সব নাগরিকের জন্য প্রযোজ্য পারিবারিক আইন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া দিবস, মানবাধিকার দিবস ও বিজয় দিবস (৯, ১০ ও ১৬ ডিসেম্বর) দেশ ও জাতির মানবাধিকার ও স্বাধীনতা বিষয়ে প্রতিবছর জনগণকে সজাগ করে, ভাবিত করে এবং পরের বছর পর্যন্ত নিশ্চুপ করে দেয়। এ রকমই চলে আসছে নানা আনুষ্ঠানিকতার বেড়াজালে প্রতিবছরের এ তিনটি দিবস উদ্যাপন। অবশ্য ব্যতিক্রমী নানা উদ্যোগেও আমরা উৎসাহী হই, আবারও সব বেড়াজাল ডিঙিয়ে চেতনা সমৃদ্ধ করে পরের বছরের পাথেয় সঞ্চয় করি। রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২) যখন এ দেশের (ভারতবর্ষ: বাংলাদেশ) নারীর মানবাধিকার বিষয়ে চিন্তাচর্চা করেন এবং সাংগঠনিকভাবে ধর্মনির্বিশেষে নারী-পুরুষের সম্মিলিত প্রগতির অধিকারের সংগ্রাম করেন, তখন নারীসমাজ চিন্তা ও জীবনযাপনের ক্ষেত্রে অধস্তন অবস্থানে বাস করতেন পারিবারিক-সামাজিক-রাষ্ট্রীয় বৈষম্য-অসাম্যপূর্ণ বিধিনিষেধের মধ্যে। মানবাধিকার বিষয়ে জাতিসংঘের সনদ হয়েছে ১৯৫৪ সালে এবং সেই সনদে ‘নারীর অধিকার মানবাধিকার’ সংযোজনী দিতে বাধ্য হয়েছে ১৯৯৩ সালের ভিয়েনা সম্মেলনে। ১৯০২ সালে পিপাসা ও পদ্মরাগ লেখা দিয়ে শুরু হয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেনের সাহিত্য-চিন্তাচর্চা; তাঁর প্রবন্ধগুলো নানা পত্রিকায় প্রকাশিত হয়েছে সে সময়। পরে বই হয়েছে, রোকেয়া রচনাবলী প্রকাশিত হয়েছে। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুর আগে লেখা প্রবন্ধটির শিরোনাম ছিল ‘নারীর অধিকার’। তাঁর পদ্মরাগ উপন্যাসটি প্রকাশিত হয়েছে ১৯২৪ সালে। এর আগে কোনো পত্রিকায় এ উপন্যাস প্রকাশিত হয়নি। পরিমার্জিত করে উপন্যাস প্রকাশ করতে সময় লেগেছে। ধর্মনিরপেক্ষতা ও মানবাধিকার-সমন্বিত আদর্শে রচিত পদ্মরাগ একুশ শতকেও সমকালীন মনে হয়।ব্রিটিশ শাসনের সময় ব্রিটিশ ঔপনিবেশিক সরকার প্রজাসাধারণের স্বাধীনতা কেড়ে নিলেও বড়ই উদার হয়েছিল নাগরিকের ধর্ম বিষয়ে হস্তক্ষেপের ক্ষেত্রে। সনাতনধর্মীয় আচার-অনুষ্ঠান, বিয়ে, পারিবারিক জীবনযাপন, সম্পত্তিতে উত্তরাধিকার, সন্তানের অভিভাবকত্ব বিষয়ে ব্রিটিশ সরকার ‘ব্যক্তি আইন’ বা ‘পার্সোনাল ল’ চালু করে নাগরিকের বা ধর্মীয় স্বাধীনতা দিয়েছিল বলে বাহবা পেতে চেয়েছিল রক্ষণশীল ধর্মান্ধদের কাছ থেকে। সেই ‘পার্সোনাল ল’ মূলত নারীর পারিবারিক অধস্তন অবস্থানের সূচনা করেছিল। আজও বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে নাগরিকদের জন্য ধর্মীয় পরিচয়ে ভিন্ন ভিন্ন পার্সোনাল ল পরিচালিত হচ্ছে এবং এসব দেশের নারীদের জন্য ধর্মীয় পরিচয়ে পারিবারিক আইন বাস্তবায়নের ফলে নারীদের মানবাধিকার ও সম-অধিকার খর্বিত হচ্ছে।ভারতের সংবিধানে নারীদের সম-অধিকার দেওয়া হয়েছে এবং পারিবারিক আইনে বিয়ে, তালাক, রেজিস্ট্রেশন ও পারিবারিক সম্পত্তিতে মেয়েদের সম-অধিকার, দত্তক নেওয়ার অধিকারসহ বহু আইনি সংস্কার হয়েছে; যা মুসলিম নারীদের জন্য আইনত ধর্মীয় পার্সোনাল ল’র বাধায় প্রযোজ্য হচ্ছে না। ভারতের মুসলিম নারীরা পারিবারিকভাবে লাঞ্ছিত, নিপীড়িত, সম্পত্তির সম-অধিকার থেকে বঞ্চিত। মুখে মুখে তালাক ও হিল্লা বিয়ে ভারতের মুসলিম নারীদের জীবন দুর্বিষহ করছে।অন্যদিকে বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন ১৯৬১ দ্বারা পার্সোনাল ল’র যতটুকু সংস্কার করা হয়েছে, তা হিন্দুসম্প্রদায়ের নারীর জন্য প্রযোজ্য নয় এবং তাঁদের অলিখিত ধর্মীয় পার্সোনাল ল দ্বারা হিন্দু নারীরা মূলত বাংলাদেশের নাগরিক হয়েও রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত থাকছেন; পারিবারিকভাবে লাঞ্ছিত, নির্যাতিত, সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত থাকছেন।ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান হলেও ভারত ও বাংলাদেশের সংখ্যালঘু নারীরা পার্সোনাল ল’র অভিশাপ থেকে মুক্ত হচ্ছেন না।কলকাতায় মুসলিম নারীদের সম-অধিকারের দাবিতে গঠিত ফোরামের উদ্যোগে ৯ ডিসেম্বর কলকাতায় কলেজ স্কোয়ার থেকে পশ্চিমবঙ্গের মুসলিম নারীদের এক মিছিল শুরু হয়ে গান্ধীমূর্তির পাদদেশে শেষ হয় এবং সেখানকার ময়দানে সভা হয়। তাদের দাবিগুলো ছিল:১. তালাক দেওয়ার সম-অধিকার থাকবে এবং তালাক হবে কোর্টের মাধ্যমে।২. একাধিক স্ত্রী (বহুবিবাহ) নিষিদ্ধ করতে হবে।৩. উত্তরাধিকার সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার দিতে হবে।৪. দত্তক আইন চালু করতে হবে।৫. নির্যাতিত, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত ও বিধবা মহিলাদের স্বনির্ভর করার প্রকল্প চালু করতে হবে।এই সভায় যোগ দিয়েছিলাম ৯ ডিসেম্বর। সভায় আগত নারীদের সঙ্গে কথা বলার সময় তাঁদের পারিবারিক-সামাজিক নিপীড়িত, লাঞ্ছিত অবস্থার বিষয়ে জেনেছি।বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও মুসলিম নারীদের পারিবারিক পার্সোনাল ল ১৯৬১ সালের পর আজও সংশোধিত হয়নি এবং সংখ্যাগুরু মুসলিম নারীর পারিবারিক সহিংসতার বাস্তব চিত্রটি এতটাই অমানবিক ও নৃশংস যে বাংলাদেশ সরকার সম্প্রতি ‘পারিবারিক সহিংসতার বিরুদ্ধে আইন’ জাতীয় সংসদে পাস করেছে। কিন্তু এসব সহিংসতার মূল ভিত্তি যে পার্সোনাল ল, তা সংস্কার করার কোনো পদক্ষেপ সরকার নেয়নি।হিন্দুসম্প্রদায়ের বিয়ে রেজিস্ট্রিকরণ, তালাক রেজিস্ট্রিকরণ ও সম্পত্তিতে নারীর অধিকারবিষয়ক দাবিতে বাংলাদেশে নারীদের সম্মিলিত সভা হয়েছে এবং হিন্দু নারীদের লিখিত পারিবারিক আইনের দাবিতে আন্দোলন হচ্ছে। মূলত সব নাগরিকের জন্য প্রযোজ্য একটি রাষ্ট্রীয় পারিবারিক আইন হওয়া দরকার, যে আইনে নারী-পুরুষের সমান অধিকার কার্যকর করা হবে। সম্পত্তিতে সমান অধিকার সব নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করবে।বাংলাদেশে ক্রমাগত বিশেষ আইন দ্বারা নারী নির্যাতন বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু মূলত সাংবিধানিকভাবে নারীর পারিবারিক ও সম্পত্তির ওপর সমান অধিকার নিশ্চিত না হওয়ায় বিশেষ আইনের কোনো উদ্যোগই ফলপ্রসূ হচ্ছে না। পার্সোনাল ল বিষয়ে সব নাগরিকের জন্য সমভাবে প্রযোজ্য মানবাধিকারের প্রয়োগ আবশ্যিক হয়ে উঠেছে বাংলাদেশ ও ভারতে। পৃথিবীর বিভিন্ন দেশে পার্সোনাল ল সংশোধিত হয়েছে এবং হচ্ছে। ভারতে হিন্দু নারীদের জন্য ধর্মীয় বিধানের সংস্কার করে রাষ্ট্রীয়ভাবে সংবিধান ও আইনে সম-অধিকার দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশে হিন্দু নারীদের পারিবারিক ধর্মীয় বিধান এখনো অলিখিত, অরেজিস্ট্রিকৃত থেকে যাচ্ছে। রোকেয়া দিবস, মানবাধিকার দিবস ও বিজয় দিবসের এই মহান ডিসেম্বর মাসে বাংলাদেশের নারীর মুক্তি, স্বাধীনতা ও মানবাধিকার হয়ে উঠুক অসাম্প্রদায়িক, রাষ্ট্রের সব নাগরিকের জন্য সমভাবে প্রযোজ্য—এই আমাদের আকাঙ্ক্ষা, এই আমাদের দাবি।মালেকা বেগম: নারীনেত্রী, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের খণ্ডকালীন শিক্ষক।