সব প্রতিবেদনই উপেক্ষিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে প্রাধিকার কোটা ও এর পরিমাণের যৌক্তিকতা নিয়ে সূচনা থেকেই বিতর্ক রয়েছে। এটা পর্যালোচনা করতে গঠিত হয়েছে বেশ কিছু কমিশন ও কমিটি। দায়িত্বের অংশ হিসেবে সরকারি কর্ম কমিশনও (পিএসসি) বিভিন্ন সময়ে এর নৈতিক দিক, প্রশাসনিক বিবেচনায় গ্রহণযোগ্যতা ও প্রায়োগিক জটিলতা নিয়ে তাদের নিয়মিত প্রতিবেদনে উল্লেখ করেছে। সংবিধানে প্রজাতন্ত্রের চাকরিতে সবার সমান অধিকার স্বীকৃত। তবে অনগ্রসর জনগোষ্ঠী ও অঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

একটি কথা খুবই প্রাসঙ্গিক যে স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময়ে, বিভিন্ন অনুপাতে কোনো কোনো শ্রেণির প্রার্থীদের জন্য প্রাধিকার কোটা নির্ধারণ করা হয়। তবে এগুলো কোনো কমিশন বা কমিটি গঠন করে পর্যালোচনার মাধ্যমে নির্ধারণ করা হয়নি; বরং পর্যালোচনা করেছে সময়ে-সময়ে সরকারের গঠিত বিভিন্ন কমিশন ও কমিটি। কমিটির সদস্যরা বিচার-বিশ্লেষণ করে সবাই একমত হয়েছেন যে সিভিল সার্ভিস হতে হবে মেধাভিত্তিক। আর এমনটা হলে একটি শক্তিশালী জনপ্রশাসন গড়ে উঠবে। এসব কমিশন বা কমিটি প্রাধিকার কোটার ব্যাপক আধিক্যে তাদের শঙ্কা ব্যক্ত করেছে। মন্তব্য করেছে, এর ফলে জনপ্রশাসন ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়বে। আর পড়ছেও।

এমনটা বলছে অন্যদের পাশাপাশি উন্নয়ন–সহযোগীরাও। অলঙ্ঘনীয় বাধায় নিজ থেকেই এ পথ থেকে মুখ ঘুরিয়েছেন অনেক মেধাবী। আর প্রতিযোগিতায় এসে ভালো ফল করেও কোটার আশীর্বাদধন্য হতে না পেরে কেউ বাদ পড়েছেন। কারওবা ঠাঁই মিলেছে তুলনামূলক অনাকর্ষণীয় পদে। ফলে দীর্ঘদিন ধরে একটি ক্ষোভ বিরাজ করছে চাকরিপ্রার্থীদের মধ্যে। তারই কিছুটা বহিঃপ্রকাশ দেখা গেল গত এপ্রিলে। শুরুতে ভিন্ন অবস্থান থাকলেও সরকার দ্রুতই বাস্তবতাকে স্বীকার করল। এমনকি জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারপ্রধান দু-একটি বিশেষ ক্ষেত্র ব্যতীত কোটাব্যবস্থা বাতিল করার ঘোষণা দিলেন গেল ১১ এপ্রিল। এ ঘোষণাটি প্রজ্ঞাপন হিসেবে জারি হলে কার্যকর হতে পারে বিভিন্ন নিয়োগ পর্বে। নচেৎ থমকে থাকবে অনেক কার্যক্রম। বিলম্বিত পদক্ষেপে আবারও ক্ষোভ সৃষ্টির আশঙ্কা করেছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান। তিনি ২২ লাখ তরুণকে উপেক্ষা না করতে সরকারকে পরামর্শ দিয়েছেন। তাঁর বক্তব্য ও যুক্তিগুলোর সঙ্গে ভিন্নমত প্রকাশের সুযোগ নেই।

তবে দেখা দরকার এ কোটাগুলো বলবৎ করার পটভূমি। পাশাপাশি সরকারের উচ্চপদে নিয়োগে মেধাকে উপেক্ষা করার কুফল সম্পর্কে সরকারের নিয়োজিত বিভিন্ন কমিশন-কমিটি সম্পর্কেও কিছু আলোচনা প্রাসঙ্গিক। সরকারি চাকরিতে ব্যাপক হারে কোটাব্যবস্থা চালু হয় স্বাধীনতার পরপর। ধরে নেওয়া হচ্ছিল ব্যবস্থাটি হবে সাময়িক। স্বাধীনতা-পরবর্তী প্রশাসনের আশু চাহিদা বিবেচনায় এ নীতিমালা প্রণীত হয়েছে। তখনকার মতো উপেক্ষিত হলেও শিগগিরই মেধাবীরা উপযুক্ত স্থানে যেতে পারবেন, এমনটা ধারণা ছিল। সেই ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরীর নেতৃত্বে গঠিত হয় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অর্গানাইজেশন কমিটি। একটি প্রাদেশিক সরকারব্যবস্থাকে কেন্দ্রীয় সরকারব্যবস্থায় উন্নীতকরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো খতিয়ে দেখে সুপারিশ করাই এ কমিশনের মূল কার্যপরিধি ছিল। কমিশন অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছিল। তবে উচ্চতর সিভিল সার্ভিসে নিয়োগ পর্বে মেধার বিকল্প কিছু হতে পারে না—এমনটি বলেছে অনেক জোরালোভাবে।

১৯৭৭ সালের বেতন ও চাকরি কমিশনের সুপারিশেও ওই বিষয়ে পুরো ঐকমত্যই দেখা যায়। কিন্তু প্রান্তিক পর্যায়ে কিছু পরিবর্তন ছাড়া কোটাব্যবস্থা সংস্কারে বড় ধরনের কোনো পদক্ষেপ পরবর্তী সরকারগুলো নেয়নি। বিদ্যমান কোটাব্যবস্থার প্রাসঙ্গিকতা ও সংস্কারের প্রয়োজনীয়তা অনুসন্ধান করে দেখতে ১৯৯৩ সালে গঠিত হয় তদানীন্তন মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে চারজন সচিবের একটি কমিটি। এ কমিটিও মেধাকে অধিক গুরুত্ব দিয়ে অন্যান্য প্রাধিকার কোটা হ্রাস করার প্রস্তাব করে। প্রতিবেদন পেলেও তখনকার সরকার কোনো ব্যবস্থা নেয়নি যথোচিত সংস্কারের।

দীর্ঘদিন পর ক্ষমতায় এসে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে জনপ্রশাসন সংস্কার কমিশন। সুদীর্ঘ নানামুখী সমীক্ষার ভিত্তিতে এ কমিশন ২০০০ সালে একুশ শতকের জনপ্রশাসন শিরোনামে তাদের প্রতিবেদন দেয়। এ প্রতিবেদনেও বেশ কিছু কোটাকে সংবিধানের চেতনার পরিপন্থী এবং কতগুলো অপ্রয়োজনীয় বলে নিয়োগপর্ব মেধাভিত্তিক রাখার পক্ষেই জোর দেয়। এসব কমিশন-কমিটির রিপোর্ট সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য পাওয়া যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিজের উদ্যোগে পরিচালিত একটি সমীক্ষায়। এ ছাড়া পিএসসি পরামর্শ হিসেবে ড. আকবর আলি খান ও কাজী রকিবউদ্দীন আহমদ এ কোটাব্যবস্থা আবারও পর্যালোচনা করে একে অনেকটাই অকার্যকর বলে মত দেন। ২০০৯ সালের দিকে সুপারিশ করেন মেধাকে নিয়োগের প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করতে। এত সব কমিশন-কমিটির রিপোর্টে বস্তুত কারও টনক তেমনভাবে নড়েনি। আর বাস্তবতা যে এক নয়, এটা আমাদের অনেকে মানতে নারাজ। এটি ক্রমপরিবর্তনশীল। তাই দেখা গেল এবারের কোটাবিরোধী আন্দোলনে।

এ আন্দোলনটি নিয়ে অনেক কথা আছে। তবে বাস্তবে এটা একটি দুর্বল সাংগঠনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত জনপ্রিয় আন্দোলন। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে শাহবাগ মোড় অবরোধসহ ভিসির বাড়ি ভাঙচুরের। সে বাড়ি ছাত্ররা ভাঙচুর করেনি—এটা স্বয়ং ভিসি বলেছেন। তা সত্ত্বেও যারা এ কাজ করল, তাদের দ্রুততার সঙ্গে আইনের আওতায় আনা হোক—এটা সবাই চায়। ছাত্রদের আবেগাশ্রয়ী কোনো কার্যক্রমকে যেন ফৌজদারি অপরাধের আওতায় না নেওয়া হয়, এ ধরনের দাবি অযৌক্তিক নয়।

শাহবাগ মোড়ের তিনটি দিক বন্ধ করলে জনবহুল গোটা মহানগরীর ট্রাফিক-ব্যবস্থা অচল হয়ে পড়ে। এখানে অতিগুরুত্বপূর্ণ দুটি বিশেষায়িত হাসপাতাল আছে। মহানগরীর ট্রাফিক-ব্যবস্থা কোনো কারণে অচল হোক, এটা কেউ চায় না। এই আন্দোলনকারীদের পক্ষেও এ বিষয়ে ভিন্ন কোনো বক্তব্য রাখার সুযোগ নেই। তবে কত দিবস বা কত ধরনের সভা-মিছিল উপলক্ষে মহানগরীর যানবাহনব্যবস্থা প্রায়ই অচল হয়ে যায়, এটা ভুক্তভোগী নগরবাসীর জানা। সে তুলনায় আন্দোলনকারীদের এ অবস্থানের সময়কাল খুবই স্বল্প ছিল। তবে তা এড়াতে পারলে ভালো হতো। অবশ্য এ পথে যাতে কাউকে যেতে না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্ক ও সচেতন থাকা দরকার।

আমরা অবশ্য দেখেছি আন্দোলনের মূল পর্বের সূচনায় ক্ষমতাসীন দলের কয়েকজন রাজনৈতিক নেতা পরিস্থিতিকে ত্বরিত নিয়ন্ত্রণে নিতে সক্রিয় ও সফল হন। সরকারপ্রধানও দ্রুতই সাড়া দেন। আন্দোলনকারীদের দাবি কোটা প্রথার সংস্কার হলেও তিনি সীমিত ব্যতিক্রম ব্যতীত এটা বাতিলের ঘোষণাই দেন জাতীয় সংসদে। কথা থাকে, তাহলে আর গোল বাধে কেন?

বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি এক লহমার কাজ, এমন দাবি করব না। তবে ঘোষণার পর যতটুকু সময় গেছে, তা একেবারে কম নয়। সাধারণ ছাত্রসমাজের এ ধরনের দাবি রাজনৈতিক নেতৃত্বহীন। এ অবস্থায় সুযোগসন্ধানী মহল সক্রিয় হওয়া অসম্ভব নয়। তারা যাতে সে সুযোগ না পেতে পারে, এ বিষয়ে সতর্ক হতে হবে সরকারকেই। যেকোনো ধরনের অযাচিত পরিস্থিতিতে আন্দোলনকারীদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সরকার। আমরা বুঝতে পারি একটি রাজনৈতিক সরকারকে বিভিন্ন মহলের স্বার্থকে একীভূত করে সিদ্ধান্ত নিতে হয়। তা–ও দ্রুতই করা যায়।

আন্দোলনকারী নেতাদের পূর্বপুরুষের রাজনৈতিক পরিচয় টেনে সুফল দেবে না। তারা চাইছে কোটাব্যবস্থা সংস্কার। এটা যৌক্তিকভাবে সংস্কার করা হলে মেধা কোটার জন্য দাবিকৃত সংখ্যার সামান্য হেরফেরে তেমন কিছু যাবে-আসবে না। নিয়োগপর্বে মেধাবীদের ব্যাপক প্রাধান্য দেওয়ার কথা দীর্ঘদিন ধরে একে একে বলে গেছেন বিভিন্ন কমিশন, কমিটি ও পরামর্শক। দেরি যা হওয়ার হয়েছে। আর যাতে না হয়, সেদিকে সতর্কতা প্রয়োজন সবার।

আলী ইমাম মজুমদার সাবেক মন্ত্রিপরিষদ সচিব