সন্ত্রাসের অর্থায়ন ও বিভিন্ন ক্ষেত্রের দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রতিক জঙ্গি হামলা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে
সাম্প্রতিক জঙ্গি হামলা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে

গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনা ও প্রেক্ষাপট বাংলাদেশের বেশির ভাগ মানুষের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার যে নৃশংসতা এবং একসঙ্গে এত বিদেশি মানুষের হত্যার নজির ২০০৮ সালে ভারতের মুম্বাই হামলার পর এ অঞ্চলে আর নেই। ইন্দোনেশিয়ার বালির হামলা অবশ্য তারও আগে সংঘটিত হয়েছিল, যেখানে প্রায় দুই শ বিদেশি নাগরিকের প্রাণহানি হয়েছিল—সে ঘটনা ছিল ২০০২ সালের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। বাংলাদেশে এ ধরনের ও এই মাত্রার হামলা হবে, তেমন ধারণা সাধারণ মানুষের তো বটেই প্রশাসনেরও ছিল বলে মনে হয় না। সেই হামলার পর থেকে বিশেষ করে রাজধানীবাসী নাগরিকের জীবনযাত্রায় যেমন প্রভাব পড়েছে, তেমনি নানা শঙ্কারও জন্ম দিয়েছে। এই ঘটনা যেসব প্রশ্নের জন্ম দিয়েছে ও যেসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে, এর কোনোটিরই একক উত্তর বা সমাধান নেই। এসব নানা প্রশ্নের অন্যতম একটি হচ্ছে ‘সন্ত্রাসের অর্থায়ন’।
আজকের এই লেখা ‘সন্ত্রাসের অর্থায়ন’ নিয়ে। এ বিষয়ে বিশ্বের বহু দেশে গবেষণা হচ্ছে এবং গবেষণা থেমে নেই। আমাদের দেশেও কিছু কিছু কথিত গবেষণা হয়েছে, তবে সেখানেও বহু প্রশ্ন থেকে যায়। যেমনটা বলেছি, এসব প্রশ্নের নিশ্চিত উত্তর নেই, রয়েছে বহুমাত্রিক উত্তর। আমি ‘সন্ত্রাস’ বা ‘সন্ত্রাসী’ শব্দটি ব্যবহার করছি, কারণ আমাদের দেশের প্রচলিত ‘জঙ্গি’ ও ‘মৌলবাদ’ দুটি শব্দের ব্যবহার পরিহার করা উচিত, কারণ এ দুটি শব্দ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। ‘মৌলবাদ’ শব্দটি ধর্মভিত্তিক গোষ্ঠীকে শনাক্তকরণের জন্য বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক গবেষকেরাও ব্যবহার করছেন না। তাঁদের মতে, যেহেতু শব্দটি ইসলাম ধর্মের সঙ্গে বেমানান, সে কারণে মৌলবাদ বা ফান্ডামেন্টাল শব্দটি নিয়ে অহেতুক বিতর্কে জড়িয়ে পড়তে হয়। এখন পশ্চিমা বিশ্বের গবেষণায় ‘ভায়োলেন্ট এক্সট্রিমিজম’ বা ‘সন্ত্রাসী’ শব্দ ব্যবহার করা হয়। ‘জঙ্গি’ মানে ‘যোদ্ধা’, এই বিশেষণও সন্ত্রাসের সঙ্গে যায় না। এ ধরনের শব্দের ব্যবহার অনেক ধর্মপ্রাণ ব্যক্তির অনুভূতিতে আঘাত দেওয়ার মতো। সন্ত্রাসের সঙ্গে জড়িত অর্থায়ন নিয়ে বাংলাদেশে এর আগেও আলোচনা হয়েছে, কিন্তু হালের দুটি বড় বড় হামলার পর এ প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে উঠেছে।
মাত্র কয়েক দিন আগে এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আলোচনা করতে গিয়ে সন্ত্রাসের অর্থায়নে বেশ কিছু ক্ষেত্রের কথা বলেছিলাম, যার মেধ্য অন্যতম ছিল দুর্নীতিলব্ধ অর্থের অনেকাংশ এ খাতে ব্যবহার করার কথা। বিষয়টি নিয়ে ২৪ জুলাই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানও বলেছেন। তিনি স্পষ্টতই বলেছেন, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সন্ত্রাসী কর্মকাণ্ডে জোগান দেওয়ার বিষয়ে। আমাদের দেশে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, সরকারি চাকরিতেও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়োগ–ভর্তি হতে বা বেসরকারি স্কুল-কলেজে ভর্তির ক্ষেত্রেও যে দুর্নীতি হচ্ছে, তা অনস্বীকার্য। যেকোনো নির্বাচনে মনোনয়ন-বাণিজ্যের মাধ্যমে যে দুর্নীতি হয়েছে তাতেও কম অর্থের লেনদেন হয়নি। প্রকৃতপক্ষে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের পরিমাণ কত তা সঠিকভাবে গবেষণা করে নির্ণিত হয়নি। বিশাল অঙ্কের দুর্নীতি, ঋণখেলাপি, হাজার হাজার কোটি টাকা পাচার এবং একধরনের ‘সাগরচুরি’ থেকে ন্যূনতম ভাগও যদি সন্ত্রাসীদের সংগঠনে যায় তার অর্থ হলো এক ভয়াবহ ভবিষ্যৎ। বাংলাদেশ এখন দুর্নীতির এক উর্বর ক্ষেত্র, যার কারণে সন্ত্রাসের অর্থায়ন অভ্যন্তরীণভাবে সংগৃহীত হওয়ার আশঙ্কা থেকেই যায়। এ বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হয়েছে বলে মনে হয় না। অথচ এই অর্থায়নের পথ রয়েছে উন্মুক্ত।
সাধারণত সন্ত্রাসী গোষ্ঠীর তিনটি বিশেষ খাতের জন্য অর্থের প্রয়োজন হয়: এক. অভিযান পরিচালনায় আর্থিক সহযোগিতা, দুই. সংগঠন পরিচালনার অর্থ; যদিও এই অর্থের অঙ্ক বা বাজেট বিভিন্ন দেশে বিভিন্ন সংগঠনের পরিচালনার ক্ষেত্রে ভিন্নতর। এবং তৃতীয় খাত হলো বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক খরচ; যার মধ্যে রয়েছে মাসিক খরচ, পারিবারিক পরিতোষ, যাতায়াত ও মাসিক বেতন। উদাহরণস্বরূপ বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও দুর্ধর্ষ গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের কথিত খেলাফতি অঞ্চলের প্রশাসক এবং যোদ্ধাদের মাসিক বেতন দেওয়া হয়, যেমন দেওয়া হয় ঘোষিত ‘বিলায়েত’ বা প্রদেশের আইএস–নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের। বিশেষ বিশেষ অভিযানের জন্য এবং যেসব দেশের স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে গোপন সম্পর্ক রয়েছে ওই সব গোষ্ঠীকেও প্রয়োজনে অর্থ সহযোগিতা করা হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার গবেষণায় বলা হয়েছে, যদিও আইএসের অর্থপ্রাপ্তির উৎস তাদের কর্তৃত্বে থাকা তেল শোধনাগার বিমান হামলায় ধ্বংস হওয়ার পর কমে আসছে, তথাপি ২০১৫ সালেই এই গোষ্ঠীর বার্ষিক আয় ছিল ২ বিলিয়ন মার্কিন ডলার এবং এটা মূলত তেল থেকেই আসে।
অপরদিকে আইএসের তুলনায় আল-কায়েদার ‘অভিযান’ কম এবং কম খরচের হলেও প্রচুর অর্থের জোগান তারা এখন পাচ্ছে। সিরিয়া ও উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে ওই অঞ্চলের তেলের অর্থের বড় অংশ আল-কায়েদার অর্থায়নে জোগান দেওয়া হয়। তবে আগের মতো রমরমা অবস্থায় নেই আল-কায়েদা। আল-কায়েদা বিভিন্ন স্থানে হামলায় বড় অঙ্কের অর্থ খরচ করেনি, যা হয়েছে এর বেশির ভাগ জোগান হয়েছে স্থানীয় ‘ফ্র্যাঞ্চাইজ’ থেকে। উদাহরণ হিসেবে ২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি হামলায় সবচেয়ে বেশি খরচ হয়েছিল, যার আনুমানিক পরিমাণ ছিল ৫০ হাজার মার্কিন ডলার। একইভাবে ২০০৫ সালে লন্ডন পাতালট্রেনে হামলায় ব্যয় হয়েছিল আট হাজার ব্রিটিশ পাউন্ড। একসময় আফগানিস্তানের তালেবানদের সঙ্গে একযোগে পপি চাষের মাধ্যমে প্রচুর অর্থ সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে আফগান পপিখেতগুলোর একচ্ছত্র অধিকারী তালেবান হওয়ার কারণে আল-কায়েদার অর্থপ্রাপ্তি তেমন হচ্ছে না।
সন্ত্রাসী অর্থের জোগান বর্তমানে বহুমাত্রিক পন্থায় হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন ধরনের চোরাচালানি, যার মধ্যে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সিরিয়া-ইরাকে যুক্ত হয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কালোবাজারে বিক্রি। জাতিসংঘের ইউনেসকোর এক রিপোর্টে উল্লেখ রয়েছে, সিরিয়া ও ইরাক থেকে এসব প্রত্নতত্ত্বের নিদর্শন ইউরোপীয় মার্কেটে পাচার হয়েছে। তা ছাড়া চোরাচালানির অন্যতম বস্তু হচ্ছে মাদক। শুধু আল-কায়েদাই নয়, বিভিন্ন দেশের স্থানীয় সন্ত্রাসী সংগঠনের সঙ্গে মাদক ও সোনা চোরাচালানির ব্যাপক সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশের মতো দেশে মাদকের এবং সোনা চোরাচালানির দিকে আমাদের সরকারের কতখানি নজরদারি রয়েছে, তা জানা নেই। তবে এসব চোরাচালানির সঙ্গে জড়িত অর্থ লগ্নিকারীদের সিংহভাগ রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।
এই দুই বস্তু ছাড়া অন্যান্য ক্ষেত্র, যা বাংলাদেশের জন্যও প্রযোজ্য, উন্মুক্ত রয়েছে চোরাচালানির জন্য। মানব পাচার একটি বড় ধরনের অর্থকরী অপরাধ, যার মাধ্যমে সন্ত্রাসের অর্থায়ন হচ্ছে। শুধু মানব পাচারই নয়, মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ পাচারও মানব পাচারের সঙ্গে যুক্ত। অপহরণও বড় ধরনের সন্ত্রাসের অর্থের উৎস। লক্ষণীয় যে বাংলাদেশে বহু ব্যবসায়ীর নিখোঁজের খবর গত দু-এক বছরে বেড়ে গেছে। অনেককেই বহুদিন পর খুঁজে পাওয়া যায় অথবা জীবিত পাওয়া যায় না। রয়েছে ব্যাপক চাঁদাবাজির অর্থ, যা বাংলাদেশে একপ্রকার নিত্যনৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে।
সন্ত্রাসী অর্থায়নে আরও নতুন খাত তৈরির কথা বহু গবেষণায় উঠে এসেছে। যার মধ্যে কৃষিক্ষেত্রে লগ্নি, ক্রেডিট কার্ড জালিয়াতি, নিরাপত্তার নিশ্চয়তা বাবদ অর্থ আদায়—মধ্যপ্রাচ্যসহ বড় বড় দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যিক কোম্পানিগুলো হামলা থেকে নিরাপত্তা বাবদ প্রচুর অর্থ দিয়ে থাকে—আরও রয়েছে জাকাত এবং বিভিন্ন এনজিও, বড় বড় প্রকল্প থেকে চাঁদা আদায় ইত্যাদি। এর ওপর রয়েছে বৈধ ব্যবসা এবং বড় বড় সরকারি প্রজেক্টের ঠিকাদারদের কাছ থেকে মোটা অঙ্কের প্রটেকশন মানি বা সরবরাহকারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়। বিশেষ করে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে এ ধরনের অর্থ আদায় করা হয় বেশি। এ প্রেক্ষাপটেই মাঝেমধ্যে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান অথবা বিপণিবিতান ইত্যাদিকে হুমকির মুখে রাখা হয়। এসব কৌশল সব দেশেই প্রযোজ্য। দেশে নকল মুদ্রার বাজার তৈরি ও সরবরাহের ক্ষেত্রে সন্ত্রাসী সংগঠনের সম্পৃক্ততা বহু দেশের ঘটনাপ্রবাহ থেকে প্রতীয়মান। আমাদের দেশে বহুবার প্রচুর নকল টাকা ধরা পড়েছে, যার মধ্যে ছিল প্রচুর ভারতীয় রুপি ও মার্কিন ডলার। এগুলোর গন্তব্যস্থল এবং হোতা কখনোই উদ্ঘাটিত হয়েছে বলে মনে হয় না।
আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বহু ধনী সুন্নি আরব দেশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আল-কায়েদা–সমর্থিত আসাদবিরোধীদের এবং সিরিয়ার আসাদকে উৎখাত করতে আইএসকে অতীতে প্রচুর অর্থ দেওয়া হয়েছিল। সে প্রবাহ এখনো অব্যাহত রয়েছে বলে অনেক গবেষকের গবেষণায় বলা হচ্ছে। লক্ষণীয় যে ২০১৫ সালে আইএসের বাজেট ছিল প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার। তেলক্ষেত্র ছাড়াও আয়ের উৎস ছিল আরও কিছু নতুন নতুন ক্ষেত্র। ২০১৪ সালে আইএস কর্তৃক মসুল এবং অন্যান্য স্থানে ব্যাংক লুটের মাধ্যমে আয় করা অর্থের পরিমাণ ছিল ৯০০ মিলিয়ন থেকে ২ বিলিয়ন মার্কিন ডলার।
বিভিন্ন দেশে আইএসের কর্মকাণ্ড চালাতে ও বিশেষ করে ঘোষিত বিলায়েত বা প্রদেশ পরিচালনার জন্য অর্থের জোগান দিতে হয়। একই সঙ্গে আইএস দ্বারা পরিচালিত এবং সমর্থিত সন্ত্রাসী সংগঠনগুলোকে প্রশিক্ষণ, রিক্রুটিং ও হামলার জন্য অর্থ দিতে হয়। আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসী অর্থ আদান-প্রদানে প্রধানত তিনটি পন্থা অবলম্বন করা হয়: এক. প্রচলিত ব্যাংকিং সিস্টেমে, দুই. এক স্থান থেকে অন্য স্থানে অর্থ বহন করে, তিন. আন্তর্জাতিক ব্যবসায় ভিন্নপন্থায় অর্থ রেমিট্যান্সের মাধ্যমে। অপ্রচলিত পন্থার কথা আগেই বলেছি, সোনা আর মাদক পাচারের সঙ্গে অস্ত্রের কালোবাজারির মাধ্যমে স্থানীয় বাজার থেকে লগ্নিমূল্যেরও বেশি অর্থ আদান-প্রদান হয়ে থাকে। উপমহাদেশে রয়েছে হাওয়ালা ও হুন্ডির মাধ্যমে অর্থের লেনদেন।
সন্ত্রাসের অর্থায়ন রোধ খুবই দুরূহ বিষয়। তবে বড় ধরনের সন্ত্রাস ঠেকানোর কৌশলের সঙ্গে অর্থায়নের সব পন্থার দিকে সতর্ক দৃষ্টি এবং নির্মোহ তদন্ত করে বের করা উচিত। দেশে সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত সংগঠনগুলোর স্থানীয়ভাবে অর্থ জোগান খুব যে কষ্টকর, তেমন মনে হয় না। কারণ, দেশের সর্বক্ষেত্রে দুর্নীতিতে যে অর্থ লেনদেন হয়, সে খাতই হতে পারে সন্ত্রাসের অর্থায়নের প্রধান খাত। এ কারণেই দুদক চেয়ারম্যানের বক্তব্য এ সময়ে অধিকতর গুরুত্ব বহন করে। বাংলাদেশে অর্থনৈতিক শৃঙ্খলা এবং সর্বক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজি কমাতে না পারলে সন্ত্রাসের অর্থায়ন বন্ধ করা শুধু বাগাড়ম্বরেই সীমিত থাকবে।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]