সব বাবা, ছেলে ও স্বামীর প্রতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর প্রতি সংহিসতা রোধে ১৬ দিনের আন্তর্জাতিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা লেখাটি লিখেছেন
মার্শা বার্নিকাট, জুলিয়া নিব্লেট, সোফি অবেয়ার, ওয়ানইয়া ক্যাম্পোস দা নব্রেহা, বেনওয়া পিয়েরে লারামে, লিওনি মারগারেথা কুলেনারে, সিডসেল ব্লেকেন, ইয়াসোজা গুনাসেকেরা, ইয়োহান ফ্রিজেল, এলিসন মেরি ব্লেইক, ক্রিস্টিন হান্টার, আর্জেন্টিনা মাতাভেল পিচ্চিন, ইয়ানিনা জারুজেলস্কি ও ক্রিস্টা রাডার

প্রতিটি মেয়ের একজন বাবা আছেন, প্রতিটি ছেলের একজন মা আছেন, সব স্বামীর আছেন স্ত্রী। কন্যা, মাতা এবং স্ত্রী হিসেবে আমরা বাংলাদেশের সব পুরুষের প্রতি আহ্বান জানাচ্ছি, তাঁরা যেন তাঁদের জীবনে যেসব কন্যা এবং নারী আছেন, তাঁদের পাশে দাঁড়ান।

পারিবারিক সহিংসতা প্রতিটি দেশেই একটি সমস্যা। তবে বিশ্বে যেসব দেশে এই সহিংসতার হার বেশি, বাংলাদেশ তার অন্যতম। বিশ্বজুড়ে প্রতি তিনজন নারীর একজন তাঁর সারা জীবনে কখনো না কখনো সহিংসতার শিকার হয়ে থাকেন। বাংলাদেশে ৮০ শতাংশেরও বেশি নারী তাঁদের বিবাহিত জীবনে কমপক্ষে একবার নির্যাতনের শিকার হয়ে থাকেন—হোক তা শারীরিক, যৌন, মানসিক বা অর্থনৈতিক নির্যাতন অথবা অপর পক্ষের দুর্ব্যবহারের শিকার হওয়া। অর্ধেকেরও বেশিসংখ্যক বিবাহিত নারী বিগত এক বছরের মধ্যে সহিংসতার শিকার হওয়ার কথা জানিয়েছেন। এসব সহিংস ঘটনার যাঁরা শিকার হয়েছেন, তাঁরা অপরিচিত কেউ নন, তাঁরা আপনার পরিবারেরই নারী সদস্য, আপনার সেই সহকর্মী, যাঁর সঙ্গে বসে আপনি দুপুরের খাবার খান, সেই ভদ্রমহিলা, যিনি ব্যাংকে আপনাকে সেবা দিয়েছেন। আর একজন বাবা হিসেবে, ছেলে, স্বামী বা ভাই হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে এই সহিংসতার ধ্বংসাত্মক চক্রের অবসান ঘটানো।

আমরা সবাই পরিবর্তনের দূত, তবে একজন পুরুষ হিসেবে আপনাদের ভূমিকা প্রধান। নারীর প্রতি সহিংসতা রোধ করা নিজে সহিংসতা না করার চেয়ে বেশি কিছু করা। বিখ্যাত বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘পুরুষেরা নির্দয়, কিন্তু মানবজাতি সদয়।’ জনতার মাঝে নিজেকে তুলে ধরুন এবং নিজের মনের ভেতরকার সদয় মানুষটিকে বের করে আনুন। মানুষ হিসেবে আপনি নতুন প্রজন্মের কাছে প্রথা ও বিশ্বাস সঞ্চার করুন। আপনি যে-ই হোন না কেন, একজন বাবা, ভাই, স্বামী, বন্ধু, শ্বশুর, চাচা, মামা, শিক্ষক, নিয়োগদাতা বা ধর্মীয় নেতা হিসেবে আপনি একজন পথপ্রদর্শক। আপনারা বাংলাদেশের ছেলেদের পুরুষ হিসেবে বেড়ে উঠতে শেখাতে পারেন, যাঁরা নারী ও মেয়েদের প্রতি সহিংসতাকে নিন্দা জানাবেন এবং সম্মান প্রদর্শন ও সুস্থ সম্পর্ক গড়ার ব্যাপারে এগিয়ে আসবেন।

আপনারা এই চিঠি সকালের চায়ের সঙ্গে পড়ছেন অথবা যানজটে বসে মোবাইল ফোনে বা কর্মক্ষেত্রে কম্পিউটারের সামনে, চোখ তুলে দেখুন আপনার চারপাশের মেয়ে ও নারীদের এবং জিজ্ঞেস করুন তাঁদের নিরাপত্তার জন্য আপনি কী করতে পারেন

ঠিক করুন, আপনি নারীর প্রতি সহিংসতাকে প্রশ্রয় দেবেন না। কর্মক্ষেত্রে কোনো পুরুষ সহকর্মী তাঁর স্ত্রীকে অপমানের ঘটনা নিয়ে মজা করলে তাঁর বিরুদ্ধে সোচ্চার হন। আপনার সন্তান থাকলে তাঁকে বলুন তাঁর স্ত্রীকে সম্মান করতে এবং তাঁকে দেখান কীভাবে আপনি প্রতিদিন তাঁর মাকে সম্মান করেন। আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন, তবে বাসে আপনার নারী সহযাত্রীর পাশে গিয়ে দাঁড়ান এবং তাঁকে উত্ত্যক্ত করা হলে তার প্রতিবাদ করুন। সহিংসতার সামনে নিশ্চুপ থাকার অর্থ মনুষ্যত্বের মর্যাদাকে উপেক্ষা করা এবং এমন বার্তা দেওয়া যে এটি গ্রহণীয়। এই নীরবতা ভেঙে ফেলুন।

ঠিক সে কারণেই, আমরা আপনাদের অনুরোধ করছি, সহিংসতায় ভুক্তভোগীদের সহায়তায় এগিয়ে আসতে এবং তাঁদের সম্মান ও মর্যাদা দিতে, যা তাঁদের প্রাপ্য। যার অর্থ দোষীকে জবাবদিহি করা। নারীর প্রতি সহিংসতার ব্যাপারে নিস্পৃহতা কাটিয়ে উঠতে কাজ করুন। কেননা, নিস্পৃহতা সহিংসতাকে বাড়াতে সাহায্য করে।

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে আমরা আপনাদের উদ্দেশে লিখছি। যদিও এই প্রচারণা উদ্‌যাপন প্রতিবছর ১৬ দিনের জন্য করা হয় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত, তবে মেয়ে ও নারীরা বছরের প্রতিটি দিনই অপমানের সম্মুখীন হন। আমাদের প্রত্যেকেই নারীর প্রতি সহিংসতার ভীতিকে রুখে দাঁড়াতে অর্থবহ ভূমিকা রাখতে পারেন। আপনারা এই চিঠি সকালের চায়ের সঙ্গে পড়ছেন অথবা যানজটে বসে মোবাইল ফোনে বা কর্মক্ষেত্রে কম্পিউটারের সামনে, চোখ তুলে দেখুন আপনার চারপাশের মেয়ে ও নারীদের এবং জিজ্ঞেস করুন তাঁদের নিরাপত্তার জন্য আপনি কী করতে পারেন। আমরা আপনাদের আমন্ত্রণ জানাই আমাদের সঙ্গে যোগ দিতে, পরিবর্তনের দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে।