সব প্রাণে চাই ভালোবাসা

কী একটা বছরই না গেল! ঘটন-অঘটনে ভরপুর ২০১৬।
সুখস্মৃতি নিশ্চয়ই আছে। কিন্তু দুঃসহ যন্ত্রণায় সুখ চাপা পড়ে যায়। আশার মধ্যে মানুষের ঘরবসতি। সেই আশায় বুক বেঁধে মনে-প্রাণে একটা শান্তি ও সমৃদ্ধির বছর চাই। ২০১৭ সালকে স্বাগত জানাই।
নতুন বছর বরণের প্রাক্কালে মনটা কেমন উসখুস করে। বিদায়ী বছরের নানা স্মৃতি ঘুরেফিরে উঁকি দেয়। বছরের প্রথম সপ্তাহ পার হতে না হতেই ভূমিকম্প। ভোররাতে তীব্র ঝাঁকুনি। আতঙ্ক চারদিকে। ছয়জনের প্রাণ গেল। সেই হলো শুরু। তারপর বছরজুড়ে কত-কী ঘটল।
ঘূর্ণিঝড় রোয়ানু ডজন দুয়েক মানুষের প্রাণ নিয়েছে। ফসল, অবকাঠামো তছনছ করেছে।
বজ্রপাতের মুহুর্মুহু গর্জনে কানে তালি লেগেছে। শতাধিক মানুষ বেঘোরে মারা পড়েছে।
সড়ক পরিণত হয় মৃত্যুর ফাঁদে। বছরের ১১ মাসে তিন হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে (১ ডিসেম্বর ২০১৬, প্রথম আলো)।
বছরের শুরুর দিকে ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা। আগুনে পুড়ে ছাই সুরসাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিচিহ্ন। বছরের শেষ ভাগেও আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া। নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা। বিভিন্ন সময় দেশের অন্যান্য স্থানেও সাম্প্রদায়িক হামলা চলেছে। নভেম্বরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলায় সবাই হতভম্ব হয়েছে।
কারখানায় আগুনে শ্রমিকের মৃত্যুর মিছিল থামেনি। এক টঙ্গীর টাম্পাকোতেই বিস্ফোরণ-অগ্নিকাণ্ডে ৩৯ জনের লাশ মিলেছে।
শিশুরা ছিল হত্যার সহজ নিশানা। বছরের প্রথম তিন মাসে ৭৫টি শিশু বিভিন্নভাবে হত্যার শিকার হয় (১৩ এপ্রিল ২০১৬, প্রথম আলো)। শিশু ধর্ষণ, নিপীড়ন, অপহরণের তালিকাও দীর্ঘ।
নারীদের জন্য বছরটি মোটেই সুখকর ছিল না। হত্যা, ধর্ষণ, নির্যাতনের বহু ঘটনা ঘটেছে। কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যায় প্রতিবাদের ঝড় ওঠে। সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতি হামলায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন যেন রক্তের হোলিখেলা। ছয় ধাপের এই নির্বাচনে শতাধিক মানুষের জীবন গেছে। আহত ব্যক্তিদের সংখ্যা কয়েক হাজার (৬ জুন ২০১৬, প্রথম আলো)।
নিশানা করে একের পর এক আক্রমণ ও গুপ্তহত্যা চালায় জঙ্গিরা। ১ জুলাই রাতে গুলশানে হলি আর্টিজানে জঙ্গিদের নৃশংসতায় স্তম্ভিত হয় বাংলাদেশ। জঙ্গিরা ২০ জন দেশি-বিদেশিকে হত্যা করে। তাৎক্ষণিক অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুজন কর্মকর্তা। গুলশান হামলার দুঃসহ স্মৃতি এখনো তাজা। বছরের শেষ প্রান্তে রাজধানীর আশকোনায় আত্মঘাতী নারী জঙ্গির আবির্ভাবে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।
নানামুখী সমালোচনা সত্ত্বেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থামেনি।
দুঃসংবাদের এই ঘনঘটার মাঝে এসএ গেমসে সোনা জিতে বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, সাঁতারু মাহফুজা খাতুন শিলা ও শ্যুটার শাকিল আহমেদ। গৌরবের সেই মুহূর্তগুলো এখনো চোখে ভাসে।
নারীর ক্ষমতায়নে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতিসংঘে দুটি অ্যাওয়ার্ড পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যপ্রযুক্তিতে অবদানের জন্য ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শুরু থেকে ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান এক বিস্ময়ের নাম। ২০১৫-১৬ মৌসুমে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি।
হলি আর্টিজানে জঙ্গি হামলার সময় বন্ধুদের জন্য নিজের জীবন উৎসর্গ করে ফারাজ আইয়াজ হোসেন বিশ্বের সামনে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখন ফারাজই বাংলাদেশ। এই বীর তরুণের আত্মদান দেশ-বিদেশে স্বীকৃতি পেয়েছে। মাদার তেরেসা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
ফারাজ আমাদের সামনে মানবিকতা, সাহস ও আদর্শ তুলে ধরে গেছেন। তাঁর এই মূল্যবোধ ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। গড়তে চাই সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ। হানাহানি, রক্তপাত চাই না। মানুষে মানুষে সম্প্রীতি চাই। শান্তি চাই। সব প্রাণে চাই ভালোবাসা।
সাইফুল সামিন: সাংবাদিক
[email protected]