সবার জন্যসুপেয় পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ এপ্রিল ২০১২ প্রথম আলোর উদ্যোগে ও ওয়াটার এইডের সহযোগিতায় ‘সবার জন্য সুপেয়পানি’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।আলোচনাআব্দুল কাইয়ুমবাংলাদেশে সুপেয়, নিরাপদ পানির সংকট দিন দিন বাড়ছে। শুধু সুপেয় পানি নয়, দৈনন্দিন ব্যবহারের পানি নিয়েই বৈশ্বিক সমস্যা সৃষ্টি হয়েছে। প্রধান সমস্যা হলো পানির প্রাপ্যতা কম। এর মধ্যে আবার রয়েছে আর্সেনিক দূষণ, নদীদূষণ, কলকারখানার বর্জ্যে পানিদূষণ। বর্জ্য দূষণমুক্ত ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের যে ব্যবস্থা আছে, তা খুব একটা কার্যকর নয়। সব দিক বিবেচনা করে দেখা যায়, আমাদের নিরাপদ পানির প্রাপ্যতা কমে যাচ্ছে। অন্যদিকে নদী শুকিয়ে যাচ্ছে। নদীর পানি কমে যাচ্ছে। যে পানি আছে, সে পানিও দূষিত। আবার টিউবওয়েলে আর্সেনিক। সার্বিক বিবেচনায় নিরাপদ পানির ক্ষেত্রে আমরা ঝুঁকির মধ্যে আছি। এ বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও করণীয়গুলো সামনে নিয়ে আসতে হবে। এখন এ বিষয়ের ওপর আলোচনা করছেন সাংসদ ও প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।জাহাঙ্গীর কবির নানক‘সবার জন্য সুপেয় পানি’ শীর্ষক আলোচনাকে আমাদের মন্ত্রণালয় থেকে গুরুত্ব দিয়েছি। এখানে দিকনির্দেশনামূলক আলোচনা হবে এবং আপনাদের কাছ থেকে ভালো কিছু পরামর্শ আমরা পাব, যা আমাদের আগামী দিনের কাজকে আরও গতিশীল করবে। আমাদের ত্রুটি-বিচ্যুতি শুধরে নিতে পারব। সুপেয় পানির ক্ষেত্রে আমাদের যে অগ্রগতি অর্জিত হয়েছে, আজকের এই আলোচনার মধ্য দিয়ে তা দেশবাসীকে জানানোর সুযোগ হবে।এখন আমি যেটি গুরুত্বপূর্ণ বলে মনে করি তা হলো, পানির ব্যবহারে স্বেচ্ছাচার বন্ধ করতে হবে। এটি কীভাবে করা যায়, সে ব্যাপারে আপনাদের পথ দেখাতে হবে। কিন্তু কাজটি সহজ নয়। কারণ, সাধারণ মানুষের কথা বাদই দিলাম, আমরা যারা শিক্ষিত মানুষ, তারাও পানির যাচ্ছেতাই ব্যবহার করি। আমরা ছোট ছোট কাজ করার সময় পানির কল ছেড়ে রাখি। এক লিটার পানিতে যে কাজ করা যায়, সেটি করতে আমরা ১০ লিটার পানি ব্যবহার করি। যত সময় কাপড় ধুতে লাগে, তত সময় আমাদের বুয়ারা, আমরা পানি ছেড়ে রাখি। এ ধরনের অপচয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পৃথিবীর কোনো দেশে এ রকম অপচয় দেখা যাবে না।জুয়েনা আজিজপানির সমস্যাটি আমাদের ভাবনার বিষয়। জীবনের সব ক্ষেত্রে পানির প্রয়োজন। এ বিষয়ে আমাদের সরকারের নেওয়া পদক্ষেপগুলো আমি আলোচনা করব। সব শ্রেণীর মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছানোর জন্য সরকারের নীতিমালা রয়েছে। সরকারের নীতির মধ্যে তিনটি পর্যায়ে পানির সমস্যা সমাধানের উদ্যোগ রয়েছে। প্রথম পর্যায়ে: আর্সেনিক, লবণাক্ততা, ভৌগোলিক ও প্রযুক্তিগত সমস্যা থাকা সত্ত্বেও ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে পানির সহজ প্রাপ্যতার ব্যবস্থা করা। দ্বিতীয় পর্যায়ে: ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে পানির মান উন্নয়নের কাজ করা। তৃতীয় পর্যায়ে: ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে পানিকে বিশ্বমানে উন্নীত করা।আমাদের খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষকে যুক্ত করে আমরা এই পরিকল্পনা নিয়েছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সেবা দিতে চাই। তাহলে সেবাটি টেকসই হবে। দেশের বড় শহরগুলোতে ওয়াসা পানি সরবরাহ করছে। ২০১০ সালে সায়েদাবাদে আমরা একটি প্রকল্প শুরু করেছিলাম। এ বছরের শেষে এখান থেকে পানি সরবরাহ করা সম্ভব হবে। ঢাকার আশপাশে আমরা আরও কিছু প্রকল্প করার চেষ্টা করছি।আপনারা জানেন, খুলনা এলাকায় পানির বেশি সমস্যা। এখানে নদীর পানি অনেক বেশি লবণাক্ত। এই এলাকায় একটি বড় প্রকল্প নিয়েছি। আমরা মধুমতী নদীর মোল্লাহাট থেকে পানি নিয়ে রূপসার কাছে সামন্তসেনায় জলাধার করার পরিকল্পনা করছি। এখান থেকে পানি বিশুদ্ধ করে সরবরাহ করা হবে। এভাবে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। আমাদের ইচ্ছা বড় ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্ট করা। এ জন্য পর্যাপ্ত অর্থের প্রয়োজন। এ ব্যাপারে বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে আলোচনা হচ্ছে। আমাদের নিজস্ব উৎস থেকে বিভিন্ন প্রকল্প আমরা করছি।আব্দুল কাইয়ুমজুয়েনা আজিজের আলোচনা থেকে সুপেয় পানির ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানা গেল। একসময় আমরা মনে করতাম টিউবওয়েলের পানি নিরাপদ। তারপর দেখা গেল, টিউবওয়েলের পানিতে আর্সেনিক। কুমিল্লার মুরাদনগর উপজেলার কথা জানি, যেখানে প্রায় পুরো এলাকায় টিউবওয়েলের পানিতে আর্সেনিক। এখন এ বিষয়ে আলোচনা শুনব মুজিবুর রহমানের কাছ থেকে।মো. মুজিবুর রহমানপানি জীবনের জন্য অপরিহার্য। সুপেয় পানি প্রাপ্তির বিষয়ে একসময় আমরা বেশ অগ্রগতি অর্জন করেছিলাম। এই ইতিহাস বেশি পুরোনো নয়। আশির দশকে পানি সরবরাহ ও স্যানিটেশনের বিষয়টি অনেকটা এগিয়ে ছিল। তখন টিউবওয়েলের পানি নিরাপদ ছিল। তারপর আর্সেনিক দেখা দেওয়ায় সমস্যা তৈরি হলো। আমি একটি বিষয় লক্ষ করি, পানির ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন ধরনের বিরাট বৈষম্য তৈরি হচ্ছে। আমরা ইচ্ছা করে তৈরি করছি, সেটা নাও হতে পারে। যেভাবেই হোক, সমস্যা তৈরি হচ্ছে। জাতীয় পর্যায়ে আমাদের পানির গড় প্রাপ্যতা বেশ ভালো। একসময় ৯৮ শতাংশ মানুষ পানি পেত। এখন আর্সেনিক সমন্বয় করার পর ৮১ শতাংশ মানুষ পানি পায়। কিন্তু এই হিসাবের মধ্যে একটা দুর্বলতা আছে। আমি মনে করি, এখন সময় এসেছে, এই দুর্বলতা খুঁজে বের করার।আমাদের দেশে কিছু অঞ্চলে পানির প্রাপ্যতা কম, কিছু অঞ্চলে বেশি। যে এলাকায় পানির স্তর (ওয়াটার লেভেল) ওপরে, সেখানে পানির প্রাপ্যতা প্রায় ৯৮ শতাংশ। যেখানে নিচে, সেখানে ৬৪ শতাংশ। আবার এমন কিছু দুর্গম এলাকা আছে, যেমন—হাওর, বাঁওড়, পাহাড় ইত্যাদি এলাকায় পানির প্রাপ্যতা মাত্র ২৪ শতাংশ। অন্যদিকে আর্সেনিক যুক্ত এলাকায় পানির প্রাপ্যতা হচ্ছে ৩৬ শতাংশ। সব দিক বিবেচনা করলে জাতীয়ভাবে হয়তো আমরা মোটামুটি ভালো অবস্থানে আছি। কিন্তু আঞ্চলিকভাবে আমাদের পানি প্রাপ্যতার অবস্থা খারাপ। এখন এদিকে আমাদের নজর দিতে হবে। আর একটা বৈষম্য আছে। আর তা হলো উৎস ব্যবহার। আমরা কোন পানিটা বেশি ব্যবহার করছি। সহজে উত্তোলনযোগ্য বলে আমরা ভূগর্ভস্থ পানি সবচেয়ে বেশি ব্যবহার করছি। এক হিসাবে দেখা যায়, আমাদের ব্যবহারের ৯৯ শতাংশ পানি ভূগর্ভস্থ। মাত্র ১ শতাংশ পানি আমরা ব্যবহার করছি ভূপৃষ্ঠ থেকে। এ ক্ষেত্রে বড় রকমের একটা বৈষম্য রয়েছে।তারপর রয়েছে অঞ্চলগত বৈষম্য, শহর ও গ্রামের মধ্যে বৈষম্য। শহরের মধ্যে আবার বৈষম্য রয়েছে। শহরে উচ্চ ও নিম্ন আয়ের মানুষের পানি ব্যবহারের সুযোগ সমান নয়। জাতীয় পর্যায়ে পানি ব্যবহারের ধরন যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে, ১১ শতাংশ পানি ব্যবহূত হয় পান করার জন্য। ৮৬ শতাংশ ব্যবহূত হয় কৃষিক্ষেত্রে। সুতরাং, এখানেও একটা বৈষম্য আছে। পানির গুণগত মানের মধ্যে বৈষম্য আছে। আমরা প্রতিদিন পানি পান করছি। পানি আমাদের জীবনের অপরিহার্য অংশ। কিন্তু বৈষম্যটা কোথায় হচ্ছে? বৈষম্য হচ্ছে কেউ আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করছে, কেউ আর্সেনিকমুক্ত। কেউ জীবাণুযুক্ত, কেউ জীবাণুমুক্ত পানি পান করছে। পানিদূষণের ক্ষেত্রে বৈষম্য আছে। এক শ্রেণীর মানুষ পানি দূষিত করছে। অন্যরা তার ফল ভোগ করছে। এসব বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে।পানি ব্যবহারের পরিমাণের ক্ষেত্রে বড় রকমের বৈষম্য রয়েছে। এদিকে অবশ্যই নজর দিতে হবে। যেমন, কোথাও ২০ লিটার পানির জন্য হাহাকার করছে, কোথাও জনপ্রতি ৪০০ লিটার পানি ব্যবহার করছে। পানি সংগ্রহের ক্ষেত্রেও বৈষম্য রয়েছে। কেউ নিজের বাড়ি বা বাসার মধ্যে পানি পাচ্ছে, আবার কাউকে অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।আমাদের টিউবওয়েলে যে আর্সেনিক ফিল্টার ব্যবহার করা হয়, প্রযুক্তিগতভাবে আমি সেটাকে সমর্থন করি না। এই ফিল্টার কীভাবে ব্যবহার করতে হবে, কত দিন পর পরিবর্তন করতে হবে, এটি ঠিকমতো কাজ করছে কি না, ফিল্টারে জমা হওয়া আর্সেনিক কোথায় ফেলতে হবে—এসব পর্যবেক্ষণ করা বা নজরদারির কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশের সর্বত্র আর্সেনিকের মাত্রা সমান নয়। কোনো কোনো অঞ্চলে কম, কোনো কোনো অঞ্চলে ৮০ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক। বেশি মাত্রায় আর্সেনিকপ্রবণ এলাকায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে বড় প্ল্যান্টের মাধ্যমে আর্সেনিকমুক্ত করার ব্যবস্থা নিতে হবে। অন্যান্য দেশ এটি করেছে। এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে।আমি একটি বিষয় জোর দিয়ে বলতে চাই, আলাদা বা বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণ করে কোনো লাভ নেই। সবকিছুর সুফল পেতে হলে একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে। আজকে আমরা গ্রামে কতটুকু ব্যয় করব, শহরে কতটুকু ব্যয় করব, তা ঠিক করতে পারলে বিনিয়োগের সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে। সরকারের বিনিয়োগ বৈষম্যের নীতিমালা ঠিক করতে পারলে সারা দেশ সমানভাবে উপকৃত হবে। সাধারণত বড় শহরগুলোতে পানির অপচয় হয়। পানির অপচয় রোধ করার জন্য আমাদের কোনো উদ্যোগ নেই। পানির অপচয় রোধ এবং পাশাপাশি পানি সঞ্চয়ের জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।বৃষ্টির পানি সংগ্রহ একটি ভালো উপায় হতে পারে, বিশেষ করে, উপকূলীয় এলাকায় বৃষ্টির পানি জনপ্রিয় করে তোলা যায়। আমি বলব, সরকারিভাবে বৃষ্টির পানি সংগ্রহের উদ্যোগ নিতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন-সাইক্লোন শেল্টার, সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, কমিউনিটি সেন্টার, অফিস—এ ধরনের জায়গায় বড় ধরনের জলাধার করতে হবে। গৃহস্থালি পর্যায়ে দুই থেকে পাঁচ হাজার লিটার পর্যন্ত পানি সংগ্রহ করা যেতে পারে। ১৯৯৮ সালে নিরাপদ পানি ও স্যানিটেশন পলিসি হয়েছে। এ বিষয়ে গবেষণা হয়েছে, কৌশলপত্র হয়েছে। এখন দরকার একটি আইনের। নীতির যথার্থ প্রয়োগের জন্য আইনের প্রয়োজন। আমরা যদি সবার জন্য পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে চাই, তাহলে আর দেরি না করে এখনই আইন করতে হবে।পুকুরের পানিকে আমরা সারফেস ওয়াটার বা ভূ-উপরিস্থ পানি বলি। ভূ-উপরিস্থ পানিতে এখনো আর্সেনিকের দূষণ দেখা যায়নি। পন্ডস স্যান্ড ফিল্টার প্রযুক্তির মাধ্যমে পুকুরের পানি ব্যবহার করা যায়, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এই পদ্ধতি খুবই জনপ্রিয়। কিন্তু সিডর-আইলার মতো দুর্যোগের কারণে পুকুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই পুকুরগুলো এখনো পর্যন্ত নিরাপদ করা যায়নি। পুকুর থেকে আমরা খুব সহজে পানি পেতে পারি।আব্দুল কাইয়ুমভূগর্ভস্থ পানির ওপর অত্যধিক চাপ পড়ছে। এ অবস্থা বেশি দিন চলতে থাকলে এটি আমাদের জন্য বিপদ ডেকে আনবে। মুজিবুর রহমানের আলোচনা থেকে আইনের গুরুত্ব উঠে এসেছে। আগামী দিনে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে হলে নীতিমালাগুলো আইনে পরিণত করতে হবে। এবার আলোচনা করবেন ফিরোজ আহমেদ।এম ফিরোজ আহমেদআজকের আলোচনার শিরোনাম, ‘সবার জন্য সুপেয় পানি’। শুরুতে সুপেয় পানির প্রাপ্যতা নিয়ে বলতে চাই। এ ক্ষেত্রে দেখতে হবে কোথায় সুপেয় পানি আছে, আর কোথায় নেই। না থাকলে সেটা কেন নেই, সেটি একটি প্রশ্ন। এখন যদি গ্রামীণ জনপদের দিকে তাকাই তাহলে দেখা যাবে, সেখানে সুপেয় পানির প্রধান অন্তরায় আর্সেনিকের সমস্যা। আর্সেনিকের সমস্যা সুপেয় পানির প্রাপ্যতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। আমরা যদি সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই আর্সেনিক সমস্যার সমাধান করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আসার আগে জাতীয় বিশেষজ্ঞ কমিটি, জাতীয় স্টিয়ারিং কমিটি, বাস্তবায়ন কমিটি নামে কতগুলো কমিটি ছিল। কিছুদিন পরপর তারা আলোচনায় বসত। কোথায় কী কাজ হচ্ছে, কাজ কীভাবে বাস্তবায়িত হচ্ছে, কেন হচ্ছে না, সমস্যা কোথায়—সেসব বিষয় নিয়ে আলোচনা করত। এখন কমিটিগুলো নেই। আর এর অর্থ হচ্ছে আর্সেনিকের সমস্যাকে আমরা সেভাবে গুরুত্ব দিচ্ছি না। অনেক ক্ষেত্রে এ সমস্যাটিকে ভুলে যাচ্ছি। এই ভুলে যাওয়ার ফল হবে, সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে ব্যর্থ হওয়া। ২০০৩-০৪ সালে আর্সেনিক নিয়ে নীতিমালা ছিল। বিভিন্ন স্তরে কীভাবে বাস্তবায়ন করা হবে, তার জন্য পরিকল্পনা ছিল। যে অঞ্চলে ৮০ শতাংশের বেশি টিউবওয়েলে আর্সেনিক আছে, সেখানে জরুরি ভিত্তিতে আর্সেনিক সেফ পয়েন্ট সোর্স প্রদান করা। এর পর ৪০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত টিউবওয়েলের পানির আর্সেনিক দূর করার পরিকল্পনা গ্রহণ করতে হবে। কিন্তু এর কোনোটাই করা হয়নি। কারণ, এই প্রকল্পে কোনো দাতা সংস্থা টাকা দেয়নি। সরকারের সাধারণ প্রকল্পের আওতায় কিছু কাজ হয়েছে।আর্সেনিক ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) সরবরাহের ক্ষেত্রে বৈষম্য দেখা গেছে। এক জরিপে দেখা গেছে, যেখানে আর্সেনিকের প্রকোপ কম, সেখানে গভীর নলকূপ বেশি দেওয়া হয়েছে। যেখানে আর্সেনিকের প্রকোপ বেশি, সেখানে গভীর নলকূপ কম দেওয়া হয়েছে। এখানেও কাজটি ঠিকমতো করা হয়নি। দ্বিতীয়ত, গভীর নলকূপ একমাত্র সমাধান নয়। এ ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। এত দিন পর্যন্ত আর্সেনিক সমস্যার ব্যাপারে কেবল গভীর নলকূপের ওপর নির্ভর করা হয়েছে। ১ শতাংশেরও কম হয়তো অন্যভাবে সমাধান হয়েছে। আমি মনে করি, এখন আমাদের অবশ্যই বিকল্প ব্যবস্থার দিকে যেতে হবে। বিকল্প ব্যবস্থার দিকে নজর না দিলে আমরা কোনোভাবেই দুর্গম এলাকায় নিরাপদ পানি সরবরাহ করতে পারব না। মোটামুটি এই হলো গ্রামীণ পরিস্থিতি।এবার শহরের কথা বলি। শহরে বেশি জনসংখ্যার বাস। এখানে ভূগর্ভস্থ পানি আছে। এই পানি দিয়ে এত বেশি মানুষকে দীর্ঘ সময় সুপেয় পানি সরবরাহ করা সম্ভব নয়। তার ওপর দিন দিন পানি উত্তোলনের ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এ অবস্থায় আমাদের ভূ-উপরিস্থ পানি ব্যবহার করতে হবে। এখন ঢাকাসহ কিছু শহরে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে পানির গুণগত মান। ঢাকা শহরের চারপাশের নদীগুলোর অবস্থা খুবই খারাপ। তিন থেকে চার মাস নদীগুলোর পানিতে গন্ধ থাকে। যদিও ঢাকা শহরের পানির সঙ্গে নদীর পানি মিশিয়ে কিছু এলাকায় সরবরাহ করা হচ্ছে। কিন্তু এতে মানুষের আপত্তি রয়েছে।শিল্পপ্রতিষ্ঠানগুলো ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি পরিশোধন করছে না। কীভাবে করা হবে, তা নিয়ে প্রশ্ন আছে। আজকে আমরা দেখছি লাখ লাখ টাকা জরিমানা করা হলেও তাতে কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না, তার কারণ হলো ট্রিটমেন্ট প্ল্যান্ট চালানো আর না চালানোর মধ্যে অনেক টাকার পার্থক্য রয়েছে। প্ল্যান্ট না চালিয়ে তিনি কোটি কোটি টাকা আয় করছেন। এ ক্ষেত্রে ২০ থেকে ৩০ লাখ টাকা জরিমানা তাঁর জন্য কোনো ক্ষতিই নয়। অনেক শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য পানি দূষিত করছে। কিন্তু মালিকদের মধ্যে কোনো সচেতনতা নেই। তাঁরা যদি তাঁদের লাভের একটি অংশ ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য খরচ করতেন, তাহলে দেশের মানুষের এত ক্ষতি হতো না।এখন হয়তো ঢাকা শহরে পানি সরবরাহের জন্য পদ্মা ও মেঘনা থেকে পানি আনার ব্যবস্থা করা হচ্ছে। যদি এটি হয়, তাহলে পানির খরচ অনেক বেড়ে যাবে। কিন্তু ঢাকা মহানগরের চারপাশে নদী থাকতে এমনটি হওয়ার কথা ছিল না। এই পানি সরবরাহ করা গেলে পানির খরচ অনেক কম পড়ত। শুধু পানি সরবরাহ নয়, পরিবেশ রক্ষা করার জন্যও ঢাকা মহানগরের চারপাশের নদীর পানিকে দূষণমুক্ত করতে হবে। এই নদীগুলো বাঁচাতে হবে। আমরা জানি, শুষ্ক মৌসুমে আমাদের পানি কমে যায়। অন্যদিকে আমাদের অধিকাংশ নদীর পানির উৎস দেশের বাইরে হওয়ায় ভবিষ্যতে আমরা কী পরিমাণ পানি পাব, তা নিয়ে রয়েছে একধরনের অনিশ্চয়তা। আজকে ফারাক্কার জন্য গঙ্গা ও পদ্মার পানি কমে গেছে।ব্রহ্মপুত্রের পানির প্রবাহ ঠিক থাকার কারণ হলো এর উৎসে জনবসতি নেই। কিন্তু ভারত ও চীন এই পানি প্রত্যাহারের ষড়যন্ত্র করছে। ভবিষ্যতে এই পানির পরিমাণ কী হবে, তা এখন আমরা জানি না। এ অবস্থার মধ্যে আমাদের যে পানি আছে, তার সুব্যবস্থা করতে হবে। পানিদূষণের জন্য ওয়াসা, সিটি করপোরেশনসহ সবচেয়ে বড় দায় হলো শিল্পপ্রতিষ্ঠানগুলোর। আমাদের যে পানি আছে, তা যদি আমরা রক্ষা করতে পারতাম, তাহলে এতটা সমস্যা হতো না। তার কারণ হলো নদীগুলোতে যে পানি আছে, শহরগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। আমাদের নদীর পানির দূষণ কমিয়ে আনলে এখান থেকে আমরা সবার জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে পারতাম। এখন সেটা আমরা পারছি না এবং ভবিষ্যতে পারব কি না, তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। এ ব্যাপারে তেমন কোনো ফলপ্রসূ উদ্যোগও চোখে পড়ছে না। মোটের ওপর সবার জন্য যদি সুপেয় পানির ব্যবস্থা করতে হয়, তাহলে তিনটি বিষয়ের ওপর জোর দিতে হবে।এক. গ্রামীণ এলাকার আর্সেনিক সমস্যার সমাধান করতে হবে। তা না হলে গ্রামীণ জনপদে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা যাবে না।দুই. শহরাঞ্চলের নদীগুলোকে রক্ষা করতে হবে। একান্তই যদি রক্ষা করা না যায়, তাহলে পদ্মা, মেঘনা থেকে পানি এনে অতিদ্রুত এই সমস্যার সমাধান করা। তা না হলে কোনো রাজনৈতিক সরকারের পক্ষে এই সংকট মোকাবিলা করা সম্ভব হবে না। এত মানুষ যেখানে বাস করে, তারা যদি পানি না পায়, তাহলে এর ফল খুব ভয়াবহ হবে।তিন. অঞ্চলভেদে যেখানে যে রকম পানির ব্যবস্থা করা যায়, সেখানে সে রকম ব্যবস্থা করতে হবে।এ তিনটি বিষয় যথাযথভাবে বিবেচনায় না নিলে সবার জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা সম্ভব হবে না।আব্দুল কাইয়ুমফিরোজ আহমেদের আলোচনা থেকে গ্রাম ও শহরাঞ্চলের পানির অবস্থা সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার সুপেয় পানির বিষয়ে আলোচনা করবেন এম এ মতিন।এম এ মতিনঅর্থ ছাড়া কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। অথচ পানি একটি জীবন রক্ষাকারী উপাদান। এর পেছনে কোনো ব্যয় হোক, এটা আমরা মেনে নিতে পারি না। এই মানসিকতা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আমাদের দেশের ৯৬ শতাংশ পানি দেশের বাইরে থেকে আসে। এই পানির ওপর আমাদের খুব একটা নিয়ন্ত্রণ নেই। যত দিন পর্যন্ত আমরা প্রযুক্তি ও আর্থিক দিক থেকে উন্নত না হতে পারব, তত দিন পর্যন্ত আমাদের পানির সমস্যা থাকবে। আবার আমাদের দেশে যে পানি উত্তোলিত হয়, এর ৯৭ শতাংশ ব্যবহূত হয় কৃষিতে, ৩ শতাংশ ব্যবহূত হয় গৃহস্থালি ও শিল্পে। ২৫ টাকার ধান উৎপাদন করতে আমাদের কৃষক ভাইয়েরা চার হাজার লিটার পানি ব্যবহার করেন। পানি ব্যবহারে আমাদের কোনো দক্ষতা নেই। আমরা ইচ্ছামতো পানি ব্যবহার করি। দেশের মানুষকে সচেতন করতে না পারলে সবার জন্য সুপেয় পানির ব্যবস্থা করা কঠিন হয়ে যাবে।পানির জন্য আমাদের যেমন বিনিয়োগ করতে হবে, তেমনি ব্যয়ও করতে হবে। আমরা প্রায়োগিক গবেষণার আওতায় বাংলাদেশের ১৩৫টি এলাকায় পানি সরবরাহ করেছি। একটি উদাহরণ দিই, বগুড়া পৌরসভায় ১০০ কোটি টাকা বিনিয়োগ আছে, বড় বড় ট্যাংক আছে, ডিপ টিউবওয়েল আছে, বিশাল পাইপলাইন আছে। কিন্তু দুঃখের বিষয় হলো যার জন্য এত সব, সেই পানি নেই। অর্থাৎ, এই পৌরসভায় তিন ঘণ্টার বেশি পানি থাকে না। পাশাপাশি প্রায় একই সময় আমরা শেরপুর পৌরসভায় পানি সরবরাহের উদ্যোগ নিই। এখানকার অধিবাসীদের সঙ্গে আমরা অংশীদারের ভিত্তিতে কাজ করি। এখানে আমাদের বিনিয়োগ ছিল ২২ লাখ টাকা। স্থানীয় অধিবাসীদের বিনিয়োগ ছিল ৩০ লাখ টাকা। মোট ৫২ লাখ টাকা খরচ করে আমরা সফলভাবে পানি সরবরাহ করেছি। এখানকার জনগণ ২৪ ঘণ্টা পানি পায়।একইভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের ৮১টি ইউনিয়নে আমরা জরিপ করে দেখেছি, সেখানে মিঠা পানি নেই। এরা খুবই দরিদ্র। সুন্দরবন থেকে সীমান্তের ওপার থেকে অনেক কষ্ট করে পানি আনে। এখানে ৩৮টি ইউনিয়নের ১৩৫টি গ্রামে আমরা পানি সরবরাহ করেছি। আমাদের একটাই শর্ত, মূলধনের জোগান দেবে সরকার অথবা দাতা সংস্থা, তবে প্রকল্প পরিচালনা করতে হবে স্থানীয় অধিবাসীদের। অস্ট্রেলিয়ার সরকার আমাদের ১৩৫টি গ্রামের কার্যক্রম পর্যবেক্ষণ করে অর্থের জোগান দেয়। আবার ঢাকার খিলগাঁও থানার পাশে দাসেরকান্দি এলাকার ৪৩ হাজার মানুষ পানির অভাবে মানবেতর জীবনযাপন করছিল। তারা বেগুনবাড়ি খালের পচা পানি ব্যবহার করে নানাবিধ অসুখ-বিসুখে ভুগছিল। যৌথ অংশীদারের ভিত্তিতে ৪৩ হাজার মানুষের মধ্যে নিরাপদ পানি সরবরাহ করি। এ ক্ষেত্রে সরকারের কোনো ধরনের ভর্তুকি নেই। প্রাথমিক মূলধন সরকার থেকে ব্যয় করা হয়েছে। কিন্তু প্রতিবছর ১০ শতাংশ হারে তারা মূলধন ফেরত দেবে। আর প্রকল্প পরিচালনার খরচ সম্পূর্ণ নিজেরা বহন করবে।সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা হলো, আপনারা পোশাক-পরিচ্ছদ, খাওয়াদাওয়া, চলাফেরা—এককথায় জীবন নির্বাহের সবকিছুর জন্য ব্যয় করছেন। পানি মোটেই সহজ কোনো উপকরণ নয়। এর জন্য কেন আপনারা ব্যয় করবেন না? যেমন, আমরা দাসেরকান্দির ৪৩ হাজার মানুষকে বুঝিয়েছি, সুপেয় পানির অভাবে ডায়রিয়াসহ বছরব্যাপী আপনারা নানাবিধ অসুখ-বিসুখে ভুগছেন। হাসপাতালে দিনের পর দিন অনেক টাকা খরচ করছেন। শারীরিক ও মানসিকভাবে আপনাদের কর্মক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। সে ক্ষেত্রে পানির জন্য আপনারা যদি কিছুটা খরচ আমাদের সঙ্গে শেয়ার করেন, তাহলে জীবনের অনেক ঝুঁকি থেকে বেঁচে যেতে পারেন। তাঁরা আমাদের কথা বুঝতে পেরে সহযোগিতা করেন। আজকে এই মানুষগুলো এর সর্বোচ্চ সুফল গ্রহণ করছে। এখন আমরা যদি সরকার, দাতা সংস্থা বিশ্বব্যাংকের দিকে তাকিয়ে থাকি, তাহলে কিছুই হবে না। বিশ্বব্যাংকের টাকার আবার বাড়তি চোখ রাঙানি। বিশ্বের অনেক দেশই এখন আর বিশ্বব্যাংকের টাকা গ্রহণ করে না।আমি একজন কারিগরি জ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে বলব, পানি সহজ কোনো উপাদান নয়। এর জন্য উচ্চ প্রযুক্তি ব্যবহার করতে হয় এবং এটি একটি ব্যয়বহুল প্রকল্প। এই ব্যয় কে দেবে, সেটি ভিন্ন প্রশ্ন, ব্যয় কিন্তু হবেই। আমরা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে দেখেছি মানুষ পানির জন্য খরচ করতে প্রস্তুত। কারণ, দিনের পর দিন পানির অভাবে থাকতে থাকতে পানির প্রয়োজন তাঁরা বুঝতে পেরেছেন।একজন নারী ভিক্ষা করে জীবন চালান। তিনিও আমাদের পানির জন্য প্রতি মাসে ৪৫ টাকা করে দেন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ‘মাসে আমি যে আয় করি, তা থেকে ৪৫ টাকা পানির জন্য ব্যয় করা কোনো অসুবিধা নয়; বরং পানির অভাবে আমি যে অসুখ-বিসুখে ভুগতাম, সেটি এর থেকে অনেক বেশি অসুবিধার ছিল।’ একজন ফকির হয়েও তিনি পানির প্রয়োজন বুঝতে পেরেছেন। আমি মনে করি, এটি একটি বিরাট বড় পরিবর্তন। নিরাপদ পানির অভাবে আজকে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে কোটি কোটি টাকা আমরা হাসপাতালে ঢালছি। আমাদের শরীরের ৭৫ শতাংশ পানি। এই পানির হেরফের হলে শরীরে বহুমুখী সমস্যা দেখা দেবে। উন্নত দেশে এসব অসুখ খুবই কম বা একেবারে নেই বললেই চলে। এর একমাত্র কারণ হলো তারা ১০০ শতাংশ বিশুদ্ধ পানি ব্যবহার করে।আব্দুল কাইয়ুমঢাকায় ওয়াসার পানি ব্যবহারকারীরা বিল দিয়ে অভ্যস্ত। গ্রামে পানির বিলের ক্ষেত্রে তাদের মানসিকতা কী?এম এ মতিনসরাসরি তাদের পানির বিলের কথা বলা যায় না। তারা মনে করে পানি হচ্ছে আল্লাহর দান। বিনা মূল্যে তাদের পানি পাওয়ার অধিকার আছে। সরাসরি বললে তারা উত্তেজিত হয়ে গালমন্দ পর্যন্ত করতে থাকে। কিন্তু তাদের বোঝাতে হয়। আমার খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের মানুষকে বুঝিয়েছি, আপনারা খুব দরিদ্র মানুষ। অনেক দূর থেকে কষ্ট করে পানি আনেন। সব সময় আনা সম্ভব হয় না। অনেকে আবার আনতেও পারেন না। অধিকাংশ সময় আপনারা ময়লা পানি পান করেন। এই ময়লা পানি পান করার জন্য আপনাদের ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিসসহ নানাবিধ রোগ হচ্ছে। আপনাদের এলাকার মানুষ লাখ লাখ টাকা হাসপাতালে খরচ করছে। আমরা যদি আপনাদের জন্য ভালো পানির ব্যবস্থা করি, তাহলে আপনাদের এত অসুখ-বিসুখ হবে না। হাসপাতালে যেতে হবে না। আর লাখ লাখ টাকা হাসপাতালেও খরচ হবে না। আপনারা অনেক ভালো থাকবেন। কেবল আমাদের খরচের সঙ্গে আপনারা কিছুটা খরচ দেন। তখন তারা বুঝতে পারে এবং আমাদের সহযোগিতা করে। ঠিক একইভাবে আমরা শেরপুরে, বগুড়ার মহাস্থানগড়ে, ঢাকার খিলগাঁওয়ের দাসেরকান্দির মানুষকে বোঝাই। এরা সবাই শেষ পর্যন্ত আমাদের কথা বুঝতে পারে যে আমরা মূলত তাদের জন্যই কাজ করতে এসেছি। তখন তারা সবাই আমাদের ব্যয়ের সঙ্গে অংশগ্রহণ করতে উদ্যোগী হয়।ঢাকা ওয়াসার জন্য সরকারকে বিশাল অর্থ ভর্তুকি দিতে হচ্ছে। অথচ গ্রামের মানুষের জন্য কোনো ভর্তুকি দিতে হচ্ছে না। পয়োবর্জ্যের (টয়লেটের) পানি পরিশোধন করে সিঙ্গাপুরের মানুষ বিশুদ্ধ পানি তৈরি করে। আমাদের বিত্তবানেরা ২৫০ টাকা দিয়ে এক লিটার সিঙ্গাপুরের পানি কিনে পান করেন। আর পানি ব্যবহারের ক্ষেত্রে আমরা শিক্ষিত, অশিক্ষিত সব মানুষ স্বেচ্ছাচারী আচরণ করি। গৃহস্থে, অফিস-আদালত, স্কুল-কলেজ, এমনকি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত পানির ট্যাপ খোলা থাকে। একজন কৃষক ২৫ টাকার ধান উৎপাদন করতে গিয়ে চার হাজার লিটার পানি খরচ করেন। এত মূল্যবান সম্পদের এত সস্তা অপচয় পৃথিবীর আর কোথাও আছে বলে মনে হয় না।পানি নিয়ে আমরা একধরনের অপরাধ করছি। আমরা আমাদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছি। আমাদের কৃষককেও বুঝতে হবে চার হাজার লিটার পানি দিয়ে উৎপাদন করছে ২৫ টাকার ধান। আর পানি ব্যবসায়ী একই পরিমাণ পানি বিক্রি করে কী পরিমাণ অর্থ পকেটে নিচ্ছেন। ব্যবসায়ী ধনী হচ্ছেন। কৃষক আরও দরিদ্র হচ্ছেন। ঢাকার অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। আজকে বগুড়া শহরের মানুষ তিন ঘণ্টার বেশি পানি পায় না। অথচ শেরপুর পৌরসভার মানুষ ২৪ ঘণ্টা পানি পায়। আজকে ঢাকাসহ বড় বড় শহরে পানির সমস্যা হচ্ছে। দাসেরকান্দি, সাতক্ষীরা, শেরপুর পৌরসভায় পানির সমস্যা হচ্ছে না। দাসেরকান্দি, বাগেরহাট, সাতক্ষীরায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের কোনো পানির পাইপে লিক হলে যত বড় কর্মকর্তা হোক না কেন সঙ্গে সঙ্গে তাঁকে কাজে নেমে পড়তে হয়। সরকারি ওয়াসার পাইপ লিক হলে, মেয়রের কাছে চিঠি লিখতে লিখতে আর ইঞ্জিনিয়ার আসতে আসতে ওয়াসার পানি সব পচা নালায় যায়। অনিয়মের সাতকাহন বলে শেষ করা যাবে না।আব্দুল কাইয়ুমগ্রামের মানুষ কীভাবে পানি পাচ্ছে, শহরে ও কৃষিতে কীভাবে পানির অপচয় হচ্ছে, নিরাপদ পানির অভাবে মানুষের কী কী সমস্যা হয়, ইত্যাদি বেশ কিছু বিষয় এম এ মতিন আলোচনা করলেন। এখন আলোচনা করবেন দিবালোক সিংহ।দিবালোক সিংহআমি দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে জড়িত ও বস্তিবাসী মানুষকে নিয়ে কাজ করি। আমার অভিজ্ঞতা হলো, যাদের অর্থ ব্যয় করার সামর্থ্য আছে, তাদের পানির খরচ সর্বনিম্ন। যাদের নেই, সেই বস্তিবাসীর পানির জন্য দিতে হয় চড়া মূল্য। একটি উদাহরণ দিই, সাধারণ মানুষ ছয় টাকার কিছু বেশি দিয়ে ওয়াসার এক হাজার লিটার পানি ব্যবহার করে। কিন্তু একজন বস্তিবাসীকে এক থেকে দুই টাকা দিয়ে ২০ লিটারের এক কলসি পানি কিনতে হয়। তাহলে ওয়াসার এক হাজার লিটার পানির দাম ছয় টাকার কিছু বেশি। আর বস্তিবাসীর জন্য ২০ লিটার পানির দাম এক থেকে দুই টাকা। এই হলো বাস্তবতা। ভর্তুকি যে খারাপ, আমি সেটা বলছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভর্তুকি আমরা কাকে দিচ্ছি? ঢাকা ওয়াসার নিয়ম হচ্ছে যার বাড়ি আছে, তাকেই পানির সংযোগ দেবে। এই নিয়মে বস্তিবাসী ওয়াসার পানি পাওয়ার অধিকার রাখে না। এখানে বস্তিবাসী কোনো ভর্তুকি পাচ্ছে না; বরং তাকে অতিরিক্ত টাকা ব্যয়ে পানি ব্যবহার করতে হচ্ছে।দক্ষিণ আফ্রিকা মাসে ছয় হাজার লিটার পানি মানুষকে বিনা মূল্যে দেয়। এর বেশি যদি কেউ ব্যবহার করে, তাহলে তাকে দাম দিয়ে কিনতে হবে। আমি একটি বিষয়ে জোর দিতে চাই, তা হলো, আমাদের দেশের বেশির ভাগ মানুষ দরিদ্র। নিরাপদ পানির ক্ষেত্রে যখন রাজনৈতিক, অর্থনৈতিক সিদ্ধান্তের বিষয় আসে, তখন যেন এই বিশাল পরিমাণ দরিদ্র মানুষের সুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। দরিদ্র মানুষকে সেবা দিতে গিয়ে যদি ভর্তুকি বেশি দিতে হয়, তাহলে তা দিতে হবে। আরেকটি বিষয়, আমি মনে করি, দরিদ্র মানুষকে সেবা দেওয়ার সময় তাদের সঙ্গে কথা বলতে হবে। তাদের মতামত বিবেচনায় নিতে হবে। সাধারণত আমরা এটা করি না। নিজেদের ইচ্ছামতো করি। ফলে তাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হয় না।১৯৬২ সালে ঢাকা ওয়াসার সৃষ্টি হয়েছে। সেই সময় দেশের লোকসংখ্যা কত ছিল, আর এখন কত। লোকসংখ্যা বাড়লেও ওয়াসার কার্যক্রম খুব একটা বাড়েনি। ফলে সেই ওয়াসা আজকে সবার কাছে সঠিক মাত্রায় সেবা পৌঁছে দিতে পারছে না। আর এ ক্ষেত্রে বস্তিবাসী বা দরিদ্র মানুষ প্রথমে বঞ্চিত হচ্ছে। এখন ওয়াসাকে বিভিন্ন জোনে ভাগ করে দিতে হবে। প্রতিটি জোন ওই এলাকার দরিদ্র মানুষকে বিশেষ গুরুত্ব দেবে। মোট লোকসংখ্যার চাহিদা অনুসারে পানি সরবরাহ করবে। অন্যথায় ১৯৬২ সালের ওয়াসা এই বিশাল জনগোষ্ঠীর পানির চাহিদা পূরণ করতে পারবে না। পানি ও পয়োনিষ্কাশনসেবা প্রত্যেক মানুষের অধিকার।২০১০ সাল থেকে জাতিসংঘ বলে আসছে, পানি ও পয়োনিষ্কাশনসেবা প্রত্যেক মানুষের মৌলিক মানবাধিকার। তাই সবার জন্য এই সেবা নিশ্চিত করতে হবে। আমাদের দুর্গম এলাকায় পানি পৌঁছানোর জন্য সরকারকে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমরা আশা করব, আগামী বাজেটে যেন বিষয়টি অন্তর্ভুক্ত হয়। অনেক সময় বলা হয়, এ সরকার দরিদ্রবান্ধব সরকার। তাহলে দরিদ্র মানুষের জন্য বিশেষ বরাদ্দ থাকার কথা।আমরা জানি, সরকারের একটি পানিনীতি রয়েছে। আরেকটি বিষয় হলো আমাদের পানি ব্যবহারের পদ্ধতি কী হবে? দেশি-বিদেশি কোম্পানি যেখানে-সেখানে ডিপ টিউবওয়েল বসিয়ে পানি বোতলজাত করে বিক্রি করবে, নাকি ভূগর্ভস্থ পানির মালিক হবে রাষ্ট্র, যার মাধ্যমে দেশের সব মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে। এটি একটি প্রশ্ন। তা না হলে আজ যেভাবে বিভিন্ন কোম্পানি ভূগর্ভস্থ পানি তুলছে, তাতে অচিরেই ভূগর্ভস্থ পানি নিঃশেষ হয়ে যাবে। আর তখন যে বিপর্যয় তৈরি হবে, কারও পক্ষেই তা সামাল দেওয়া সম্ভব হবে না। এ বিষয়ে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।সুপেয় পানি সরবরাহের নীতিমালার সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। তাহলে তারা খুব কাছ থেকে রাষ্ট্রের সমস্যাগুলো অনুধাবন করতে পারবে এবং তাদের মধ্য থেকে একধরনের উদ্যোগ বেরিয়ে আসবে, যেটি সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করবে। এতে আমরা আমাদের সমাজব্যবস্থায় আরও বেশি মানবিক এবং গণতান্ত্রিক হতে পারি।আমাদের কী পরিমাণ পানিসম্পদ আছে, তার কোনো সঠিক হিসাব এখনো আমাদের নেই। ফলে দেশি-বিদেশি কোম্পানিগুলো পানি বিক্রি করে মুনাফা নিয়ে নিচ্ছে আর পানি শেষ করে দিচ্ছে। এখন রাষ্ট্র এই দায় কীভাবে নেবে, সেটি ঠিক করতে হবে। আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের যত সম্পদ আছে তার মালিক জনগণ। জনগণই যে এই সম্পদের মালিক, সেটা নিশ্চিত করতে হবে, যাতে কোনো দেশি বা বিদেশি কোম্পানি জনগণের সম্পদ বাজারে বিক্রি করে মুনাফা লুটে না নিতে পারে।আন্তর্জাতিকভাবে একটা ব্লু গ্রুপ তৈরি হয়েছে। বাংলাদেশও এই গ্রুপের সদস্য। এই গ্রুপ সারা পৃথিবীকে বলছে, পানি ও পয়োনিষ্কাশন-ব্যবস্থা যেন মানুষের মানবাধিকার নীতির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ যেখানে পৃথিবীর মানুষকে বলছে, পানি ও পয়োনিষ্কাশন-ব্যবস্থা লঙ্ঘিত হলে মানবাধিকার লঙ্ঘিত হবে, সে ক্ষেত্রে দেশে কীভাবে পানি ও পয়োনিষ্কাশন-ব্যবস্থার এত সংকট থাকে, সেটি ভাবনার বিষয়।আব্দুল কাইয়ুমমুনাফাভোগী কোম্পানিগুলো ইচ্ছামতো ভূগর্ভস্থ পানি তুলে নগরকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। দরিদ্র মানুষকে সুপেয় পানির জন্য আরও বেশি মূল্য দিতে হচ্ছে এবং ভূগর্ভস্থ পানির মালিক কে ইত্যাদি বিষয় দিবালোক সিংহের আলোচনা থেকে জানা গেল। এবার আলোচনা শুনব মো. খায়রুল ইসলামের কাছ থেকে।মো. খায়রুল ইসলাম‘সবার জন্য সুপেয় পানি’ এটি ছিল সরকারের আন্তরিক ও সাহসী অঙ্গীকার। একই সঙ্গে কাজটি ঝুঁকিপূর্ণ। সরকারের নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক সদিচ্ছা, বিনিয়োগের সদিচ্ছা, মানুষের অধিকার নিশ্চিত করার প্রত্যয় ইত্যাদি বিষয় নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। সরকারের কিছু ভালো কাজ আছে, যা বলা দরকার। ২০১০ সালে জাতিসংঘ যখন পানি ও পয়োনিষ্কাশনকে মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে, সেই সময় বাংলাদেশ সরকারের প্রতিনিধি ভোটের সময় অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ ব্লু গ্রুপে যোগ দিয়েছে এবং প্রতিবেশী সব রাষ্ট্রকে এর পক্ষে আনার জন্য কাজ করেছে। এ ছাড়া গত দুই বছর কাজ করে খাতভিত্তিক পরিকল্পনা (সেক্টর ডেভেলপমেন্ট প্ল্যান) হয়েছে। দুর্গম এলাকায় পানি ও পয়োনিষ্কাশন যাতে অল্প সময়ের মধ্যে পৌঁছানো যায়, তার জন্য সরকার কিছুদিন আগে দুর্গম এলাকার কর্মকৌশল (স্ট্র্যাটেজি) অনুমোদন করেছে। কোনো কিছু সঠিকভাবে করার পূর্বশর্ত হলো পর্যাপ্ত বিনিয়োগ এবং সরকার এ খাতে পর্যাপ্ত বিনিয়োগ করেছে। যেমন, আমি আপনাদের উদাহরণ দিয়ে বলি, এই সরকার ক্ষমতা নেওয়ার প্রথম বাজেটে পানি ও পয়োনিষ্কাশন খাতে ৮০০ থেকে এক হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে। পরের বাজেটে এক হাজার ৪০০ থেকে দুই হাজার কোটি টাকা করেছে। গত তিন-চার দশকে পানি ও পয়োনিষ্কাশন খাতে এত উচ্চ বিনিয়োগ আমরা দেখিনি। আমি বলব, এই জায়গাগুলোতে অবশ্যই সরকার প্রশংসনীয় কাজ করেছে। সরকারের এত সাহসী উদ্যোগ, এত বিনিয়োগের পরও কেন এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি? বিষয়টি বিচার-বিশ্লেষণ করার প্রয়োজন বলে মনে করি। এ বিষয় নিয়ে কিছু বলব, আশা করি আপনারা ইতিবাচকভাবে নেবেন।প্রথমত, কোন জায়গাগুলোকে অগ্রাধিকার দিতে হবে, সেটি নির্বাচনে ত্রুটি ছিল। ঢাকাসহ বড় বড় শহরে পানির কোনো সমস্যা হলেই পত্রিকার প্রথম পাতায় সংবাদ ছাপা হয়। রাজনৈতিক বা অন্য যেকোনো কারণে হোক, বর্ধিত বিনিয়োগের অধিকাংশই বড় শহরগুলোতে করা হয়েছে। কিন্তু একই সমস্যা নিয়ে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের মানুষ, দুর্গম পাহাড়ি এলাকার মানুষ দিনের পর দিন কষ্ট করছে। তিন-চার কিলোমিটার দূর থেকে তাদের পানি আনতে হয়। এদের নিয়ে পত্রিকায় কোনো ছবি আসে না। কিন্তু সেখানে এই বিনিয়োগ পৌঁছায়নি। আমরা যদি গত তিন বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির তালিকা দেখি, তাহলে দেখা যাবে, গত তিন বছরে যত নতুন প্রকল্প হয়েছে, তার সিংহভাগ হয়েছে ঢাকাসহ বড় সিটি করপোরেশনগুলোতে।২০১০ সালে আমাদের অর্থমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রী বিশ্বব্যাংকের মিটিংয়ে কথা দিয়ে এসেছিলেন, ২০০ মিলিয়ন ডলারের আর্সেনিক তহবিল হবে। এই তহবিল এখনো হয়নি। এগুলো না করার ফলে আমরা কিন্তু সমালোচনার জায়গাগুলো বের করে দিচ্ছি। আমি আরেকটি উদাহরণ দিই, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। আইলা, সিডর ও লবণাক্ততার জন্য ১২০ কোটি টাকার একটা প্রকল্প নেওয়া হলো। অথচ ঢাকা শহরের পানির পাইপ বদলানোর জন্য এক হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়; বনানী, গুলশান লেকের পুনরুদ্ধারের ব্যয় যেখানে ১৪০ কোটি টাকা। গত তিন বছরের মঞ্জুরি ও বরাদ্দপত্র থেকে দেখা যায়, ১২০ কোটি টাকার জায়গায় পাঁচ লাখ করে মাত্র ১০ লাখ টাকা বিনিয়োগ হয়েছে। গত বছরে ১৮ কোটি টাকা ছাড় হবে সংশোধিত বাজেটে গিয়ে আবার ১০ লাখ টাকায় নেমে এল। এর অর্থ হচ্ছে ওই এলাকার মানুষের দুঃখ-কষ্টের কথা আমরা খুব একটা ভাবছি না।চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল, যেখানে পানির ভয়াবহ সমস্যা রয়েছে। সেখানে এখন পর্যন্ত কেবল বাস্তবায়নযোগ্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শেষ হয়েছে। কোনো বিনিয়োগ এখনো হয়নি। এ অবস্থা চলতে থাকলে সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা কঠিন হয়ে যাবে। এখন আগামী বাজেটে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট অঞ্চল ও পাহাড়ি দুর্গম এলাকার জন্য যেন বিশেষ বরাদ্দ রাখা হয় এবং দ্রুত প্রকল্প হাতে নিয়ে তাদের জন্য কাজ করা হয়। ঢাকা শহরের পানির সমস্যা নিয়ে যে সংবাদ ছাপা হয়, ওই সব এলাকার সমস্যা এর চেয়ে অনেক বেশি গুরুতর।পানি ও স্বাস্থ্যবিধান (স্যানিটেশন) নিয়ে জাতিসংঘ একটি মান ঠিক করে দিয়েছে। মান হলো, পানি ও স্বাস্থ্যবিধান (স্যানিটেশন) ব্যয় কোনো মানুষের আয়ের ৫ শতাংশের বেশি হবে না। আরেকটি বিষয়, যা ইতিমধ্যে আলোচিত হয়েছে যে ভূগর্ভস্থ পানির মালিক কে? ঢাকা, সাভার, আশুলিয়া ও আশপাশের এলাকা থেকে ইচ্ছামতো পানি তোলা হচ্ছে। বাংলাদেশের পানিসম্পদ আজ হুমকির মুখে। এই সম্পদ বাঁচাতে হলে যত তাড়াতাড়ি সম্ভব পানি আইন বাস্তবায়ন করতে হবে। একটি কথা বলি, আজকে পানি না হয়ে যদি তেল, গ্যাস বা অন্য কোনো খনিজ সম্পদ হতো, তাহলে কি ওই কোম্পানিগুলো নিয়ন্ত্রণহীনভাবে তাদের ইচ্ছামতো তুলে নিতে পারত? আপনারা শুনলে অবাক হবেন, আইনের এই ফাঁক দিয়ে বাংলাদেশের একটি কোম্পানির সঙ্গে বিদেশি একটি কোম্পানি আইএফসির অর্থায়নে যৌথ মালিকানায় প্রকল্প করে পানি বিক্রির উদ্যোগ নিয়েছে। পানি আইনে ফাঁক আছে বলে আমরা কি এ রকম একটা পরিস্থিতি হতে দেব? ডিপ টিউবওয়েলে পানি যখন টান দেবে, তখন ওই অঞ্চলের হাতকলে আর কোনো পানি থাকবে না। তখন সব মানুষ তাদের কাছ থেকে পানি কিনতে বাধ্য হবে। সাধারণ মানুষকে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এসব প্রকল্প করা হচ্ছে। পানি আইনের মধ্যে ফাঁক আছে বলে আমরা কি সাধারণ মানুষকে এসব মুনাফালোভী কোম্পানির কাছে জিম্মি হতে দেব?গতবার বাজেট-বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামে সুপেয় পানির জন্য একটি করে পুকুর সংরক্ষণ করা হবে। পানি আইনে এই বিষয়টি এখনো আসেনি। আমরা জানি, মন্ত্রণালয়ে চিঠি গেছে কিন্তু তদারকি না করলে হবে না। শুরুতে আমরা আশা করব খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় যেন সুপেয় পানির ব্যবস্থা করা হয়। তারপর পর্যায়ক্রমে সারা বাংলাদেশে। অর্থমন্ত্রীর বাজেট-বক্তৃতায় এর দিকনির্দেশনা আছে। এখন আইনে পরিণত করাটা জরুরি হয়ে পড়েছে। আমরা সবাই জানি, ঢাকা শহরের পানির স্তর কমে যাচ্ছে। একজন দরিদ্র মানুষ সারা দিন ২০ লিটার পানি দিয়ে জীবন নির্বাহ করে, অন্যদিকে একজন ধনী মানুষ শুধু এক একবার পয়োনিষ্কাশনের (টয়লেট ফ্লাশ) জন্য ২০ লিটার পানি খরচ করে ওয়াসার পরিচালন-ব্যয় বাড়িয়ে দিচ্ছে। অথচ দুই শ্রেণীর মানুষ একই হারে বিল দিচ্ছে। এই সামাজিক অন্যায্যতা দূর করতে হবে। পানি বেশি খরচ করলে বেশি বিল দিতে হয়। অপচয় বেশি করলে বেশি বিল দিতে হবে, এ রকম একটি নিয়ম থাকতে হবে।আবার একটু খুলনা-সাতক্ষীরার কথা বলতে হচ্ছে, আজকে প্রথম আলোর একটি লেখায় এসেছে, ২০টি উপজেলায় লোনা পানি আসে। আমরা ঢাকার জন্য ভাকুর্তা থেকে পানি আনার কথা ভাবতে পারি। তাহলে ওই ২০টি উপজেলার মানুুষের কি একই ধরনের অধিকার থাকবে না? হয়তো খরচ বেশি পড়বে। কিন্তু তাদের পানি পাওয়ার অধিকার তো আছে, যে অধিকার ঢাকাবাসীর আছে।২০ এপ্রিল ওয়াশিংটনের বৈঠকে মন্ত্রীকে আর্সেনিক তহবিল নিয়ে কথা বলতে হবে। আর্সেনিক বিষয়ে গ্রামাঞ্চলের কিছু বড় প্রকল্পের কথা হয়তো বলা যাবে। বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ, যেখানে প্রায় এক কোটি টিউবওয়েল আছে। পশ্চিমবঙ্গে বড় প্ল্যান্টের মাধ্যমে সেই সমস্যার সমাধান তারা প্রায় করে ফেলেছে। আমাদের দীর্ঘ ও স্বল্প মেয়াদে আর্সেনিক সমস্যার সমাধান করতে হবে। বড় প্ল্যান্টের পাশাপাশি স্বল্প মেয়াদে ডিপ টিউবওয়েলের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। আর্সেনিক একটি সংবেদনশীল বিষয়। এর জন্য সরকার কী করছে, মানুষ তা জানতে চায়। গ্রামীণ প্রকল্পের সঙ্গে আর্সেনিক কথাটি কোনো না কোনোভাবে যুক্ত করতে হবে। আর্সেনিকের জন্য যদি বিনিয়োগ করা হয়, তাহলে বলতে বাধা কোথায়?আমি সবশেষে যেটি বলতে চাই, আমরা সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং বিনিয়োগকে অবশ্যই স্বাগত জানাই। এত দিন আমাদের বিনিয়োগে অসাম্য যা-ই থাকুক না কেন, অন্তত আগামী দুটি বাজেটে তা যেন না থাকে, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা ও দুর্গম পাহাড়ি এলাকায় পানিসহ অন্যান্য সুযোগ-সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হয়।আব্দুল কাইয়ুমবেশি বাজেট থাকা সত্ত্বেও বরাদ্দ বৈষম্যের জন্য সব অঞ্চলের মানুষ সমান অধিকার পাচ্ছে না। সবার প্রত্যাশা আগামী বাজেটে, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও দুর্গম পাহাড়ি অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হয়। এবার বলবেন মাননীয় সাংসদ ননী গোপাল মণ্ডল।ননী গোপাল মণ্ডলআমি উপকূলীয় অঞ্চলের মানুষ। প্রকৃতি আমাদের সঙ্গে বিরূপ আচরণ করে। সারা বছর কোনো না কোনো দুর্যোগ লেগেই থাকে। আইলা-সিডর বারবার বিধ্বস্ত করে এই জনপদকে। মানুষ সর্বস্বান্ত হয়। আবার একটি নতুন ভোরের জন্য অপেক্ষা করে। কিন্তু এই ভোর তাদের অনেকের জীবনে আর আসে না। এ মানুষগুলোর প্রতিনিধিত্ব করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। শুধু আইলা-সিডর নয়, বাঘ-কুমিরের সঙ্গে লড়াই করেও আমাদের বেঁচে থাকতে হয়। এখানে উপস্থিত অনেকের আলোচনা থেকে আমাদের সমস্যার কথা বেরিয়ে এসেছে। আমি তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের এলাকার মানুষ সাধারণত পুকুরের পানি খায়।প্রশাসনিক কাজে আসা কর্মকর্তারা এটা দেখে খুব অবাক হন। তাঁরা ভাবতেই পারেন না মানুষ পুকুরের পানি খেতে পারে এবং তাঁদের কখনো আমি পানি খাওয়াতে পারিনি। তখন আমি নিজেও ভাবতাম পুকুরের পানি কি শুধু আমরাই খাই। কারণ, তখন বাংলাদেশের সব এলাকা সম্পর্কে আমার ধারণা ছিল না। এখন বুঝি আমরাই শুধু পুকুরের পানি খাই। খুলনার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ, বাগেরহাটের কিছু অংশ, সাতক্ষীরার কিছু অংশের মানুষ পুকুরের পানি খায়। এলাকাগুলোতে টিউবওয়েল বসানো সম্ভব হয়নি। এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ ফুট পর্যন্ত মাটির নিচে পাইপ দিয়েও মিষ্টি পানি পাওয়া যায়নি। এবার ভয়াবহ দুর্যোগ আইলার পরের দিনই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আমাদের এলাকায় গিয়েছিলেন। তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আইলার পর এই বিপদগ্রস্ত মানুষের প্রথম দাবি ছিল পানি। পানির অপর নাম যে জীবন, কিছু কিছু সময় তা আরও বেশি সত্যি হয়ে আসে। পানির অভাবে সবার বুক শুকিয়ে যাচ্ছিল, কিন্তু পানি পাওয়া যাচ্ছিল না। কেবল পুকুর ছাড়া এই অঞ্চলে পানির অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই। দীর্ঘদিন যাবৎ বিষয়টি আমি উপলব্ধি করেছি।আইলা-সিডর হওয়ার পরই সরকার বুঝতে পেরেছে এ এলাকায় পুকুরের দরকার। তখন মনে হলো, আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য বারবার আইলা-সিডর আসতে হবে। সুপেয় পানির নিশ্চয়তা সাংবিধানিক অধিকার। পানি হচ্ছে জীবন। জীবন রক্ষা করার দায়িত্ব সরকারের। কিন্তু দায়িত্ব পালন না করতে করতে দিনে দিনে সংকট গভীর হয়েছে। এই মহাসংকট একা সরকারের পক্ষে পালন করা কতটা সম্ভব, সেটি একটি প্রশ্ন। পানির সঙ্গে চলে আসে নদী-ব্যবস্থাপনার কথা। উজানে পানি প্রত্যাহারের কারণে আমাদের নদীতে পানি নেই। নদীতে পানি না থাকার কারণে আমাদের টিউবওয়েলে পানি নেই। নদীর পানি কমেছে। বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। লোকসংখ্যা বাড়ার কারণে পানির চাহিদা বেড়েছে। একদিকে পানির উৎস কমেছে, অন্যদিকে চাহিদা বেড়েছে। ফলে পানির চাহিদা আরও গভীর সংকট তৈরি করেছে। একসময় আমাদের উজানে পানির প্রবাহ ছিল। ফলে আমাদের নদীতে পানি থাকত। এখন পানি না থাকায় নদী শুকিয়ে যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আপনারা যাঁরা বিশেষজ্ঞ আছেন, তাঁরা ভেবে দেখবেন আমাদের এত নদী রাখার দরকার আছে কি না। এত নদী রাখার সময় বোধ হয় ফুরিয়ে এসেছে। যে নদীগুলোতে পানির প্রবাহ থাকে, সেগুলো রেখে বাকি নদী বাঁধ দিয়ে আমরা মিষ্টি পানির জলাধার করতে পারি। তাহলে আমাদের সমস্যার একটা সমাধান হতে পারে।তা না হলে মাটির নিচে যতটুকু সুপেয় পানি আছে, ধীরে ধীরে এ জায়গাগুলো লবণ পানি দখল করবে। আপনারা যাঁরা বিশেষজ্ঞ আছেন, তাঁরা এ বিষয়গুলো বিবেচনা করবেন।আমাদের জননেত্রীর সরকার সব মানুষের সরকার। এই সরকার মানুষের কল্যাণের জন্য রাত-দিন কাজ করে যাচ্ছে। সমুদ্র বিজয়ের মধ্য দিয়ে আরেকটি বাংলাদেশ এনে দিতে পেরেছে এই সরকার। এ দেশে মানুষের জন্য যা কিছু করা প্রয়োজন, তা আমাদের সরকার করতে প্রস্তুত। এসব বিষয় আপনারা যাঁরা বিশেষজ্ঞ আছেন, তাঁদের দিকনির্দেশনা দিতে হবে। মাননীয় মন্ত্রী এখানে আছেন, আমি তাঁকে স্মরণ করিয়ে দিতে চাই, যেন অবিলম্বে আমাদের এ অঞ্চলের ইউনিয়ন পরিষদের ও জেলা পরিষদের পুকুরগুলোকে পুনঃখনন করে সুপেয় পানির ব্যবস্থা করা হয়। কিছু পুকুরকে তল থেকে পাকা ও বন্যামুক্ত করে জলাধারের মতো করতে পারলে ভালো হয়। শুরুতে প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে পাকা পুকুর করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে শেষ করছি।আব্দুল কাইয়ুমএতক্ষণ সুপেয় পানির বিষয়ে বিস্তৃত আলোচনা হলো। মাননীয় মন্ত্রীর আলোচনার আগে আমরা আবার সবার কাছে যাচ্ছি, নতুন দু-একটা কথা বলার থাকলে তাঁদের অনুরোধ করছি সংক্ষেপে বলার জন্য।জুয়েনা আজিজআমাদের সরকার ইতিমধ্যে কিছু বিষয়ে কাজ শুরু করেছে। আলোচকেরা হয়তো সেসব বিষয় জানতে পারেননি। আর্সেনিকের কথা প্রায় সব আলোচক বলেছেন। আমাদের দেশে আর্সেনিক একটা বড় সমস্যা। আর্সেনিকের জন্য সুপেয় পানির পরিমাণ কমে যাচ্ছে। আমাদের সরকারও আর্সেনিকের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। আমাদের, বিশেষ করে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পে আর্সেনিকের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে আর্সেনিক পাওয়া যাচ্ছে, সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেবল আর্সেনিকপ্রবণ এলাকার জন্য সরকার ৫০০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে।সম্প্রতি বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অংশীদারিতে ৭৫০ কোটি টাকার একটি তহবিল অনুমোদিত হয়েছে। আর্সেনিকপ্রবণ ইউনিয়ন পরিষদগুলোতে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে এই প্রকল্পের কাজ করা হবে। প্রকল্পকে টেকসই করার জন্য স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করা হয়েছে। আরেকটি যৌক্তিক আলোচনা অনেকেই করেছেন তা হলো, পানির দামের বৈষম্য। ধনী লোকজন বেশি পানি ব্যবহার করে কম দাম দিচ্ছে, দরিদ্র মানুষ কম ব্যবহার করে বেশি দিচ্ছে। এটি আসলেই ঠিক। সরকার এই বৈষম্য দূর করার জন্য বর্ধিত বিল ব্যবস্থা চালু করতে যাচ্ছে। অর্থাৎ, একটি নির্দিষ্ট পরিমাণের বেশি পানি ব্যবহার করলে তাকে বর্ধিত হারে দাম দিতে হবে। এটা ঠিক, বস্তিগুলোতে পানির ব্যবস্থা নেই। কারণ, অপরিকল্পিতভাবে আমাদের বস্তিগুলো গড়ে উঠেছে। এই সরকার যেহেতু সবার জন্য পানি নিশ্চিত করতে চায়, এ জন্য বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার (এনজিও) মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা শুরু করা হয়েছে। ধীরে ধীরে সব বস্তিতেই পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। দক্ষিণাঞ্চলে পুুকুরের কথা আপনারা বলেছেন। সরকারের পানিনীতিতে পুুকুরের কথা আছে। দক্ষিণাঞ্চলে পুকুরের জন্য আমরা পানিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।মো. মুজিবুর রহমানআন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া পানির পরিমাণ আমি বলতে চাই। পৃথিবীতে কঙ্গো ও আমাজনের পর বাংলাদেশের ওপর দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়। পানি প্রবাহের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। নিরাপদ পানির জন্য নীতিমালা আছে। এখন সময় এসেছে নীতিমালাকে আইনে পরিণত করার। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের পানি আইন দরকার। পানি আইনের মাধ্যমে মানুষের পানির প্রাপ্যতা এবং গুণগত মান নিশ্চিত করতে হবে।এম ফিরোজ আহমেদআমাদের বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে। বৃষ্টির পানি সংরক্ষণের জন্য নতুন ধারা সংযোজন করা হয়েছে। কিন্তু সমস্যা হলো, আমাদের দেশে কোনো ধারা বা আইনের খুব একটা প্রয়োগ নেই। আমাদের পানিনীতি আছে, প্রয়োগবিধি আছে, জাতীয় নির্মাণবিধি আছে। এগুলোর যদি প্রয়োগ না থাকে, তাহলে এগুলো থেকে কী হবে? প্রয়োগটাই হলো আসল কথা। বিধিবিধান প্রয়োগের ব্যবস্থা করতে হবে। ইসরায়েল, সিঙ্গাপুরের কথা এখানে এসেছে। তাদের পানি-ব্যবস্থাপনা দেখার সুযোগ আমার হয়েছিল। তারা ব্যবহূত পানির এক ফোঁটাও অপচয় হতে দেয় না। উন্নত প্রযুক্তির মাধ্যমে শোধন করে বোতলজাত করে। তাদের মতো এত কঠিন অবস্থা আমাদের এখনো হয়নি। পশ্চিমবঙ্গ ও আমাদের অবস্থা এক নয়। ফারাক্কা বাঁধের মাধ্যমে তারা সারা বছর নদীতে পানির প্রবাহ ঠিক রেখেছে। নদীর উপরিভাগের পানি দিয়ে তারা কিছুটা সহজে আর্সেনিক মোকাবিলা করতে পেরেছে। আমাদের দেশে দক্ষিণাঞ্চলে পুকুরের বিকল্প ব্যবস্থা আর নেই। আমাদের দেশের শিল্প এবং গৃহস্থালিতে যে পরিমাণ পানির অপব্যবহার করা হয়, আমার মনে হয়, পৃথিবীর কোনো দেশে এত অধিক পরিমাণে পানির অপচয় করা হয় না।এম এ মতিনদক্ষিণাঞ্চলে আইন করে পুকুর করার একেবারেই বিরোধী আমি। এ অঞ্চলে আইন করে পুকুর করার অর্থ হচ্ছে টাকা অপচয় করার রাস্তা বের করা, নতুন করে জমি নষ্ট করা। এটা হবে ওই এলাকার মানুষ এবং সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ, সেখানে পর্যাপ্ত পুকুর আছে। কিন্তু এই পুকুরগুলো লিজ দেওয়া। লিজ গ্রহীতারা পুকুরগুলোকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করছে। আমি মনে করি, এখানে যে পরিমাণ পুকুরের দরকার, তার চেয়ে বেশি পুকুর ইতিমধ্যে আছে। নতুন করে পুকুর কেটে টাকা এবং জমি নষ্ট করার কোনো দরকার নেই। বিদ্যমান পুকুরগুলোকে লিজ দেওয়া বন্ধ করে মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করে দিলেই সমস্যার সমাধান হবে।দিবালোক সিংহআজকের আলোচনার যদি একটা সফলতা নিয়ে আসতে হয়, তা হলো ঢাকার করাইল বস্তিতে, যেখানে কোনো পানি নেই, সেখানে পানির ব্যবস্থা করা। বিনিয়োগের ক্ষেত্রে বস্তিসহ সব ক্ষেত্রে যেন সমতা বজায় থকে, সে দিকটি খেয়াল করা। সবার জন্য নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন সেমিনারে গত বছর ওয়াশিংটনে বলা হয়েছিল, আমাদের অর্থায়ন করা হবে। এক বছর পার হওয়ার পরও এ ক্ষেত্রে কোনো অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না। বিষয়টি যেন এবার বৈঠকে বলা হয়।মো. খায়রুল ইসলামমাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, বার্ষিক উন্নয়ন কর্মসূচিসহ অনেক বিষয়ে আপনারা পর্যালোচনা করেন। আমি শুধু বলব, বছরে অন্তত এক বা দুবার আমাদের সঙ্গে বসেন। আমাদের ভাবনা আপনাদের সঙ্গে বিনিময় করি। আপনার সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে আমাদের আলোচনা সহায়ক হতে পারে।আব্দুল কাইয়ুম‘সবার জন্য সুপেয় পানি’ বিষয়ে এতক্ষণ আমরা সবার আলোচনা শুনলাম। এ আলোচনা থেকে নানা বিষয় উঠে এসেছে। যেমন, পানি সরবরাহে বৈষম্য, অর্থ বরাদ্দে বৈষম্য, আর্সেনিক সমস্যা, দক্ষিণাঞ্চলের লবণাক্ততা ইত্যাদি। এবার এসব বিষয়ের ওপর আলোচনা করবেন সাংসদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।জাহাঙ্গীর কবির নানকআমি মনে করি, আজকের আলোচনা একটি দিকনির্দেশনামূলক আলোচনা। সত্যিকার অর্থে নির্বাচনী ইশতেহার ঘোষণা একটি বিরাট চ্যালেঞ্জ। ‘সবার জন্য সুপেয় পানি’ এটি একটি বিশাল কর্মযজ্ঞ। এ রকম একটি কর্মযজ্ঞকে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইশতেহারে নিয়েছিলেন। তিনি সারা জীবন সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। তিনি জানেন, পানির অপর নাম জীবন। এই জীবন সবার মধ্যে সঞ্চার করতে হবে। এই লক্ষ্য সামনে রেখে আমি মাঠে-ময়দানে ঘুরছি। এ ক্ষেত্রে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতার মধ্যে রয়েছে দক্ষিণাঞ্চলের অভিজ্ঞতা।যেদিন আইলা এই জনপদকে বিধ্বস্ত করল, সেদিন ছিল আমাদের মন্ত্রিপরিষদের বৈঠক। তখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটার পর একটা আইলার ভয়াবহতার খবর আসতে লাগল। তিনি তৈরি হতে বললেন। তখনো আইলার ভয়াবহতা এতটুকু কমেনি। এ অবস্থার মধ্যে তিনি আমাদের হেলিকপ্টারে তুলে দিলেন। প্রথমে আমরা ভোলার ঢালচরে গেলাম। সেখানে আমরা নামতে পারলাম না। আমাদের নামতে হলো চরফ্যাশনে। চরফ্যাশন থেকে গলাচিপায় গিয়ে প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়লাম। সেখান থেকে আবার সাংসদ ননী গোপাল মণ্ডলের এলাকার দিকে গেলাম। এখানে এসে আমরা সংবাদ পেলাম, যেকোনো মুহূর্তে আমরা ঝড়ের মধ্যে পড়ে যেতে পারি। যত দ্রুত সম্ভব খুলনায় অবতরণ করতে হবে।কথাগুলো এ জন্য বললাম, আমাদের সরকার যেকোনো পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে প্রস্তুত। যখন আমরা সরকার গঠন করলাম এবং আমি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলাম, তখন আমি কল্পনাও করতে পারিনি যে পানি-ব্যবস্থাপনার অবস্থা এত খারাপ। কী খারাপ অবস্থা ছিল আপনারা যদি পেছনের পত্রিকাগুলো দেখেন, ভিডিও ফুটেজগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। এ সময় সারা ঢাকায় পানির হাহাকার ছিল। পানির জন্য গন্ডগোল হয়েছে। আমরা সবাই মাঠে নেমে গেলাম। অব্যবস্থাপনাগুলো খুঁজে বের করার চেষ্টা করলাম এবং একটি জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী সব সময় ভূগর্ভস্থ পানি সংরক্ষণ করার কথা বলেন। ভূ-উপরিস্থ পানির ওপর নির্ভরশীল হতে হবে। রাজউককে তিনি বৃষ্টির পানি ধরে রাখার কথা বলেছেন। প্রয়োজনে আবাসিক ভবনে দুটো করে পানির লাইন সংযোগের কথা বলেছেন।সাতক্ষীরা, কয়রা, দাকোপ এলাকায় আমরা গিয়েছি। সেখানে পানি খাওয়ার কোনো উপায় নেই। সমস্ত পানি লবণাক্ত। মংলায় আমরা ১৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্প করেছি। এই প্রকল্প থেকে এলাকার মানুষ মিঠা পানি পাচ্ছে। এর আগে তাদের কত কষ্ট ছিল। কত দূর থেকে পানি এনে খেতে হতো। এখন তারা প্রাণ খুলে আমাদের জন্য দোয়া করে। মংলায় সফল হওয়ার পর মানুষের খুশি দেখে আমরা সেখানে ২৪ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় প্রকল্পের কাজ করেছি।খুলনায় আমরা ২০৪ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প হাতে নিয়েছি। আমরা বসে নেই। আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সমস্যা বহুমুখী। পাহাড়ি এলাকা, খুলনা এলাকা, বরিশাল অঞ্চল ও উত্তরবঙ্গ—একেক জায়গায় একেক রকম সমস্যা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে পুকুরগুলোকে সংস্কারের নির্দেশ দিয়েছেন। আমরা সবাই গুলশান, বনানীতে জন্মাইনি। আমার ছোটবেলার ইতিহাস হলো, আমরা মানুষকে নদী-পুকুরের পানি পান করতে দেখেছি। আমি নিজেও পান করেছি। আজকে নদী-পুকুরের পানি পান করার কথা আমরা কল্পনাও করতে পারি না। এখনকার প্রজন্মের কাছে এটি গল্প মনে হবে। কিন্তু এমনই ছিল বাস্তবতা।আমাদের দেশে পানির দাম হলো, ‘নিলাম বালা ছয় আনা’। এখন মানুষকে বোঝাতে হবে, সচেতন করতে হবে, তাদের বলতে হবে পানি হলো আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। পানিকে এভাবে নষ্ট করা যাবে না। আমাদের দেশের মানুষ ইমাম সাহেবদের কথা বেশি শোনে। ইমাম সাহেবদের ওপর মুসল্লিদের অনেক বেশি আস্থা ও বিশ্বাস থাকে। এ জন্য আমি আশা করি, মসজিদে মসজিদে ইমাম সাহেবরা মুসল্লিদের পানির ব্যাপারে সচেতন করবেন।মতিন সাহেব আমাকে ঢাকা সিটির খিলগাঁও থানার দাসেরকান্দি গ্রামে নিয়ে গেলেন। দুর্গন্ধযুক্ত পানির ওপর দিয়ে নাক বন্ধ করে সেখানে যেতে হয়। সেখানে রাস্তাসহ অনেক কিছুর সমস্যা। কিন্তু আমার খুব ভালো লাগল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু যুবক সমবায় সমিতির মাধ্যমে বগুড়া আরডিএর উদ্ভাবিত পদ্ধতিতে পানি সরবরাহ করছে। আশ্চর্য হই যখন দেখি ঢাকা শহরের সব ইমারত নির্মাণে ব্যবহূত পানি ওয়াসার।পানি আইনের কথা আপনারা বলেছেন। এ ব্যাপারে আমি উদ্যোগ নেব। আমরা আর্সেনিকের বিরুদ্ধে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে চাপকলে লাল দাগ থাকলে আর্সেনিক। শুধু লাল দাগ দেওয়ার জন্য শত কোটি টাকা অপচয় হয়েছে। আমি বলব, এটা চুরি এবং ডাকাতি ছাড়া আর কিছুই হয়নি। ওয়াসার অবস্থা কী ছিল, আপনারা হয়তো বাইরে ততটা জানেন না। আমি সকালে, বিকেলে, রাতে ওয়াসার কাজের মধ্যে শৃঙ্খলা আনার চেষ্টা করেছি। আমি নিজে ফাইল আটকে রাখতে দেখেছি। আজকে সে অবস্থা নেই, একটা পরিবর্তন এসেছে। আগে আপনারা কী দেখেছেন? চৈত্র মাসের এই সময় ঢাকা শহরে পানির জন্য হাহাকার পড়ে যায়। সেনা, পুলিশ নিয়োগ করতে হয়। এখন সে অবস্থা নেই। কারণ, আমি ওয়াসার পিয়ন থেকে এমডি পর্যন্ত সবাইকে নিয়ে বৈঠক করেছি, ব্যাপক আলোচনা করেছি। আমি প্রশ্ন করেছি, সেনাবাহিনী পানির গাড়ি পায় কোথায়? পানি পায় কোথায়? লোকবল পায় কোথায়? তারা বলেছে, সব আমাদের। তখন আমি বললাম, আপনাদের সব নিয়ে তারা কাজটি করতে পারছে। আপনারা কেন পারছেন না। তাদের কাজ কি আপনারা করে দেন, বা তারা কি কখনো আপনাদের ডাকে? তাহলে তারা কেন আপনাদের কাজ করবে? এটি আপনাদের ভাবমূর্তি, সম্মানকে প্রশ্নবিদ্ধ করে। এখন থেকে আপনাদের কাজ আপনাদের করতে হবে। আজকে তিন বছর আপনারা দেখেন পানি নিয়ে কোনো কথা নেই। আমাদের ওয়াসার অনেক দক্ষতা বেড়েছে। আমরা চাইলে যে সবকিছু পারি, এটি তার প্রমাণ।আপনাদের খোলামেলা আলোচনা ও দিকনির্দেশনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই, সেই সঙ্গে প্রথম আলোকেও, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করার জন্য। আশা করি, ভবিষ্যতেও আমরা আপনাদের মতো বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করব। সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে পারব বলে আশা করি।আব্দুল কাইয়ুমএতক্ষণ আমরা ‘সবার জন্য সুপেয় পানি’ শীর্ষক আলোচনা শুনলাম। মাননীয় মন্ত্রী অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। অন্যান্য আলোচকও দিকনির্দেশনামূলক আলোচনা করেছেন।প্রথম আলোর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।যাঁরা অংশ নিলেনজাহাঙ্গীর কবির নানক সাংসদ, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ননী গোপাল মণ্ডল সাংসদ, খুলনা-১জুয়েনা আজিজ অতিরিক্ত সচিব, স্থানীয়সরকার বিভাগএম ফিরোজ আহমেদ সহসভাপতি, বাপামো. মুজিবুর রহমান অধ্যাপক, পুরকৌশল বিভাগ, বুয়েটএম এ মতিন মহাপরিচালক পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়াদিবালোক সিংহ সমন্বয়ক, ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন কো-অর্ডিনেশন কাউন্সিল, বাংলাদেশমো. খায়রুল ইসলাম কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ওয়াটার এইডসঞ্চালকআব্দুল কাইয়ুম: যুগ্ম সম্পাদক, প্রথম আলো