সমাজ টিকিয়ে রাখতে বৈষম্য কমাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রুয়ারির এক মৃদু সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক যৌথ অনুষ্ঠানের মহড়ার সহকারী জিউসেপ সেমাঞ্জাকে ডেকে পাঠাই। জিউসেপ প্রকৃত অর্থেই নেপোলির মানুষ, তো আমরা ‘আলিভেলা’(চেতনার স্তর) কবিতটা আবৃত্তির সিদ্ধান্ত নিই। ইতালির কমেডি জগতের পুরোধা ব্যক্তিত্ব টোটো ইতালীয় ভাষায় কবিতাটি লিখেছেন।

কবিতাটি এক গোরস্থানকে কেন্দ্র করে লিখিত হয়েছে। এক ব্যক্তি দুর্ঘটনাক্রমে গোরস্থানে আটকা পড়লে দুই ছায়ামূর্তির কথোপকথন শুনতে পায়: মাক্যুইস বর্গীয় (অভিজাত শ্রেণি) এক ব্যক্তি ও ময়লা সংগ্রাহকের মধ্যে কথোপকথনটি চলছিল। বিষয়টা হচ্ছে, অভিজাত ব্যক্তিটির সমাধিফলকটি ওই ময়লা সংগ্রাহকের পাশে হওয়ায় তিনি আপত্তি করছেন। আর ময়লা সংগ্রাহক বলছেন, এটা তাঁর দোষ নয়, তাঁর স্ত্রী তাঁকে সেখানে দাফন করেছেন। কিন্তু অভিজাত ব্যক্তিটি আপত্তি করে যেতে থাকায় ময়লা সংগ্রাহক ধৈর্য হারিয়ে বলে বসেন, মানুষ জীবদ্দশায় কী করে সেটা বড় কথা নয়, মারা গেলে সবাই সমান হয়ে যায়।

ফেব্রুয়ারির সেই পারফরম্যান্সে আমরা দর্শকদের মাঝে গল্পটির হাস্যরস সঞ্চারিত করতে চেয়েছিলাম। তবে আজ কবিতাটির অন্তর্নিহিত বার্তা ও তাৎপর্য নিয়ে বলতে চাই। বিষয়টা হচ্ছে মৃত্যুতে যেহেতু সব বৈষম্য দূর হচ্ছে, তাই চেতনার এই স্তরটি আমাদের জীবদ্দশায়ও কাজ করুক। তার জন্য আমাদের অসমতাকে আমলে নিতে হবে, যে কারণে আমাদের সমাজ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রবৃদ্ধি সব সময় ও এখনো সর্বজনীনভাবে সমতার চেয়ে বেশি গুরুত্ব পায়। এর অন্তর্নিহিত ব্যাপারটি হচ্ছে অসমতা তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যখন তার কারণে দারিদ্র্য বৃদ্ধি পায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে অসমতার প্রভাব শুধু দরিদ্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, যেমন সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যা। দ্য স্পিরিট লেভেল বইয়ে রিচার্ড উইলকিনসন ও কেট পিকেটি এ কথাই বলেছেন। সাম্প্রতিক ইতালিতে এই তথ্য–প্রমাণ যথেষ্টই আছে যে ‘ভোগবাদ, বিচ্ছিন্নতা, সামাজিক বিচ্ছেদ ও উদ্বেগ’ প্রভৃতির সঙ্গে সমতার অভাবের কার্যকারণগত সম্পর্ক আছে। ইতালিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্যাটিসটিকসের (ইএসটিএটি) তথ্যমতে, সামাজিক অসমতা এখন আর শুধু বিভিন্ন শ্রেণির মধ্যকার পার্থক্য নয়। প্রতিটি শ্রেণির মধ্যেই এটি খুঁজে পাওয়া যায়। ইএসটিএটি বলেছে, ‘ইতালির বিভিন্ন পেশার অবস্থা বিবেচনা করে দেখা গেছে, শুধু আন্তপেশা নয়, অন্তপেশা জটিলতাও ক্রমে বাড়ছে, যার ফলে বহুমুখিতা বাড়ছে। এতে সামাজিক শ্রেণির মধ্যে অসমতা তীব্র হচ্ছে।’

উল্লিখিত দ্য স্পিরিট লেভেল বইয়ের শুরুর দিকে বলা হয়েছে, ‘আমরা উদ্বেগ-আক্রান্ত হয়ে পড়ছি, বিষাদগ্রস্ততা আমাদের ওপর চেপে বসেছে। আমরা ভোগের দিকে ধাবিত হচ্ছি। আমাদের সামাজিক জীবন এক রকম থাকছেই না।’ ইতালির বেশির ভাগ সাধারণ শ্রমিকের মধ্যেই নির্মম বোধ কাজ করে। এই বোধ দূর করতে হলে মজুরি ও সুযোগ-সুবিধা এবং শিক্ষায় সরকারি ব্যয় বাড়াতে হবে, উইলকিনসন ও পিকেট যা সঠিকভাবেই বলেছেন।

বাংলাদেশের অবস্থা কী? কয়েক দিন আগে সৈয়দ ইউসুফ সাদাত ডেইলি স্টার-এ এক কৌতূহলোদ্দীপক নিবন্ধ লিখেছেন: ‘দ্য থ্রেশল্ড অব ইনইকুয়ালিটি’ (অসমতার দ্বারপ্রান্ত)। তিনি বলেছেন, তথ্য-উপাত্ত দেখলে আমরা সহজেই বুঝতে পারব, আজ অসমতার মাত্রা অবিশ্বাস্য রকম বেশি। ১৯৮৮ থেকে ২০১১ সালের মধ্যে বিশ্বের ১০ শতাংশ দরিদ্রতম মানুষের উপার্জন বছরে তিন ডলারের চেয়ে কম বেড়েছে। যদিও সবচেয়ে ধনী ১ শতাংশ মানুষের উপার্জন এর মধ্যে ১৮২ গুণ বেড়েছে। অসমতা নিয়ে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতামতের ওপর দীর্ঘ আলোচনা করে তিনি উপসংহারে বলেছেন, অসমতার চেয়ে এর মাত্রাই প্রধান বাধা, তাই ‘মূল প্রশ্ন হচ্ছে সমাজের জন্য কোন মাত্রার অসমতা সবচেয়ে সহনীয়?’ অর্থনৈতিক প্রবৃদ্ধি যথাযথভাবে বণ্টিত না হওয়ায় যে সম্পদবৈষম্য সৃষ্টি হয়, তাকে আমলে নিয়ে ব্যক্তিগতভাবে আমি প্রশ্নটি পুনর্গঠিত করতে চাই। অর্থাৎ উন্নত সমাজ গঠনের জন্য কোন পর্যায়ের সম্পদবৈষম্য সহনীয়?

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি দ্য ডেইলি স্টার-এর রজতজয়ন্তী অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তৃতায় (সম্পদের কেন্দ্রীকরণ কি বন্ধ করা যাবে?) বিষয়টি এভাবে ব্যাখ্যা করেছেন, ‘আমি মনে করি না আয়ের বৈষম্য আমলে নেওয়াই প্রকৃত উত্তর। আমাদের এর কারণে হাত দিতে হবে, এর দৃশ্যমানতায় নয়। আমাদের সম্পদবৈষম্য আমলে নিতে হবে, যেটা আয়বৈষম্যের কারণ। সম্পদ কাঠামো অপরিবর্তিত রাখলে আয়বৈষম্য কমানোর উদ্যোগ কার্যকর হবে না।’

অনুবাদ: প্রতীক বর্ধন, ইতালির জাতীয় দিবসে রাষ্ট্রদূত মারিও পালমার ভাষণের অংশবিশেষ।

মারিও পালমা: বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত।