সবাই কুর্দিদের সঙ্গে প্রতারণা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুর্দি অবস্থানে তুর্কি বোমা হামলা
কুর্দি অবস্থানে তুর্কি বোমা হামলা

কুর্দিদের জন্মই হয়েছে যেন প্রতারিত হওয়ার জন্য। প্রথম বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সব ছোট রাষ্ট্রই স্বাধীনতা পাবে—এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর কুর্দিরা ভার্সাইয়ে দেশ ও নিরাপদ সীমান্ত চাওয়ার জন্য তাদের প্রতিনিধিও পাঠিয়েছিল।
কিন্তু ১৯২০ সালে স্যাভরা চুক্তিতে তারা ছোট এক দেশ পায়, যেখানে এখন তুরস্ক রাষ্ট্রের অবস্থান। তখন তুরস্কের জাতীয়তাবাদী নেতা মোস্তফা কামাল আতাতুর্ক সেই ভূমি নিয়ে নেন, যেখানে কুর্দিদের রাষ্ট্র গঠিত হতে পারত। এরপর মহাযুদ্ধের বিজয়ীরা ১৯২২-২৩ সালে সুইজারল্যান্ডের লুজানে বৈঠক করে, তারা সেখানে কুর্দিদের (একই সঙ্গে আর্মেনীয়দেরও) পরিত্যাগ করে। তারা তখন নতুন তুরস্ক, ফরাসি সিরিয়া, ইরান ও ব্রিটিশ ইরাকের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। তখন থেকে সেটাই তাদের ট্র্যাজেডি, আর যেসব আঞ্চলিক শক্তি তাতে অংশ নিয়েছিল, তাদের বেলায়ও ব্যাপারটা তা-ই। তুর্কি ও ইরাকি আরবেরা ছিল সবচেয়ে নৃশংস, আর ব্রিটিশ ও মার্কিনরা ছিল সবচেয়ে নৈরাশ্যবাদী। ফলে তুর্কিরা যে কুর্দিদের ওপর বোমা হামলা শুরু করেছে, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই।
কুর্দিরা যখন ইরাকের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ১৯৭০-এর দশকের শুরুর দিকে বিদ্রোহ শুরু করে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শাহের সঙ্গে তাদের সমর্থন করেছিল। সে সময় তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ইরান ও ইরাকের মধ্যে এক সমঝোতার ব্যবস্থা করেন। কথা ছিল, এর মধ্য দিয়ে শাহ তাঁর দাবি করা ভূমির অধিকার পাবেন, আর এর বদলে তিনি কুর্দিদের পরিত্যাগ করবেন। মার্কিনরা অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছিল। সাদ্দাম তখন ১ লাখ ৮২ হাজার কুর্দিকে হত্যা করেছিলেন। সে সময় হেনরি কিসিঞ্জার ‘পররাষ্ট্রনীতি’ সম্পর্কে বলেছিলেন, ‘এর সঙ্গে ধর্ম প্রচারকে গুলিয়ে ফেলা ঠিক হবে না।’
আপনারা হয়তো ভাবছেন, কুর্দিরা এর মধ্য দিয়ে তাদের শিক্ষা পেয়ে গিয়েছিল। কিন্তু কুয়েতের স্বাধীনতার লক্ষ্যে প্রথম উপসাগরীয় যুদ্ধের শুরুতে মার্কিনরা তাদের সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দাঁড়ানোর প্ররোচনা দেয়, অথবা সৌদি আরব থেকে পরিচালিত গোপন রেডিও স্টেশন থেকে তাদের এই প্ররোচনা দেওয়া হয়েছে। আর তারা তাতে সাড়াও দিয়েছিল। মার্কিনরা আবারও তাদের হাজারে হাজারে মরার ব্যবস্থা করে। তার কয়েক সপ্তাহ পর মার্কিনরা লজ্জিত হয়ে উত্তর ইরাকে তাদের জন্য ‘নিরাপদ’ অঞ্চল তৈরি করে। তার আগেই লাখ লাখ বেসামরিক কুর্দি গুলির মুখে দুর্গম পথ পাড়ি দিয়ে তুরস্কের নিরাপদ স্থানে চলে যায়, তাদের এ যাত্রা বাইবেলে বর্ণিত খ্রিষ্টপূর্ব ১৩০০ সালে মিসর থেকে ইসরায়েলিদের প্রস্থানের মতো, যাকে বলে এক্সোডাস। ফলে মার্কিনদের প্রতিশ্রুত নিরাপদ অঞ্চল কুর্দিদের কাছে অলীক ব্যাপারই থেকে যায়।
এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন ২০০৩ সালে কুর্দিস্তানের ভেতর দিয়ে সাদ্দাম হোসেনের ইরাকে আক্রমণ চালানোর পরিকল্পনা করে, তখন কুর্দিরা দেখল, তুর্কিরা এই মার্কিন সেনাদের সঙ্গে তাদের ৪০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছে। তুর্কিরা চাইছিল, কুর্দিরা যেন ইরাকের মসুল ও কিরকুক শহর দখল করতে না পারে। কারণ, আঙ্কারার ভয় ছিল, স্বশাসিত কুর্দিশ ছদ্ম রাষ্ট্র তুরস্কের দিকেও হাত বাড়াতে পারে।
আর গত বছর যখন ইরাকের কুর্দিরা আইসিসের বিরুদ্ধে লড়াইয়ে নামল, তখন তুরস্ক খুব অসহায়ভাবে দেখল, কুর্দিস্তান পশ্চিমের লড়াইয়ের অগ্রণী দলে পরিণত হয়েছে। সে সময় মার্কিনরা আবারও সিদ্ধান্ত নেয়, কুর্দিদের দিয়ে কিছু কাজ করানো যাবে। কোবানি এক ছোটখাটো স্তালিনগ্রাদে পরিণত হয়েছিল। এর প্রতিরক্ষায় ছিল মার্ক্সবাদী কুর্দিরা, এতে তুরস্কের জ্বালা আরও বেড়ে গিয়েছিল। সিরিয়া ও ইরাকের কিছু অংশে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সমর্থক যোদ্ধারা নায়কে পরিণত হয়েছিলেন।
এটা অনুমোদন করা যেত না। আইসিস তুরস্কের কুর্দিদের ওপর মারাত্মক আত্মঘাতী হামলা চালালে তুরস্ক আইসিসের ওপর হামলা চালানোর অজুহাতে পিকেকের ওপর হামলা চালানো শুরু করে। কুর্দিরা তখন কোবানি পুনর্নির্মাণের জন্য সহায়তা চাইছিল। আইসিসের হামলার আগে পিকেকে দুজন তুর্কি পুলিশ হত্যার দায় স্বীকার করেছিল। আর মার্কিনদের হাতে রাখতে তুরস্কের কুর্দিস্তানে ইনসারলেক বিমানঘাঁটি আবার খুলে দেওয়া হয়। আর পৃথিবী পাছে ভুলে যায়, তা-ই মনে করিয়ে দিচ্ছি, ইসলামি যোদ্ধারা তুরস্ক-সিরিয়ার সীমান্ত বিনা বাধায় পেরোতে পেরেছে।
এই সর্বশেষ বিমান হামলার মাধ্যমে তুরস্ক আসলে পাকিস্তানের সার্বিক দুর্নীতির পথ ধরেছে। ১৯৮০-এর দশকে মার্কিন মদদে দেশটি আফগানিস্তানের অস্ত্র ও গেরিলা সরবরাহের লাইনে পরিণত হয়েছিল। পাকিস্তান নানাভাবে মুজাহিদ, তালেবান ও অন্য ইসলামি গোষ্ঠীদের সমর্থন দিয়েছে।
এখন কুর্দিদের কথা বলি। তারা কি আলথার হ্যারিসের কথা শুনেছে, তিনি ছিলেন আরএএফের একজন স্কোয়াড্রন লিডার, যিনি ১৯২০ সালে ইরাকের বিদ্রোহ দমনে সহায়তা করেছিলেন? তিনি বলেছেন, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে আরব ও কুর্দিরা এখন জানে, বোমা হামলা আসলে কী জিনিস। ৪৫ মিনিটের মধ্যে একটি পূর্ণাঙ্গ গ্রাম বাস্তবেই ধুলোয় মিশে যেতে পারে, আর তার এক-তৃতীয়াংশ মানুষ মারা যেতে বা আহত হতে পারে। তুর্কিরা পরিষ্কারভাবেই তা টের পাচ্ছে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।