নিসে হাজার হাজার মানুষের সমাবেশে ট্রাক চালিয়ে ৮৪ জনকে হত্যার ঘটনাকে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। ২০১৫-এর জানুয়ারি থেকে ফ্রান্স—বিশেষত প্যারিস একাধিকবার ইসলামি জঙ্গিদের হামলার শিকার হয়েছে। ওই সব হামলার সঙ্গে ইসলামিক স্টেট বা আইএস জড়িত থাকার দাবি করলেও গত বৃহস্পতিবারের হামলার দায় কোনো গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি।
এক ব্যক্তির আকস্মিক নৃশংসতায় এত বিপুলসংখ্যক প্রাণহানি এবং বীভৎসতায় হতবাক সবাই। হামলার পেছনে অন্য কেউ বা কোনো গোষ্ঠী জড়িত কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে ফরাসি প্রধানমন্ত্রী স্পষ্টতই বলেছেন যে এই হামলা ফ্রান্সের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের যুদ্ধেরই অংশ।
তবে এই সর্বসাম্প্রতিক হামলার ধরন এবং মারণাস্ত্র হিসেবে ট্রাকের ব্যবহার সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য বেশ কিছু নতুন চ্যালেঞ্জের জন্ম দিয়েছে।
নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য এখন সবচেয়ে বড় প্রশ্ন হবে: আপাতদৃষ্টিতে অস্ত্র হিসেবে মনে হয় না এ রকম আর কী কী সন্ত্রাসী হামলার হাতিয়ারে রূপান্তরিত হতে পারে। বৃহস্পতিবার রাতের ঘটনায় দেখা যাচ্ছে, একটি সাধারণ ট্রাক ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে জনসমাবেশের ওপর নারকীয়তা চালিয়েছে। ভিডিওচিত্রে দেখা যায়, লোকজন ট্রাকটি থামানোর চেষ্টা করলে হামলাকারী চালক গতি আরও বাড়িয়ে দেন।
গত বছরের জানুয়ারিতে কার্টুন সাময়িকী শার্লি এবদোর কার্যালয় এবং একটি ইহুদি সুপারশপে হামলার মধ্য দিয়ে ফ্রান্সে সন্ত্রাসবাদের থাবা বিস্তৃত হয়। এরপর সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয় নভেম্বরে। প্যারিসের কনসার্ট হল এবং স্টেডিয়ামে ইসলামপন্থী জঙ্গিদের সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৩০ জন।
জরুরি অবস্থার আওতায় সীমান্তে কড়াকড়ি নজরদারি, বিমানবন্দর এবং জনসমাগমের স্থানগুলোতে সশস্ত্র পুলিশ মোতায়েন ছাড়াও আদালতের পরোয়ানা ছাড়া বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো ও প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধের ক্ষমতা সরকার প্রয়োগ করতে পারে। ইউরোপীয় ফুটবলের আসর আয়োজনের কারণে গত কয়েক মাস হাজার হাজার সশস্ত্র সেনাসদস্যকে কাজে লাগানো হয়। কিন্তু ইউরো ২০১৬ ফুটবল আসর শেষ হওয়ার পর সপ্তাহ না পেরোতেই এই নতুন হামলা নিরাপত্তা বাহিনীগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। সম্ভবত সে কারণেই প্রেসিডেন্ট ওলাঁদ রিজার্ভিস্ট বা অবসরে যাওয়া সামরিক ও পুলিশ সদস্যদের কাজে লাগানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই প্রশ্ন তুলেছেন, ইউরো ফুটবল নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর নিরাপত্তা বাহিনীর সতর্কতায় কিছুটা ঢিলা লেগেছিল কি না, বা রাজধানী প্যারিসের জন্য যতটা নিরাপত্তা নজরদারি এবং সতর্কতা নেওয়া হয়েছিল ঠিক একই মাত্রায় প্রস্তুতি অন্যান্য শহরে ছিল কি না।
নিসের এই হামলাটি মূলত চালানো হয়েছে ১৯ টন পণ্য বহনে সক্ষম একটি ট্রাক ব্যবহার করে। নিরাপত্তা বিশ্লেষকদের জন্য এখন একটি বড় দুর্ভাবনার বিষয় হচ্ছে, এ রকম বিচ্ছিন্ন কিন্তু বিপজ্জনক ব্যক্তি। এ ধরনের বিচ্ছিন্ন জিহাদিকে বলা হচ্ছে ‘লোন উলফ’ এবং সাম্প্রতিক কিছু ঘটনায় এদের হামলাতেই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ওরেগনের সমকামীদের ক্লাবের হামলাতেও এটি দেখা গেছে।
নিসের হামলাটি পরিচালিত হয় ফ্রান্সের জাতীয় দিবসের উৎসবে। হামলার জন্য এই দিনটিকে বেছে নেওয়ায় ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ বলেছেন, সন্ত্রাসবাদীদের লক্ষ্য ফ্রান্সের মূল্যবোধকে আঘাত করা। হামলার পেছনে এখনো কোন নির্দিষ্ট গোষ্ঠীর নাম উচ্চারিত না হলেও অনেকেই ইসলামিক স্টেট বা আইএসের আগের একটি বিবৃতির কথা স্মরণ করেছেন। ওই বিবৃতিতে ফ্রান্সে তাদের ভাষায় বিধর্মীদের লক্ষ্য করে যেখানে যেভাবে সম্ভব হামলা চালাতে তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছিল। বিবিসির এক সংবাদে বলা হয়েছে যে এই হামলার পর টুইটারে আইএস সমর্থকদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
প্রশ্ন উঠছে ফ্রান্স বারবার কেন এ ধরনের হামলার শিকার হচ্ছে? বিশ্লেষকদের অনেকে এই প্রশ্নের উত্তরে বলছেন, জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে বিশ্বের নানা প্রান্তে ফ্রান্স সামরিকভাবে যতটা যুক্ত হয়েছে বা উদ্যোগী ভূমিকা নিয়েছে অন্য কোনো দেশ ততটা নেয়নি। ইরাক ও সিরিয়াজুড়ে তৎপর ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে এবং লিবিয়া ও মালির মতো জায়গাগুলোতে ফরাসি সামরিক বাহিনী কোনো না-কোনোভাবে সক্রিয়। ফলে সব কটি জিহাদি গোষ্ঠী ফ্রান্সে আঘাত হানার সুযোগ খুঁজবে সেটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, ফ্রান্স ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে যেসব নীতি অনুসরণ করছে বা আইন করছে, তার অনেকগুলোই ইসলামবিদ্বেষী বলে অভিযোগ উঠেছে। ফ্রান্সই প্রথম কোনো রাষ্ট্র যারা বোরকা পরা নিষিদ্ধ করেছে। তৃতীয়ত, আফ্রিকার সাবেক উপনিবেশগুলো থেকে আসা মুসলমান অভিবাসীদের অর্থনৈতিক বঞ্চনার অভিযোগে যে ক্ষোভ দেখা যায়, সেটিকে জিহাদিরা কাজে লাগাতে সক্ষম হয়েছে। প্যারিস ও ব্রাসেলসের সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিদের মধ্যে আফ্রিকান বংশোদ্ভূত ফরাসি তরুণদের সংখ্যাই বেশি।
একজন ব্যক্তির এই অস্বাভাবিক উচ্চমাত্রার নৃশংসতা ও প্রাণনাশের দানবীয় ঝুঁকি স্বভাবতই সরকারগুলোর জন্য একটি বড় দুর্ভাবনার বিষয় হবে।
হামলাকারী আপাতভাবে সাধারণ একটি মোটরযান ব্যবহার করে এককভাবে এত বড় যে হামলা চালাল, তা এখন শুধু ফ্রান্স নয় অন্যান্য দেশের সবার জন্যও একটা বড় মাথাব্যথার কারণ হবে। এর আগে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, জঙ্গিরা গাড়িবোমা ব্যবহার করে নাশকতা করতে পারে। কিন্তু বোমা ছাড়াই যে গাড়িকে এভাবে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব, তা তাদের কল্পনাতেও ছিল না। বিবিসি অবশ্য জানিয়েছে যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েল এ ধরনের গাড়ি হামলা ঠেকাতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধক ব্যবহার করে থাকে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ব্রিটিশ পার্লামেন্ট, হোয়াইট হলে এ ধরনের প্রতিবন্ধক বসানো আছে, যা দ্রুতগতির ট্রাকের আঘাত ঠেকিয়ে দিতে পারে। এমনকি লন্ডনে আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামের প্রবেশমুখে ক্লাবের নাম যেভাবে কংক্রিট ব্লক ব্যবহার করে বসানো আছে, সেগুলোর মূল কাজ এ ধরনের গাড়ি হামলা প্রতিরোধ করা। এই প্রতিকারমূলক ব্যবস্থার কথা এখন সম্ভবত সব নগর কর্তৃপক্ষকেই ভাবতে হবে। তবে তাতেও যে নিশ্ছিদ্র নিরাপত্তার নিশ্চয়তা মিলবে, সে কথা আপাতত কেউ বলবেন বলে মনে হয় না।