সফর-উত্তর স্বদেশ-ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক বছর আগে আমার এক ইংরেজ বন্ধু বলেছিল, ইউ ক্যান কমপেয়ার অনলি বিটুইন থিংগস কমপেয়ারেবল টু ইচ আদার; অর্থাৎ আপনি কেবল তুলনাযোগ্য জিনিসকেই একে অপরের সঙ্গে তুলনা করতে পারেন। একেবারে সাদামাটা কথায় কথাটা বলতে গেলে, একটি চেয়ারের সঙ্গে আরেকটি চেয়ারের তুলনা করা যেতে পারে, একটি টেবিলের নয়।

যুক্তরাষ্ট্র আর আমাদের দেশ তথা বাংলাদেশ; দুটোই স্বাধীন ও সার্বভৌম রিপাবলিক। অর্থাৎ গণতান্ত্রিক দেশ; এবং গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ ও সংক্ষিপ্ততম সংজ্ঞাটি দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রেরই স্বনামধন্য প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন: ‘গভর্নমেন্ট অব দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল’; অর্থাৎ ‘জনগণের সরকার, জনগণের জন্য সরকার, জনগণের দ্বারা গঠিত সরকার’। অবশ্য এই ‘সরকার’ আমাদের দেশের এক বাচ্চা ছেলে ওর বাপকে ‘সরকার কী জিনিস’ জিজ্ঞেস করে যে জবাব পেয়েছিল, সে রকম সরকার নয়:

ছেলের জিজ্ঞাসার জবাবে বাপ বলেছিলেন, সরকার কী জিনিস বুঝলে না? আমি সংসার চালাই, অতএব আমি হচ্ছি গিয়ে সরকার। আর তোমার মা সব সময় আমার সঙ্গে তর্ক-বিতর্ক করেন, অতএব উনি হচ্ছেন বিরোধী দল। আমরা দুজনই তোমার মঙ্গল চাই, অতএব তুমি জনগণ। আর তোমার বছর দেড়েকের ছোট্ট ভাইটিকে বলা যেতে পারে আমাদের ভবিষ্যৎ। কথাটা মনে রেখো। তো সেদিন রাতে শোয়ার আগে সে মা-বাবার রুমে উঁকি দিয়ে দেখে, বাবা ঘুমাচ্ছেন আর মা কেশ-চর্যায় ব্যস্ত। নিজের রুমে শুতে দেখে ছোট্ট ভাই পেশাব করে বিছানা ভিজিয়ে ফেলেছে। সে কী করবে বুঝতে পারছিল না; এমন সময় তার নানার টেলিফোন এল, ‘নানা ভাই, কী খবর?’ সে প্রত্যুত্তরে বলল, ‘খবর আর কী? সরকার ঘুমাচ্ছেন আর বিরোধী দল নিজেরে নিয়ে ব্যস্ত। এদিকে ভবিষ্যৎ পেশাবে তলিয়ে যাচ্ছে, জনগণ বুঝতে পারতেছে না কী করবে?’

সে যা হোক। চোখ-কান খোলা রেখে চলা একজন বাংলাদেশি সংবেদনশীল পর্যটকের কাছে দুই দেশের মধ্যে মিলের চেয়ে অমিলটাই বেশি পরিলক্ষিত হওয়া স্বাভাবিক। প্রথম কথা হলো, ভৌগোলিক অবস্থানের দিক থেকেও তো দুটো দেশ, সে দেশ ও আমাদের দেশ, দুনিয়ার দুই প্রান্তে অবস্থিত—আমাদের এখানে যখন দিন তখন ওখানে রাত, আর আমাদের যখন রাত তখন ওখানে দিন। এবং চন্দ্র-সূর্যও আমাদের চেয়ে সে দেশের অধিকতর কাছে বলে অনুভূত হয়েছে। দ্বিতীয়ত, সে দেশটা হলো গিয়ে একটা ‘মেলটিং পট’ তথা গলানোর পাত্র ও ‘ল্যান্ড অব ইমিগ্রেন্টস’ তথা অভিবাসীদের দেশ (কেউ আগে এসেছে এবং কেউ পরে এসেছে, তফাত শুধু এটুকু যা); আর তাই সর্বত্রই বিভিন্ন বর্ণ, ধর্ম, ভাষা ও গোত্রের সমাবেশ দেখতে পাওয়া যায়। অন্যদিকে আমরা হলাম সমশ্রেণি ও বর্ণযুক্ত একই ভাষাভাষী অধিবাসী। সর্বোপরি, ওরা উন্নতির সর্বোচ্চ শিখরে ইতিমধ্যেই পৌঁছে গেছে, আর আমরা সবে উন্নতি করতে শুরু করেছি।

যাক গে, পথ চলতে গিয়ে পূর্ব–অভিজ্ঞতা সত্ত্বেও প্রথমেই ধাক্কাটা খাওয়া গেল যানবাহনের যাত্রা দেখে। সেটা রাস্তায় মোটরগাড়ি ও অন্যান্য যানবাহনের আধিক্যের কারণে অতটা নয় (পরিসংখ্যান মতে, যুক্তরাষ্ট্রে প্রতিটি নাগরিকের বিপরীতে দুটো করে মোটরগাড়ি, অর্থাৎ ৩২ কোটি লোকের জন্য ৬৪ কোটি কার), কিংবা ২৪ ঘণ্টা ব্যস্ত পাঁচ-পাঁচ লাইনের প্রশস্ততম সড়কের জন্যও নয়, বরং যানবাহনকে রাস্তার ডান দিকে চলতে ও চালককে গাড়ির বাম পাশে বসতে দেখে। ২০০ বছর ব্রিটিশের অধীনে থাকার কারণেই বোধ করি আমরা ব্রিটিশদের অনুকরণে গাড়িঘোড়া রাস্তার বাঁ দিকে চালাতে আর রাইট হ্যান্ড ড্রাইভিংয়ে অভ্যস্ত; যে কারণে যিনি গাড়ি চালাচ্ছেন তাঁর পাশে বসতে গিয়ে বারবার দিক ভুল হয় আর ‘সরি সরি’ বলতে হয়। তো এ প্রসঙ্গে বিলেতে প্রচলিত সেই মুখরোচক গল্পটি মনে পড়ে গেল:

যুক্তরাষ্ট্রের জনৈক নাগরিক আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাজ্যে বেড়াতে এসে ট্রেনে চেপে কোথাও যাচ্ছিল। ট্রেনে সেদিন প্রচণ্ড ভিড়, কোথাও তিল ধারণের স্থান নেই। তা কোনো রকমে একটি কম্পার্টমেন্টে উঠে সে দেখতে পেল, একমাত্র প্রাপ্তিসাধ্য সিটটি একটি কুকুরছানা দখল করে আছে। এর পাশের সিটেই একজন বৃদ্ধা বসে আছেন দেখে সে স্বভাবতই ধরে নিল কুকুরছানাটি বৃদ্ধারই হবে। সিটটি পাওয়ার আশায় সে বৃদ্ধাকে উদ্দেশ করে বলল, ‘ক্যান আই টেক দিস সিট (আমি কি এই সিটটাতে বসতে পারি), ম্যাডাম?’ কিন্তু বৃদ্ধা একেবারে নির্বিকার, তাঁর কাছ থেকে উত্তরের ভদ্রতাটুকুও সে পেল না। দ্বিতীয়বার একই প্রশ্ন করেও কোনো উত্তর মিলল না। সে আর তৃতীয়বার একই প্রশ্ন না করে কুকরছানাটাকে ধরে জানালার গ্লাস তুলে বাইরে ছুড়ে ফেলে দিলে পর উল্টো দিকের সিটে বসা ইংরেজ ভদ্রলোক, যিনি এতক্ষণ নিবিষ্ট মনে টাইমস পত্রিকা পড়ছিলেন, পত্রিকাটা ভাঁজ করে দাঁড়িয়ে বলে উঠলেন, ‘ইউ অ্যামেরিকানস! তোমরা সব সময় সঠিক পন্থার চেয়ে বেঠিক পন্থায় কাজ করো। তোমরা গাড়ি চালাও রাস্তার রং সাইডে, খাওয়াদাওয়া করো কাঁটাচামচ রং হাতে ধরে (ইংরেজরা ওটা ধরে বাম হাতে আর আমেরিকানরা ধরে ডান হাতে), আর এক্ষণে তুমি রং (ভুল) কুকুরকে জানালা দিয়ে ছুড়ে ফেলে দিলে।’

ফিরে আসি আসল কথায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরেও আজকাল যানজট হয়, বিশেষত অফিস-আদালত শুরু ও শেষ হওয়ার বেলায়। কিন্তু আমাদের ঢাকা শহরের মতো নয়—ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকা পড়ে থাকতে হয় না, গাড়ির গতিটা কেবল কমে যায়। তা ছাড়া রোড-সাইনগুলো পরিষ্কার ও পর্যাপ্ত, আর শহরের ভেতরের সড়কগুলো সাজানো-গোছানো ও পর্যাবৃত্তিক্রমে ‘ওয়ানওয়ে’ তথা একমুখী। সর্বোপরি প্রযুক্তির আশ্চর্যজনক নিদর্শন হচ্ছে মোটরগাড়িতে সর্বশেষ সংযোজন ‘জিপিএস’ (GPS) তথা ‘গ্লোবাল পজিশনিং স্যাটেলাইট’ যন্ত্রটি, যেটি চালককে রাষ্ট্রের অভ্যন্তরে যেকোনো অপরিচিত গন্তব্যে শুধু নির্বিঘ্নে পৌঁছিয়েই দেয় না, অধিকন্তু বিকল্প রাস্তার সংযোগস্থলে বলে দেয়, ‘আপনি ওই রাস্তায় গেলে টোল বাবদ অতিরিক্ত তিন ডলার গুনতে হবে, তবে সময় বাঁচবে সাত মিনিট।’ আমাদের দেশে এমন উচ্চতায় আমরা পৌঁছাব কবে? কবে সে?

তুলনামূলক পর্যালোচনার এখানেই পরিসমাপ্তি নয়, সূচনামাত্র। ভবিষ্যতে আরও প্রস্তাবনা ও প্রাসঙ্গিক খোশগল্পের প্রত্যাশা ব্যক্ত করে বর্তমান লেখাটির সমাপ্তি ঘটাচ্ছি। খোদা হাফেজ।

আতাউর রহমান: রম্য লেখক৷ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক৷