সন্জীদা খাতুন: পঁচাশি পেরোনো অনলস অভিযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্‌জীদা খাতুন।
সন্‌জীদা খাতুন।

কাজী মোতাহার হোসেন ও সাজেদা খাতুনের সন্তান সন্‌জীদা খাতুন (জন্ম: ৪ এপ্রিল, ১৯৩৩) ঐতিহ্যবাহী পরিবারের পরম্পরা রক্ষা করেননি শুধু, নিজেই সৃষ্টি করেছেন নতুন ঐতিহ্যধারা। বায়ান্নর মিছিল থেকে ২০১৮-তে নীলফামারীর রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের উৎসবমঞ্চ আলো করে থাকেন তিনি, অন্ধকারের প্রবল প্রতিপক্ষ হয়ে। একুশ তাঁকে ভাষা দিয়েছিল, একাত্তরে সুরের আগুনকে অস্ত্র করে তুলেছেন তিনি—তাঁকে আমরা পেয়েছি মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক ফ্রন্টে, রূপান্তরের গানে, মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার সভাপতিরূপে। অর্ধশতাব্দীকালের অনলস সাধনায় বাংলা নববর্ষ উৎসবকে ধর্মবর্ণ-নির্বিশেষে বাঙালির অসাম্প্রদায়িক জাতীয় উৎসবে রূপদানের অন্যতম পুরোধা তিনি।

সৃজন কল্লোলিত জীবনসমুদ্রের পঁচাশি ঢেউ পূর্ণ হলো সন্‌জীদা খাতুনের। ছিয়াশিতে পদার্পণ করেও তিনি নিত্যনবীনা যেন এই সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ প্রবর্তিত আহমদ শরীফ চেয়ারে আসীন হয়ে অল্প সময়ের ব্যবধানে নজরুল ও জসীমউদ্‌দীন বিষয়ে যখন পরপর প্রদান করলেন দুটো বিশদ বক্তৃতা, তখন শ্রোতাসাধারণ বলছিলেন যে এই বয়সে এমন স্থিত প্রাজ্ঞ গবেষক-মন সত্যি বিরল। হ্যাঁ, বিরল তিনি বহু ক্ষেত্রেই। একদিকে প্রাতিষ্ঠানিক গবেষণার বৃত্তে থেকেও প্রণয়ন করেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রসংগীতের ভাবসম্পদ এবং ‘ধ্বনি থেকে কবিতা’র মতো উন্মোচক গ্রন্থ, অন্যদিকে ‘স্বাধীনতার অভিযাত্রা’, ‘জননী জন্মভূমি’, ‘প্রভাতবেলার মেঘ ও রৌদ্র’, ‘অতীত দিনের স্মৃতি’ এবং ‘সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে’-এর মতো গ্রন্থাবলির সূত্রে তিনি যুগপৎ নিজের জীবন ও বাঙালির জাতীয় জীবনের সাংস্কৃতিক মর্মমূল উদ্‌ঘাটন করেছেন।

জীবনে যেখানেই কর্মব্যপদেশে ছিলেন, সেখানেই রেখেছেন নিজ কৃতির অমোচ্য ছাপ। পাকিস্তান আমলে বাংলা একাডেমিতে অত্যল্পকালের পেশাজীবনে ড. মুহম্মদ শহীদুল্লাহর মহার্ঘ কৃতি ‘আঞ্চলিক ভাষার অভিধান’-এর সঙ্গে যুক্ত ছিলেন যেমন, তেমনি ফিরোজা বেগম সংকলিত কয়েক খণ্ডের নজরুল সংগীত স্বরলিপি পুস্তকাকারে প্রকাশে রেখেছেন উদ্যোগী ভূমিকা। শুচিস্নিগ্ধ মানুষটি এই বাংলার প্রিয় প্রকৃতির মতোই, এ শ্রাবণের বুকের ভেতর আগুন আছে যেন। হ্যাঁ, বুকের ভেতর আদর্শের আগুন ছিল বলেই ছায়ানট, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ব্রতচারী আন্দোলন, নালন্দা বিদ্যালয়সহ নানা উদ্যোগ-আয়োজনের সৃষ্টি-নেতৃত্ব কিংবা সম্পৃক্ততা তাঁর। পাকিস্তানি রাষ্ট্রপক্ষ তাঁকে স্বস্তি দেয়নি; বাঙালি সংস্কৃতি বিকাশের ‘অপরাধ’–এ কলেজে শিক্ষকতাকালে তাঁকে ঢাকা থেকে বদলি করা হয়েছে সুদূর রংপুরে। তাঁর পক্ষে স্বাভাবিক ছিল নিরস্ত হয়ে যাওয়া, কিন্তু সন্‌জীদা খাতুনের অভিধানে ‘নিশ্চলতা’ বলে কোনো শব্দ নেই; সে জন্যই ২০০১-এ রমনায় ছায়ানটের বর্ষবরণ উৎসবে ভয়ংকর বোমাবর্ষণের পরও তিনি বলতে পারেন, ‘বাঙালির সাংস্কৃতিক যুদ্ধ চলবেই।’ কবি শঙ্খ ঘোষ তাঁর ‘দামিনীর গান’ বইটি সন্‌জীদা খাতুনকে উৎসর্গ করে উৎসর্গপত্রে লিখেছেন, ‘অনায়াসে যিনি গান শোনান, সেই সন্‌জীদা খাতুনকে...’। আমরা মনে করি, সন্‌জীদা ও তাঁর সহযোদ্ধা প্রজন্ম তাঁদের জীবনভর সাধনায় সমষ্টি মানুষের জন্য সত্যসুন্দরের গান শোনার সাংস্কৃতিক পরিসর বিনির্মাণ করেছেন। সে জন্যই সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গি আস্ফালন উজিয়ে আমরা পয়লা বৈশাখে গাইতে পারি নবজীবনের গান, রবীন্দ্র-নজরুলকে বুকে নিয়ে এগিয়ে চলি ভয়-বোমা তুচ্ছ করে। আজ আমরা অর্থনৈতিক অগ্রগতির সূচক পরিমাপ করছি, কিন্তু এ জাতির সাংস্কৃতিক সাক্ষরতার সূচকও একই সঙ্গে নির্ধারণ করা জরুরি। করলে দেখতে পাব, এতে সন্‌জীদা খাতুনের অবদান অসামান্য। অসামান্য তিনি আরও বহু ক্ষেত্রেই।

কেন্দ্র-প্রান্তের বিভাজনে সন্‌জীদা খাতুন ভেঙে দিতে চান; তাই গানের গুণী হিসেবে সিলেট থেকে রামকানাই দাশ কি ময়মনসিংহ থেকে নূরুল আনোয়ারকে নিয়ে এসেছেন আমাদের সমুখে। নিজের বইয়ের কাজ করার পাশাপাশি তিনি ভাবেন প্রদ্যুৎ ভট্টাচার্যের ‘টীকা টিপ্পনী’ বইটি কী করে বাংলাদেশ থেকে প্রকাশ করা যায়, যাতে এখানকার পাঠক অতি সহজে একটি ভালো বই পড়ার সুযোগ পায়। ‘বাংলাদেশের হৃদয় হতে’ পত্রিকা সম্পাদনাকালে তরুণ লেখকদের নতুন ধারার লেখা প্রকাশের ব্যবস্থা করেছেন, উয়ারী-বটেশ্বরের প্রত্নখননের কাজে সুফি মোস্তাফিজুর রহমান যেন আরও উৎসাহিত বোধ করেন, সে জন্য তাঁকে প্রণোদনা দিতেও তিনি ভোলেন না। এই বয়সেও বিপ্লবী রবি গুহ স্মরণসভার আমন্ত্রণপত্রের মুসাবিদা নিজ হাতে করতে দেখেছি তাঁকে; কী করে এই মৃত্তিকার বিপ্লবী সন্তানকে তাঁর সন্তানেরা কলকাতা থেকে ঢাকায় এসে স্মরণ করতে পারেন, তার জোগাড়যন্তরেও ব্যস্ত দেখেছি তাঁকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষকতাকালে তিনি কয়েক প্রজন্মের শিক্ষার্থীর প্রিয় শিক্ষক, এখানে রবীন্দ্রপাঠের সনাতনী সিলেবাসের অন্ধ অনুবর্তনের পরিবর্তে তিনি নতুন ধারার সমালোচনা পদ্ধতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিয়েছেন। রাগসংগীতের অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে তিনি বিস্মৃত হন না লোকসংগীতের শক্তিকে।

বৃহৎ বাঙালির বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক জীবনে এভাবে সর্বতোভাবে জড়িয়ে আছেন সন্‌জীদা খাতুন, কাছের মানুষদের ‘মিনু আপা’, শান্তিনিকেতনের ‘মিনুদি’। দেশভাগ, দাঙ্গা ও রক্তপাতের শতাব্দীপ্রায় সাক্ষী আবার বাঙালির দুঃখ ও জরাজয়ী সাহসী সাংস্কৃতিক অভিযাত্রার অবিকল্প সারথি সন্‌জীদা খাতুন; গৌরবদীপ্ত জীবনের পঁচাশি বসন্ত পূর্তিতে আপনাকে আমাদের শ্রদ্ধা ও ভালোবাসাপূর্ণ অভিবাদন জানাই।