
সকাল সাড়ে নয়টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে দেখা গেল ব্রাদাররা গল্পগুজব করছেন। পাশে ইমারজেন্সি মেডিকেল অফিসারের কক্ষের দরজা খোলা। ভেতরে নিজের আসনে বসে আছেন তরুণ মেডিকেল অফিসার; তাঁর হাত দুটো টেবিলের ওপরে গোটানো। কোনো রোগী নেই।
ভেতরে ঢুকে সম্ভাষণ জানালাম, পরিচয় দিলাম। তিনি নিজের নাম বললেন মো. আশরাফুল হক; এক বছর ধরে এই হাসপাতালে আছেন। এর আগে ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বাড়ি নরসিংদী; এখানে বদলি হয়ে এসেছেন নিতান্ত অনিচ্ছায়।
জানতে চাইলাম, জরুরি বিভাগে রোগী নেই কেন?
ঠিক এই সময় এক শিশুকে কোলে নিয়ে প্রবেশ করলেন বছর পঁচিশের এক যুবক। ডাক্তারকে বললেন, বাচ্চাটিকে নিয়ে এসেছেন রক্ত দেওয়ার জন্য, তার থ্যালাসেমিয়া। দরিদ্র মানুষ, এসেছেন পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রাম থেকে। ডাক্তার শিশুটির কাগজপত্র দেখে উদ্বিগ্ন মুখে তাকালেন তার বাবার মুখের দিকে: ‘হিমোগ্লোবিন মাত্র ৬! রক্ত দেন কত দিন পরপর?’ ‘মাস খানেক পরপর,’ জানালেন শিশুটির বাবা। ডাক্তার ডানে-বাঁয়ে মাথা নেড়ে বললেন, ‘না না, আরও ঘন ঘন রক্ত দিতে হবে। ওর হিমোগ্লোবিন ১০-এর ওপরে রাখতে হবে।’ কাঁচুমাচু ভঙ্গিতে নীরবে দাঁড়িয়ে রইলেন শিশুটির বাবা, সকাল সাড়ে নয়টার রোদেই যাঁর কালো হাড্ডিসার মুখখানা আরও কালো হয়ে গেছে।
এ সময় গোঙানিরত এক শিশুকে নিয়ে ঢুকলেন এক তরুণী মা; সারা মুখ ভীষণভাবে ফুলে গেছে শিশুটির, ঢাকা পড়েছে দুটো চোখই। ক্রমাগত সে গুঙিয়ে চলেছে। ডাক্তার তার কাগজপত্র দেখে জানালেন, কিডনির সমস্যায় ভুগছে শিশুটি।
ফিরে গেলাম সেই প্রশ্নে: সরকারি হাসপাতালের জরুরি বিভাগে সাধারণত যেমন ভিড় দেখা যায়, এখানে সে রকম নেই কেন? ডা. আশরাফুল হক বললেন, কখন রোগীর ভিড় জমে উঠবে বলা যায় না। এখানে প্রতিদিন গড়ে দেড় শ থেকে দুই শ জরুরি রোগী আসে। কখনো সড়ক দুর্ঘটনা ঘটলে একই সময়ে চলে আসে ৩০-৪০ জন রোগী। তখন আমাদের সামলাতে হিমশিম খেতে হয়। এখানে জরুরি বিভাগে মেডিকেল অফিসারের পদ মাত্র ছয়টা। আছি আমরা মাত্র চারজন। আমরা পালাক্রমে ২৪ ঘণ্টা ডিউটি করি। জরুরি বিভাগে ক্যাজুয়ালটি ওয়ার্ড নেই। কিন্তু সব হাসপাতালেই থাকে। এখানে আমরা রোগীদের রাখতে পারি না, ওয়ার্ডে পাঠিয়ে দিই।
রোগীর ভিড় দেখা গেল শিশু ওয়ার্ডে ঢুকে। বড্ড নিষ্প্রভ সেই ওয়ার্ড; শিশুদের গোঙানি, একটানা কান্না, দারিদ্র্যক্লিষ্ট, মলিন, উদ্বিগ্ন চেহারার মায়েদের সান্ত্বনা, তাঁদের ফাঁকে ফাঁকে সাদা পোশাক পরা নার্সদের ঘোরাঘুরি যেন একটা ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। এই শিশুদের কেউ ভুগছে নিউমোনিয়ায়, কেউ পেটের পীড়ায়, কেউ অন্য কোনো অসুখে, যা এখনো সঠিকভাবে শনাক্ত করা হয়নি।
আরও বেশি ভিড় দেখা গেল গাইনি বিভাগে; সেখানে রোগীদের অনেককে জায়গা নিতে হয়েছে করিডরে। তাঁদের ও তাঁদের সঙ্গে আসা স্বজনদের চেহারা ও বেশভূষায় দারিদ্র্যের ছাপ সুস্পষ্ট। রোগীতে পরিপূর্ণ হয়ে আছে ওয়ার্ড ও করিডর, কিন্তু সেই তুলনায় কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের দৃশ্যমান পদচারণ বিরল। হাসপাতালের পরিচালক তরুণ কান্তি হালদার বিরস বদনে বললেন, ‘এই হাসপাতালটিকে উন্নীত করা হয়েছে ২৫০ থেকে ৫০০ শয্যার হাসপাতালে, কিন্তু এটা চলছে ২৫০ শয্যার হাসপাতালের জন্য অনুমোদনকৃত লোকবল দিয়েই। অনুমোদনকৃত লোকবলের পদ আছে ১৬৬টি, কিন্তু তার মধ্যে ৯৯টি পদই খালি পড়ে আছে। মাত্র ৬৭ জন চিকিৎসক দিয়ে চালাতে হচ্ছে ৫০০ শয্যার এই হাসপাতাল।’
জানতে চাইলাম, ৫০০ শয্যার এ হাসপাতালে এই মুহূর্তে কতজন রোগী আছে? উত্তরে পরিচালক বললেন, ৫১৬ জন। সেই সঙ্গে যোগ করলেন, বছরের সবচেয়ে ব্যস্ত মৌসুমে এই সংখ্যা ৫৭০ পর্যন্ত ওঠে। বললাম, দেশের অন্যান্য সরকারি হাসপাতালে শয্যাসংখ্যার বিপরীতে রোগীর চাপ আরও অনেক বেশি হয়, সে তুলনায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যাচ্ছে রোগীর চাপ বেশ কম। এর কারণ কী? রোগীরা কি এখানে আসতে যথেষ্ট আস্থা পায় না?
পরিচালক বললেন, ‘দিনাজপুর জেলায় এই হাসপাতাল ছাড়াও বেশ কয়েকটি হাসপাতাল আছে, সেগুলোতেও রোগীরা যায়। যেমন ২৫০ শয্যার দিনাজপুর জেনারেল হাসপাতাল, ১০০ শয্যার ডায়াবেটিক হাসপাতাল এবং ১০০ শয্যার একটা শিশু হাসপাতাল আছে। আরও আছে ১০০ শয্যার একটা চক্ষু হাসপাতাল, ৫০ শয্যার জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এ ছাড়া ১৩টা উপজেলার প্রতিটাতে আছে একটা করে হাসপাতাল। এসব কারণে আমাদের এখানে রোগীর ভিড় দেশের অন্যান্য সরকারি হাসপাতালের চেয়ে কম।’
কিন্তু তারপরেও তো দিনাজপুর অঞ্চল থেকে প্রচুর রোগী চিকিৎসার জন্য ঢাকায় যায়?
এই প্রশ্নের উত্তরে পরিচালক বললেন, ‘আমার ধারণা, দেশের অন্যান্য অঞ্চল থেকে যত মানুষ চিকিৎসার জন্য ঢাকায় যায়, দিনাজপুর অঞ্চল থেকে তার চেয়ে অনেক কম যায়।’
দিনাজপুর সিভিল সার্জনের অফিস থেকে জানতে পারলাম, এই জেলায় বেসরকারি ক্লিনিকের সংখ্যা ৩২০। এত বড় বড় সরকারি হাসপাতাল থাকার পরেও এত বিপুলসংখ্যক বেসরকারি ক্লিনিক গড়ে ওঠার কারণ কী? আমার এই প্রশ্নের উত্তর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের জানা নেই। তিনি বরং তাঁর নিজের হাসপাতালের আরও কয়েকটি বিভাগ ঘুরে দেখানোর জন্য আমাকে নিয়ে চললেন।
প্রথমে ঘুরে দেখালেন কার্ডিওলজি বিভাগ, যেখানে অত্যাধুনিক সব প্রযুক্তির দেখা মিলল। কিন্তু জানা গেল সেসব প্রযুক্তি ব্যবহার করার জন্য উপযুক্ত বিশেষজ্ঞ নেই। কার্ডিওলজি বিভাগ পরিচালনা করছেন ডা. শাহরিয়ার কবীর, কিন্তু তাঁর পদায়ন এই হাসপাতালে নয়। তাঁকে ডেপুটেশনে আনা হয়েছে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে।
ডা. শাহরিয়ার বললেন, এখন এই হাসপাতালে শুধু ওপেন হার্ট সার্জারি ছাড়া হৃদ্রোগের অন্য সব চিকিৎসা দেওয়া হয়। এখানে মাত্র দুই হাজার টাকা খরচে হৃৎপিণ্ডে রিং বসানো হয় (রিংেয়র মূল্য আলাদা, তা রোগীকেই কিনতে হয়)। কার্ডিওলজি বিভাগের চারটি সহকারী রেজিস্ট্রারের পদই শূন্য আছে।
তারপর ডায়ালাইসিস সেন্টারে গিয়ে দেখা গেল, ১৫টি ডায়ালাইসিস যন্ত্রের ১৩টিতে রোগীদের ডায়ালাইসিস চলছে। পরিচ্ছন্ন পরিবেশ। পরিচালক জানালেন, এখানে মাত্র ৪০০ টাকার বিনিময়ে ডায়ালাইসিস করা হয়, বেসরকারি হাসপাতালে যার খরচ দুই থেকে আড়াই হাজার টাকা। কিন্তু নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগ মিলিয়ে এখানে মোট পাঁচটি পদের সবই শূন্য আছে, এমনকি মেডিকেল অফিসার, ডায়ালাইসিস পদটিতেও কেউ নেই। ডায়ালাইসিসের কাজ করেন টেকনিশিয়ানরা। বিশেষজ্ঞ চিকিৎসকের পদগুলো শূন্য আছে বলে শুধু ডায়ালাইসিস ছাড়া কিডনির কোনো চিকিৎসাই এখানে হয় না বলে জানালেন হাসপাতালের পরিচালক।
প্যাথলজি বিভাগেও দেখা গেল আধুনিক সব যন্ত্রপাতির সমাহার। কী কী পরীক্ষা এখানে হয়? এই প্রশ্নের উত্তরে এক যুবক গর্বের সঙ্গে বললেন, ‘এমন কোনো প্যাথলজি টেস্ট নাই, যা এখানে হয় না। আর যা এখানে হয় না, তা দিনাজপুরের আর কোথাও হয় না।’
আমি ঘাড় ঘুরিয়ে পরিচালকের মুখের দিকে চেয়ে বললাম, ‘সত্য?’
পরিচালক স্মিত হেসে বললেন, ‘সত্য।’ জানতে চাইলাম, তাহলে এতগুলো বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার চলে কীভাবে? পরিচালক বললেন, ‘অনেক সময় প্রফেসর সাহেবরা এখানকার টেস্টের রেজাল্টের ওপর আস্থা রাখতে পারেন না।’
‘কেন? আপনাদের পরীক্ষাগুলো নির্ভরযোগ্য নয়?’
‘আমাদের প্যাথলজি বিভাগ চলছে টেকনিশিয়ানদের দিয়ে। বিশেষজ্ঞ প্যাথলজিস্টের তিনটা পদই শূন্য আছে। টেকনিশিয়ানরা টেস্টগুলো করে, তাদের মাঝে মাঝে পরামর্শ দেন দিনাজপুর মেডিকেল কলেজের একজন সহযোগী অধ্যাপক। সব প্রযুক্তি আছে, শুধু উপযুক্ত লোকবল নেই।’
লোকবলের প্রকট সংকটের কারণে প্রায় ৩২ লাখ মানুষের জেলা দিনাজপুরের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল তার প্রযুক্তিগত সুবিধাগুলোর সদ্ব্যবহার করে চিকিৎসাসেবার মান ও পরিধি বাড়াতে পারছে না। এই সমস্যার কি কোনো সমাধান নেই?
মশিউল আলম: সাংবাদিক।
[email protected]