সব মন্ত্রীরই কম কথা বলা উচিত
স্বরাষ্ট্রমন্ত্রীর বেশি কথা বলা উচিত নয় বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যে মন্তব্য করেছেন, সেটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কীভাবে নেবেন, জানি না। তবে আমরা মনে করি, শুধু স্বরাষ্ট্রমন্ত্রী কেন, সব মন্ত্রীরই কম কথা বলা উচিত।
মন্ত্রীরা কাজ করবেন। কথা বলবে বিরোধী দল। কথা বলবে নাগরিক সমাজ। কথা বলবে গণমাধ্যম। এমনকি সরকারি দলের মন্ত্রিত্ববঞ্চিত নেতারাও বলতে পারেন। কিন্তু আমাদের দেশের মন্ত্রীরা কাজ করার চেয়ে কথা বলতেই বেশি ভালোবাসেন।
গত রোববার এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ব্যক্তির কম কথা বলা উচিত। তিনি কেবল প্রয়োজনেই কথা বলেন এবং তদন্তাধীন কোনো বিষয়ে কথা বলার সময় সতর্ক থাকেন। এর মাধ্যমে রাজনাথ তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনের ওপরই জোর দিয়েছেন। ২০১৪ সালের নির্বাচনে তিনি উত্তর প্রদেশের লক্ষ্ণৌ এবং ২০০৯ সালে গাজিয়াবাদ আসন থেকে লোকসভা সদস্য হন। তিনি ভারতীয় জনতা পার্টির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথের এই উপদেশ আমাদের মন্ত্রী মহোদয়রা আমলে নেবেন বলে মনে হয় না। তাঁরা মনে করেন, যত বেশি কথা বলা যাবে ততই দেশবাসী উপকৃত হবে। অনেক সময় মনে হয়, মন্ত্রণালয় নিয়ে মন্ত্রীরা তেমন ভাবিত নন। মঞ্চে-জনসভায় গিয়ে বিরোধী দলের ষড়যন্ত্র ও নাশকতারোধই তাঁদের প্রধান কর্তব্য।
অথচ সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রীরা এই বলে শপথ নেন, ‘আমি...সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণ) করিতেছি যে আমি আইন-অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব; এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইনানুযায়ী যথাবিহত আচরণ করিব।’
সংবিধান মন্ত্রীদের শপথ অনুযায়ী দায়িত্ব পালন করার কথা বলেছে। কিন্তু বক্তৃতার মাধ্যমে দেশ উদ্ধারের কথা বলেনি। এমনও দেখা যায়, যে মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী যত বেশি কথা বলেন, তাঁর মন্ত্রণালয়ের অবস্থা তত বেশি বেহাল। মন্ত্রীদের এসব বক্তৃতা-বিবৃতিতে মন্ত্রীদের ভাবমূর্তি উজ্জ্বল হয়, এমন দাবি কট্টর আওয়ামী লীগাররাও করবেন না।
জনগণ মন্ত্রীদের কাছ থেকে কাজই চান। কথার ফুলঝুরি নয়।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি রাজনাথ সিং বলেছেন সেটি হলো, ভারতে জন্ম নেওয়া কাউকে দেশবিরোধী হিসেবে আখ্যায়িত করা ঠিক নয়। এর মাধ্যম তিনি বলতে চেয়েছেন, সব ভারতীয় নাগরিকই দেশপ্রেমিক; যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় তিনি দেশের স্বার্থবিরোধী কিছু করেছেন।
কিন্তু আমাদের দেশের মন্ত্রীরা মনে করেন, দেশপ্রেমটা সরকারি দলের একচেটিয়া সম্পত্তি। সেখানে কারও ভাগ বসানোর সুযোগ নেই। সরকারি দল মানেই দেশরক্ষক। আর বিরোধী দল মানেই দেশের সর্বনাশকামী।
২০০১-০৬ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় ছিল। ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ-বাম-জাপা জোট ক্ষমতায় আছে। বিএনপি-জামায়াত আমলে মন্ত্রীদের বক্তৃতা-বিবৃতি আর এখনকার মন্ত্রীদের বক্তৃতা-বিবৃতি পরখ করে দেখুন, হুবহু মিলে যাবে। কেবল স্থান-কাল-পাত্র ভিন্ন। তখন যাঁরা দেশদ্রোহী ছিলেন, এখন তাঁরা দেশরক্ষক। আর এখন যাঁরা দেশরক্ষক, তখন তাঁরা ছিলেন দেশদ্রোহী।
দেশরক্ষক ও দেশদ্রোহীর এই সস্তা স্লোগানের বৃত্ত থেকে রাজনীতিকে বের করে আনতে সব মন্ত্রীরই কম কথা বলা উচিত। কাজ বেশি করা উচিত।