ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের সমীক্ষায় বিশ্বের বসবাস অনুপযোগী ১০টি শহরের মধ্যে নবম স্থান দখল করেছে আমাদের প্রিয় নগর ঢাকা, যার পরবর্তী স্থানে অবস্থান করছে সিরিয়া এবং মেলবোর্ন রয়েছে বিশ্বের এক নম্বর বসবাসের উপযোগী এবং স্বাস্থ্যসম্মত শহরের তালিকায়। জনসংখ্যার দিক দিয়েও ঢাকা এখন বিশ্বের অন্যতম জনঘনত্বের শহর। এই পরিস্থিতিতে একটি স্বাস্থ্যসম্মত নগর গঠনের জন্য কী কী আশু পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করা সম্ভব তার পরিকল্পনা যত দ্রুত করা যাবে, ততই জীবনের ঝুঁকি থেকে আমরা এগিয়ে থাকব। ফলে বসবাস উপযোগী শহরের দিকে একটু চোখ ফেরালেই আমরা সহজে উপলব্ধি করতে পারব, আমাদের জন্য এই মুহূর্তে কোনটি সম্ভব আর কোনটি নিছক কল্পনা।
হেলেন ক্যাসেল কর্তৃক সম্পাদিত বিখ্যাত স্থাপত্য ও নগর পরিকল্পনা–বিষয়ক পত্রিকার (আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন) জুলাই সংকলনে ২০৫০ সালের সবুজ বিশ্বায়নে স্থপতি ও পরিকল্পনাবিদদের ভূমিকা এবং ভবিষ্যৎ নকশা প্রণয়ন ও সামাজিকীকরণের ধারাগুলো উল্লেখ করে বলা হয়েছে স্থপতি ও পরিকল্পনাবিদদের ভূমিকা বসবাসের উপযোগী সমাজ গঠনে দিনকে দিন অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাঁদের শুধু নির্দিষ্ট গ্রাহকদের সুবিধার জন্য নকশা প্রণয়ন করলে চলবে না, এতে যুক্ত করতে হবে সামগ্রিক সামাজিক প্রেক্ষাপটের সমগ্র উপাদান যেমন নাগরিক স্বাস্থ্য এবং সমাজব্যবস্থাপনার ওপর তার প্রভাব, স্থানীয় অর্থনীতি, সামাজিক নেতৃত্ব, পরিবেশ বির্পযয়, রাজনৈতিক প্রেক্ষাপট, দারিদ্র্য মোকাবিলাসহ সুষ্ঠু সামাজিক আন্দোলনের অবকাঠামো এবং এমন সমগ্র চিন্তাভাবনাকে উল্লেখ করা হয়েছে আগামী ২০৫০ সালের জন্য তৃতীয় বিশ্বায়নের সবুজ যুদ্ধ হিসেবে।
বিখ্যাত পরিবেশ বিপর্যয় ও সহনশীলতা বিশেষজ্ঞ মার্ক ওয়াটসের তথ্যমতে, উন্নত বিশ্বের নগরকেন্দ্রিক মেয়রদের বর্তমান প্রধান সমস্যা এমন একটি সমাজ ব্যবস্থাপনা করা, যা হবে টেকসই। যার মূল লক্ষ্য হবে সমাজে যে পরিমাণ পর্যাপ্ত এবং অপর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ এবং শক্তি বিদ্যমান সেগুলোর বর্তমান প্রজন্মের জন্য যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করা এবং অতিরিক্ত সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা। এমনকি গ্রামগুলোর সঙ্গে শহরের সেতুবন্ধ শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও তার বিকাশ নিশ্চিত করতে হবে। যেখানে শুধু গ্রামকেন্দ্রিক শস্য উৎপাদনের ধারণা ভুলে গিয়ে শহরকেন্দ্রিক আবাসস্থল, অফিসসহ সম্ভাব্য সব স্থােন খাদ্য এবং সবুজ উৎপাদনের বিশেষ প্রযুক্তি গ্রহণ করা এখন আমাদের জন্য সময়ের দাবিমাত্র। আর স্বল্প পরিসরে হলেও অপ্রতুল সবুজায়নের এই অপরিকল্পিত বসবাসের অনুপযোগী শহরে স্থপতি ও পরিকল্পনাবিদেরাই পারেন এ ক্ষেত্রে প্রথম সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তঁাদের প্রকল্পের নকশা প্রণয়ন ও গ্রাহকদের ভবিষ্যৎ সমস্যা মোকাবিলা সম্পর্কে ধারণা প্রদান করার মাধ্যমে।
এবার ভবিষ্যৎ ঢাকা অথবা চট্টগ্রাম শহরের একটি সুউচ্চ অফিসের কথা চিন্তা করা যাক যেখানে চাকরিজীবী একজন নাগরিকের জীবনের এক–তৃতীয়াংশ সময় অতিবাহিত হয়ে থাকে। সেখানকার প্রতিটি দেয়ালে কংক্রিটের পরিবর্তে যদি সবুজের সমারোহ থাকে, যাকে বর্তমান প্রচলিত ভাষায় ‘ভার্টিক্যাল অর্গানিক গ্রিড’ বলা যেতে পারে, যা আমাদের অফিসে বসেও স্বাস্থ্য গঠনে সহায়তা করবে। এমনকি বাইরের অত্যধিক তাপমাত্রায়ও অফিসের ভেতরের তাপমাত্রা ৪ থেকে ৫ সেন্টিগ্রেড কমে গিয়ে এসির ব্যবহার কমে যেতে পারে এবং শক্তির অপচয় রোধ সম্ভব। শুধু ঢাকা-চট্টগ্রাম শহরেই যদি প্রতিটি অফিস এবং বািণজ্যিক ভবনগুলোতে ছাদে সবুজায়ন এবং গ্রীষ্মে সরাসরি সূর্যের আলো লাগে এমন দেয়ালগুলোতে ভার্টিক্যাল সবুজায়ন করার বিষয়টি নীতিগতভাবে বাধ্যতামূলক করা হয় কিংবা সামাজিক আন্দোলনে রূপান্তরিত করা হয় তাহলে গবেষণার হিসাব অনুযায়ী স্বল্পমেয়াদি পরিকল্পনায় একটু খরচ বাড়লেও দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে, যা একদিকে যেমন ভবনগুলোর মালিকেরা ভোগ করবেন, অন্যদিকে আমাদের নগরকেন্দ্রিক যান্ত্রিক সমাজে এই দ্রুত সবুজায়ন নিশ্চিত করা গেলে সমগ্র বিশ্বের সামনে উদাহরণ স্থাপন করা সম্ভব হবে। আর আমরা প্রাণভরে নিতে পারব বিশুদ্ধ অক্সিজেন।
>প্রতিটি দেয়ালে কংক্রিটের পরিবর্তে যদি সবুজের সমারোহ থাকে, যাকে বর্তমান প্রচলিত ভাষায় ‘ভার্টিক্যাল অর্গানিক গ্রিড’ বলা যেতে পারে, যা আমাদের অফিসে বসেও স্বাস্থ্য গঠনে সহায়তা করবে। এমনকি বাইরের অত্যধিক তাপমাত্রায়ও অফিসের ভেতরের তাপমাত্রা ৪ থেকে ৫ সেন্টিগ্রেড কমে গিয়ে এসির ব্যবহার কমে যেতে পারে
বর্তমান সময়ে কোনো স্বপ্নই অবাস্তব নয় তার প্রকৃষ্ট উদাহরণ স্টেফানো বোইরি কর্তৃক স্থাপত্য নকশাকৃত ‘মিলান বস্কো ভার্টিক্যাল ফরেস্ট’ বহুতল ভবন। ভবনটিতে দুটি টাওয়ারের প্রতি তলায় সর্বমোট প্রায় ৬০ প্রজাতির ১৭ হাজার গাছ আছে যার গবেষণার জন্য সময় লেগেছে প্রায় তিন বছর। এই ভবনটি এমন প্রতিবেশের সৃষ্টি করবে, যা অধিক হারে কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে, বছরে যার পরিমাণ প্রায় ২০ হাজার কিলোগ্রাম এবং বিশুদ্ধ অক্সিজেন উৎপন্ন করবে। শুধু তাই নয় সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মিকে ভেতরে প্রবেশে বাধা দেবে ও শব্দদূষণ কমাবে। ধারণা করা হচ্ছে এই ভবনটিতে প্রায় ২ হাজার ৬০০ পাখি এবং বহু প্রজাতির প্রজাপতি তাদের নিরাপদ আবাসস্থল খুঁজে পাবে। শুধু মিলান শহরে নয়, এমন ধরনের প্রকল্প এখন অনেক শহরই গ্রহণ করছে কেবল সুন্দর-সুশৃঙ্খলভাবে বেচেঁ থাকার জন্য। যেমন সিডনির সেন্ট্রাল পার্ক কিংবা মার্সেইয়ের পঁাচ শ ইউনিট (অ্যাপার্টমেন্ট) বিশিষ্ট হাউজিং প্রকল্প।
কথা হচ্ছিল যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষক শুভাশীষ কুণ্ডু, যিনি একজন বাংলাদেশি, তঁার সঙ্গে আলাপকল্পে জানা গেল বায়ুদূষেণর হাত থেকে রক্ষা করে শহরকে দূষণমুক্ত বায়ু নিশ্চিত করার জন্য তঁাদের গবেষণা সম্পর্কে আর যার জন্য সরকারের পক্ষ থেকে থাকে সব ধরনের সহযোগিতা। এ কাজের জন্য তঁাদের কিছুদিন পরপর ভূ-পৃষ্ঠ থেকে নির্দিষ্ট মাত্রার দূরত্বে কখনো হেলিকপ্টারে করে সংগ্রহ করতে হয় বিভিন্ন স্থানের বাতাস, বিশেষ করে সবুজ বনভূমির ওপরের অংশের বাতাস এবং সেটিকে পরবর্তী সময়ে গবেষণার মাধ্যমে সেখানকার বর্তমান বায়ুদূষণের মাত্রা এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থের মাত্রা নির্ণয় করতে হয়। আর দূষণের মাত্রা দেখে পরবর্তী সময়ে দূষণ রোধে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন।
এ ধরনের গবেষণা একদিকে যেমন সবুজ বনভূমি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক তেমনি একটি দূষণমুক্ত শহর গঠনকল্পে এর প্রয়োজনীয়তা অপরিসীম। যদিও আমাদের দেশে শহরকেন্দ্রিক বায়ুদূষণের মাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় কয়েক গুণ বেিশ তথাপি এ ধরনের গবেষণা সঠিক পন্থায় আদৌ হয় কি না প্রশ্ন থেকে যায়। তবে আশার কথা এই যে সুষ্ঠু পদক্ষেপ এবং সহযোগিতা পেলে শুভাশীষের মতো আরও অনেক গবেষক নিজ দেশের পরিবেশ রক্ষায় বদ্ধপরিকর, যা আমাদের স্বপ্ন দেখায় স্বাস্থ্যসম্মত একটি ভবিষ্যৎ নগরের। আর এখনই সময় আমাদের এই পচে যাওয়া শহরকে মৃত্যুর হাত থেকে বাঁচানো, তবেই তো আমরা বাঁচব।
সজল চৌধুরী: (জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে ‘হিউম্যান এনভায়রনমেন্টাল সিস্টেম’ বিষয়ে গবেষণারত) এবং সহকারী অধ্যাপক, স্থাপত্য বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
[email protected]
সৈয়দা তুহিন আরা করিম (অপি করিম): শিক্ষক, স্থাপত্য বিভাগ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি), ঢাকা।
[email protected]