
প্রকল্পটি বিতর্কের পঙ্কিলতায় নিমজ্জিত। তারপরও ভারতের এনটিপিসি (ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন লিমিডেটড) এবং বাংলাদেশের পিডিবি (পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড) রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। এ কেন্দ্রের কয়লা আমদানি হবে চীন, ভারত অথবা ইন্দোনেশিয়া থেকে। পরিবেশবাদীরা তীব্রভাবে এর বিরোধিতা করে যাচ্ছেন। কারণ, প্রকল্পটির প্রস্তাবিত স্থান সুন্দরবনের খুবই কাছে।
মূল পরিকল্পনায় ২০১৬ সালে চালু হওয়ার কথা থাকলেও রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অনেক দেরি হয়েছে। বাংলাদেশ ও ভারতের ব্যাপক ভর্তুকির কারণে খুবই ব্যয়বহুল হবে এই প্রকল্প, এমনকি কয়লার দাম হলেও। পরিকল্পনা অনুসারে বিদ্যুৎকেন্দ্রটি যত দিন চলবে, তত দিন যাবৎ বাংলাদেশ সরকার এবং ভারতের এক্সিম ব্যাংকের নিম্ন সুদের ঋণসহ আয়কর ও চালানোর খরচ মিলিয়ে তিন শ কোটি ডলারের বেশি ভর্তুকি ভোগ করবে। বিপুল পরিমাণ ভর্তুকি সত্ত্বেও এখান থেকে উৎপাদিত বিদ্যুতের দাম হবে বাংলাদেশে গড়পড়তা বিদ্যুতের দামের চেয়ে ৩০ শতাংশ বেশি। গত পাঁচ বছরে বাংলাদেশে বিদ্যুতের দাম যেভাবে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি তার সঙ্গে যোগ হবে।
জ্বালানি-ক্ষুধার্ত বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা বাড়ানোয় ২০১০ সালে নেওয়া পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যানের (পিএসএমপি) অংশ হলো রামপাল বিদ্যুৎকেন্দ্র। এই কেন্দ্র নিয়ে সমস্যা এটাই যে তা পিএসএমপির প্রায় সব লক্ষ্যের বিরুদ্ধে যাবে। এই কেন্দ্র চলবে তামাদি হয়ে যাওয়া সুপারক্রিটিক্যাল প্রযুক্তিতে। নিম্নমাত্রার কার্বন-অর্থনীতির দিকে যাত্রার সঙ্গেও এটা সাংঘর্ষিক।
যে প্রযুক্তি ও যে কয়লা এই কেন্দ্রে ব্যবহৃত হবে, তা আসবে রপ্তানির মাধ্যমে। পিএসএমপিতে স্থানীয় রসদ ব্যবহারের যে লক্ষ্য ঠিক করা হয়েছিল, এটা তার সঙ্গে অসংগতিপূর্ণ। পাশাপাশি, এই কেন্দ্র যেহেতু ভর্তুকির ওপর চলবে, সেহেতু তা কার্যকর সক্ষমতা সৃষ্টির লক্ষ্যের বিরুদ্ধে যাবে।
রামপাল প্রকল্প নির্মাণের মূল প্রতিষ্ঠানগুলোর সবই ভারত সরকারের মালিকানাধীন। ভারত সরকারের এনটিপিসি এই প্রকল্প এগিয়ে নেওয়ার দায়িত্বপ্রাপ্ত। এর ঋণের অংশ আসবে ভারতের এক্সিম ব্যাংক থেকে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মূল কার্যাদেশও ভারতীয় কোম্পানি ভেল পেয়েছে বলে জানা যাচ্ছে। ভেলের মালিকও ভারত সরকার।
পরিহাস হলো, ভারত সরকার এমন এক সময়ে এই কয়লা পোড়ানো বিদ্যুৎকেন্দ্র নির্মাণে এগিয়ে যাচ্ছে, যখন ভারত নিজেই কয়লাভিত্তিক জ্বালানির পথ থেকে সরে যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা বাড়ানোয় ভারত দেখার মতো অগ্রগতি সাধন করেছে। তাদের লক্ষ্য ২০২২ সালের মধ্যে নবায়নযোগ্য পদ্ধতিতে ১ লাখ ৭৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। একই সঙ্গে ভারতের জ্বালানিমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন, ভারত আমদানি করা কয়লার ব্যবহার কমিয়ে আনবে। এ কারণেই ভারতের কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের মোট উৎপাদনক্ষমতার ৬০ শতাংশের নিচের মাত্রায় সক্রিয় রাখা হয়েছে।
ভারতের স্বার্থ আরও ভালোভাবে রাখা যেত, যদি ব্যয়বহুল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বদলে ভারতীয় কোম্পানিকে দিয়েই বাংলাদেশে এক সারি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করত। ভারতের নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচির লক্ষ্য কেবল সে দেশকে জ্বালানিশক্তির দিক থেকে স্বয়ংসম্পূর্ণ করা নয়, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্চাভিলাষী মেক ইন ইন্ডিয়া উদ্যোগকেও চাঙা করা। আর তা করা যায় সে দেশে সৌরবিদ্যুতের যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে।
সৌরশক্তি বাড়ানোয় ভারতের দৃশ্যমান অগ্রগতি সত্ত্বেও, বেশির ভাগই করা হয়েছে আমদানি করা যন্ত্রপাতি দিয়ে। তার মানে, সৌরশক্তি উৎপাদনে ভারতের সক্ষমতা এখনো অবিকশিত। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একগুচ্ছ সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র প্রতিষ্ঠা করার মাধ্যমে ভারতের স্বার্থ আরও ভালোভাবেই রক্ষিত হতে পারে। ব্যয়বহুল কয়লাভিত্তিক পথে না গিয়ে ভারতীয় উৎপাদকেরাই তা করতে পারেন। এর মাধ্যমে কেবল বাংলাদেশ ও ভারতের স্বার্থ এক সমতলে আসবে না, পাশাপাশি বাংলাদেশের জ্বালানির উৎসের বহুমুখীকরণের লক্ষ্যও অর্জিত হবে। এটা একই সঙ্গে ভারতের সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাও অনেক বাড়িয়ে দেবে।
হাফিংটন পোস্ট থেকে নেওয়া, ইংরেজি থেকে অনুবাদ ফারুক ওয়াসিফ।
জয় শার্দা: ভারতীয় বিনিয়োগ উপদেষ্টা ও বিশ্লেষক।