
২০১৬ সালের গ্রীষ্মে, দুটি রাজনৈতিক ভূমিকম্প ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ককে আঘাত হেনেছিল। ওই বছরের ২৩ জুন যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে চলে যাওয়ার পক্ষে ভোট দেয়, যা জোটটির মধ্যে বড় ধরনের অস্তিত্বসংকটের সৃষ্টি করে। এর এক মাসের কম সময়ের মধ্যে তুরস্কের নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টা হয়। অভ্যুত্থান ব্যর্থ হলেও তুরস্কের রাজনৈতিক দৃশ্যপটে এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোয় এটি গভীর প্রভাব ফেলে।
এ দুটি ঘটনায় ইইউ ও তুরস্ক গুরুতর রাজনৈতিক সংকটের মুখোমুখি হয় এবং দুই পক্ষের সম্পর্ক আরও খারাপ হয়। অভ্যুত্থানচেষ্টার ঘটনায় ইইউর দুর্বল প্রতিক্রিয়া এবং তুরস্কের সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানাতে তাদের অনীহা উভয়ের মধ্যে আগে থেকে বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। ২০১৬ সালের গ্রীষ্মের আগেই, কুর্দি ইস্যু, গণতান্ত্রিক সংস্কার ও ২০১৩ সালে তুরস্কের সুরক্ষার সরঞ্জামগুলো সরকারবিরোধী বিক্ষোভ পরিচালনার কাজে ব্যবহার করাসহ বিভিন্ন বিষয়ে আঙ্কারা ও ব্রাসেলসের মধ্যে গুরুতর মতভেদ দেখা দেয়। ঘটনাবহুল সেই গ্রীষ্মের পর দুই বছর পার হয়ে গেছে এবং এখন ইইউ ও তুরস্ক উভয়েরই সময় হয়েছে সম্পর্ক ভালো করার উদ্যোগ নেওয়ার। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের গত সপ্তাহের জার্মানি সফর সেই পথে যাওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট তাঁর জার্মানি সফরকে ‘সফল’ বলে বর্ণনা করেছেন। তবে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক–ভালটার স্টাইনমায়ার বলেছেন, ‘এই সফর সম্পর্ক স্বাভাবিকীকরণের বহিঃপ্রকাশ নয়—আমরা তা থেকে এখনো অনেক দূরে—তবে এটা শুরু হতে পারে।’
২০১৬ সাল থেকে গত দুই বছরে অনেক কিছু ঘটেছে। জার্মান পার্লামেন্টের আর্মেনিয়ার গণহত্যা বিল পাস থেকে ২০১৭ সালের ইনক্রিলিক বিমানঘাঁটির সংকট, তুরস্কে ১৫ জুলাইয়ের অভ্যুত্থান–চেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের জার্মানির আশ্রয় প্রদান, তুরস্কের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ইমামদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা, জার্মানিতে তুর্কি রাজনীতিবিদদের প্রচারাভিযানের ওপর নিষেধাজ্ঞা, ২০১৭ সালে তুরস্কের সাংবিধানিক গণভোটের আগে এরদোয়ানের জার্মানির নেতাদের কঠোর সমালোচনা, জার্মান-তুর্কি সাংবাদিক দেনিজ ইউকেলকে তুরস্কের আটকে রাখা এবং ফেটো ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যদের জার্মানির আশ্রয়-প্রশ্রয় ইত্যাদি দুই দেশের সম্পর্কের অবনতিতে ভূমিকা রেখেছে। তবে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হবে—এমন আশা করারও কারণ আছে। প্রকৃতপক্ষে, গত কয়েক মাসে দুই দেশের মধ্যে বলা যায় ইইউ ও তুরস্কের মধ্যে সম্পর্কের আবহাওয়ায় খুব দ্রুত পরিবর্তন ঘটেছে। আর লক্ষণীয়, এ পরিবর্তনের পেছনের একটি বড় কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০১৬ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আটলান্টিকের দুই পারের দেশগুলোর সম্পর্ক নষ্ট করতে অনেক কিছু করেছেন। বেশির ভাগ ইইউ নেতা, বিশেষ করে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ট্রাম্পের রাজনীতির ধরনের প্রতি খোলাখুলি বিদ্বেষ প্রদর্শন করেছেন। ট্রাম্পের প্রশাসন তুরস্কের সঙ্গেও সম্পর্কের অবনতি ঘটিয়েছে। ক্ষমতায় আসার আগেই ট্রাম্প প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ন্যাটোর পেছনে লাগবেন এবং তিনি তা করেছেন। এটা ন্যাটোর বাকি সদস্যদের ট্রাম্পের ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করে।
ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক উভয়ের সঙ্গে মার্কিন অর্থনৈতিক সম্পর্কেরও উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছেন। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক এবং ইউরোপীয় গাড়িগুলোর ওপর বিশাল আমদানি কর আরোপের হুমকি ইইউকে বিক্ষুব্ধ করেছে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি তুরস্কের ওপর বেশ কয়েকটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করার পর ইইউ ও তুরস্কের মধ্যে এই বোধের জন্ম দিল যে তাদের এক থাকতে হবে। তুরস্ক হচ্ছে ইইউর চতুর্থ বৃহত্তম রপ্তানি বাজার এবং পঞ্চম বৃহত্তম আমদানির উৎস। অর্থাৎ ইইউ হচ্ছে তুরস্কের এক নম্বর বাণিজ্যিক অংশীদার।
নিরাপত্তা সহযোগিতার আরেকটি প্রধান ক্ষেত্র, যা সাম্প্রতিক মাসগুলোতে আঙ্কারা ও ব্রাসেলসকে আরও কাছাকাছি এনেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে দেশটির সরকারি বাহিনী ও রাশিয়ার আরেকটি আক্রমণ প্রতিরোধ করতে এরদোয়ান কঠোর পরিশ্রম করেছেন, যা তুরস্কের সীমান্তে এবং ইউরোপে সিরীয় শরণার্থীদের আরেকটি ঢল নামাতে পারত। তিনি সংকট সমাধানের জন্য অন্য ইউরোপীয় প্রেসিডেন্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আসলে অভিবাসন সংকট থেকে বাণিজ্যযুদ্ধ, ট্রাম্প সমস্যা থেকে সিরিয়ার সংকট এবং লোকরঞ্জনবাদ থেকে ইসলাম বিদ্বেষ—এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তুরস্ক ও ইইউর এখন একে অপরকে প্রয়োজন।
ইংরেজি থেকে অনূদিত। আল–জাজিরা থেকে নেওয়া
তাহা ওজহান : তুর্কি পার্লামেন্টের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সাবেক চেয়ারম্যান