সমাজ ধ্বংসের নিকটতম পথ
বিদায়ের সময়ই মানুষ বুঝতে পারে তার সত্যিকার ভালোবাসা, বলেছিলেন লেবানিজ কবি খলিল জিবরান। তেমনি ধ্বংসের সময়ই কৃতকর্মের দায় সবচেয়ে ভালো করে ধরা পড়ে। কিন্তু সবাই তা দেখতে পায় না। মহাপ্রতাপশালী রোমান সাম্রাজ্যের অধিপতিরা কি তাঁদের পতন আগাম টের পেয়েছিলেন? না, তাঁরা তখন বাঁশি বাজাচ্ছিলেন। ইরানে হালাকু খাঁর আক্রমণের সময় সেখানকার মোল্লারা তর্ক করছিল, ডিমের সরু না মোটা দিকে ভাঙা উচিত? পতনের জন্য দায়ী ব্যক্তিরা শোধরাতে পারলে তো আর পতন ঘটত না। ইতিহাস বলে, অন্যায় আর অপকর্মে নিমজ্জিত ব্যক্তিরা যুক্তিবুদ্ধিই শুধু হারায় না, নিজেদের বিপদ দেখার ক্ষমতাও তাদের লোপ পায়।
আজ অসংখ্য আঞ্চলিক যুদ্ধের ঢেউয়ের পেছনে অপেক্ষা করছে আরেকটি মহাযুদ্ধের প্লাবন। আগেকার যুদ্ধ হয়েছে সৈন্যে সৈন্যে, এখন হবে বোমায় বোমায়। পারমাণবিক বোমার চেয়ে বড় অস্ত্র আর কী আছে? সুতরাং, আইএস বা জঙ্গিবাদের ভয় যতই থাক, পৃথিবীতে সভ্যতা ধ্বংসের বড় হুমকি পরমাণু যুদ্ধ। কিন্তু সেটাও যদি এড়ানো যায়, তারপরও আরও বড় বিপদ শক্তি অর্জন করছে। মার্কিন মহাকাশবিজ্ঞান সংস্থা নাসা বিদ্যমান সমাজের ধ্বংস নিয়ে ২০১৪ সালে একটা গবেষণা করেছে। সেই গবেষণার সিদ্ধান্ত এককথাতেই বলে ফেলা যায়। নাসা জানাচ্ছে, পশ্চিমা সভ্যতার ধ্বংস প্রাচীন রোমান সভ্যতার আদলেই ঘটতে পারে (http://www.theatlantic.com/politics/archive/2014/03/heres-how-nasa-thinks-society-will-collapse/441375/)। ব্রিটেনের দ্য ইনডিপেনডেন্ট (http://www.independent.co.uk/environment/climate-change/society-will-collapse-by-2040-due-to-catastrophic-food-shortages-says-study-10336406.html) গত বছরের মাঝামাঝি আরেক দল পশ্চিমা বিজ্ঞানীর বরাতে জানিয়েছে, জলবায়ু পরিবর্তন বিষয়ে কিছু করা না হলে ২০৪০ নাগাদ চরম খাদ্যাভাব দেখা দেবে এবং খাদ্য দাঙ্গায় সভ্যতা ভেঙে পড়বে। হুঁশিয়ারি আসছেই কিন্তু বিশ্বনেতৃত্ব নির্বিকার।
তাঁরা পরমাণু যুদ্ধের চেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন প্রকৃতি ধ্বংস ও ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্যকে। তাঁদের গবেষণার সারসংক্ষেপ এই কথাটা : অতীতের ধ্বংসমুখী সমাজগুলোতে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা গেছে—সহ্যক্ষমতার চেয়ে প্রকৃতির ওপর বেশি বোঝা চাপানো এবং ধনী ও সাধারণ মানুষের ব্যবধান বাড়তে থাকা। মুনাফা ও ভোগ বাড়ানোর দুটি উপায়। একটা হলো প্রকৃতি থেকে আরও আরও বেশি কাঁচামাল যতটা সম্ভব কম খরচে আহরণ করা এবং উৎপাদক (শ্রমিক ও কৃষক) শ্রেণিকে যতটা কমে পারা যায় কাজ করিয়ে নেওয়া। পুঁজিবাদের চালচলন যত বদলাক, প্রযুক্তি যতই উন্নত হোক, মুনাফা বাড়ানোর এই মৌলিক নিয়ম বদলায়নি। তারা যেটা করেছে, পাশ্চাত্যের শ্বেতাঙ্গ জনগোষ্ঠীকে সুবিধায় রেখে অভিবাসী ও কৃষ্ণাঙ্গদের ওপর চাপ বাড়িয়েছে। আবার পাশ্চাত্যের শ্রমজীবী মানুষকে তা–ও যতটা দেওয়া হয়, অনুন্নত দেশগুলোর শ্রমিক-কৃষক ও অস্থায়ী-অনিশ্চিত পেশার মানুষেরা তা–ও পায় না। কাজেকাজেই বিশ্বের ধনাঢ্য ১ শতাংশ মানুষের যা আছে, তা বাকি ৯৯ শতাংশের চেয়েও বেশি। এ জন্যই অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলনের স্লোগান ‘উই আর ৯৯ %’ এত জনপ্রিয় হয়েছিল। আয় ও সম্পদ বণ্টনের এই অবিশ্বাস্য বৈষম্য তথাকথিত ‘মুক্তবাজার অর্থনীতির’ ফজিলত। ফরাসি অর্থনীতিবিদ টমাস পিকেটি এই গোমর ফাঁস করেছেন বলেই তাঁর বই ক্যাপিটাল ইন দ্য টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি আন্তর্জাতিক বেস্ট সেলার হতে পেরেছে।
সম্পদ কিছু লোকের হাতে জমা হওয়ার গতিটা দেখুন। অক্সফাম সুইজারল্যান্ডের দাভোসে অবস্থিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে উপস্থাপিত একটি গবেষণা প্রতিবেদনে দাবি করেছে, বিশ্বের অর্ধেক জনসংখ্যা, মানে ৩৬০ কোটি মানুষের কাছে যে সম্পদ রয়েছে, তার সমপরিমাণ সম্পদ রয়েছে শীর্ষ ৬২ জন ধনাঢ্য ব্যক্তির কাছে। মাত্র দুই বছর আগে এ সংখ্যা ছিল ৮৫ জন!
নাসার গবেষণা বলছে, বৈষম্যমূলক সমাজে ‘পতন ঠেকানো কঠিন...কেননা ধনীর ধন যতই বাড়ে, ততই তারা সীমাহীন ভোগে গা ভাসায়। তা ডেকে আনে সাধারণ মানুষের জীবনে অভাব ও দুর্ভিক্ষ, যা পরিণতিতে ঘটে সমাজের পতন।’ এই মুনাফা ও ভোগের জন্য তাই কেবল গরিবদের আরও গরিব করলেই চলে না, প্রাকৃতিক সম্পদকে আরও নিংড়ানো হয়। প্রকৃতির বিপর্যয় আখেরে অর্থনীতি ও মানুষের জীবনধারণ, দুটোকেই কঠিন করে তোলে। আর ক্রমবর্ধমান বৈষম্য ভেঙে ফেলে সমাজের সংহতি ও মানুষে মানুষে সম্পর্ক। এ দুটি গেলে আর কী থাকে?
এমনকি প্রযুক্তির উন্নতি এই ধ্বংস ঠেকাতে পারে না। নাসার গবেষকেরা একটা উদাহরণ দিয়েছেন। কম জ্বালানিতে গাড়ি যদি বেশি দূর চালানো যায়, তখন প্রযুক্তি চেষ্টা করে আরও ভারী ও গতিশীল গাড়ি বানাতে। এতে করে জ্বালানি উৎকর্ষের সুবিধায় যতটা জ্বালানি বাঁচার কথা, বেশি ভারী, বিলাসবহুল ও গতিশীল গাড়ি বাজারে এসে তা খেয়ে ফেলে। মানুষ ও প্রকৃতির এই ভারসাম্য না থাকলে সভ্যতা টেকে না।
এবার বাংলাদেশের দিকে তাকাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মইনুল ইসলাম জানাচ্ছেন, ‘অর্থনৈতিক আয়বৈষম্য বৃদ্ধি বা হ্রাস পরিমাপ করা যায় যে “গিনি সহগ” দ্বারা, তা যদি বাড়তে বাড়তে শূন্য দশমিক ৫-এর কাছাকাছি পৌঁছায় বা অতিক্রম করে, তবে তা অর্থনীতির জন্য মারাত্মক সংকেত। এখন বাংলাদেশে গিনি সহগ এই সীমান্তরেখা প্রায় ছুঁতে চলেছে।’ (২৬ জুলাই, ২০১৬, মানবজমিন) অর্থাৎ বাংলাদেশ উচ্চ আয়বৈষম্যের দেশ হতে চলেছে। অথচ বাংলাদেশের জন্মলগ্নে অর্থাৎ ১৯৭২ সালে তা ছিল মাত্র শূন্য দশমিক ৩২। তার মানে মোট জাতীয় আয় এবং মাথাপিছু মোট জাতীয় আয় বৃদ্ধি পেলেও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ধনবৈষম্য।
এবার চারপাশে তাকান। প্রকৃতি তথা নদী, পানি, বাতাস, মাটিসহ আমাদের বেঁচে থাকার পরিবেশের ক্ষতি পরিমাপ করুন। পরিমাপ করুন আমাদের সামাজিক নীতি-নৈতিকতা, স্বাস্থ্য ও নিরাপত্তা এবং মানুষে মানুষে বিশ্বাসের ভাঙনের দিকে। হ্যাঁ, আমরা হয়তো কালকেই ভেঙে পড়ছি না, কিন্তু এখন পর্যন্ত আমাদের যাত্রা সেদিকেই।