সমঝোতার মাধ্যমেই সমাধান খুঁজতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

২০১৪ সালের ৫ জানুয়ারি সাংবিধানিক বাধ্যবাধকতায় দশম জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচন-পূর্ববর্তী কয়েক মাসের অবরোধ, হরতাল ও সহিংসতার অবসানে জনজীবনে স্বস্তি ফিরে আসে। নতুন সরকার নিজ অবস্থান সংহত করতে প্রয়াসী হয় এবং নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে তৎপরতা প্রদর্শন করে।
অপরদিকে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আন্দোলনে আপাত ব্যর্থতার পর সহিংস কর্মসূচি থেকে সরে এসে অভ্যন্তরীণ কাঠামোগত সমস্যা মোকাবিলা করে নব প্রেক্ষাপটে আন্দোলনের পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করতে থাকে। পরে বিরোধী জোটের বিভিন্ন কর্মসূচিতে লক্ষণীয় জনসম্পৃক্ততার অভাব এবং প্রত্যক্ষভাবে জনচাপ না থাকায় সরকারি দল আরেকটি নির্বাচন তথা মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠান বিবেচনায় অনীহা প্রকাশ করে।
২০১৫ সালের ৫ জানুয়ারি অর্থাৎ সরকারের এক বছর পূর্তির পর থেকে বিরোধী জোটের ডাকা অবরোধ কর্মসূচি লাগাতারভাবে অব্যাহত থাকে এবং গত তিন সপ্তাহে তা চরম সহিংসতায় রূপ নিয়েছে। সমগ্র দেশে অবরোধ আর হরতালের সময়কালীন অগ্নিসংযোগ, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আন্দোলন জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে আর অমানবিক কর্মযজ্ঞে দুষ্ট হচ্ছে। ব্রিটেনের কমন্স সভার বাংলাদেশসংক্রান্ত জানুয়ারি ২০১৫ আপডেটেও এ দেশের রাজনৈতিক পরিস্থিতির অপরিবর্তনশীল রূপ, সহিংসতা ও সংঘাতের উল্লেখ করা হয়েছে। (প্রথম আলো, ২৩ জানুয়ারি ২০১৫, পৃ.-১)।
বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম হোমোজেনাস রাষ্ট্র। তবে এই সমরূপতা সত্ত্বেও এখানে রাজনৈতিক দ্বন্দ্ব, কোন্দল, পারস্পরিক অবিশ্বাস ও অসহনশীলতা সংঘাতময় রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক। বাহাত্তরের গণতান্ত্রিক সংবিধানে সন্নিবেশিত রাষ্ট্রীয় মৌল বিষয় পরবর্তী সময়ে রাজনৈতিক পরিবর্তন, সামরিক শাসন ও স্বৈরশাসনে পরিবর্তিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ উপাদানগুলোকে সমুন্নত রেখে স্টেট ফান্ডামেন্টালসের ওপর ঐকমত্য প্রতিষ্ঠা অদ্যাবধি লক্ষণীয় হয়নি। একানব্বইয়ে সর্বসম্মতভাবে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে এ দেশে রাজনৈতিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়।
তবে শুধু সরকারব্যবস্থা বিষয়ে ঐকমত্য হলেও বহুমাত্রিক গভর্নেন্সসহ রাষ্ট্রের অন্যান্য অঙ্গ, জাতীয় প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান, গণতন্ত্রের সহায়ক শক্তিসমূহ, স্থানীয় সরকার নির্বাচন ইত্যাদি মৌল বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে রূপরেখা প্রণীত হয়নি। সেই থেকে নির্বাচন পরবর্তী সময়ে ‘উইনার টেকস্ অল’ রাজনৈতিক ব্যবস্থায় প্রতিষ্ঠা পায়। ফলে আত্মরক্ষার্থে নির্বাচনে জয়লাভই মুখ্য হয়ে দাঁড়ায়। দেশের রাজনৈতিক সংস্কৃতি দ্বন্দ্বমূলক হওয়ায় দলীয় রাজনীতির প্রতিফলন ঘটে সংসদীয় ফ্লোরে ও কাঠামোতে। ফলে জাতীয় সংসদকে কনফ্লিক্ট-রেজল্যুশন বা দ্বন্দ্ব নিরসনের মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়নি। সংসদীয় গণতন্ত্র মুখ্যত সংসদকেন্দ্রিক এবং সংসদীয় কাঠামোতে রাজনৈতিক সমঝোতার সুযোগ এ ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্য। বিশেষত, সমঝোতার ভিত্তিতে প্লেনারি সেশনের এজেন্ডা নির্ধারণে কার্য-উপদেষ্টা কমিটির ভূমিকা, কমিটি সেশনের বিল পরীক্ষণ ও নির্বাহীর তদারকিতে দলনির্বিশেষে ভূমিকা পালনে বাদ সাধে দলীয় দৃষ্টিভঙ্গি ও বিভক্তি। রাজনৈতিক প্রক্রিয়ায় ও জাতীয় সংসদে রাজনীতিচর্চার ক্ষেত্রে রাষ্ট্রবিভাজনের ভাষায় ‘রুল অব দ্য গেম’–এর লিখিত বা অলিখিত বিধিবিধান প্রতিদ্বন্দ্বী প্রধান রাজনৈতিক দল বা জোটের পক্ষ থেকে কখনো উচ্চারিত হয়নি।
এ দেশে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রচলন সর্বসম্মত উপায়ে হয়নি। ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন হলেও উক্ত এক দশকের বেশি সময়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় কাঠামোগত সংস্কার বা নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণে সব পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় ও সময়োপযোগী পদক্ষেপের অভাব ‘ওয়ান-ইলেভেন’-এর অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী। পরবর্তী সময়ে দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দ্বন্দ্ব চলে এবং নির্বাচনের প্রাক্কালে বিরোধী জোটের তৎপরতায় সহিংসতা চরমে ওঠে। ২০১৫ সালের শুরু থেকে পুনরায় তা অব্যাহত রাখার চেষ্টা চলেছে।
বলা নিষ্প্রয়োজন যে দ্বন্দ্ব পৃথিবীর প্রায় সব সমাজেই লক্ষণীয়। বিরাজমান বিভিন্ন দল, গোষ্ঠীর চাহিদা, স্বার্থ ও মূল্যবোধের অসামঞ্জস্যতা দ্বন্দ্বের প্রকাশ ঘটায়। দ্বন্দ্ব-সংঘাত সংকটে রূপ নিতে পারে। যার নেতিবাচক প্রভাব পুরো সমাজ ও রাজনৈতিক ব্যবস্থায় পড়ে ও জাতীয় সংহতি বিনষ্ট করে দেয়। এ রোগের উপসর্গ হিসেবে সহিংসতার প্রকাশ ঘটে, যার সমাধান নির্ভর করে কীভাবে বা কোন প্রক্রিয়ায় দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ গৃহীত হয়, তার ওপর। দ্বন্দ্ব-সংঘাতের মূল উৎপাটনে ক্রিয়াশীল ও কার্যকরী উপাদানগুলোকে শক্তিশালীকরণের ওপর গুরুত্ব আরোপ উল্লেখযোগ্য। এ ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশেষজ্ঞ অংশগ্রহণমূলক মেকানিজম জরুরি বলে বিবেচিত।
গণতন্ত্র বিনির্মাণের জন্য আবশ্যক বহুত্ববাদের ভিত্তিতে দলীয় ব্যবস্থা, অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচন, মানবাধিকার প্রতিষ্ঠা, মুক্ত সংবাদপ্রবাহ এবং কার্যকরী/স্বাধীন সিভিল ও নাগরিক সমাজের উপস্থিতির কমতি দ্বন্দ্ব-সংঘাতের পথ প্রশস্ত করে এবং দ্বন্দ্ব নিরসনকে জটিল করে তোলে। রাজনৈতিক ব্যবস্থার কাঠামোবিন্যাসে ভারসাম্য না থাকলে বিরাজমান রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ-জ্ঞাপন, স্বার্থ সংরক্ষণ ও অংশগ্রহণ সমস্যাসংকুল হয়। প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানসমূহের দুর্বলতা কর্তৃত্ববাদ চর্চায় উদ্বুদ্ধ করে এবং সংকটমোচনে বলপ্রয়োগের ব্যবহার হয়।
এ দেশে রাজনৈতিক স্বার্থ উদ্ধারে দ্বন্দ্ব নিরসনের স্থলে দ্বন্দ্ব জিইয়ে রাখার প্রবণতা লক্ষণীয়। প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে উল্লেখযোগ্যভাবে রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সাম্প্রদায়িকতা, বহিঃশক্তির হস্তক্ষেপ ও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ দৃশ্যমান হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এমনকি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকেও অসম্মান করার চেষ্টা রয়েছে। এভাবে রাজনীতিতে ও পারস্পরিক আচরণে ব্যবহৃত কৌশল আর অপকৌশল নেতিবাচক ফল রেখে যাচ্ছে।
প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের জাতীয় সংহতির স্বার্থে রাজনৈতিক সংঘাত ও দ্বন্দ্ব নিরসনের বিকল্প নেই। এ ক্ষেত্রে প্রাথমিক পন্থা হিসেবে পারস্পরিক আস্থা নির্মাণ তথা কনফিডেন্স বিল্ডিং মেজার বা সিবিএম বিশেষভাবে উপযুক্ত। আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তরাষ্ট্রীয় এবং অন্তঃরাষ্ট্রীয় সংঘাত হ্রাসে সিবিএমের বিভিন্ন পন্থা অনুসরণ করা হয়। বাংলাদেশে সংঘাতপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে ক্রমান্বয়ে আস্থা নির্মাণের উদ্যোগ অসহনশীল বা অবিশ্বাস হ্রাসে ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যে দেশের বিভিন্ন সচেতন মহল থেকে অসংখ্যবার সংলাপের আয়োজনের তাগিদ দেওয়া হয়েছে এবং হচ্ছে। তবে এ জন্য যথাযথ পরিবেশ সৃষ্টিসহ প্রাক–কর্মপন্থা গ্রহণ জরুরি, যার মধ্যে রয়েছে আস্থা নির্মাণ। এটি একপক্ষীয়, দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় হতে পারে এবং তৃতীয় কোনো কার্যকরী পক্ষের মধ্যস্থতায় অর্থবহ হতে পারে। আস্থা নির্মাণের কর্মকাণ্ড ও লক্ষ্য হবে ইনক্রিমেন্টাল বা ধাপে ধাপে অগ্রসর হওয়া। এর প্রকৃতি যেন চলমান টেকসই আর সুদূরপ্রসারী হয় এবং প্রয়োজন অব্যাহত যোগাযোগ স্থাপন, সৌজন্য বিনিময়, বদান্যতা প্রদর্শন, ঝুঁকি বর্জন, সমস্বার্থ ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ, অবিতর্কিত বিষয়ে কমন-প্ল্যাটফর্ম ব্যবহার, রাজনীতির পরিভাষা ব্যবহারে সতর্কতা অবলম্বন এবং সমঝোতা সংলাপের জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন ঘটানো।
২৪ জানুয়ারি বিএনপির নেত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রের মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করতে তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রীর যাওয়ার ঘটনা (যদিও তিনি তাঁর সঙ্গে দেখা করতে পারেননি) বর্তমান সাংঘর্ষিক পরিবেশ–পরিস্থিতিতে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ আস্থা নির্মাণ ও পরবর্তী সময়ে উপযুক্ত সংলাপ আয়োজনের দ্বার উন্মুক্তকরণে সহায়ক। প্রয়োজন উভয় পক্ষের বদান্যতা, যা দ্বন্দ্ব প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে একান্ত আবশ্যক আর অপরিহার্য হলো অবিলম্বে চলমান অমানবিক সহিংসতা ও সন্ত্রাস সাংবিধানিক
উপায়ে বন্ধ করা এবং ওপরে বর্ণিত উপায়ে সমাধানের পথ খোঁজা।
ড. আল মাসুদ হাসানউজ্জামান: অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।