সমঝোতার জন্য চাই ‘নাগরিক সনদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম আবশ্যকীয় পদক্ষেপ অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। তবে নির্বাচিত সরকারই গণতান্ত্রিক নয়। গণতন্ত্রের পূর্বশর্ত হলো বহুদলীয় গণতান্ত্রিক মূল্যবোধ প্রয়োগ করে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে তথা রাজনৈতিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা। ক্ষমতা কেন্দ্রীভূত না করা। বাক্স্বাধীনতাসহ নাগরিকদের সব অধিকার সমুন্নত রাখা। সব কার্যক্রমে স্বচ্ছতা-জবাবদিহির চর্চা করা। যথাযথ আইনি কাঠামো প্রণয়ন ও তা পরিপূর্ণভাবে প্রয়োগের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। রাষ্ট্রের সব ক্ষেত্রে সবার অন্তর্ভুক্তিকরণ ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করা। আর এসব অর্জনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন কতগুলো শক্তিশালী, কার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠন। যেমন সংসদ, আদালত, স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, দুদক, তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, রাজনৈতিক দল, সংঘবদ্ধ নাগরিক সমাজ ইত্যাদি। এসব প্রতিষ্ঠান গণতন্ত্রের খুঁটিস্বরূপ।এসব প্রতিষ্ঠানের স্বাধীন, নিরপেক্ষ ও বলিষ্ঠ ভূমিকার ওপরই মূলত নির্ভর করে সুশাসন প্রতিষ্ঠা এবং বহুলাংশে গণতন্ত্রের কার্যকারিতা। উদাহরণস্বরূপ, সংসদের কার্যকারিতার মাধ্যমে সরকারের স্বচ্ছতা-জবাবদিহি এবং রাজনৈতিক প্রক্রিয়ায় ও সব দলের অংশগ্রহণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের পথ সুগম হয়। স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর বিচারব্যবস্থার মাধ্যমে সরকারের ক্ষমতার অপপ্রয়োগ রোধ এবং জনগণের অধিকার সুরক্ষিত হয়। নির্বাচিত ও শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠিত হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধিদের শাসন, সিদ্ধান্ত গ্রহণে জনগণের কার্যকর অংশগ্রহণ প্রতিষ্ঠিত, সর্বোপরি গণতান্ত্রিক ব্যবস্থার গভীরতা অর্জনের পথ প্রশস্ত হয়। স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা এবং নির্ভীক ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে কমিশন গঠিত হলে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভবপর হয়। সরকারি কর্মকমিশনের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারীদের যোগ্যতা, দক্ষতা ও নিরপেক্ষতা নিশ্চিত হয়। স্বাধীন ও কার্যকর দুদকের মাধ্যমে ক্ষমতাধরদের ব্যক্তিগতভাবে ও তাঁদের কোটারিদের লাভবান হওয়ার পথ রুদ্ধ হয়। তথ্য কমিশনের মাধ্যমে নাগরিক তথা রাষ্ট্রের মালিকদের সত্য জানার অধিকার প্রতিষ্ঠিত হয়। মানবাধিকার কমিশনের মাধ্যমেও নাগরিকদের অধিকার সমুন্নত থাকে। সংগঠিত নাগরিক সমাজ সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করে তাদের জনস্বার্থপরিপন্থী কার্যক্রম থেকে বিরত রাখে। বস্তুত সাংবিধানিক, বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠনগুলোর তৎপরতার ওপরই মূলত গণতন্ত্রের কার্যকারিতা নির্ভর করে।স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের মাধ্যমে ১৯৯১ সালে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠার পর আশা করা হয়েছিল যে পরবর্তী নির্বাচিত সরকারগুলো সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে কার্যকর করবে এবং সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেবে। তিন জোটের রূপরেখার মাধ্যমে প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ ব্যাপারে লিখিত অঙ্গীকারও করা হয়েছিল। বিশেষভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং জাতীয় সংসদকে কার্যকর করার সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ১৯৯০ থেকে ২০০১ সালের পরবর্তী তিন-তিনটি নির্বাচিত সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠা ছাড়া শাসন কাঠামোতে তেমন কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনই আনেনি।জনগণ আশান্বিত হয়েছিল, যখন চারদলীয় জোট সরকারের দুঃসহ অপশাসন এবং বিভিন্ন কারসাজির মাধ্যমে একটি পাতানো নির্বাচন করে সে অপশাসন অব্যাহত রাখার পাঁয়তারার মুখে ২০০৫-০৬ সালে ১১ দল ও পরবর্তীকালে মহাজোটের পক্ষ থেকে কতগুলো সংস্কার প্রস্তাব উত্থাপন করা হয়। তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা প্রস্তাবগুলো জাতীয় সংসদেও উত্থাপন করেন। এর আগ থেকেই অবশ্য সুজনের পক্ষ থেকে একটি সার্বিক সংস্কার কর্মসূচির রূপরেখা প্রণয়ন করা হয়, সে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনমত সৃষ্টির উদ্যোগ নেওয়া হয় এবং গণমাধ্যম এ কাজে সর্বাত্মক সমর্থন জোগায়।জনমতের চাপে ২০০৭-০৮ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কিছু নির্বাচনী সংস্কার, উচ্চ আদালতে নিয়োগ প্রদান, স্থানীয় সরকারব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও রাজনৈতিক দলগুলোর বাধ্যতামূলক নিবন্ধনের বিধান আইনে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগের ‘দিনবদলের সনদ’ শীর্ষক নির্বাচনী ইশতেহারে সর্বক্ষেত্রে দলীয়করণের অবসান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার, দুর্নীতি দূর করার, সুশাসন প্রতিষ্ঠার, সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার, সর্বোপরি অতীতের অপরাজনীতির অবসান ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা হয়। এসব পরিবর্তনের তথা দিনবদলের অঙ্গীকারে আশ্বস্ত হয়েই গত নির্বাচনে জনগণ মহাজোটকে মহাবিজয় উপহার দিয়েছিল।কিন্তু দুর্ভাগ্যবশত নবম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীকালে বর্তমান মহাজোট সরকারের চার বছরের মেয়াদকালে পদ্ধতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার-প্রক্রিয়া থেমে যায়। এমনকি স্থানীয় সরকারসহ কিছু কিছু ক্ষেত্রে অর্জিত সংস্কারগুলোও বিলুপ্ত করা হয়। কিছু কিছু নির্বাচনী সংস্কারও বাতিল করা হয়। বস্তুত দিনবদলের অঙ্গীকার সত্ত্বেও সরকার সংস্কার উদ্যোগের বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়। এ ছাড়া অব্যাহত রয়েছে রাজনীতিতে পারস্পরিক অসহিষ্ণুতা এবং হানাহানি, রাজনৈতিক প্রতিপক্ষের দমন-পীড়ন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘন, সর্বক্ষেত্রে দলীয়করণ ও ফায়দা প্রদানের অপসংস্কৃতি। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অনেক ক্ষেত্রে বিচারালয়ের পক্ষপাতিত্ব ও রাজনৈতিক বিবেচনায় হাজার হাজার মামলা প্রত্যাহারের কারণে আইনের শাসনও এখন হয়ে পড়েছে সুদূরপরাহত। এক কথায়, গত চার বছরে দুর্নীতি-দুর্বৃত্তায়ন-দলীয়করণমুক্ত ও সুশাসন প্রতিষ্ঠায় নিবেদিত সরকার কায়েম ও রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন সাধিত হয়নি। এ ছাড়া ক্ষমতার রাজনীতির অশুভ প্রতিযোগিতার ফলে আজ রাজনীতি হয়ে পড়েছে বহুলাংশে রাজনীতিবিদদের হাতছাড়া। রাজনৈতিক দলগুলো হয়ে পড়েছে অনেকাংশে অবাঞ্ছিত ব্যক্তিদের আশ্রয়স্থলে। নির্বাচন পরিণত হয়েছে টাকার খেলায়। জাতীয় সংসদ হয়ে গিয়েছে ব্যবসায়ীদের আখড়ায়। ফলে রাষ্ট্রীয় নীতি নির্ধারিত হয় জনস্বার্থের পরিবর্তে মূলত ব্যক্তি, দল ও কোটারি স্বার্থের বিজয় হয়েছে।এটি সুস্পষ্ট যে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গণ-আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারের পতন ঘটানো হলেও গত দুই দশকের নির্বাচিত সরকারগুলোর অপরাজনীতি, হঠকারিতা, স্বার্থপরতা, অগণতান্ত্রিক আচরণ, অপশাসন, ব্যক্তিতন্ত্র চর্চা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে বহুলাংশে অকার্যকর করে ফেলেছে। বস্তুত সুশাসন বিবর্জিত ও নির্বাচনসর্বস্ব বিরাজমান এ ব্যবস্থা বর্তমানে ‘এক দিনের গণতন্ত্রের’ রূপ নিয়েছে, যা হয়ে পড়েছে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ।দুর্ভাগ্যবশত আদালতের রায়ের অজুহাতে (তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিধানসংবলিত ২০১১ সালে পাস করা) সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে ভবিষ্যতের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথও বর্তমানে রুদ্ধ হয়ে পড়েছে বলে অনেকের আশঙ্কা। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার ক্ষমতায় না থাকলে বিরোধী দল ইতিমধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছে, যা বর্তমানে অচলাবস্থার সৃষ্টি করেছে। শান্তিপূর্ণভাবে এ অচলাবস্থার অবসান না ঘটলে আসন্ন নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা চরম ঝুঁকির মুখোমুখি হবে। তাই এ অবস্থা থেকে উত্তরণ আজ জরুরি। আর এর জন্য প্রয়োজন হবে সব স্বার্থসংশ্লিষ্ট পক্ষের মধ্যে কতগুলো বিষয়ে সমঝোতা এবং এ সমঝোতার ভিত্তিতে একটি স্বাক্ষরিত ‘নাগরিক সনদ’। সম্ভাব্য দ্বন্দ্বাতক পরিস্থিতি এড়িয়ে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে অব্যাহত কার্যকর করতে হলে মোটা দাগে আজ আমাদের উদ্যোগ নিতে হবে, যাতে দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও অর্থবহ হয়; সংসদ কার্যকর এবং এর স্বাধীন সত্তা প্রতিষ্ঠিত হয়; স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিকেন্দ্রীভূত শাসন কায়েম হয়; গণতান্ত্রিক, স্বচ্ছ ও দায়বদ্ধ রাজনৈতিক দল সৃষ্টি হয়; আইনের শাসন কায়েম হয়; দুর্নীতি-দুর্বৃত্তায়ন ইত্যাদির মূলোৎপাটন হয়; সব সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও কার্যকর করা হয়; মানবাধিকার নিশ্চিত করা হয়; ধর্মীয় স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করা হয়; যুদ্ধাপরাধের নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হয়; গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখা হয়; এবং সংগঠিত নাগরিক সমাজের কার্যক্রম অযাচিত নিয়ন্ত্রণমুক্ত রাখা হয়। আর এর জন্য প্রয়োজন হবে ঐকমত্যের ভিত্তিতে কতগুলো পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার উদ্যোগ, যাতে বিরাজমান অচলাবস্থা স্থায়ীভাবে সমাধান হয়।বর্তমান অচলাবস্থা মূলত রাজনীতিবিদদেরই সৃষ্টি এবং তাঁদেরই রাজনৈতিক প্রক্রিয়ায়, অর্থাৎ আলাপ-আলোচনার মাধ্যমে এর সমাধান করতে হবে। কিন্তু এ পর্যন্ত তাঁদের এ ব্যাপারে তেমন আগ্রহ দেখা যায় না। বিরাজমান দুর্বৃত্তায়িত ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতিতে তাঁদের, বিশেষত ক্ষমতাসীনদের সমঝোতার মাধ্যমে এ সমস্যা সমাধানে আগ্রহ থাকারও কথা নয়। তাই নাগরিকদের সক্রিয়তার ওপরই বহুলাংশে নির্ভর করবে রাজনীতিবিদদের অনাগ্রহের ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে যথাসময়ে ক্ষমতা হস্তান্তরের সমস্যার সমাধান।গণতন্ত্র হলো জনগণের সম্মতির শাসন। কিন্তু নির্বাচনের দিনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিকেরা সম্মতি প্রদান করলেই গণতন্ত্র কার্যকর হয় না। এর জন্য প্রয়োজন নাগরিকদের অব্যাহত সোচ্চার ভূমিকা। কারণ, ‘ফ্রিডম’ও ‘ফ্রি’ নয়, এর জন্য প্রয়োজন নাগরিকের অতন্দ্র প্রহরীর ভূমিকা। বস্তুত যেসব দেশে নাগরিকেরা যত বেশি সক্রিয়, সোচ্চার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, সেসব দেশে গণতন্ত্র কার্যকর হয়েছে এবং প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। তাই বর্তমান অচলাবস্থার অবসানের মধ্যে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরও সে পথেই হাঁটতে হবে। আমরা সব নাগরিকের প্রতি সে আহ্বান রাখছি।ড. বদিউল আলম মজুমদার: সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজন)।