সম্পদ ফেরত না দিলে বন্ধুত্ব হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতীয় সাংবাদিক এ এল খতিবের সাংবাদিকতা জীবনের বেশির ভাগ কাটে ঢাকায়। তিনি কাছ থেকে দেখেছেন বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ। ১৫ আগস্টের পূর্বাপর ঘটনা বিবৃত হয়েছে তাঁর হু কিলড মুজিব বইয়ে।
এ এল খতিব লিখেছেন, ‘১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশকে পাকিস্তান স্বীকৃতি দেওয়ার পর থেকেই এখানে স্বাধীনতাবিরোধী দলগুলো সক্রিয় হয়ে ওঠে এবং জুনে ভুট্টোর ঢাকা সফরের পর তারা প্রকাশ্যে মুজিববিরোধিতায় নামে। তাঁর সফরসঙ্গী সাংবাদিক ওয়াজিদ শামসুল হাসান ঢাকা থেকে পাঠানো এক প্রতিবেদনে দাবি করেন, ‘বাংলাদেশ সরকারের প্রতিটি দপ্তরে ডি পি ধরের (ইন্দিরা গান্ধীর অন্যতম পরামর্শক) লোক আছে।’ কিন্তু এই দাবি ছিল সর্বৈব মিথ্যা।
শুধু ১৯৭৫ নয়, একাত্তরের ১৬ ডিসেম্বর থেকেই ভুট্টো বাংলাদেশবিরোধী প্রচারণা চালাতে থাকেন। তিনি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালান। এ ব্যাপারে তিনি পাকিস্তানে অবস্থানরত কথিত বাঙালি নেতাদের ও রাজা ত্রিদিব রায়কে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। তাঁরা অপপ্রচার চালিয়েছেন, বাংলাদেশে মুসলমানদের ধর্ম-কর্ম পালন করতে দেওয়া হয় না। বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় পররাষ্ট্র ও আইনমন্ত্রীর দায়িত্ব পালনকারী ড. কামাল হোসেন সম্প্রতি বলেছেন, ‘আমরা যেখানে যেতাম, এসব প্রশ্নের মুখোমুখি হতাম।’ ১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত জোটনিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব সৌদি বাদশাহ ফয়সালের সঙ্গে দেখা করে স্বীকৃতির অনুরোধ জানালে তিনিও ইসলামি প্রজাতন্ত্র করার প্রস্তাব দেন। বঙ্গবন্ধু রাজি হননি।

বাংলাদেশের ভেতরে যাঁরা শেখ মুজিবকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিলেন, ভুট্টো তাঁদের নানাভাবে সাহায্য-সহযোগিতা করেন। মার্ক্সবাদী-লেনিনবাদী কমিউনিস্ট পার্টির একাংশের নেতা আবদুল হক একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। স্বাধীনতার পর তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করেন এবং অর্থ ও অস্ত্রের জন্য পাকিস্তানের কাছে ধরনা দেন। ১৯৭৪ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি নেতা জুলফিকার আলী ভুট্টোকে ‘আমার প্রিয় প্রধানমন্ত্রী’ সম্বোধন করে চিঠি লেখেন আবদুল হক। চিঠির ভাষা ছিল নিম্নরূপ:
‘আমার প্রিয় প্রধানমন্ত্রী, পুতুল মুজিব চক্র এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই চক্রের বিরুদ্ধে ব্যবহারের জন্য অর্থ, অস্ত্র ও ওয়্যারলেস সরঞ্জাম প্রদানের আবেদন জানাচ্ছি।’
১৯৭৪ সালের ১৬ ডিসেম্বর আবদুল হকের লেখা চিঠিটি ভুট্টোর কাছে পৌঁছায় ১৯৭৫ সালের ১৬ জানুয়ারি। চিঠিটি পাওয়ার পর তিনি ‘অত্যন্ত জরুরি’ বলে মন্তব্য করেন এবং এই ‘সৎলোকটি’কে (আবদুল হক) ‘কার্যকর সাহায্য’ দেওয়ার সুপারিশ করেন।
আবদুল হক চিঠিটি পাঠিয়েছিলেন সিলেটের মাহমুদ আলীর মাধ্যমে। মুক্তিযুদ্ধ চলাকালে মাহমুদ আলী দখলদার পাকিস্তানিদের পক্ষ নেন এবং এর ইনাম হিসেবে ভুট্টো তাঁকে বিশেষ উপদেষ্টার পদে বসান।
ভুট্টোর আরেকজন এজেন্টের নাম আবদুল মালেক। বাংলাদেশবিরোধী তৎপরতা চালানোর উদ্দেশ্যে তিনিও সৌদি আরবে যান। সেখান থেকে ১৯৭৫ সালের ২২ জানুয়ারি ভুট্টোকে চিঠি লেখেন ‘আমার প্রিয় নেতা’ সম্বোধন করে।
মালেক লিখেছেন, ‘বাংলাদেশের ৬৫ মিলিয়ন মুসলমান তাদের মুক্তির জন্য আপনার দিকনির্দেশনা ও নেতৃত্ব লাভের জন্য গভীর উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছে।’ (জুলফি ভুট্টো অব পাকিস্তান, স্ট্যানলি ওলপার্ট)।
এই চিঠির জবাবে ভুট্টো ধর্মমন্ত্রী মাওলানা কায়সার নিয়াজীকে সৌদি আরব ও আরব আমিরাতে পাঠান। উদ্দেশ্য, সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক ও আর্থিক সাহায্য তথা অস্ত্রের জোগান নিশ্চিত করা। ভুট্টো ভেবেছিলেন, এঁদের মাধ্যমে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে ইসলামি রিপাবলিক নামকরণের জন্য মুজিব সরকার কিংবা তাঁর উত্তরসূরির প্রতি (তখনই তাঁরা উত্তরসূরি সম্পর্কে ওয়াকিবহাল!) চাপ সৃষ্টি করা যাবে। একইভাবে ভুট্টো চেয়েছেন পাকিস্তান স্টাইলে বাংলাদেশের ইসলামি রাজনৈতিক নেতাদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনে রাজি করাতে। কিন্তু মুজিব বেঁচে থাকতে তাঁর কোনো ষড়যন্ত্রই কাজে লাগেনি।
বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অর্থনীতিবিদ মুশাররফ হোসেন পঁচাত্তরের জানুয়ারিতে করাচি গিয়েছিলেন থার্ড ওয়ার্ল্ড ফোরামের বৈঠকে যোগ দিতে। তাঁর মামা ছিলেন পাকিস্তান স্টেট ব্যাংকের গভর্নর। তাঁর বাসায় যে কয়েকজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে আলাপ হয়, তাঁদের একজন জানতে চাইলেন, বাংলাদেশ আবার পাকিস্তানের প্রদেশ হবে কি না। জবাবে মুশাররফ হোসেন বলেছিলেন, বাংলাদেশ তো এখন একটি স্বাধীন দেশ। তখন সেই ব্যক্তি বঙ্গবন্ধুর প্রসঙ্গ টেনে বলেন, ‘ওকে তো ওরা মেরে ফেলবে কয়েক দিনের মধ্যে।’ (আগস্ট স্মৃতি, মাওলা ব্রাদার্স, ঢাকা, ১৯৯৮)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আমেরিকান গবেষক ও লেখক স্ট্যানলি ওলপার্টের লেখা ভুট্টোর জীবনীতেও তাঁর (ভুট্টোর) মুজিববিরোধী তৎপরতার বর্ণনা আছে। ওলপার্টের বইয়ে আছে, ‘দুই বছর যাবৎ ভুট্টো কয়েকটি মুজিববিরোধী দলকে তাঁর গোপন স্বেচ্ছাধীন তহবিল থেকে অর্থসাহায্য অব্যাহত রাখেন এবং এর বিনিময়ে ফল লাভ করেছিলেন।’ ২০০০ সালে স্ট্যানলি ওলপার্টের ঢাকা সফরের সময় লন্ডনপ্রবাসী সাংবাদিক আবদুল মতিন তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, ‘বিনিময়ে ফল লাভ বলতে আপনি কী বুঝিয়েছেন? মুজিব হত্যায় কি পাকিস্তান জড়িত ছিল?’ ওলপার্টের উত্তর, ‘হ্যাঁ, আপনি তা বলতে পারেন।’ (বঙ্গবন্ধু শেখ মুজিব: কয়েকটি ঐতিহাসিক দলিল, র্যা ডিক্যাল এশিয়া পাবলিকেশন্স, লন্ডন, ২০০৮)
১৯৭৩ সালের ৬ জুলাই ভুট্টো বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে জাতীয় পরিষদের অনুমোদন নিলেও তা ঠেকিয়ে রাখেন পরের বছর ফেব্রুয়ারি পর্যন্ত। বন্দী বিনিময় নিয়ে তিনি দর-কষাকষি করতে থাকেন বাংলাদেশ ও ভারতের সঙ্গে। তিয়াত্তরের আগস্টের শেষ দিকে ভুট্টো প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আজিজ আহমদকে দিল্লি পাঠান। ২৮ আগস্ট জনাব আহমদ ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ প্রতিনিধি পি এন হাকসারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ভিত্তিতেই ৯৩ হাজার পাকিস্তানি যুদ্ধবন্দী প্রত্যাবাসনের কাজ শুরু হয়। চুক্তিতে পাকিস্তানে আটক বাঙালি এবং বাংলাদেশে আটক অবাঙালিদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠানের কথা বলা হয়। অপর দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিব বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে ১৯৫ জন পাকিস্তানি বন্দীর বিচারের কথা পুনর্ব্যক্ত করেন। ভারত বলেছে, আপাতত এই যুদ্ধাপরাধীরা তাদের হেফাজতে থাকুক। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর ঢাকা ও ইসলামাবাদ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ২৮তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে জুলফিকার আলী ভুট্টো স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যুদ্ধাপরাধে অভিযুক্ত ১৯৫ জন পাকিস্তানি বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত তিনি বাংলাদেশকে স্বীকৃতি দেবেন না। শেখ মুজিবকে দিয়ে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন বা কমনওয়েলথ গঠন করাতে পারবেন, সেই আশা ভুট্টো তখন ছেড়ে দিয়েছেন। তা সত্ত্বেও তিনি একাত্তরের ‘অন্ধকার দিনের স্মৃতি’ মুছে ফেলার জন্য দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে পুনরুদ্ধারের বাসনা ব্যক্ত করেন। (২০ সেপ্টেম্বর, ১৯৭৩ সাধারণ পরিষদে দেওয়া ভুট্টোর ভাষণ)
এরপর ভুট্টো একটি ফরাসি বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে সতর্ক করে দেন, পাকিস্তানি যুদ্ধবন্দীদের ‘দ্রুত’ ছেড়ে না দেওয়া হলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের সমস্ত প্রক্রিয়া নস্যাৎ হয়ে যাবে। ১৯৭৪ সালের ৮ এপ্রিল দিল্লিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অবশিষ্ট ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়ার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেন। ভুট্টো জুনে তাঁর প্রস্তাবিত বাংলাদেশ সফর স্থগিত রাখতে চেয়েছিলেন। কিন্তু ফারাক্কা প্রশ্নে বাংলাদেশ-ভারত বিরোধের খবর জানতে পেরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।
ভুট্টোর বাংলাদেশবিরোধী তৎপরতা সম্পর্কে শেখ মুজিব অনবহিত ছিলেন বলা যাবে না। তাঁর ইসলামি সম্মেলন সংস্থার শীর্ষ বৈঠকে যোগদান কিংবা বাংলাদেশে ভুট্টোকে আনার প্রধান উদ্দেশ্য ছিল পাকিস্তানের কাছে পাওনা আদায় এবং আটকে পড়া বিহারিদের ফেরত পাঠানো। দুটি বিষয়েই ভুট্টো শীতল মনোভাব দেখান। সম্পদের দায়দেনা বুঝিয়ে দিতে বলার প্রত্যুত্তরে তিনি শিষ্টাচারবর্জিত ভাষায় বলেছিলেন, ‘আমি ব্ল্যাংক চেক নিয়ে আসিনি।’
এ এল খতিব আরও লিখেছেন, বাংলাদেশ সফরের আগে ভুট্টো একটি অগ্রবর্তী দল পাঠিয়েছিলেন, যারা সাবেক মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলামী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিল। পাকিস্তানি প্রতিনিধিদল উপহার হিসেবে বাসমতী চালও নিয়ে এসেছিল। দেশে ফিরে গিয়েও ভুট্টো বাংলাদেশবিরোধী তৎপরতা অব্যাহত রাখেন।
বঙ্গবন্ধু এসব অপতৎপরতা সম্পর্কে জানতেন। এর প্রতিক্রিয়াও লক্ষ করা যায় তাঁর বিভিন্ন ভাষণ ও সাক্ষাৎকারে। ১৯৭৫ সালের ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানের অপতৎপরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘ভুট্টো সাহেব বক্তৃতা করেন, বাংলাদেশের অবস্থা কী? ভুট্টো সাহেবকে জিজ্ঞাসা করি, ফ্রন্টিয়ারের অবস্থা কী? অ্যারোপ্লেন দিয়ে গুলি করে মানুষ হত্যা করছেন। সিন্ধুর অবস্থা কী? ঘর সামলান বন্ধু, ঘর সামলান।’ এরপর তিনি সাফ জানিয়ে দেন, ‘আমার সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত বন্ধুত্ব হতে পারে না।’
১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার আগ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হয়নি। (শেষ)
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]