গড় উন্নয়ন বিবেচনায় বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হওয়ার প্রাথমিক স্বীকৃতি লাভ করেছে। এটি অনেক বড় আনন্দের সংবাদ। কিন্তু এই সংবাদ শোনার পর প্রশ্ন জাগছে, রংপুর বিভাগে কি এখন আরও উন্নয়নবৈষম্য বাড়বে? দেশে গড় মাথাপিছু আয় যতই বৃদ্ধি পাচ্ছে, রংপুর বিভাগের সঙ্গে জাতীয় উন্নয়নবৈষম্য ততই বাড়ছে। উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত স্বীকৃতির জন্য শিক্ষা-স্বাস্থ্য-টেকসই অবকাঠামোর দিকে বাংলাদেশকে এখন বেশি মনোযোগ দিতে হবে। সেই মনোযোগ রংপুরের মানুষদের দিকে থাকবে—এমনটা কি আশা করা যায়? দেশের একটি জেলায় যখন প্রায় ৭১ শতাংশ মানুষ গরিব থাকে, তখন উন্নয়নশীল হয়ে ওঠার আনন্দের সঙ্গে যে তাদেরও ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসা প্রয়োজন, সেই বোধ কি আমাদের জাগবে?
বাংলাদেশে অঞ্চলভেদে উন্নয়নবৈষম্য আছে। এই বৈষম্য দূর করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, নীতিনির্ধারক মহলে এই উপলব্ধির অভাব আছে। ফলে বৈষম্য দিনের পর দিন বাড়ছে। উন্নয়নশীলতার গড় আনন্দের ছোঁয়া লাগছে না রংপুর বিভাগে। যখন একটি শ্রেণির মনে হবে, আমরা সব সময় গরিব বিভাগের, সবচেয়ে গরিব জেলার মানুষ, তখন উন্নয়নশীল শব্দটি গভীর আনন্দ বয়ে আনবে না।
২০১৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিশ্বব্যাংক, জাতিসংঘের খাদ্য কর্মসূচি বাংলাদেশের যে উন্নয়ন চিত্র তুলে ধরে, সেখানে সারা দেশে গড় দারিদ্র্যের হার ছিল ৩১ দশমিক ৫ শতাংশ। আর রংপুর বিভাগে ছিল ৪২ শতাংশ। দেশের সবচেয়ে কম গরিব জেলা ছিল কুষ্টিয়া। মাত্র ৩ দশমিক ৬ শতাংশ মানুষ সেখানে ছিল দরিদ্র। সেই বছরই কুড়িগ্রামে দারিদ্র্যের হার ছিল ৬৩ দশমিক ৭ শতাংশ। দেশের সচেতন মানুষ যখন এই উন্নয়নবৈষম্যে হকচকিত, তাঁদের বিস্ময়ের সীমাকে ছাড়িয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গত বছর ২০১৬ সালের বাংলাদেশের উন্নয়নচিত্র প্রকাশ করে।
সারা দেশের উন্নয়ন হয়েছে অনেকখানি। দারিদ্র্যের হার কমে হয়েছে মাত্র ২৪ শতাংশ। দেশের সবচেয়ে কম গরিব জেলা হিসেবে মর্যাদা লাভ করেছে নারায়ণগঞ্জ। সেখানে মাত্র প্রায় ২ শতাংশ মানুষ গরিব। সবচেয়ে বড় কলঙ্কতিলক জুটেছে কুড়িগ্রাম জেলার কপালে। দেশের গড় উন্নয়ন যখন প্রায় ৭ শতাংশ বেড়েছে, ঠিক তখন কুড়িগ্রাম পিছিয়েছে ৭ শতাংশ। কুড়িগ্রামে দারিদ্র্যের হার বেড়ে হয়েছে প্রায় ৭০ দশমিক ৮ শতাংশ।
যখন দেশের গড় দারিদ্র্যের হার ৩১ শতাংশ ছিল, তখন দেশ ছিল স্বল্পোন্নত। এখন রংপুর বিভাগের গড় দারিদ্র্যের হার প্রায় ৪৩ শতাংশ। জাতীয় পর্যায়ে ২৪ শতাংশ গড় দারিদ্র্যের হার নিয়ে দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছে। তাহলে রংপুর বিভাগে ৪৩ শতাংশ মানুষ গরিব হলে তাকে কীভাবে উন্নয়শীল বলা যাবে? বরং আমরা বলতে পারি, দেশ উন্নয়নশীল হয়েছে বলেই রংপুর বিভাগও উন্নয়নশীল হওয়ার মর্যাদা লাভ করেছে। কিন্তু বিভাগ বিবেচনায় দেখলে রংপুর বিভাগ এখনো স্বল্পোন্নতই আছে।
বিশ্বায়নের চিত্রই যেন দেশের অভ্যন্তরেও প্রবেশ করেছে। যারা যত সামর্থ্যবান, উন্নয়নে তাদের ততই অগ্রগতি। বিশ্বায়নে সব দেশ নিজের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকে। কিন্তু দেশের অভ্যন্তরে তো রংপুর বিভাগের জন্য আলাদা করে কোনো মর্যাদা বজায় রাখার বিষয় নেই। রংপুর বিভাগের অনুন্নয়নের জন্য এই অঞ্চলের রাজনীতিবিদদের দায় অনেকখানি। এ বিভাগের উন্নয়নবৈষম্য দূরীকরণে বড় ভূমিকা রাখার মতো রাজনীতিবিদ নেই। তাই বলে কি দেশেও বড় কোনো রাজনীতিবিদ নেই, যিনি সব অঞ্চলে উন্নয়নে সমতা আনার কাজ করবেন?
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল উন্নয়নবৈষম্য দূর করা। ব্রিটিশ ঔপনিবেশিকতা দূর হয়েছে, পাকিস্তানি আগ্রাসন থেকে দেশ মুক্ত হয়েছে। এরপরই আমাদের দেশে জরুরি ছিল উন্নয়নবৈষম্য দূরীকরণবিষয়ক মন্ত্রণালয় চালু করা। সেটি কখনোই করা হয়নি। দেশে সব মন্ত্রণালয় নিজ নিজ ক্ষেত্রে উন্নয়নের কাজ করছে। কিন্তু শুধু উন্নয়নবৈষম্য দূরীকরণে কাজ করার আলাদা কোনো প্রশাসনিক কাঠামো আমাদের দেশে গড়ে ওঠেনি। উন্নয়নবৈষম্য দূরীকরণে কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকলে তার জবাবদিহিও থাকত। কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল হোসেন বলেন, ‘বাংলাদেশকে দেখতে হলে শুধু ঢাকা-চট্টগ্রামের দিকে দেখলে চলবে না। কুড়িগ্রামের কোদালকাটির চর, অষ্টমীর চর দেখতে হবে। নিভৃত গ্রামের জীবন দেখতে হবে। দেশের উন্নয়ন হচ্ছে এটি আশাবাদের, কুড়িগ্রামের মানুষ উন্নয়নে নিম্নগামী। এই বৈষম্য দূর করা প্রয়োজন।’
রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বন্যায় দু-তিন মাস মানুষ কাজহীন, বসতিহীন হয়ে পড়ে। দেশ উন্নয়নশীল হওয়ার কারণে এখন বিদেশি সংস্থা থেকে সাহায্য-সহযোগিতা কমে আসবে। কমে আসায় কোনো অসুবিধা নেই, যদি সরকার তাদের পাশে দাঁড়ায়। অন্যের সাহায্যের আশায় হাত পেতে থাকতে চায় না কেউ। সবাই চায় কাজ, চায় মর্যাদা। সরকার যদি শিল্পকারখানা প্রতিষ্ঠা করে কাজের নিশ্চয়তা দিতে পারে, তাহলে এই বিভাগের মানুষের উন্নয়নবৈষম্য দূর হবে। দেশের একটি বিভাগ যুগের পর যুগ উন্নয়নবৈষম্যের শিকার হতে থাকলে সেই বিভাগের মানুষের মধ্যে একটি হীনম্মন্যতা সৃষ্টি হতে পারে, যা ক্ষোভের জন্ম দেবে। তাই সরকারের প্রয়োজন এ বৈষম্য দূরীকরণে পদক্ষেপ গ্রহণ করা।
বাংলাদেশের সম্মান বাড়লে আমরা সবাই সম্মানিত হই। কিন্তু সেই সম্মান বৃদ্ধির আনন্দ যাতে সবার কাছে সমান অর্থ বহন করে, সেই চেষ্টাও রাষ্ট্রকেই করতে হবে। সমতা মানে দেশের সব মানুষ আক্ষরিক অর্থে সমান হয়ে উঠবে, তা নয়। অন্তত উন্নয়নবৈষম্যের হার কমানো হোক।
তুহিন ওয়াদুদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক