গত চার মাসে রোহিঙ্গা শরণার্থী নিয়ে সবশেষ উল্লেখযোগ্য খবর হচ্ছে, মিয়ানমার সফরে এসে রাজনৈতিক সংস্কারের মধ্যে রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্টের তাগিদ। এই প্রথমবারের মতো নোবেল বিজয়ী গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিও বলেছেন, এনএলডি যেকোনো অবিচারের বিপক্ষে, সেটা ধর্মীয় কারণে হোক বা রাজনৈতিক।
যৌথ সংবাদ সম্মেলনে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যাপক সংস্কারের আহ্বান জানান ওবামা ও সু চি দুজনেই। বিশ্লেষকদের ধারণা, ওবামা প্রশাসনের পরিবর্তিত পররাষ্ট্রনীতির লক্ষ্যই হচ্ছে এ অঞ্চলে বাণিজ্য বৃদ্ধি এবং প্রভাবশালী পরাশক্তি চীনের ওপর নজরদারি বাড়ানো। ২০১২ সালে রাখাইন রাজ্যে সহিংসতা থামাতে যুক্তরাষ্ট্র ও সু চি কোনো জোরালো ভূমিকা রাখেননি। তবে এবার পশ্চিমা দেশের এমন তৎপরতায় বাংলাদেশ আশা করতেই পারে যে এত দিন পর দেশের সীমান্তসংলগ্ন শরণার্থী সমস্যার আশু সমাধান হচ্ছে। বিশেষত, গত ৩১ আগস্ট যখন মিয়ানমার-বাংলাদেশ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসন অচিরেই শুরু হবে। দীর্ঘদিন পর মিয়ানমারের এই সহযোগিতাপূর্ণ মনোভাবে আশ্বস্ত করেছিল বাংলাদেশকে।
কিন্তু ১১ নভেম্বর বেইজিংয়ের অ্যাপেক সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট থেইন সেইন জানিয়েছেন, রোহিঙ্গা শরণার্থীদের শিগগির ফিরিয়ে নিচ্ছে না মিয়ানমার। মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ইয়ে হটুট তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানান। এই বক্তব্য আগস্টে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে প্রাথমিকভাবে নাগরিকত্ব নিশ্চিত হওয়া দুই হাজার ৪৫১ জনকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এবং দুই মাসের মধ্যে শরণার্থী প্রত্যাবাসন প্রক্রিয়াটি আবারও শুরু করার পরিকল্পনার ঠিক বিপরীত। সিদ্ধান্ত গ্রহণের পর শিগগিরই প্রত্যাবাসন কেন হচ্ছে না—এর জবাব বাংলাদেশ পায়নি। ধারণা করি, জানতেও চায়নি বাংলাদেশ।
প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমার কয়েকটি শর্তারোপ করেছিল। তার মধ্যে প্রধান হলো, সেই সব নাগরিককেই ফিরিয়ে নেবে, যাদের বাবা ও মা দুজনই মিয়ানমারের। এ নিয়ে বাংলাদেশ আপত্তি জানায়নি। আগস্টের বৈঠকের পর দুই মাসের মধ্যে প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের একটি কমিটি গঠন করার কথা ছিল। সেই কমিটি এখনো গঠিত হয়নি। এমনকি ওই একই বৈঠকে মংড়ু শহর থেকে ইয়াবা আসে অভিযোগ করা হলে মিয়ানমার তা অস্বীকার করে।
শরণার্থীরা রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থার জন্য হুমকি। এই হুমকি দুইভাবে আসে। প্রথমত, তারা নিজেরাও অনিরাপদ জীবনযাপন করে। শরণার্থী ক্যাম্পের দুর্ঘটনা, সহিংসতার আইনগতভাবে সঠিক সমাধান হয় না বলে অভিযোগ রয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে ক্যাম্পে ধর্ষণের ঘটনা স্থানীয় পুলিশ থানায় এজাহারভুক্তই করতে রাজি হয়নি বলে অভিযোগ করেছে ক্যাম্পের বাসিন্দারা। ক্যাম্পের ভেতর দুই দলের মধ্যে কোন্দলের ঘটনায় নিরাপত্তারক্ষীরা উৎকোচের বিনিময়ে যেকোনো এক পক্ষের হয়ে সুরাহা করে দেয় বলে জানা গেছে। এসব ক্ষেত্রে অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। রয়েছে স্থানীয় প্রভাবশালীদের সুবিধা অনুযায়ী রোহিঙ্গাদের নানাভাবে ব্যবহারের অভ্যাস। আর শরণার্থীদের অমানবিক জীবনযাপনের কথা নিয়ে নতুন কিছু বলার নেই।
অন্যদিকে, রোহিঙ্গা শরণার্থীরা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। জাল পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্যে যাওয়া, মানব পাচার, মাদকদ্রব্য, ইয়াবা পাচারের মতো সব অপরাধের সঙ্গে তারা জড়িত। বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় ১৮ নভেম্বর ভারতের হায়দরাবাদ থেকে আটক খালিদ মোহাম্মদ মিয়ানমারের নাগরিক। সে বাংলাদেশের কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। তার কাছ থেকে জিহাদি বইপত্র ও নথি, বিস্ফোরক তৈরির উপাদান ও প্রণালি-সম্পর্কিত বই এবং ভিডিওচিত্রও উদ্ধার করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জানিয়েছে, ২৮ বছর বয়সী খালিদ মোহাম্মদ দূরনিয়ন্ত্রিত বোমা তৈরিতে বিশেষভাবে পারদর্শী। ১৭ নভেম্বর সেন্ট মার্টিনের অদূরে আটক করা মিয়ানমারের অবৈধ জাহাজ থেকে উদ্ধার করা ৫৯০ জনের মধ্যে ১০০ জনই মিয়ানমারের নাগরিক।
মিয়ানমারের ১৯৮২ সালে প্রণয়ন করা নাগরিকত্ব আইন অনুযায়ী বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অধিকাংশের নাগরিকত্ব নিয়েই এখন প্রশ্ন তুলছে সে দেশের সরকার। তিন দশক ধরে আসছে এই শরণার্থীরা। সরকারি হিসাবে যা পুশ ইন হচ্ছে, বেসরকারি হিসেবে তার কয়েক গুণ বেশি প্রবেশ করছে। কেননা, মিয়ানমারের সঙ্গে ২৭৪ কিলোমিটার সীমান্তের অনেক জায়গায় অনুপ্রবেশই নিরাপত্তারক্ষীর নজরদারির বাইরে। তারা মিশে যাচ্ছে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে।
তাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাগিদের ফলে, মিয়ানমার যদি রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে গণতান্ত্রিক নির্বাচনের সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়, বাংলাদেশের উচিত সেই সুযোগটাকে কাজে লাগানো। এর জন্য নিজস্ব প্রস্তুতিও জরুরি। পশ্চিমা চাপের কারণে মিয়ানমার যদি শরণার্থীদের ফিরিয়ে নিতে সম্মত হয়ে অভ্যন্তরীণ অস্থিতিশীল পরিস্থিতি বজায় রাখে, তবে কোনো ফলাফল আসবে না। তখন সরকারি হিসাবে গড়ে প্রতিদিন পাঁচজনকে ফিরিয়ে নিয়ে বেসরকারিভাবে ২০ জনকে পুশ ইন করবে। বেসরকারিভাবে প্রতিদিন মিয়ানমার থেকে আসা তালিকাহীন রোহিঙ্গা জনগোষ্ঠী ঠিকই মিশে যাবে। মনে রাখতে হবে যে ক্যাম্পে নয়, অবৈধ রোহিঙ্গাদের ৯০ শতাংশের বাস খাসজমি, চরাঞ্চল ও বনভূমিতে। ৮ নভেম্বর চট্টগ্রাম সফরে গিয়ে প্রধানমন্ত্রী শরণার্থীদের কক্সবাজার থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বলেছেন। এ জন্য নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরে ক্যাম্প স্থাপনের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে পত্রিকায় খবর এসেছে। এ খবরটি শরণার্থীদের দুর্ভোগ লাঘবের ইঙ্গিত দেয়; একই সঙ্গে এ কথাও জানিয়ে দেয় যে, সহজে রোহিঙ্গা সংকেটর সমাধান হচ্ছে না।
সাদিয়া মাহ্জাবীন ইমাম: সাংবাদিক ও লেখক।
[email protected]