের গ্রিট ভাললডারস—জনপ্রিয় এই ডানপন্থীরা এখন সতর্কতার সঙ্গে পরিকল্পনা করবেন কীভাবে ভয়াবহ এসব হামলার ঘটনা থেকে রাজনৈতিক সুবিধাটা আদায় করা যায়। আর সামগ্রিকভাবে মুসলমানদের গভীর সন্দেহের চোখেই দেখা হবে।
অবশ্যই উগ্র ধর্মান্ধরা এমনটাই চান। আমার কথা শোনার দরকার নেই, শুনুন নিকোলাস হেনিনের কথা। ফরাসি এই সাংবাদিককে আইসিস আটকে রেখেছিল অনেক দিন। কিন্তু তিনি বেঁচে ফিরে এসেছেন। প্যারিসের বাতাক্লঁতে আইসিসের হামলার সময় তাঁকে আটক করে সিরিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় ১০ মাস তাঁকে আটকে রাখা হয়। বেঁচে ফিরে আসার পর নিকোলাস লিখেছেন, আইসিসের সদস্যরা প্যারিসের হামলাকে তাদের বিজয় হিসেবে উদ্যাপন করেছে। তারা ভয়ের, বর্ণবাদের, বিদ্বেষের, বিভেদের চিহ্ন দেখে উল্লসিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো কদর্য বিষয়কে তারা উদাহরণ হিসেবে টানে। নিকোলাস যা লিখেছেন তা খুবই হতাশাজনক।
তুরস্কের সংক্ষুব্ধ বিরোধী দল এইচডিপি রুশ রাষ্ট্রদূতের হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এ–ও বলছে যে এই হত্যাকাণ্ডে এটা প্রমাণিত হয় যে দেশি ও আন্তর্জাতিক নীতির কারণে তুরস্ক এখন দুর্ভাগ্যজনকভাবে আর নিরাপদ দেশ নয়। আমরা জানি না আলতিনতাসের অপরাধের জন্য তাঁকে কী শাস্তি দেওয়া হবে। তবে পশ্চিমা গণমাধ্যমগুলো এটা মেনে নিয়েছে যে রাশিয়ার পররাষ্ট্রনীতির কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পশ্চিমা গণমাধ্যমগুলো উল্লেখ করেছে, সিরিয়ায় হামলার প্রতিশোধ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তুর্কি সাংবাদিক মেহদি হাসান লিখেছেন, পশ্চিমা পণ্ডিতেরা রাশিয়ার পররাষ্ট্রনীতির সঙ্গে সন্ত্রাসী হামলার যোগসূত্র খুঁজে পেয়ে খুব খুশি কিন্তু কখনো পশ্চিমা পররাষ্ট্রনীতির ব্যাপারে তাঁরা খুশি নন।
কাজেই বোঝা যাচ্ছে, সামনের দিনগুলো খুব সুখের কিছু হবে না। ইসলামি সন্ত্রাসবাদীরা আরও হামলা চালাবে। জনপ্রিয় ডানপন্থীরা এই হামলার পরিমাণ বাড়াতে কাজ করবে এবং আরও নৃশংস ঘটনা ঘটবে। মুসলমানদের প্রতি ঘৃণা আরও বাড়বে। নাগরিকদের স্বাধীনতা ক্ষুণ্ন হবে। যেসব বামপন্থী বর্ণবাদের বিরোধিতা করছে এবং শরণার্থীদের সমর্থন করছে, তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। গণতন্ত্র বলে কিছু থাকবে না। পশ্চিমাদের অব্যাহত পতন ঘটবে, তবে তা ইসলামীকরণের হুমকির কারণে নয়, বরং মুসলমান ও বিদেশিদের কাছ থেকে ভয়ের কারণে রাজনৈতিক পরিণতিতে। কল্পনা করুন, যুক্তরাষ্ট্রে প্রথম বড় ধরনের হামলার পর ডোনাল্ড ট্রাম্প কীভাবে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। শত বছর পর যদি কোনো ইতিহাসবিদ প্রশ্ন করেন, কেন পশ্চিমের পতন হলো, তার উত্তর এটা হবে না যে উগ্রপন্থীদের ছড়িয়ে পড়ার কারণে। বরং উত্তর হবে যে আমরা তাদের ইচ্ছার কাছে নতিস্বীকার করেছিলাম এই কারণে।
অনুবাদ: রোকেয়া রহমান, দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।
ওয়েন জোনস: ব্রিটিশ কলামিস্ট ও লেখক।